১১:৫৬ এম
নেপালের ইয়ালুং রি পর্বতে বেশ কয়েকটি মরদেহের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা ধারণা করছেন যে, মরদেহগুলো গত বছর তুষারধসে নিখোঁজ হয়ে যাওয়া পাঁচজন পর্বতারোহীর হতে পারে।
তবে মরদেহগুলোর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
স্থানীয় কর্মকর্তা থাবিন্দ্র কুমার কাফলে জানিয়েছেন যে, একটি হাইকিং কম্পানির হয়ে মরদেহ উদ্ধার করার কাজে নিয়োজিত কয়েকজন কর্মী শুক্রবার মরদেহগুলো দেখতে পান। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারী দল এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
আরও পড়ুন: ইতিহাস শিক্ষা দিতে নীতিনির্ধারকদের প্রশিক্ষণ দিল ইউনেস্কো
হাইকিং কম্পানি ড্রিমার্স ডেস্টিনেশনের ফুর্বা তেনজিং শেরপা জানান, আবহাওয়া পরিষ্কার হলে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হবে।
তিনি বলেন, বরফ গলে যাওয়ার ফলে মরদেহগুলো এখন দৃশ্যমান হয়ে থাকতে পারে। তবে উদ্ধার করা মরদেহগুলো গত বছর নিখোঁজ হওয়া পাঁচ পর্বতারোহীরই কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি। ইয়ালুং রি উত্তর-পূর্ব নেপালের রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত। দুর্গম এই পর্বতে পর্বতারোহীদের পাথর, বরফ এবং তুষারে তৈরি কঠিন পথ পাড়ি দিতে হয়।
গত বছরের নভেম্বর থেকে ইয়ালুং রি পর্বতে তিনজন বিদেশি ও দুইজন নেপালি পর্বতারোহী নিখোঁজ ছিলেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে একজন ইতালীয়-কানাডিয়ান, একজন ইতালীয় এবং একজন জার্মান নাগরিক ছিলেন। এছাড়া একই অভিযানে একজন ইতালীয় ও একজন ফরাসি পর্বতারোহী বেস ক্যাম্পে মারা গিয়েছিলেন।
ইয়ালুং রি পর্বতটি নেপালের দোলাখা জেলায়, চীনের তিব্বত সীমান্তের কাছে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৫ হাজার ৬৩০ মিটার।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বাধা কোথায়?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন