প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামক এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযোগ উঠেছে যে, স্বজনদের মামলা তুলে নিতে চাপ দেয়া হচ্ছে। এমনকি, ময়নাতদন্তের পর মরদেহ দাফনেও বাধা প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। পরে, শনিবার রাত ৮টায় জেলা পুলিশের অতিরিক্ত ফোর্সের উপস্থিতিতে বৃদ্ধের মরদেহ দাফন সম্পন্ন হয়।
এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এই হত্যার ঘটনা ঘটে। নিহত মীর হোসেন একই গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র।
এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে মো. আলমগীর চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আবদুল বারেক (৫০) ও আলা উদ্দিন (২৭) নামে দুজনকে গ্রেফতার করলেও মামলার প্রধান আসামি ফয়সালকে আটক করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষে ফয়সাল নামে একজনের লাঠির আঘাতে গুরুতর আহত হন বৃদ্ধ মীর হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে নিহতের মরদেহ দাফনের প্রস্তুতি নিলে স্থানীয় একটি পক্ষ তাতে বাধা দেয়। এ সময় নিহতের স্বজনদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে অন্তত দুজন আহত হন। হামলাকারীরা জানান, হত্যা মামলা থেকে তাদের পরিবারের সদস্যদের নাম না কাটলে তারা মরদেহ দাফন করতে দেবেন না।
এ সময় নিহতের পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ও চাপ দেয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ মোতায়েন করে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।
হামলার শিকার নিহতের আত্মীয় ফয়সাল জানান, ‘দুপুরে কাফনের কাপড়সহ মরদেহ দাফনের জন্য গেলে সেখানে আমার ওপর হামলা করা হয়। এ সময় তারা আমার মোবাইল ও সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে যায়।’
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। দাফনে বাধা দেয়া এবং মামলা তুলে নিতে চাপ দেয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে শনিবার রাত ৮টায় জেলা পুলিশের অতিরিক্ত ফোর্সের উপস্থিতিতে ওই বৃদ্ধের মরদেহ দাফন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন