ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ক্যানসার চিকিৎসা ৫ বছরে জনগণের কাছে পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


ক্যানসার চিকিৎসা ৫ বছরে জনগণের কাছে পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ক্যানসার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে সরকার কাজ করবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে সাধারণত ব্রেস্ট ক্যানসার, কলোরেক্টাল ক্যানসার ও ওরাল ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা বেশি। এসব ক্যানসার প্রতিরোধের জন্য প্রাথমিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্দেশ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।

বুধবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে ক্যানসার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ শীর্ষক জাতীয় পর্যায়ের অংশীজন পরামর্শ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ বিষয়গুলো তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্যানসার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে আজকের এই অংশীজন পরামর্শ সভা একটি মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি জানান, সরকার ইতোমধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। এছাড়া ক্যানসার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত স্ক্রিনিং এবং দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: শ্রমিকরা কাজে না ফিরলে আজ থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-বিকেএমইএর

ক্যানসার মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে কাজ করা সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে সরকার ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল গঠন করবে। এর মাধ্যমে দেশে ক্যানসার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং আন্তমন্ত্রণালয় সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব একেএম বেনজামিন রিয়াজী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এশোফনি প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃদ্ধ হত্যার ঘটনায় মামলা তুলে নিতে স্বজনদের ওপর চাপ, দাফনে বাধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ এম


বৃদ্ধ হত্যার ঘটনায় মামলা তুলে নিতে স্বজনদের ওপর চাপ, দাফনে বাধা

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামক এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযোগ উঠেছে যে, স্বজনদের মামলা তুলে নিতে চাপ দেয়া হচ্ছে। এমনকি, ময়নাতদন্তের পর মরদেহ দাফনেও বাধা প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। পরে, শনিবার রাত ৮টায় জেলা পুলিশের অতিরিক্ত ফোর্সের উপস্থিতিতে বৃদ্ধের মরদেহ দাফন সম্পন্ন হয়।

এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এই হত্যার ঘটনা ঘটে। নিহত মীর হোসেন একই গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র।

এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে মো. আলমগীর চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আবদুল বারেক (৫০) ও আলা উদ্দিন (২৭) নামে দুজনকে গ্রেফতার করলেও মামলার প্রধান আসামি ফয়সালকে আটক করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষে ফয়সাল নামে একজনের লাঠির আঘাতে গুরুতর আহত হন বৃদ্ধ মীর হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে নিহতের মরদেহ দাফনের প্রস্তুতি নিলে স্থানীয় একটি পক্ষ তাতে বাধা দেয়। এ সময় নিহতের স্বজনদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে অন্তত দুজন আহত হন। হামলাকারীরা জানান, হত্যা মামলা থেকে তাদের পরিবারের সদস্যদের নাম না কাটলে তারা মরদেহ দাফন করতে দেবেন না।

এ সময় নিহতের পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ও চাপ দেয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ মোতায়েন করে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।

হামলার শিকার নিহতের আত্মীয় ফয়সাল জানান, ‘দুপুরে কাফনের কাপড়সহ মরদেহ দাফনের জন্য গেলে সেখানে আমার ওপর হামলা করা হয়। এ সময় তারা আমার মোবাইল ও সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে যায়।’

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। দাফনে বাধা দেয়া এবং মামলা তুলে নিতে চাপ দেয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে শনিবার রাত ৮টায় জেলা পুলিশের অতিরিক্ত ফোর্সের উপস্থিতিতে ওই বৃদ্ধের মরদেহ দাফন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিকরা কাজে না ফিরলে আজ থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-বিকেএমইএর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ এম


শ্রমিকরা কাজে না ফিরলে আজ থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-বিকেএমইএর

শ্রম অসন্তোষ এবং নিরাপত্তাহীনতার কারণে দেশের তৈরি পোশাক শিল্পের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠছে। সাভার, আশুলিয়া এবং গাজীপুর শিল্পাঞ্চলের ১৪৭টি পোশাক কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম কার্যকরী নয়। এর মধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

এছাড়া শ্রমিকদের বিক্ষোভের কারণে আরো ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে উৎপাদন চালাতে অক্ষম কারখানাগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

