ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ইরানকে কোণঠাসা করতে সীমান্ত বন্ধে ব্যর্থ যুক্তরাষ্ট্র


ইরানকে কোণঠাসা করতে সীমান্ত বন্ধে ব্যর্থ যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করতে দেশের স্থলসীমান্ত বন্ধ করার পরিকল্পনা করেছিল। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিরোধিতার কারণে ওয়াশিংটনের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতোমধ্যে ইরানের জল ও আকাশপথের বাণিজ্যকে কঠোর নজরদারিতে রেখেছে। এবার তাদের লক্ষ্য ছিল স্থলপথের বাণিজ্য বন্ধ করা। এই উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র তুরস্ক, ইরাক ও পাকিস্তান—এই তিন দেশকে সীমান্ত বন্ধ করতে চাপ দিতে শুরু করে। তবে দেশগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে সীমান্ত বন্ধ করা তাদের পক্ষে সম্ভব নয়।

দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সঙ্গে তাদের বিশাল পরিমাণ ব্যবসা রয়েছে। বিশেষ করে পাকিস্তান ও ইরাক জ্বালানি এবং বিদ্যুৎ আমদানির জন্য ইরানের ওপর অনেকটা নির্ভরশীল। তাছাড়া সীমান্ত এলাকার লাখ লাখ মানুষ এই বাণিজ্যের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। সীমান্ত পুরোপুরি বন্ধ হলে সেখানে বড় ধরনের গণঅস্থিরতা বা হাঙ্গামার আশঙ্কা রয়েছে। এই কারণে তুরস্ক নিয়ম পরিবর্তনে রাজি হয়নি, এবং ইরাক ও পাকিস্তানও ওয়াশিংটনের নির্দেশনা অনুযায়ী সীমান্ত বন্ধ করেনি।

আরও পড়ুন: মুম্বাইয়ে অমিতাভের বাড়িসহ একাধিক স্থানে বোমা বিস্ফোরণের হুমকি

কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র এবার নতুন একটি পন্থা গ্রহণ করেছে। গত শনিবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অধীনে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে একটি নতুন দল গঠন করা হয়েছে। ফ্লোরিডায় অবস্থিত ২০ সদস্যের এই বিশেষ দল সরাসরি যুদ্ধে অংশ নেবে না, বরং তারা গোয়েন্দা তথ্য দিয়ে প্রতিবেশী দেশগুলোকে সহায়তা করবে যাতে তারা নিজেদের অবৈধ অস্ত্র ও চোরাচালান আটকাতে পারে।

ট্রাম্প প্রশাসন এখন মনে করছে, সামরিক হামলার পরিবর্তে তেহরানের ওপর চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করাই বেশি কার্যকর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি বলেছেন, "ইরান এখন যে অর্থনৈতিক কষ্টের মধ্যে আছে, তাতে নতুন করে বোমা হামলার কোনো দরকার নেই।"

অন্যদিকে, ইরানও হাত গুটিয়ে বসে নেই। মার্কিন চাপ মোকাবেলা এবং বাণিজ্য টিকিয়ে রাখার জন্য তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেছে। এমনকি যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্সের মোকাবিলা করতে গত মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে, ইরানের অর্থনীতির চাকা থামাতে হলে যুক্তরাষ্ট্রকে এখন এই দেশগুলোর নিজস্ব অর্থনৈতিক বাধ্যবাধকতা ও স্বার্থের বাধা অতিক্রম করতে হবে।

সূত্র: সামা টিভি

আরও পড়ুন: ফুজাইরাহ আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সাথে বিএনপি নেতা নিজামের মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


সন্দ্বীপে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সাথে বিএনপি নেতা নিজামের মতবিনিময় সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১২ নং রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় সমর্থন প্রত্যাশা করছেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. নিজাম উদ্দিন। এলাকার উন্নয়ন, জনসেবা এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নকে এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নিজাম উদ্দিন তার প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় তিনি নিজের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং সামাজিক ও মানবিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

