ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, বিশেষ অভিযানে আটক ২৪


রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, বিশেষ অভিযানে আটক ২৪

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা, শাহমখদুম থানা এবং বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানের মাধ্যমে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। পুলিশ সর্বমোট চারজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে, তাদের কাছে ছিল মাদক বিক্রির নগদ অর্থ এবং মোবাইল ফোনও। একই সঙ্গে মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে আরও ২৪ জনকে আটক করা হয়েছে।

রবিবার বিকালে নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার বিকেল পৌনে ৪টার সময় রাজপাড়া থানা পুলিশ বসুয়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে মুনসুর আলীর ছেলে মো. শাকিব আহমেদকে (২৫) ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।

একই দিন রাত পৌনে ৯টার দিকে কাজিহাটা এলাকায় অভিযান চালিয়ে লুৎফর রহমানের ছেলে মো. শাহরিয়ার রহমান আকাশকে (২৭) ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। রাত সাড়ে ১০টার দিকে দাশপুকুর আইডি বাগানপাড়া মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডিঙ্গাডোবা, লক্ষীপুর পাঠারমোড় কাঠমিল এলাকার মৃত সাজ্জাত আলী রমজানের ছেলে মোঃ তানজিম রায়হানকে (২২) ২৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকাসহ গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: লালপুরে মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

এদিকে, দিনগত রাত ২টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর শেরশাহ রোড এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম বাবুর ছেলে মোঃ বিপ্লবকে (২৯) ৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৮০০ টাকা এবং একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত নিয়মিত বিশেষ অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক মামলার আসামি এবং অন্যান্য মামলার ১১ জন রয়েছেন। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস

নেত্রকোণা, ৯ আগস্ট, ২০২৬ : ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’ এবং ‘আদিবাসী ধাত্রীদের সম্মান করি: জীবন ও সুস্থতা সুরক্ষায় এগিয়ে আসি’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে জেলার কলমাকান্দায়।

আজ রোববার, দিনের বেলায় উপজেলা নলছাপ্রা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) কলমাকান্দা উপজেলা শাখা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠনের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানের উদ্বোধন করেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ।

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলমাকান্দা উপজেলা শাখার চেয়ারম্যান মুকুট স্নালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বালুচড়া সেক্রেড হার্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চারু চার্লস নকরেক।

কারিতাস এনজিও কর্মকর্তা সুজনা রুরাম ও সুজন ম্রংয়ের যৌথ সঞ্চালনায় দিবসটিতে বিশেষ অতিথি ছিলেন কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার, ডিএসকের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ, উপজেলা সিপিবির সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিশিকান্তি জাম্বিল, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কপোতী ঘাগ্রা, ময়মনসিংহ অঞ্চল কারিতাস আইসিডিপি প্রোগ্রাম অফিসার বুলবুল মানখিন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, বারসিক উপজেলা কো-অর্ডিনেটর গুঞ্জন রেমা, কলমাকান্দা উপজেলা টিডব্লিউএর সেক্রেটারি সুজিত মানখিন এবং কলমাকান্দা উপজেলা বাগাছাসের সেক্রেটারি সুপার কান্তি রিছিল।

সভায় বক্তারা উল্লেখ করেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি, মাতৃভাষা, সামাজিক মূল্যবোধ এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যগত জ্ঞান দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বক্তারা যোগ করেন, আধুনিকতার অগ্রযাত্রার পাশাপাশি এসব ঐতিহ্য সংরক্ষণে সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

বক্তারা আরও উল্লেখ করেন যে, আদিবাসী নারীদের ঐতিহ্যগত স্বাস্থ্যজ্ঞান এবং প্রসবকালীন সময়ে ধাত্রীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অভিজ্ঞতাকে সম্মান জানানোর পাশাপাশি নিরাপদ মাতৃস্বাস্থ্য নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবার সঙ্গে তাদের কাজের সমন্বয়ের প্রয়োজনীয়তা রয়েছে।

দিবসটির কর্মসূচিতে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, বারসিক বাংলাদেশ, কারিতাস আলোক কোরে-২ প্রকল্প, বাগাছাস, গাসু, বাহাছাস, বাজাহাস, নলছাপ্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, বালুচড়া ধর্মপল্লী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, বালুচড়া সেক্রেড হার্ট উচ্চ বিদ্যালয় ও নলছাপ্রা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি এবং জীবনধারার নানা দিক তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদল নেতার উদ্যোগে চলনবিলে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


