ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

নতুন থানা ও পৌরসভা গঠনসহ ৪ প্রস্তাবে সুপারিশ


নতুন থানা ও পৌরসভা গঠনসহ ৪ প্রস্তাবে সুপারিশ

প্রাক-নিকার সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে নতুন থানা, পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং দুটি সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো পরিবর্তনের প্রস্তাবসহ মোট সাতটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।

গত ৯ নভেম্বর দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বৈঠকে সাতটি প্রস্তাবের যাচাই-বাছাই শেষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে চারটি প্রস্তাবে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়, একটি প্রস্তাব নাকচ করা হয় এবং বাকি দুটিতে পর্যবেক্ষণ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: বৃদ্ধ হত্যার ঘটনায় মামলা তুলে নিতে স্বজনদের ওপর চাপ, দাফনে বাধা

জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করা, সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপনের প্রস্তাবগুলো সুপারিশ করার সিদ্ধান্ত হয়।

অপরদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাবটি নাকচ করা হয়েছে।

এছাড়া, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা বা থানা গঠনের মতো প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব চূড়ান্তভাবে বিবেচনার জন্য নিকার সভায় উপস্থাপনের আগে প্রাক-নিকার সচিব কমিটিতে আলোচনা করা হয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো এসব প্রস্তাব যাচাই-বাছাই করে কমিটি নিকার সভায় সুপারিশ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিক চালু

বৈঠকে জয়পুরহাট জেলার কালাই থানাধীন মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার এলাকায় ‘মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র’ স্থাপনের প্রস্তাবটি সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রস্তাবটি পাঠানো হয়। স্থানীয় পর্যায়ে পুলিশি কার্যক্রম পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় তদন্তকেন্দ্র স্থাপনের বিষয়টি প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

ময়মনসিংহ জেলার নবসৃষ্ট উপজেলা দক্ষিণ গফরগাঁওয়ের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার কথা বলা হয়েছে। নতুন উপজেলার নামের সঙ্গে থানার নামের সামঞ্জস্য রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় নতুন পৌরসভা গঠনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রস্তাব পাঠানো হয়। জানা গেছে, জৈন্তাপুর পৌরসভা গঠনের উদ্যোগের অংশ হিসেবে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) দেন। এর পরিপ্রেক্ষিতে পৌরসভা গঠনের প্রস্তাবটি প্রশাসনিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হয়।

এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবটি বাস্তবায়িত হলে মোকামতলা উপজেলার জন্য পৃথক থানা প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা আব্দুর রহিম

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব নাকচ করেছে প্রাক-নিকার সচিব কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে বৈঠকে প্রস্তাবটি সুপারিশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’ নামে রূপান্তরের প্রস্তাবে পর্যবেক্ষণ দিয়েছে কমিটি। আইন ও বিচার বিভাগ থেকে এ প্রস্তাব পাঠানো হয়। তবে বৈঠকে প্রস্তাবটির বিষয়ে চূড়ান্ত সুপারিশ করা হয়নি।

একইভাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ হিসেবে রূপান্তরের প্রস্তাবেও পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়।

প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে কোনো প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়ার অর্থ হলো, প্রস্তাবটির বিষয়ে আরও তথ্য, ব্যাখ্যা বা প্রয়োজনীয় সংশোধনের প্রয়োজন রয়েছে বলে মনে করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা সংযোজন করে আবার উপস্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময়ে এসব বিষয় পর্যালোচনা করে কমিটি সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা ঘোষণা করলেন প্রতিমন্ত্রী শাহে আলম

মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্মসচিব বলেন, সাতটি প্রস্তাবের মধ্যে চারটি সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। একটি প্রস্তাব নাকচ করা হয়েছে এবং বাকি দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। পর্যবেক্ষণ পাওয়া প্রস্তাবগুলোতে কমিটির নির্দেশনা পূরণ করে পুনরায় উপস্থাপন করতে হবে। এরপর সেগুলো নিয়ে আবার আলোচনা হবে।

তিনি আরো বলেন, সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া ৪ প্রস্তাবের বিষয়ে নিকার সভায় মূল সিদ্ধান্ত হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন পেলেই এগুলো বাস্তবায়ন করা হবে। তবে নিকার সভা কবে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর লালবাগে ছয়তলা ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৪ এম


রাজধানীর লালবাগে ছয়তলা ভবনে আগুন

রাজধানীর লালবাগে ছয়তলা একটি ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে আগুনের উৎপত্তি ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সূত্র অনুযায়ী, রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালবাগের ওই ভবনে আগুন লাগার খবর পায় তারা। এরপর রাত ১১টা ২৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ এম


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজধানীতে দুই, মুন্সীগঞ্জে ৩৭, ভোলায় দুই, চুয়াডাঙ্গায় এক এবং ঢাকার ধামরাইয়ে চারজন রয়েছেন।

শনিবার ডিএমপির জনসংযোগ বিভাগ জানায়, রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সুমন চৌধুরী (৩৬) ও ওমর ছানি (২৭)। সুমন যুবলীগের লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওমর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