মতবিনিময় সভায় নিজাম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত সরকারি হাজী এবি কলেজ ছাত্রদলের সংগঠক এবং ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তী সময়ে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম, আবুধাবির দপ্তর সম্পাদক এবং ২০১৩ সাল থেকে অদ্যাবধি সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

নিজাম উদ্দিন বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন হয়রানি ও প্রতিকূলতার শিকার হয়ে দীর্ঘদিন সন্দ্বীপের বাইরে অবস্থান করতে হয়েছে তাঁকে।

তিনি আরও জানান, ওই সময়ে দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের আর্থিক সহযোগিতা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহায়তা এবং কারাবন্দি নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নেওয়াসহ সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে গেছেন। চট্টগ্রামে অনুষ্ঠিত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেও সরাসরি অংশগ্রহণ করেছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছেন বলে জানান নিজাম উদ্দিন। বর্তমানে তিনি স্বপ্নময় মানবকল্যাণ যুব সংগঠন, রহমতপুরের প্রধান উপদেষ্টা, পূর্ব রহমতপুর সমাজকল্যাণ সংগঠন, স্বপ্নের সন্দ্বীপ মানবতার সংগঠন, তালতলী বাজার যুব ও সামাজিক সংগঠন, হাজীপাড়া নবজাগরণ সংঘ এবং রহমতপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, রহমতপুর ইউনিয়নের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে চান। দলীয় সমর্থন পেলে জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।

তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে বাংলাদেশের জার্সিতে ফারহান আলী ওয়াহিদের উত্থান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে বাংলাদেশের জার্সিতে ফারহান আলী ওয়াহিদের উত্থান

ফুটবলের হাতেখড়ি ইংল্যান্ডের দুই পরিচিত ক্লাব চেলসি ও ফুলহ্যামের একাডেমিতে হয়েছে। তবে, ফারহান আলী ওয়াহিদের পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেটে। ১৯ বছর বয়সি এই তরুণ উইঙ্গার আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। শ্রীলংকার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে তার চোখধাঁধানো একক গোল ইতোমধ্যে তাকে আলোচনায় নিয়ে এসেছে।

বাংলাদেশ বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে শ্রীলংকাকে ৪-০ গোলে পরাজিত করে। ম্যাচের ৫৩ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ চালান ফারহান। একের পর এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বক্সে ঢুকে কঠিন কোণ থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন তিনি। তার এই গোল মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে নতুন করে পরিচিত হয়ে ওঠে তরুণ এই ফুটবলারের নাম।

ইংল্যান্ডে ফুটবলের পথচলা

২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ফারহান। যদিও তার পরিবার বাংলাদেশি, তিনি ছোটবেলা থেকেই ইংল্যান্ডে বেড়ে উঠেছেন। শৈশব থেকেই ফুটবলের প্রতি বিশেষ আগ্রহ থাকার কারণে চেলসির একাডেমিতে যোগ দেন। পরবর্তীতে ২০১৯ সালে ফুলহ্যামের বয়সভিত্তিক দলে নাম লেখান।

ফুলহ্যামের একাডেমিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ২০২৫ সালে প্রথম পেশাদার চুক্তি করেন ফারহান। ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টুতে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পাশাপাশি মৌসুমের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নেন।

বাঁ প্রান্তের উইঙ্গার হিসেবে খেললেও আক্রমণভাগের একাধিক পজিশনে মানিয়ে নেওয়ার সামর্থ্য রয়েছে তার। দুর্দান্ত গতি, ড্রিবলিং এবং প্রতিপক্ষের ডিফেন্ডারকে একের বিপরীতে এক লড়াইয়ে পরাস্ত করার দক্ষতা তার খেলার অন্যতম বৈশিষ্ট্য। বল পায়ে দ্রুত জায়গা তৈরি করা এবং সুযোগ বুঝে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়তেও তিনি বেশ পারদর্শী।