যুবদল নেতার উদ্যোগে চলনবিলে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত

চলনবিলে ৫০ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিল অধ্যুষিত বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে এই পোনা অবমুক্ত করার কাজ সম্পন্ন হয়েছে।

রবিবার (৯ আগস্ট) দুপুরে, তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাজিব আহমেদ মাসুমের ব্যক্তিগত অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নেতৃত্বদানকারী ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’—এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তিনি আরো বলেন, প্রাকৃতিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হলে দেশীয় মাছের উৎপাদন বাড়বে, যা জীববৈচিত্র্য সংরক্ষণ করবে এবং মৎস্যজীবীদের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি চলনবিলের উন্মুক্ত জলাশয়ে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগটিকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদ আরো সমৃদ্ধ হবে।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. নাজিম উদ্দিন ফকির, তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শুকুর মির্জা ও মো. মিলন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সাইফুল খান এবং আট ইউনিয়নের যুবদলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর ভয়াবহ পাল্টাপাল্টি হামলায় অন্তত ৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।

রুশ সীমান্তবর্তী বেলগোরোদে ইউক্রেনের ড্রোন হামলায় ৫ জন নিহত হয়েছেন এবং চার বছরের এক শিশুসহ ২৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের সালতিভস্কি এলাকায় রুশ মিসাইল হামলায় বহুতল ভবনে দুজন নিহত এবং ১৩ জন আহত হন। এছাড়া ওডেসায় রাতভর মিসাইল ও ড্রোন হামলায় আরও ৮ জন আহত হয়েছেন।

সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার এমন হামলা প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর একমাত্র মার্কিন অস্ত্র ‘প্যাট্রিয়ট’ সিস্টেমের তীব্র ঘাটতি থাকায় মস্কো এই সুযোগ কাজে লাগাচ্ছে।

নাগরিকদের সুরক্ষায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে আরও প্যাট্রিয়ট সিস্টেম চেয়ে আসছেন। তা না পেলে তিনি দেশে এর গোলা তৈরি করার পরিকল্পনা করছেন। এমনকি রাশিয়ার ভেতরে নিখুঁত হামলা চালাতে ইলন মাস্কের ‘স্টারলিংক’ ব্যবহারের অনুমতি চাইছেন জেলেনস্কি।

এদিকে কিয়েভও থেমে নেই। তারা রাশিয়ার জ্বালানি অবকাঠামো, বৃহৎ অনলাইন রিটেইলার ওয়াইল্ডবেরিসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা অব্যাহত রেখেছে; ফলে দেশটিতে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা খারকিভ ও ওডেসায় ইউক্রেনের সামরিক গুদামে সফল হামলা চালিয়েছে। পাশাপাশি ক্রিমিয়াসহ কৃষ্ণ ও আজভ সাগরে ১৫৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো।

অন্যদিকে ইউক্রেনের হামলায় রাশিয়ার বেলগোরোদে ২৯টি অ্যাপার্টমেন্টসহ বহু বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নভোরোসিস্ক শহরেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এই শহরটিতে একটি বড় জ্বালানি টার্মিনাল রয়েছে, যা কাজাখস্তানের তেলের সঙ্গে বিশ্ববাজারের সংযোগ ঘটায়। এটি ইউক্রেনের অন্যতম লক্ষ্যবস্তু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল ঢাকা-গোপালগঞ্জ রুটে বহুল প্রতিক্ষীত রেল চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


আগামীকাল ঢাকা-গোপালগঞ্জ রুটে বহুল প্রতিক্ষীত রেল চলাচল শুরু

গোপালগঞ্জ, ৯ আগস্ট, ২০২৬ : আগামীকাল সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে বহুল প্রতিক্ষীত ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে প্রথমবারের মতো যাত্রা শুরু করতে যাচ্ছে।

দীর্ঘ সময়ের প্রতীক্ষার পর আগামীকাল সোমবার (১০ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু হতে যাচ্ছে।