গতকাল শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ এবং বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে কারখানার পরিস্থিতি এবং মালিকপক্ষের অবস্থান তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামিম এহসানসহ বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, শিল্পাঞ্চলে নিরাপত্তা এবং উৎপাদনের অনুকূল পরিবেশ নিশ্চিত না হলে কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়বে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আজ রবিবার থেকে উৎপাদন চালাতে অক্ষম কারখানাগুলো শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখা হবে।

এমন অস্থিরতার মাঝে শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। শ্রমিক প্রতিনিধিরা মজুরি বোর্ডে সর্বনিম্ন ৩২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত চারটি গ্রেডে মজুরির প্রস্তাব দিয়েছেন।

অন্যদিকে, মালিকপক্ষ আগামীকাল সোমবার বোর্ডের তৃতীয় সভায় লিখিত প্রস্তাব জমা দেওয়ার পরিকল্পনা করেছে। বর্তমানে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

অর্থনীতিবিদ এবং শ্রম বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র মজুরির অঙ্ক বাড়ানো কিংবা মালিকদের সক্ষমতার যুক্তিতে সিদ্ধান্ত আটকে রাখলে এই সংকটের স্থায়ী সমাধান হবে না। শ্রমিকের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার পাশাপাশি শিল্পের উৎপাদনশীলতা, পণ্যের ন্যায্য মূল্য এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দর-কষাকষির সক্ষমতা বাড়াতে হবে।

এমন পরিস্থিতিতে বিজিএমইএ সভাপতি জানান, ৫৫টি কারখানা ইতিমধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে আরো ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। সব মিলিয়ে ১৪৭টি কারখানা স্বাভাবিক উৎপাদনে নেই।

মালিকপক্ষের অভিযোগ, কিছু শ্রমিক কাজে যোগ দিচ্ছেন না এবং অন্য শ্রমিকদেরও কাজে যেতে বাধা দিচ্ছেন। এমনকি দলবদ্ধভাবে অন্য কারখানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ এবং শ্রমিকদের জোর করে বের করে আনার ঘটনাও ঘটছে। ফলে কারখানার ভেতরে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

সোমবার মালিকপক্ষের মজুরি প্রস্তাব: শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে আগামীকাল সোমবার সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। সভায় বোর্ডের চেয়ারম্যান বিচারক সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন লিখিত মজুরি প্রস্তাব জমা দেবেন।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেয়। এতে চারটি গ্রেডে সর্বনিম্ন ৩২ হাজার এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা মাসিক মজুরির সুপারিশ করা হয়। গ্রেড অনুযায়ী প্রস্তাবিত মজুরি প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেছেন, খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা, সন্তানদের শিক্ষা এবং মূল্যস্ফীতির বিষয় বিবেচনায় নিয়ে এই প্রস্তাব করা হয়েছে। তাঁর হিসাবে, চার সদস্যের একটি পরিবারের প্রয়োজনীয় মাসিক ব্যয় ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা। তবে শিল্পের সক্ষমতা বিবেচনায় শ্রমিকপক্ষ তাদের দাবি সমন্বয় করেছে।

চলমান শ্রম অসন্তোষের কারণে মজুরি বোর্ডের আলোচনায় মালিকপক্ষ কতটা সক্রিয় থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, শ্রমিক আন্দোলন এবং বিশৃঙ্খলা অব্যাহত থাকলে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

‘জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা দেখতে হবে’: অর্থনীতিবিদ ড. মাহফুজ কবিরের মতে, বর্তমান বাজারদরে ১২ হাজার ৫০০ টাকা মজুরিতে একজন শ্রমিকের পক্ষে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন। চার সদস্যের একটি পরিবারের খাদ্য, বাসস্থান, যাতায়াত, চিকিত্সা এবং শিক্ষার ব্যয় বিবেচনায় নিলে বর্তমান মজুরি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের মতে, পোশাকশিল্পের প্রতিযোগিতার শক্তি হিসেবে কম মজুরির ওপর নির্ভরতার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি: বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থানের এই শিল্পে দীর্ঘস্থায়ী শ্রম অসন্তোষ শুধু কারখানার উৎপাদন নয়, দেশের বৈদেশিক বাণিজ্য এবং অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন থানা ও পৌরসভা গঠনসহ ৪ প্রস্তাবে সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ এম


