১০:২২ পি.এম
বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জ্বালানি খাতের অস্থিরতা মোকাবিলা ও এই খাতকে নিরাপদ করতে সরকার নবায়নযোগ্য শক্তির প্রসারে বিশেষ মনোনিবেশ করেছে। শুক্রবার বিকেলে যশোর শহরের টাউন হল মাঠে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা উল্লেখ করেন। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জ্বালানি খাতে অস্থিরতা দেখা দিয়েছিল। জ্বালানি খাতের এই অস্থিরতা মোকাবিলায় জ্বালানি খাতের উৎসে বৈচিত্র্য আনা প্রয়োজন। আর সে কারণেই সোলার প্যানেল স্থাপনের জন্য বর্তমান বাজেটে শুল্কমুক্ত সুবিধা প্রদান করা হয়েছে। সরকারের এই উদ্যোগে শুধু সরকারি স্থাপনা নয়, বেসরকারি খাতকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। উদ্যোক্তাদের এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন প্রতিমন্ত্রী। অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে ক্ষুদ্র উদ্যোক্তাদের গুরুত্বারোপ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা যত বেশি ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে পারব, অর্থনীতি তত বেশি গতিশীল হবে। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির জন্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। সরকারি ও বেসরকারি খাত সমন্বিতভাবে কাজ করলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খোকন ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। বিসিক যশোর ও জেলা প্রশাসন যশোরের যৌথ আয়োজনে এই মেলায় দেশীয় উদ্যোক্তাদের উৎপাদিত নানা পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। আগামী ২৮ জুন পর্যন্ত প্রতিদিন বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন