ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, পুলিশকে ‘গুন্ডা’ বললেন অরিজিৎ


বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, পুলিশকে ‘গুন্ডা’ বললেন অরিজিৎ

ভারতে সিজেপি আন্দোলনকে কেন্দ্র করে যে ঢেউ উঠেছে, তার অংশ হিসেবে দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ এবং সহিংসতা চালিয়েছে, এই ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘গুন্ডা’ বলে মন্তব্য করেন। এক ভক্ত ক্ষুব্ধ হয়ে গায়কের প্রতি তার সম্মান হারানোর কথা জানানোর পর, অরিজিৎ অত্যন্ত কড়া ও স্পষ্ট জবাব দেন, ‘আমার প্লেলিস্ট মুছে ফেলুন এবং আমার অস্তিত্ব ভুলে যান।’

গত ২০ জুলাই দিল্লিতে সংসদ ভবনের দিকে যাওয়া বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনার পর ২১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) অরিজিৎ ক্ষোভ প্রকাশ করেন। তিনি একটি পোস্টে লেখেন, ‘ইয়ার এবার তো ছাত্রদের মারছেন আপনারা এখানে। হ্যালো নেতা, মন্ত্রী!! হ্যালো দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা করে না!!? কী চলছে এসব ভাই!! নিজেদের কি ভগবান মনে করে নিয়েছেন ***? সব কিছু মনে রাখা হবে! হর হর মহাদেব! মনে রাখবেন একমাত্র পরিবর্তনই শাশ্বত!’ এরপর তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘ওয়াও!! ইউনিফর্ম পরা মানুষ নামের জীবগুলোর গুন্ডার মতো আচরণ করার ভিডিও দেখছি।’

অরিজিতের এই মন্তব্যের ফলে হতাশ হয়ে এক ভক্ত লেখেন, ‘এটি সিজেপি বা সরকারের বিষয় নয়, তবে আপনার প্রতি আমার যেটুকু সম্মান ছিল তা শেষ হয়ে গেছে। এর জন্য অনেক বিষয় দায়ী। তবে আপনি যেমন বলেছেন, আমার মতামত আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়। এতদিনের ভক্ত হিসেবে আমি এটারই যোগ্য। তবে এখন আমি আপনাকে মন থেকে ঘৃণা করি।’

আরও পড়ুন: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে দূতাবাসকে অবহিত করেনি

এই ভক্তের মন্তব্যে বিন্দুমাত্র নতি স্বীকার না করে অরিজিৎ জবাব দিয়ে লেখেন, ‘কেউ আমাকে সম্মান করল কি করল না তা নিয়ে আমি চিন্তিত নই। আমি কারও মতামত নিয়েও মাথা ঘামাই না, কারণ প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। আপনি আমার ভক্ত বলেই যে আমাকে আপনাকে মিষ্টি কথায় ভুলিয়ে রাখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে একজন মানুষ হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার শব্দগুলো হয়তো আপনার অনুভূতির আঘাত করেছে। আমি সততার সঙ্গে দুঃখিত, আমার উদ্দেশ্য তা ছিল না। বিষয়টি হচ্ছে আমি প্রচণ্ড ক্ষুব্ধ। নিজেকে চাপমুক্ত রাখতে আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার পুরো প্লেলিস্ট মুছে ফেলতে পারেন এবং আমার অস্তিত্ব ভুলে যেতে পারেন। ভালো থাকুন। আমি সত্যি আপনার সুস্বাস্থ্য ও সুখ প্রার্থনা করি। তবে এতে আমার মতামত পরিবর্তন হবে না। ভালো থাকবেন।’

এরপর অপর এক ব্যবহারকারী প্রশ্ন তোলেন যে সেখানে কি সবাই পুলিশ সদস্য ছিল, তার জবাবে এই জনপ্রিয় গায়ক লেখেন, ‘আমি যখন ওই অমানুষগুলোকে দেখেছিলাম, তারা সবাই তাদের জাঁকজমকপূর্ণ ইউনিফর্মে ছিল, তাই না? কিছু লোক সাধারণ পোশাকেও ছিল।’

উল্লেখ্য, দিল্লিতে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টার অভিযোগে বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস প্রয়োগ করা হলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় ৫০ জনেরও বেশি পুলিশ সদস্য এবং সমসংখ্যক বিক্ষোভকারী আহত হন। ঘটনার পর দিল্লি পুলিশ সংসদ মার্গ, প্যাটেল চকসহ বেশ কয়েকটি এলাকা থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করে।

আরও পড়ুন: চাঁদপুরে যুবকের লুঙ্গির গোছায় মিলল ওয়ান শুটার গান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাটপণ্যের রপ্তানি বাড়াতে পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


পাটপণ্যের রপ্তানি বাড়াতে পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার ঢাকায় ‘বাংলাদেশের পাটখাতের কৌশলগত অর্থনৈতিক কূটনীতি ও রপ্তানি সম্প্রসারণ’ শীর্ষক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সমন্বয় সভাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম দুই মন্ত্রণালয়ের উদ্যোগে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং অচিরেই একটি ভিন্ন মাত্রার আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজনের ঘোষণা দেন।

সভায় উভয় মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা, পাট অধিদপ্তর, পাটশিল্প, গবেষণা প্রতিষ্ঠান এবং উন্নয়ন-সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভা শুরুর সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাটশিল্পকে পুনরুজ্জীবীত করার জন্য বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং তিনি পাটখাতকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে সোনালী আঁশের সোনালী দিন ফিরিয়ে আনতে পাট ও পাটজাত পণ্যের প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন।