পুলিশ জানায়, গত শুক্রবার রাত ২টার দিকে লালবাগ থানার নবাবগঞ্জ বাজার এলাকা থেকে সুমনকে এবং অন্য একটি অভিযানে উত্তরার ৭ নম্বর সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ওমর ছানিকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জে ৩৭ জন আটক

অন্যদিকে, মুন্সীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির সময় আটক ৩৭ জনের মধ্যে ৩৩ জনকে কিশোর সংশোধনাগারে এবং বাকি চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার মোল্লারচরের উত্তর ইসলামপুর ফরাজীবাড়ি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে গতকাল দুপুরে তাদের কারাগার ও সংশোধনাগারে পাঠানো হয়।

সদর থানা পুলিশ জানায়, ছাত্রলীগের কর্মসূচি পালনের লক্ষ্যে আটককৃতরা ধলেশ্বরী নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এবং এলাকাবাসী তাদের আটক করে। সদর থানার ওসি মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা মোতাবেক আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভোলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

ভোলার দৌলতখানে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার চরখলিফা ও চরপাতা ইউনিয়নে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সেলিম উপজেলা আওয়ামী লীগ নেতা এবং আবুল হাশেম চরপাতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। দৌলতখান থানার এসআই রাকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা আত্মগোপনে থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম আমার দেশকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গায় আ.লীগ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে জেলা সদর থানা পুলিশের একটি দল দৌলতদিয়াড়ের তার বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ধামরাইয়ে আ. লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার ধামরাই উপজেলায় পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কুল্লা ইউনিয়নের আবুল হাসেম, মাসুদ রানা, মতিউর রহমান এবং মো. হাসেন। ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন মুন্সীগঞ্জ, চুয়াডাঙ্গা, ধামরাই (ঢাকা), ও দৌলতখান (ভোলা) প্রতিনিধি]

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনতালিয়ায় ১০ হাজার মানুষের জলবায়ু পদক্ষেপের দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ এম


আনতালিয়ায় ১০ হাজার মানুষের জলবায়ু পদক্ষেপের দাবিতে বিক্ষোভ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা এবং পরিবেশ ধ্বংসকারী প্রকল্পগুলোর বিরুদ্ধে তুরস্কের আনতালিয়ায় ১০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেছেন। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালীন শনিবার অনুষ্ঠিত এ মিছিলে জলবায়ু সুবিচার নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার, গণতান্ত্রিক স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের দাবিও তুলে ধরেন বিক্ষোভকারীরা।

আয়োজকদের দাবি, এটি তুরস্কে কয়েক বছরের মধ্যে অন্যতম বড় বিক্ষোভ। এতে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, স্থানীয় নাগরিক সংগঠন, শ্রমিক ইউনিয়ন এবং বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে প্রবেশের সময় কঠোর পুলিশি নিয়ন্ত্রণের মধ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির সদস্য নিল ওরম্যানলি জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে জানান, দীর্ঘদিন ধরে তুরস্কে এত মানুষের অংশগ্রহণে কোনো বিক্ষোভ হয়নি।

বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল কয়লাসহ জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্প সম্প্রসারণ বন্ধ করা। তাঁদের বক্তব্য, একদিকে জলবায়ু সংকট মোকাবিলার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অন্যদিকে পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানি ও উন্নয়ন প্রকল্প অব্যাহত রয়েছে। তারা এ দ্বৈত অবস্থানের অবসান চান।

কয়লাভিত্তিক বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্প সম্প্রসারণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এমন ৬১ বছর বয়সি এক বিক্ষোভকারী পরিস্থিতিকে একই সঙ্গে বেদনাদায়ক ও হাস্যকর বলে বর্ণনা করেন। তিনি প্রশ্ন করেন, "পরিবেশের জন্য ক্ষতিকর প্রকল্পে সমর্থন অব্যাহত রেখে একটি সরকার কীভাবে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের আয়োজন করে?"

কর্তৃপক্ষ বিক্ষোভের অনুমতি দিলেও শুরু থেকেই ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। মিছিলে অংশগ্রহণকারীদের নির্ধারিত পথে প্রবেশের আগে পুলিশি তল্লাশিচৌকিতে ব্যানার ও প্ল্যাকার্ড দেখাতে হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ মিছিলটি আইদিন কানজা পার্ক থেকে শুরু হয়ে রিপাবলিক স্কয়ারে গিয়ে শেষ হয়।

মিছিলে জার্মানির সাবেক সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ক্লডিয়া রথও অংশ নেন। তিনি এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি সংহতি জানাতে রংধনুর রঙের মোজা পরেছিলেন। তুরস্কের নিরাপত্তা বাহিনীর প্রতি সংযত আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, "কোনো হামলা বা গ্রেফতার হওয়া উচিত নয়।" জলবায়ু সম্মেলনে নাগরিক সমাজের প্রতিবাদ ও মতপ্রকাশের স্বাধীনতা থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