রাজধানী ঢাকা ও গোপালগঞ্জের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হওয়ায় গোপালগঞ্জবাসীর মধ্যে আনন্দ এবং স্বস্তি বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, এটি স্বল্প খরচে নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের সুযোগ তৈরির পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতিতে নতুন গতি আনবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা থেকে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি গোপালগঞ্জের উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করবে। ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। এরপর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১০টা ২৫ মিনিটে রাজধানীতে পৌঁছাবে।

প্রায় ৭০০ আসনের এই ট্রেন চালুর ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সড়কপথের তুলনায় কম ভাড়ায় যাতায়াতের সুযোগ থাকায় ট্রেনটির প্রতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবির ভিত্তিতে, বাসে ঢাকা যেতে যেখানে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত ভাড়া গুনতে হয়, সেখানে ট্রেনে মাত্র ১৪৫ টাকায় রাজধানীতে যাওয়া যাবে। শুধু গোপালগঞ্জ নয়, পাশের জেলা পিরোজপুর এবং বাগেরহাটের বাসিন্দারাও এ রেল যোগাযোগের সুবিধা পাবেন বলে আশা রাখা হচ্ছে।

গোপালগঞ্জের ইসলামপাড়ার বাসিন্দা ওসিকুর রহমান বলেন, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জন্য এটি একটি বড় পাওয়া। বাসে অন্তত ৫০০ টাকা খরচ হয়, তবুও মাত্র ১৪৫ টাকার খরচে সরাসরি ঢাকায় যাওয়া সম্ভব হবে। এ ছাড়া শাকসবজি পরিবহনের জন্য বগি থাকলে বিকেলে ফসল কেটে কৃষকরা সহজেই রাতে ঢাকায় পাঠাতে সক্ষম হবেন।

কাশিয়ানীর বাসিন্দা জুয়েল হাসান বলেন, এমপি মহোদয়ের প্রচেষ্টায় ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেনটি চালু হচ্ছে। বাসে ৫০০ থেকে ৮০০ টাকা খরচের পাশাপাশি দুর্ঘটনার একটা ভয় থাকে। ট্রেনে খরচ কম এবং যাতায়াতও অনেক নিরাপদ ও আরামদায়ক হবে।

তবে, ট্রেনের সময়সূচি নিয়ে কিছুটা পুনর্বিবেচনার দাবি জানিয়ে স্থানীয় আরিফুজ্জামান রিপন বলেছেন, ট্রেন চালু হওয়া আনন্দের বিষয় হলেও সময়সূচিটা একটু ভেবে দেখে পরিচালনা করা প্রয়োজন ছিল। সকালের দিকে ট্রেন দিলে মানুষ দিনে কর্মস্থলে গিয়ে কাজ শেষ করে আবার গোপালগঞ্জে ফিরতে পারতেন।

গোপালগঞ্জের রেলযান পরীক্ষক পল্লব কান্তি বিশ্বাস বাসসকে জানান, ঢাকা-গোপালগঞ্জ রুটে এক জোড়া ট্রেন চালানোর বিষয়টি গোপালগঞ্জবাসীর বহুদিনের স্বপ্ন ছিল। গোপালগঞ্জ-২ আসনের এমপি কে. এম. বাবর মহোদয়ের একান্ত প্রচেষ্টায় সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। প্রায় ৭০০ আসনের এই কমিউটার ট্রেনে মাত্র ১৪৫ টাকায় ঢাকা যাতায়াতের সুযোগ মিলবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ একটি কৃষিপ্রধান অঞ্চল হওয়ায়, ভবিষ্যতে রেল কর্তৃপক্ষের মাধ্যমে অতিরিক্ত লাগেজ বগি যুক্ত করা গেলে স্থানীয় কৃষকরাও স্বল্পমূল্যে শাকসবজি ও উৎপাদিত পণ্য ঢাকায় পাঠাতে পারবেন।

গোপালগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার রত্না বৈদ্য বাসসকে বলেন, রাজশাহী রুটের ট্রেন চালু থাকলেও ঢাকার সঙ্গে সরাসরি কোনো ট্রেন ছিল না। আগামীকাল সোমবার (১০ আগস্ট) সার্ভিসটি চালু হলে যাতায়াতের ভোগান্তি কমানো সম্ভব হবে। প্রচুর যাত্রী হওয়ায় সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%