বিশেষভাবে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাটশিল্পের উন্নয়নে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সহায়তা এবং অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বিশেষ উদ্যোগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি পাটের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং পাটের নতুন বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে সরকারের দুই মন্ত্রণালয় এবং বেসরকারি খাতের সমন্বয়ের ওপর জোর দেন।

সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় যে, দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে ‘যৌথ কার্যনির্বাহী গ্রুপ’ জাতীয় পর্যায়ে পাট প্রদর্শনীর জন্য কর্মপন্থা ঠিক করা, পাট শিল্পের উন্নয়নে বাণিজ্য বাধা দূরী করার পাশাপাশি পাটের জন্য গবেষণাকেন্দ্র স্থাপন এবং এই শিল্পে সংশ্লিষ্ট প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। মিল-আধুনিকায়নের অগ্রগতি পর্যবেক্ষণের বিষয়েও আলোচনা হয়।

এছাড়া, প্রস্তাবিত আন্তর্জাতিক পাট এক্সপোতে দেশি-বিদেশি ক্রেতা, গবেষক ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে পাটের বাধ্যতামূলক ডিসপ্লে সেন্টার ও গিফট শপ স্থাপন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটজাত স্কুল ব্যাগ তৈরির প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং পাটবীজের আমদানিনির্ভরতা কাটিয়ে উঠতে আগামী ৩ বছরের মধ্যে দেশীয় উৎপাদন বৃদ্ধি করে পূর্ণ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার বিষয়ে সভায় আলোচনা হয়।

উভয় মন্ত্রণালয় পাটকে একটি আধুনিক শিল্পে রূপান্তর এবং কৃষকের জন্য ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং বাংলাদেশকে জলবায়ুবান্ধব পাট-সমাধানের একটি বিশ্বস্ত বৈশ্বিক উৎস হিসেবে প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপলা চত্বর হত্যাকাণ্ড: দুই-একদিনের মধ্যে অভিযোগপত্র জমা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


শাপলা চত্বর হত্যাকাণ্ড: দুই-একদিনের মধ্যে অভিযোগপত্র জমা

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই এক দিনের মধ্যে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নিজের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান।

এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন যে, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ৬১ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। যাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

এছাড়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হওয়া সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মোজাফফর হোসেনকে নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর।

তিনি জানান, আগামী ২৩ তারিখে সকাল ১০টার মধ্যে তাকে আদালতে হাজির করার জন্য সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেলের বরাবর একটি প্রডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে ট্রাইবুনালে আনা হলে আমরা তাকে শ্যেন অ্যারেস্টের আবেদন করবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনের দুই জনপ্রিয় তারকার ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। প্রেম, বিচ্ছেদ এবং একটি হোটেলে ঘটে যাওয়া কথিত অপ্রীতিকর ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিয়াসাত ডটকম।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই দুই তারকা প্রায় তিন বছর ধরে সম্পর্ক ছিলেন। এমনকি তারা বিয়ের পরিকল্পনাও করেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে অভিনেতার অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক আচরণে বিরক্ত হয়ে অভিনেত্রী সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের আগ মুহূর্তে চেন্নাইয়ের একটি বিলাসবহুল হোটেলে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা সৃষ্টি হয়। প্রতিবেদনে এমনকি উল্লেখ করা হয়েছে যে, এক পর্যায়ে অভিনেত্রী অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করেন।

ঘটনার পর অভিনেত্রী ইনস্টাগ্রামে অভিনেতাকে আনফলো করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। নেটিজেনরা জানতে চায় কে এই তারকা জুটি। নানা সূত্রের মাধ্যমে সম্ভাব্য কয়েকটি নামও সামনে আসে।

আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন এবং অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের নাম। সম্প্রতি অনুপমা ইনস্টাগ্রামে ধ্রুবকে আনফলো করেছেন। এছাড়া তিনি নিজের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এতগুলো ছবি পোস্ট করার জন্য দুঃখিত। গান বাছাই বা ক্যাপশনের জন্য যখন অনুমতির অপেক্ষা করতে হয় না, তখন পোস্ট করাটা আরও অনেক বেশি মজার হয়ে ওঠে।’ এই পোস্টকে কেন্দ্র করে নতুন করে গুঞ্জন সৃষ্টি হয়েছে।

তবে এসব আলোচনা নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অনুপমা কিংবা ধ্রুব। ফলে পুরো বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এটি মূলত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

উল্লেখ্য যে, অনুপমা পরমেশ্বরন ২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক করেন এবং প্রথম সিনেমা থেকেই দর্শকের নজর কাড়েন। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদার করতে প্রস্তুত কানাডা : কার্নি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদার করতে প্রস্তুত কানাডা : কার্নি

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা লক্ষ্য করে নতুন শুল্ক আরোপের নির্দেশ দেওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গতকাল সোমবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা আরও জোরদার করার জন্য অটোয়া প্রস্তুত রয়েছে।

কানাডার বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা সম্পর্কে কার্নি উল্লেখ করেছেন, ‘এটি যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্যিক পদক্ষেপগুলোর সর্বশেষ উদাহরণ। এর সূচনা হয়েছিল কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তির (ইউএসএমসিএ) সরাসরি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক শুল্ক আরোপের মাধ্যমে।’

কানাডার মন্ট্রিয়াল থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর তুলে ধরেছে।

তিনি আরও বলেছেন, ওয়াশিংটন যখন তাদের বাণিজ্যিক সম্পর্ক পুনর্গঠন করছে, তখন কানাডা বিরোধ নিষ্পত্তির জন্য বিভিন্ন প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে, দেশটি এসব আলোচনা আরও জোরদার করার জন্য ‘প্রস্তুত’ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%