ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা মাহদী আমিনের


বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা মাহদী আমিনের

বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মাহদী আমিন জানান, বাংলাদেশ ব্যাংকের আওতায় তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণকে ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ব্যাংক তরুণ উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছেন ত্রাণ প্রতিমন্ত্রী

তিনি বলেন, সাধারণ মানুষের কাছে স্মার্টফোন সহজলভ্য করতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য সব গ্রেডে অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। এতে সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনা মূল্যে ল্যাপটপ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে বিনা মূল্যে সুষম খাবার সরবরাহের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাহদী আমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ৭৪ জন শহীদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে কাজ করা ৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করে জুলাই ফাউন্ডেশনে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: কম্বোডিয়ায় আটক ৩০ বাংলাদেশি মঙ্গলবার দেশে ফিরছেন

প্রবাসী আয়ের প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ৬ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৩.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে (প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলার)। সম্পূর্ণ বিনা মূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং বন্যাদুর্গত নেপালে ১ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও এসডিজি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও এসডিজি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন হুমায়ুন কবির

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেছেন।

আজ ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদের সঙ্গে একটি বৈঠকে এই মন্তব্য করেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য প্রকাশ করা হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তারা জনস্বাস্থ্য জোরদার, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

হুমায়ুন কবির বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন, স্বাস্থ্য খাতের লক্ষ্যসমূহ এগিয়ে নেওয়ার পাশাপাশি এসডিজি অর্জনের গতি ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং কার্যকর বহুপক্ষীয় অংশীদারিত্ব অপরিহার্য।

ডব্লিউএইচও’র প্রতিনিধি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালীকরণ, সক্ষমতা বৃদ্ধি, রোগ পর্যবেক্ষণ (ডিজিজ সার্ভেইল্যান্স) এবং জনস্বাস্থ্য জরুরি অবস্থার প্রস্তুতিসহ বাংলাদেশে সংস্থার চলমান কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

উভয় পক্ষ বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে তাদের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। একই সঙ্গে তারা জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে স্বার্থসংশ্লিষ্ট সাধারণ বিষয়ে নিবিড় সমন্বয় বজায় রাখার ব্যাপারে একমত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন প্রজন্মকে সমাজের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হবে : পরিবেশ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


নতুন প্রজন্মকে সমাজের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হবে : পরিবেশ মন্ত্রী

ফেনী, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মন্তব্য করেছেন যে, সমাজের পরিবর্তন ঘটছে। ভবিষ্যতে এই পরিবর্তন আরও দ্রুততার সঙ্গে ঘটবে। তিনি সকলকে আহ্বান জানান যে, নতুন প্রজন্ম যেন এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারে।

মন্ত্রী আজ বুধবার ফেনীর দাগনভূঞায় চলতি বছরের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিবর্তনের সঙ্গে অভিভাবকদেরও নিজেদের উন্নয়নে প্রস্তুত থাকতে হবে। বর্তমান সময়ে প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন ঘটছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ছেলে-মেয়েদের নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে এবং শিখতে হবে। শেখার বিকল্প নেই। ছেলে-মেয়েদের প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং তারা যেন প্রযুক্তির ইতিবাচক দিকগুলো ব্যবহার করে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে, ‘মেধার আলোয় আলোকিত হোক ভবিষ্যত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী জেলা প্রশাসক মাহবুবউল করিমের সভাপতিত্বে ১৬০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ। স্বাগত বক্তৃতা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা প্রদান করেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজীম নোমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল।

এ সময় শিক্ষকদের পক্ষ থেকে বক্তৃতা করেন দাগনভূঞা ইসলামিয়া আজিজয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমেদ মজুমদার এবং আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের জবাবদিহিতা ও জনসেবা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য: সালেহ শিবলী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


সরকারের জবাবদিহিতা ও জনসেবা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য: সালেহ শিবলী

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনসেবামূলক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সরকারের সাত মাস পূর্তি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান প্রেস সচিব।