তুরস্কের নাগরিক সমাজের ওপর চাপ ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে বিক্ষোভে অংশ নেওয়া অনেক আন্দোলনকারী বক্তব্য ও স্লোগানের ক্ষেত্রে সতর্ক ছিলেন। গত সেপ্টেম্বরে এলজিবিটিকিউ সংগঠনগুলোতে অভিযান এবং জুলাইয়ে আঙ্কারায় ন্যাটো সম্মেলন চলাকালে বিক্ষোভের ওপর ব্যাপক বিধিনিষেধের বিষয়টি তাঁদের উদ্বেগ বাড়িয়েছে।

ফ্রাইডেস ফর ফিউচারের আন্দোলনকর্মী লুইজা নয়বাওয়ার জানান, স্থানীয় অংশগ্রহণকারীরা যাতে বাড়তি ঝুঁকিতে না পড়েন, সে জন্য কিছু বিতর্কিত বক্তব্য ও স্লোগান এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পুলিশের ব্যাপক তল্লাশি ও নিরাপত্তাব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "দমন-পীড়নের ব্যবস্থা ইতিমধ্যে সক্রিয়।"

নয়বাওয়ারের অভিযোগ, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকে কাজে লাগিয়ে তুরস্ক সরকার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি উন্নত করার চেষ্টা করতে পারে, অথচ দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ উপেক্ষিত থেকে যেতে পারে।

এদিকে আনতালিয়ায় সপ্তাহান্তে শুরু হয়েছে পিপলস ক্লাইমেট সামিট। এতে তুরস্কের স্থানীয় ও আন্তর্জাতিক শত শত নাগরিক সমাজের সংগঠন অংশ নিচ্ছে। জাতিসংঘের আনুষ্ঠানিক জলবায়ু আলোচনার বাইরে থাকা তৃণমূল পর্যায়ের আন্দোলন, স্থানীয় বিশেষজ্ঞ ও পরিবেশবাদী সংগঠনগুলোর বক্তব্য তুলে ধরাই এ আয়োজনের লক্ষ্য।

সম্মেলনের সহ-আয়োজক সুহেইলা দোয়ান জানান, পরিবেশের অবক্ষয়, গণতন্ত্র এবং জীবাশ্ম জ্বালানিনির্ভরতা থেকে বেরিয়ে আসার বিষয়গুলোকে তারা গুরুত্ব দিচ্ছেন।

তুরস্কের পশ্চিমাঞ্চলের মাউন্ট ইদা পাহাড়ি অঞ্চল রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত দোয়ান দেশটির জলবায়ু অঙ্গীকার নিয়েও প্রশ্ন তোলেন। তিনি পশ্চিম তুরস্কে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণের পরিকল্পনাসহ বিভিন্ন পরিবেশবিরোধী প্রকল্পের কথা উল্লেখ করেন।

আয়োজকদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু আন্তর্জাতিক প্রতিশ্রুতি যথেষ্ট নয়। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, পরিবেশ ধ্বংসকারী প্রকল্প বন্ধ করা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হবে। জলবায়ু নীতিনির্ধারণে তৃণমূলের মানুষের অংশগ্রহণ ও নাগরিক সমাজের স্বাধীনতাও নিশ্চিত করা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়েবাড়ির খাবার খেয়ে পল্লি চিকিৎসক ফখরুল আলমের মৃত্যু, বর-কনেসহ অর্ধশতাধিক হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ এম


বিয়েবাড়ির খাবার খেয়ে পল্লি চিকিৎসক ফখরুল আলমের মৃত্যু, বর-কনেসহ অর্ধশতাধিক হাসপাতালে

কিশোরগঞ্জের নিকলীতে বিয়েবাড়ির খাবার খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু ঘটেছে ফখরুল আলম কিরণ (৫০) নামে এক পল্লি চিকিৎসকের। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ৬০ জন অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ওই পল্লি চিকিৎসকের মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

মৃত পল্লী চিকিৎসক ফখরুল আলম কিরণ বড়কান্দা গ্রামের ইউসুফ আলী মাস্টারের সন্তান।

পুলিশ এবং স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার নিকলী উপজেলার বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৩০০ জনের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। বিয়ের অতিথিদের আপ্যায়ন করা হয় সাদা ভাত, গরুর মাংস, মুরগির রোস্ট, সবজি ও ডাল দিয়ে। খাওয়ার পর রাত থেকেই অসুস্থতা শুরু হয়। আক্রান্তরা প্রচণ্ড পেটব্যথা, বমি এবং ডায়রিয়ার শিকার হন।

রাত ১০টা থেকে একের পর এক রোগী হাসপাতালে আসতে শুরু করেন। গভীর রাত পর্যন্ত অন্তত ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে পল্লী চিকিৎসককে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইফতেখার আহমেদ নাবিলকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজীব ঘোষ।

তিনি আরও জানান, বর্তমানে সবাই আশঙ্কামুক্ত। সকলকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%