২০২৬ সালের জুলাইয়ে ফুলহ্যামের মূল দলের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ পান ফারহান। পরে নিয়মিত সিনিয়র ফুটবলের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে যোগ দেন।

বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত

ইংল্যান্ডে বেড়ে উঠলেও আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন ফারহান। গত ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। এর আগে ফিফা আসিয়ান কাপের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম ডিএজেডএনকে নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন তিনি।

ফারহানের ভাষায়, "নিজের দেশ, জাতি ও শিকড়ের প্রতিনিধিত্ব করতে পারা তার কাছে ছিল অসাধারণ অভিজ্ঞতা।" সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাও তাকে জাতীয় দলের হয়ে মাঠে নামার জন্য বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে।

বাংলাদেশি সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা নিয়ে তিনি আরও বলেছিলেন, "ক্যারিয়ারের শুরুতেই এত সমর্থন পাওয়া তার কাছে অবিশ্বাস্য।" দেশের জন্য আরও পরিশ্রম করা এবং ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার অনুপ্রেরণা জোগায় এই সমর্থন।

শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত গোলের পর বাংলাদেশের কোচ টমাস ডুলির প্রশংসাও পেয়েছেন ফারহান। তার গতিময় ফুটবল ও ব্যক্তিগত নৈপুণ্য জাতীয় দলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘদিন ধরে গোল ও সৃজনশীলতার ঘাটতিতে ভোগা বাংলাদেশের জন্য এমন একজন তরুণ ফুটবলারের আবির্ভাব নিঃসন্দেহে আশাব্যঞ্জক।

তবে, একটি ভালো পারফরম্যান্স দিয়েই আন্তর্জাতিক ফুটবলে নিজের জায়গা পাকাপোক্ত করা সম্ভব নয়। ধারাবাহিকতা ধরে রাখা, শারীরিক সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে মানিয়ে নেওয়াই হবে ফারহানের সামনে বড় পরীক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুর মহানগরীতে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা একটি কারখানায় সংঘবদ্ধভাবে প্রবেশ করে মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয়দের হাতে আটক ৯ জনকে তাদের সহযোগীদের মাধ্যমে ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। এ বিষয়ে কারখানা ভবন মালিক একজনকে ধরে রাখার কথা জানিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে গাছা থানার শরিফপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ভবন মালিক জানান, শরিফপুর এলাকায় তাদের মালিকানাধীন জমিতে প্রায় ১৯ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারতলা ভবনে ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ নামে একটি কারখানা পরিচালিত হতো। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম কোয়েল। ২০১৩ সালে উৎপাদন শুরু হওয়ার পর প্রায় চার বছর আগে কারখানাটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, কারখানা বন্ধ হওয়ার পর থেকে সেখানে বিভিন্ন সময়ে চুরির ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনার জন্য গাছা থানায় ইতোমধ্যে তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সর্বশেষ বুধবার রাতে আনুমানিক ৯ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র নিয়ে কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ও কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন মালামাল লুট করে একটি পিকআপ ভ্যানে তুলতে থাকে। এ সময় আশপাশের মার্কেটের নিরাপত্তাকর্মীরা বিষয়টি মালিকপক্ষকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় পিকআপভর্তি মালামালসহ ৯ জনকে আটক করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে, ঝুঁকিতে আরো দুই কোটি: দেবপ্রিয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে, ঝুঁকিতে আরো দুই কোটি: দেবপ্রিয়

দেশে বর্তমানে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এর মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার। দারিদ্র্যসীমার ওপরে অবস্থান করলেও অন্তত দুই কোটি মানুষ নতুন করে দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছে। মাত্র দুই দিন কাজ করতে না পারলে তাদের মধ্যে অনেকেই আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন। এই পরিস্থিতিতে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগণের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেন, গত ৫৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও সেই অগ্রগতির সঙ্গে সামাজিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজনীয় পরিবর্তন ঘটেনি। সমাজের সবচেয়ে অবহেলিত মানুষকে অর্থনীতি ও সমাজের মূলধারায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, দেশে প্রতি চারজন যুবকের মধ্যে একজন বেকার। শিক্ষিত যুবকদের মধ্যে এই হার প্রতি তিনজনে একজন। মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছরে পৌঁছালেও সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে শিশুমৃত্যুর হার বেশি। এসব পরিবারের শিশুদের মধ্যে স্কুল থেকে ঝরে পড়া ও শিশুশ্রমের প্রবণতাও লক্ষ্য করা যায়।

