ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে শুরু হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা, ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণ


চাঁদপুরে শুরু হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা, ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণ

চাঁদপুর, ২২ অক্টোবর, ২০২৬ : চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা, যা দ্বীনের দাওয়াত, ঈমানি চেতনার জাগরণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় অনুষ্ঠিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার বাদ ফজর থেকে শহরের পুরানবাজার দোকানঘর এলাকার মেঘনাপাড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ ধর্মীয় আয়োজনের উদ্বোধন করা হয়।

এ ইজতেমায় চাঁদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করছেন।

আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত

তাবলীগ জামাতের আয়োজনে ২২, ২৩ ও ২৪ অক্টোবর পর্যন্ত এ ইজতেমা চলবে। এর আগে বিভিন্ন স্থানে পাঁচবার জেলা পর্যায়ে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।

মুসল্লিদের অবস্থান ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য প্যান্ডেলসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে। আজ সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসা শুরু করেছেন।

ইজতেমার মুসল্লিদের জন্য অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প এবং সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকদের আশা, তিন দিনের এ ধর্মীয় আয়োজনে চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করবেন। ইজতেমায় কোরআন-হাদিসের আলোকে দ্বীনি আলোচনা, ঈমান ও আমলের ওপর বয়ান, জিকির-আযকারসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে

তাবলীগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ বাসসকে জানান, আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জেলা ইজতেমা আগামী শনিবার (২৪ অক্টোবর) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে। ধর্মীয় অনুশাসন মেনে জীবন পরিচালনা, আত্মশুদ্ধি এবং দ্বীনের পথে মানুষকে আহ্বান জানানোর উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন ‘গ্রে জোন’ কৌশল ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে রাখছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


চীন ‘গ্রে জোন’ কৌশল ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে রাখছে

তাইওয়ানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে এবং দেশটির মিত্রদের ওপর চাপ সৃষ্টি করতে চীন কূটনৈতিক ও সামুদ্রিক কার্যক্রম বৃদ্ধি করছে। প্রতিপক্ষকে সরাসরি যুদ্ধে না জড়িয়ে চাপের মধ্যে রাখার কৌশলটিকে ‘গ্রে জোন’ বা ধূসর অঞ্চলের কৌশল হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

সম্প্রতি তাইওয়ানের সঙ্গে সম্পর্ক রাখার কারণে চীন প্যারাগুয়ের যোগাযোগমন্ত্রী ও বেলিজের পররাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে-র আফ্রিকার দেশ এসওয়াতিনিতে যাওয়ার পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে। সেশেলস, মরিশাস ও মাদাগাস্কার তাইওয়ানের প্রেসিডেন্টের উড়োজাহাজকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ফলে সফরটি বাতিল করতে বাধ্য হয়। পরবর্তীতে মে মাসে এসওয়াতিনির রাজার উড়োজাহাজে করে সফরটি সম্পন্ন হয়।

তাইওয়ানের পূর্ব উপকূলের জলসীমায় চীনের কোস্টগার্ড ও অন্যান্য সরকারি জাহাজের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা এসব জাহাজের নজরদারি ও পরিদর্শনকে তাইওয়ানের ওপর চাপ সৃষ্টি করার পাশাপাশি ওই অঞ্চলে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে দেখছেন।

চীন দাবি করে, তাইওয়ান তাদের ভূখণ্ডের অংশ। অন্যদিকে, তাইওয়ানের সরকার বেইজিংয়ের এই দাবি প্রত্যাখ্যান করে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। চীন তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে এবং অন্যান্য দেশগুলোকে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করার আহ্বান জানায়।

বিশ্লেষকদের মতে, চীনের এসব পদক্ষেপের উদ্দেশ্য শুধুমাত্র তাইওয়ানের কূটনৈতিক যোগাযোগ সীমিত করা নয়; বরং দেশটির মিত্রদের মধ্যে এমন ধারণা তৈরি করা যে, তাইওয়ানের পাশে দাঁড়ালে তাদেরও কূটনৈতিক বা অর্থনৈতিক মূল্য দিতে হবে।

তবে এই চাপের মধ্যেও জাপান ও ফিলিপাইনের মতো কয়েকটি দেশ তাইওয়ানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করেছে। বিশ্লেষকেরা মনে করেন, তাইওয়ান প্রণালিতে স্থিতাবস্থা বজায় রাখতে আগ্রহী দেশগুলোর উচিত চীনের অবস্থানের বিরুদ্ধে আরো স্পষ্টভাবে নিজেদের বক্তব্য তুলে ধরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় ৯ বছর পর শুরু হচ্ছে পর্যটন কার্নিভাল কাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