নতুন থানা ও পৌরসভা গঠনসহ ৪ প্রস্তাবে সুপারিশ

প্রাক-নিকার সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে নতুন থানা, পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং দুটি সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো পরিবর্তনের প্রস্তাবসহ মোট সাতটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।

গত ৯ নভেম্বর দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বৈঠকে সাতটি প্রস্তাবের যাচাই-বাছাই শেষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে চারটি প্রস্তাবে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়, একটি প্রস্তাব নাকচ করা হয় এবং বাকি দুটিতে পর্যবেক্ষণ প্রদান করা হয়েছে।

জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করা, সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপনের প্রস্তাবগুলো সুপারিশ করার সিদ্ধান্ত হয়।

অপরদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাবটি নাকচ করা হয়েছে।

এছাড়া, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা বা থানা গঠনের মতো প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব চূড়ান্তভাবে বিবেচনার জন্য নিকার সভায় উপস্থাপনের আগে প্রাক-নিকার সচিব কমিটিতে আলোচনা করা হয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো এসব প্রস্তাব যাচাই-বাছাই করে কমিটি নিকার সভায় সুপারিশ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।

বৈঠকে জয়পুরহাট জেলার কালাই থানাধীন মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার এলাকায় ‘মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র’ স্থাপনের প্রস্তাবটি সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রস্তাবটি পাঠানো হয়। স্থানীয় পর্যায়ে পুলিশি কার্যক্রম পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় তদন্তকেন্দ্র স্থাপনের বিষয়টি প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

ময়মনসিংহ জেলার নবসৃষ্ট উপজেলা দক্ষিণ গফরগাঁওয়ের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার কথা বলা হয়েছে। নতুন উপজেলার নামের সঙ্গে থানার নামের সামঞ্জস্য রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় নতুন পৌরসভা গঠনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রস্তাব পাঠানো হয়। জানা গেছে, জৈন্তাপুর পৌরসভা গঠনের উদ্যোগের অংশ হিসেবে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) দেন। এর পরিপ্রেক্ষিতে পৌরসভা গঠনের প্রস্তাবটি প্রশাসনিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হয়।

এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবটি বাস্তবায়িত হলে মোকামতলা উপজেলার জন্য পৃথক থানা প্রতিষ্ঠিত হবে।

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব নাকচ করেছে প্রাক-নিকার সচিব কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে বৈঠকে প্রস্তাবটি সুপারিশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’ নামে রূপান্তরের প্রস্তাবে পর্যবেক্ষণ দিয়েছে কমিটি। আইন ও বিচার বিভাগ থেকে এ প্রস্তাব পাঠানো হয়। তবে বৈঠকে প্রস্তাবটির বিষয়ে চূড়ান্ত সুপারিশ করা হয়নি।

একইভাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ হিসেবে রূপান্তরের প্রস্তাবেও পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়।

প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে কোনো প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়ার অর্থ হলো, প্রস্তাবটির বিষয়ে আরও তথ্য, ব্যাখ্যা বা প্রয়োজনীয় সংশোধনের প্রয়োজন রয়েছে বলে মনে করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা সংযোজন করে আবার উপস্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময়ে এসব বিষয় পর্যালোচনা করে কমিটি সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্মসচিব বলেন, সাতটি প্রস্তাবের মধ্যে চারটি সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। একটি প্রস্তাব নাকচ করা হয়েছে এবং বাকি দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। পর্যবেক্ষণ পাওয়া প্রস্তাবগুলোতে কমিটির নির্দেশনা পূরণ করে পুনরায় উপস্থাপন করতে হবে। এরপর সেগুলো নিয়ে আবার আলোচনা হবে।

তিনি আরো বলেন, সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া ৪ প্রস্তাবের বিষয়ে নিকার সভায় মূল সিদ্ধান্ত হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন পেলেই এগুলো বাস্তবায়ন করা হবে। তবে নিকার সভা কবে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর লালবাগে ছয়তলা ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৪ এম


রাজধানীর লালবাগে ছয়তলা ভবনে আগুন

রাজধানীর লালবাগে ছয়তলা একটি ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে আগুনের উৎপত্তি ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সূত্র অনুযায়ী, রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালবাগের ওই ভবনে আগুন লাগার খবর পায় তারা। এরপর রাত ১১টা ২৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%