সালেহ শিবলী মন্তব্য করেন, ‘বর্তমান সরকার একটি জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক সরকার। গণমাধ্যম সরকারের যাবতীয় কার্যক্রম ও জনসেবামূলক পদক্ষেপ জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করছে।’

প্রেস সচিব সরকারের বিভিন্ন চ্যালেঞ্জ ও সফলতার কথা তুলে ধরে বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও বৈরী পরিস্থিতির মুখোমুখি হলেও জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’

বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রসঙ্গে তিনি বলেন, ‘বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলেও সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে এবং জনগণ খুব শীঘ্রই এর স্থায়ী সুফল পেতে শুরু করবে।’

সালেহ শিবলী জনগণকে রাষ্ট্রের প্রকৃত মালিক উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর দৈনন্দিন কাজের মধ্য দিয়ে এটি জনগণকে অনুভব করাতে সক্ষম হয়েছেন। ক্ষমতা কোনো ভোগের বিষয় নয়, এটি একটি দায়িত্ব এবং সরকার সেভাবেই জনকল্যাণে কাজ করে যাচ্ছে।’

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর জরুরি আহ্বানের কথা পুনর্ব্যক্ত করে প্রেস সচিব বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর— এই তিন মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, এডিস মশার লার্ভা ধ্বংস করতে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট সময় বের করে নিজ নিজ ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা এবং প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে।

গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদের সত্যতা নিশ্চিতে প্রতিটি টেলিভিশন ও পত্রিকায় প্রতিদিন অন্তত ১০-১৫ মিনিটের জন্য ফ্যাক্ট চেক বা সত্য-মিথ্যা যাচাইকরণ সংবাদ পরিবেশন করা উচিত। এর মাধ্যমে জনগণ সঠিক তথ্য জানতে পারবে এবং গুজবের হাত থেকে রক্ষা পাবে।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ছাড়াও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনবল সংকটে জর্জরিত কাউখালী কৃষি অফিস

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


জনবল সংকটে জর্জরিত কাউখালী কৃষি অফিস

পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি অফিসে তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি পদ দীর্ঘদিন খালি থাকায় অল্পসংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে চলছে সরকারি এই দপ্তরের দৈনন্দিন কাজকর্ম। ফলে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় কৃষকেরা। জনবল সঙ্কটের কারণে পর্যাপ্ত কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা।
দপ্তর সূত্রে জানা গেছে, অফিসে অতিরিক্ত কৃষি অফিসারের পদটি দীর্ঘদিন ধরে শূন্য। কৃষি সম্প্রসারণ অফিসারের দুটি পদের মধ্যে একটি পদ খালি রয়েছে বহুদিল ধরে। সবচাইতে করুণ অবস্থা মাঠপর্যায়ে। উপজেলার ৫টি ইউনিয়নে উপসহকারী কৃষি অফিসারের মোট ১৫টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৫ জন। এর মধ্যে আবার একজন কর্মকর্তা মাতৃত্বকালীন ছুটিতে থাকায় মাত্র ৪ জন কর্মকর্তা দিয়ে চলছে পুরো ৫টি ইউনিয়নের কৃষক সেবা। একজনকে একাধিক ব্লকের বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে। এছাড়া অফিসে সরকারি গাড়ি থাকলেও চালকের বেতন বরাদ্দ না থাকায় গাড়িটির সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, উপসহকারী কৃষি অফিসারদের পর্যাপ্ত উপস্থিতি না থাকায় তারা সময়মতো প্রয়োজনীয় পরামর্শ ও সেবা পাচ্ছেন না। কর্মকর্তা কম থাকায় মাঠপর্যায়ে কাঙ্ক্ষিত কৃষি সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্মরত অল্পসংখ্যক কর্মীদেরও।
এ বিষয়ে কাউখালী উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস জানান, তীব্র জনবল সংকটের বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার এ প্রসঙ্গে বলেন, কাউখালী উপজেলা কৃষি অফিসের জনবল সংকটের বিষয়ে আমরা পুরোপুরি অবহিত আছি। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে এবং জনবল পাওয়া গেলে খুব দ্রুতই এই সংকটের স্থায়ী সমাধান হবে বলে আশা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%