দেবপ্রিয় ভট্টাচার্য আরো উল্লেখ করেন, পরিচ্ছন্নতাকর্মী, প্রতিবন্ধী ব্যক্তি, উত্তরবঙ্গের মরুকরণপ্রবণ এলাকার বাসিন্দা এবং উপকূলীয় জনগণ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তারা অপশাসন, দুর্নীতি ও স্বজনপ্রীতির শিকার হন বেশি। প্রশাসন, রাজনৈতিক কাঠামো এমনকি নাগরিক সমাজ থেকেও অনেক সময় তারা যথাযথ মর্যাদা ও ন্যায্যতা পান না।

দেবপ্রিয় বলেন, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার দায়িত্ব শুধু নাগরিক সমাজ বা বেসরকারি উদ্যোক্তাদের নয়, জনপ্রতিনিধিদেরও এই দায়িত্ব নিতে হবে। যাদের ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন, তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় সরাসরি ভূমিকা রাখা প্রয়োজন। সমাজের অগ্রসর অংশ যদি পিছিয়ে পড়া মানুষের পক্ষে কথা না বলে, তাহলে একসময় তাদের নিজেদের অর্জনও ঝুঁকির মুখে পড়বে। এতে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা হুমকিতে পড়তে পারে।

অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা বাড়ার পেছনে মূলত রাজনীতিবিদরাই দায়ী। অনেক সময় আমলাদের দায়ী করা হলেও তারা রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন। রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর কিংবা দলের পদ পাওয়ার পর সুবিধাবঞ্চিত মানুষের কথা না ভেবে নিজেদের সুযোগ-সুবিধা আদায়েই বেশি ব্যস্ত থাকেন। তিনি বলেন, ‘রাজনীতি ঠিক করলে দেশও ঠিক হয়ে যাবে।’

স্পিকার আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত মানুষের গুরুত্ব বাড়বে। সংসদ সদস্যরা আন্তরিকভাবে উদ্যোগ নিলে দেশের চেহারা পরিবর্তন করা সম্ভব। নির্বাচনব্যবস্থায় সংস্কার এনে কালো টাকার ব্যবহার বন্ধ এবং অর্থবিত্ত ছাড়াই যোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে।

ককাসের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীনতার পর সংসদের ইতিহাসে সুবিধাবঞ্চিত জনগণের পক্ষে এত বড় সর্বদলীয় সংসদীয় ককাস গঠনের ঘটনা প্রথম। এতে বিভিন্ন দলের ২৫ জন সংসদ সদস্য যুক্ত হয়েছেন। তিনি বলেন, দুর্নীতি, কর ও ভ্যাট ফাঁকি, সরকারি জমি আত্মসাৎ এবং ব্যাংক লুটপাটের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন বাজেটের অর্থ অপচয় হচ্ছে। একদিকে সরকারকে ঋণ নিতে হচ্ছে, অন্যদিকে কিছু মানুষ বিপুল সম্পদের মালিক হচ্ছেন। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারলে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন সম্ভব নয়।

বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি ও বিরোধী দলসহ সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষাব্যবস্থার সংস্কার ও উৎপাদনমুখী মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য মাহমুদা হাবিবা, ফজলুল হক, মাহমুদুল ইসলাম, সাবিকুন নাহার মুন্নী ও ড. মাহমুদা মিতুসহ অন্যান্য বক্তারা সুবিধাবঞ্চিত মানুষের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নীতিনির্ধারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%