কুয়াকাটায় ৯ বছর পর শুরু হচ্ছে পর্যটন কার্নিভাল কাল

পটুয়াখালী, ২২ অক্টোবর, ২০২৬ : আগামীকাল কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘পর্যটন কার্নিভাল ২০২৬’, যা দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসব উপলক্ষে বিচ ফুটবল, ক্রিকেট, ম্যারাথন, ঘুড়ি ও পিঠা উৎসব, ফ্যাশন শো, সংগীতানুষ্ঠান এবং চরাঞ্চল ভ্রমণের আয়োজন করা হবে।

আয়োজকরা কুয়াকাটা সৈকতে বিপুলসংখ্যক পর্যটকের সমাগমের আশা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. আরিফুজ্জামান জানান, টানা ছুটি এবং কার্নিভালের কারণে এবার পাঁচ থেকে ছয় লাখ পর্যটকের আগমন হতে পারে। এই সম্ভাবনার কথা মাথায় রেখে সৈকতজুড়ে নানা প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এবারের আয়োজনে নতুন আকর্ষণ যুক্ত করা হয়েছে যা গতানুগতিকতার বাইরে। বিনোদন, খেলাধুলা, স্থানীয় সংস্কৃতি এবং পর্যটন অভিজ্ঞতার সমন্বয়ে দর্শনার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরি করার পরিকল্পনা রয়েছে।

কার্নিভালে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ড অংশগ্রহণ করবে, যেখানে নান্দনিক স্টল এবং ফটো বুথ থাকবে। বিউটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে রিমার্ক-হারল্যান, যা তাদের বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ডের পণ্য প্রদর্শনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এতে উৎসবের বিনোদন এবং লাইফস্টাইলভিত্তিক আয়োজন আরও বৈচিত্র্যময় হবে।

কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় ঐতিহ্যকে পর্যটকদের সামনে তুলে ধরাও এবারের কার্নিভালের অন্যতম লক্ষ্য। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতার জন্য পরিচিত এই সমুদ্রসৈকতের পাশাপাশি লেম্বুর বন, গঙ্গামতি, লাল কাঁকড়ার চর, রাখাইন পল্লি এবং বৌদ্ধ মন্দির পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। দর্শনার্থীরা স্থানীয় খাবার, সংস্কৃতি এবং জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

কার্নিভালে বিচ ফুটবল ও বিচ ক্রিকেটের মতো ক্রীড়া আয়োজনের পাশাপাশি বিচ ম্যারাথন, ঘুড়ি উৎসব এবং পিঠা উৎসবও থাকবে। ফ্যাশন শো, সংগীতানুষ্ঠান এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবকে আরও প্রাণবন্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া চরাঞ্চল ভ্রমণের আয়োজন পর্যটকদের সমুদ্রসৈকতের বাইরের প্রাকৃতিক পরিবেশ এবং স্থানীয় জীবনধারা সম্পর্কে জানার সুযোগ করে দেবে।

স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, দীর্ঘ বিরতির পর আয়োজিত এই কার্নিভাল কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরবে। পর্যটকের সংখ্যা বাড়লে হোটেল, মোটেল, রেস্তোরাঁ, পরিবহন এবং স্থানীয় পণ্য বিক্রিসহ সংশ্লিষ্ট ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়তে পারে।

আয়োজকদের প্রত্যাশা, প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় ঐতিহ্য, খেলাধুলা এবং সাংস্কৃতিক আয়োজনের সমন্বয়ে কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬ পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করবে এবং দেশের পর্যটন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিক আব্দুল আজিজের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিক আব্দুল আজিজের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটে আব্দুল আজিজ (৩২) নামে এক নির্মাণশ্রমিকের। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে টঙ্গীর আরিচপুর বউ বাজার গাজীবাড়ী এলাকার আব্দুর রহমান বাবুর বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল আজিজ দিনাজপুর জেলার কাহারুল থানার সুন্দইল গ্রামের জরু মিয়ার পুত্র। তিনি টঙ্গীর বউ বাজার এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং পেশায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, টঙ্গীর আরিচপুর বউ বাজার এলাকায় বহুতল ভবনের প্লাস্টারের কাজ চলাকালীন ঘরের ভিতর অন্ধকার ছিল। অন্ধকার দূর করার জন্য আব্দুল আজিজ একটি বৈদ্যুতিক বাতির লাইন দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে সাগরে গোসলে ১২ বছরে ৮৪ পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


কক্সবাজারে সাগরে গোসলে ১২ বছরে ৮৪ পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেলেও নিরাপত্তাব্যবস্থা তেমন উন্নত হয়নি। পর্যাপ্ত লাইফগার্ড ও নজরদারির অভাবের কারণে চরম ঝুঁকি নিয়ে সাগরে গোসল করতে নামছেন পর্যটকেরা। গত ১২ বছরে সৈকত থেকে সাগরে নেমে ভেসে যাওয়ার সময় অন্তত ৮৪ জন পর্যটকের মৃত্যু ঘটেছে।

টানা ছুটির সময় কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে সুগন্ধা পয়েন্টে সবচেয়ে বেশি পর্যটক সমাগম হয়েছে। লাইফগার্ডদের মতে, সেখানে সাগরে নামছেন লাখেরও বেশি পর্যটক। অথচ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মাত্র আটজন লাইফগার্ড। এর মানে হলো, প্রতি ১২ হাজার ৫০০ পর্যটকের বিপরীতে দায়িত্ব পালন করছেন একজন লাইফগার্ড।

সী সেফ লাইফগার্ড সংস্থার তথ্য অনুযায়ী, গত ১২ বছরে কক্সবাজার সমুদ্রসৈকতে সাগরে নেমে ভেসে যাওয়ার সময় ১ হাজার ২০০ পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এই সময়ে প্রাণ হারিয়েছেন ৮৪ জন।

ঝুঁকিতে পর্যটকেরা সৈকতের প্রায় তিন কিলোমিটার এলাকায় বাড়তি চাপ সৃষ্টি করেছেন। অন্যান্য পয়েন্টেও ভিড় রয়েছে। কিন্তু পর্যটকদের অভিযোগ, সমুদ্রস্নানের সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংখ্যক লাইফগার্ড ও নিরাপত্তাকর্মী নেই। কিছু এলাকায় নিরাপত্তাব্যবস্থা চোখে পড়ে না।

সী সেফ লাইফগার্ড সংস্থার জ্যেষ্ঠ কর্মী আব্দুর রশীদ জানান, ‘বর্তমানে সুগন্ধা বিচে আটজন লাইফগার্ড দায়িত্ব পালন করছেন। প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটকের সমাগম হলেও তাদের তুলনায় লাইফগার্ডের সংখ্যা অনেক কম। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফগার্ডের সংখ্যা বাড়ানো প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই অসুস্থ পর্যটকদের হাসপাতালে নিতে হয়। এসময় নানা প্রতিকূলতা ও মানুষের বিরূপ মন্তব্যের মুখেও পড়তে হয় আমাদের। সীমাবদ্ধতা সত্ত্বেও লাইফগার্ডরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে সরকারের এ বিষয়ে উদ্যোগ নেয়া জরুরি।’

পর্যটক রিয়াজ উদ্দিন মন্তব্য করেন, ‘সমুদ্রে গোসল করতে নেমে অনেকের প্রাণহানি ঘটছে। অনেক ক্ষেত্রে নিখোঁজ ব্যক্তিদের মরদেহও উদ্ধার করা সম্ভব হয় না। তাই কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক থাকার পাশাপাশি নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন হতে হবে।’

সৈকতের বিভিন্ন স্থানে পর্যাপ্ত লাইফগার্ড ও নিরাপত্তাকর্মী না থাকার অভিযোগ তুলে আরেক পর্যটক সোয়েব ইফতিখার বলেন, ‘প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে পর্যটকদের নিরাপত্তা দেয়া সহজ হতো। এ জন্য প্রশাসনের আরও নজরদারি প্রয়োজন।’

পর্যটক হারুন অর রশিদ বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কক্সবাজারে বেড়াতে আসেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সৈকতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি লাইফগার্ডের সংখ্যা বাড়ানো জরুরি।’

সম্প্রতি পেচারদ্বীপ সৈকতে সাগরে নেমে চার পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে লাইফগার্ড, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও ট্যুরিস্ট পুলিশ।

সী সেফ লাইফগার্ড সংস্থার প্রকল্প কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ জানান, ‘কক্সবাজার সমুদ্রসৈকত থেকে প্রায় ১০-১২ কিলোমিটার দূরে হিমছড়ি পয়েন্টে দুই দলের কয়েকজন পর্যটক সাগরে গোসল করতে নেমে স্রোতে ভেসে যান। তাদের মধ্যে একজনকে জীবিত ও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আরও একজনকে সকালে উদ্ধার করা হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।’

পর্যটকদের সাগরে নামার আগে লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘যে স্থানে গোসল করতে নামবেন, সেখানে লাইফগার্ডের নিরাপত্তাসেবা রয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে। যেখানে এ সেবা নেই, সেখানে কোনোভাবেই সাগরে নামা উচিত নয়।’

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতজুড়ে লাইফগার্ডের কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

হোটেল কক্স-টুডের মহাব্যবস্থাপক আবু তালেব শাহ বলেন, ‘পর্যটকেরা মূলত সমুদ্রসৈকত উপভোগ করতেই কক্সবাজারে আসেন। তাই শৈবাল পয়েন্ট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত পুরো সৈকত এলাকায় লাইফগার্ডের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। এ ক্ষেত্রে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সৈকতে নিরাপত্তাবেষ্টনী ও প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা কার্যকর করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকলে পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়, যা তাদের ভ্রমণের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলে। এতে কক্সবাজারের পর্যটনশিল্প সম্পর্কেও বিরূপ ধারণা তৈরি হতে পারে। তাই পর্যটকদের নির্বিঘ্নে সৈকত উপভোগের সুযোগ করে দিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%