১০:২২ এম
অস্ট্রেলিয়ার সাবেক তারকা স্পিডস্টার ব্রেট লি ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছিল। কিংস ইলেভেন পাঞ্জাবে খেলার সময় প্রীতির সঙ্গে অজি পেসারের রসায়ন নিয়ে কত শত রটনা ডালপালা মেলেছিল, তার হিসেব নেওয়া সম্ভব নয়।
তবে সেসব সম্পর্কের গুঞ্জন সেসময় জোরালোভাবে উড়িয়ে দিয়েছিলেন এই বলিউড সুন্দরী। দীর্ঘ পনেরো বছর পর অবশেষে সেই পুরনো চর্চা নিয়ে নিজেই নিরবতা ভাঙলেন ব্রেট লি। তিনি সাফ জানিয়ে দিলেন, বিটাউনের কোনো নায়িকার সঙ্গেই কখনো প্রেমে জড়াননি তিনি!
আইপিএলের উদ্বোধনী আসর থেকেই একটি জনপ্রিয় বিদেশি মুখ হিসেবে ভারতের ক্রিকেটপাড়ায় দাপিয়ে বেড়িয়েছেন লি। শুরুতে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে মাঠে খেলার পর পরে তিনি কলকাতা নাইট রাইডার্সে থিতু হয়েছিলেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
পাঞ্জাবে খেলার সুবাদে ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিক প্রীতির সাথে তার বন্ধুত্ব গাঢ় হয়েছিল। আর এটুকুই কাল হয়ে দাঁড়িয়েছিল! গসিপপ্রিয় সংবাদমাধ্যম সেই সমীকরণকে প্রেমের উপাখ্যানে রূপ দিয়েছিল। সেই সময় খোদ প্রীতিকে সামাজিক মাধ্যমে তার ক্ষোভ প্রকাশ করতে হয়েছিল।
সম্প্রতি ‘বম্বে টাইমস’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পুরনো ওই বিতর্ক উসকে দিলে অস্ট্রেলিয়ান কিংবদন্তি হাসতে হাসতে উড়িয়ে দেন।
প্রীতির সঙ্গে সম্পর্কের বাস্তবতা জানিয়ে ব্রেট লি বলেন, ‘প্রীতি আর আমি স্রেফ খুব ভালো বন্ধু। তিনি ভীষণ বুদ্ধিমতী একজন নারী। প্রীতির প্রতি আমার অগাধ সম্মান রয়েছে।’
লোকে কী বলছে তা নিয়ে কখনো মাথা ঘামাননি বলেও জানান সাবেক এই গতিদানব। লি বলেন, ‘মানুষ তো কত কিছুই অনুমান করতে ভালোবাসে। তবে এসব কথাকে আমি কখনো পাত্তা দিইনি, নিজের ওপর প্রভাব ফেলতেও দিইনি। কারণ আসল সত্যিটা আমি খুব ভালো করেই জানতাম।’
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
কালের আবর্তে দুজনের পথ এখন পুরোপুরি বদলে গেছে। প্রীতি জিনতা ২০১৬ সালে মার্কিন ব্যবসায়ী জিন গুডএনাফকে বিয়ে করেছিলেন নতুন জীবন শুরু করেছেন। আর দুই দশকের বর্ণিল ক্যারিয়ার শেষে ২০১৫ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান ব্রেট লি। ক্যাঙ্গারুদের হয়ে ৭৬ টেস্টে ৩১০টি এবং ২২১ ওয়ানডেতে ৩৮০টি উইকেটের মালিক এই কিংবদন্তি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন