ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

নওগাঁয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী ছাত্রদল


নওগাঁয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী ছাত্রদল

নওগাঁ, ১৩ নভেম্বর ২০২৬ : আজ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে নওগাঁ জেলায় বিগত উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী পাঁচশ’ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এই সংবর্ধনা অনুষ্ঠানটি আজ শুক্রবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

জেলা ছাত্রদলের আহবায়ক মামুন বিন ইসলাম দোহা'র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

আরও পড়ুন: সাঘাটায় মজলিশের খাবার খেয়ে নারী-শিশুসহ পাঁচ শতাধিক মানুষের ডায়রিয়া, হাসপাতালে ভর্তি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা (ভিপি রানা), নূর-ই-আলম মিঠু ও খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম আল কাফি তুহিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ এবং শিক্ষার্থীদের মধ্যে সাবাতুন সাবা।

কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে।

এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গাজীপুর সাফারি পার্ক ৬টি জেব্রার বিনিময়ে পেল ৩টি বাঘ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: অর্থ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন মোঃ ফারুক আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: অর্থ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন মোঃ ফারুক আহমেদ
 

 

 

 

দীর্ঘ দেড় যুগ পর আগামী ১২ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো তাহিরপুর উপজেলার ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উক্ত নির্বাচনে অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেসার্স আল-ফারুক-এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক আহমেদ।
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মোঃ জুনাব আলীর কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী এবং তাহিরপুর উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
 
মনোনয়নপত্র জমাদানের পর নিজের প্রার্থিতার প্রতিক্রিয়ায় মোঃ ফারুক আহমেদ 
 বলেন,দীর্ঘ দেড়যুগ পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে,যা আমাদের ব্যবসায়ী সমাজের জন্য অত্যন্ত আনন্দের ও গুরুত্ববহ। আমি অর্থ সম্পাদক হিসেবে যদি নির্বাচিত হতে পারি,তবে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষা,ব্যবসার আধুনিক প্রসার এবং সংগঠনের দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলোর টেকসই সমাধানে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সাথে কাজ করে যাব। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমি ব্যবসায়ীদের আস্থার প্রতীক হয়ে থাকতে চাই।
 
স্থানীয় ব্যবসায়ী মহলের সাথে কথা বলে জানাযায়,মোঃ ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ব্যবসায়ী সমাজের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকা এই জনপ্রিয় ব্যক্তিত্ব,মোঃ ফারুক আহমেদ আমদানিকারক গ্ৰুপের অর্থ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব ধর্মের মানুষের সমমর্যাদা নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


সব ধর্মের মানুষের সমমর্যাদা নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার

চট্টগ্রাম, ১৩ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উল্লেখ করেছেন, বিএনপি একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় যেখানে সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের সমমর্যাদা থাকবে। এই লক্ষ্য অর্জনের জন্য দলের সাংগঠনিক কার্যক্রমে সকল সম্প্রদায়ের যোগ্য প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, "আমরা সবাই বাংলাদেশি। আমাদের চিন্তা সবার আগে বাংলাদেশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।" এই মূল্যবোধকে ধারণ করে সকলকে নিয়ে দেশ গড়ার প্রয়োজনীয়তা রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজন কান্তি সরকার মন্তব্য করেন, বিএনপির রাজনীতিতে সব ধর্মের মানুষের মূল্যবোধ ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তাঁদের কথা শুনছেন। তিনি জানান, গত ১৭ বছর প্রতিকূল পরিস্থিতির কারণে অনেকে সাংগঠনিকভাবে সক্রিয় থাকতে পারেননি। এখন তৃণমূল পর্যায়ে গিয়ে নতুন নেতৃত্ব ও কর্মীদের খুঁজে বের করার সময় এসেছে।

তিনি বলেন, দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা ব্যক্তিদের সম্মান বজায় রেখেই যোগ্যতা, দক্ষতা ও অবদানের ভিত্তিতে সকলকে মূল্যায়ন করতে হবে। বিএনপির মূলধারার রাজনীতি ও অঙ্গসংগঠনগুলোতে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়ানোর প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, মতপার্থক্য ও প্রতিযোগিতা যেকোনো সংগঠনের অংশ। তবে তা যেন পারস্পরিক অসম্মান বা বিভেদের কারণ না হয়। আত্মসমালোচনা, আলোচনা ও অভিজ্ঞ নেতাদের পরামর্শের মাধ্যমে বিরোধ মেটানোর প্রয়োজনীয়তা রয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, সংগঠন শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের আগে সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে। তিনি বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, গ্রুপিং কিংবা কোনো নেতার অনুসারী হয়ে রাজনীতি করলে সংগঠন শক্তিশালী হবে না। সকলকে দলের সিদ্ধান্ত ও নেতৃত্বের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অনেক মানুষ বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হতে আগ্রহী। তাঁদের স্বাগত জানাতে হবে এবং কাউকে অতীত রাজনৈতিক অবস্থানের কারণে দূরে রাখা যাবে না। বরং তাঁদের দলের সঙ্গে সম্পৃক্ত করে সাংগঠনিক দায়িত্ব দেওয়া উচিত।

অনুষ্ঠানে প্রধান বক্তা চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও গ্রুপিং বন্ধ করে দলের সাংগঠনিক সিদ্ধান্ত এবং নেতৃত্বের নির্দেশনা মেনে চলার প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব চৌধুরী বিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অর্জুন কুমার নাথ, যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর চাটখিলে পরকীয়ার জেরে শ্রমিকদল নেতা মোহাম্মদ রাসেলকে (৩২) হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়ার ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে র‍্যাব। এ ঘটনায় রাসেলের সাবেক স্ত্রী, সাবেক শ্যালিকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত রাসেলের সাবেক স্ত্রী ও সানুখালী গ্রামের আব্দুল মন্নান এর মেয়ে ফারজানা আক্তার মুক্তা, তার বোন নাদিয়া সুলতানা রত্না ও মুক্তার বর্তমান স্বামী এবং খাগড়াছড়ি রামগড় থানার গুইয়া পাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সেলিম।

এসআরবি জানায়, প্রেমের সম্পর্কের সুবাদে গত ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সাথে মুক্তার বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। গত কয়েক বছর ধরে সেলিমের সাথে মুক্তার পরকীয়া সম্পর্কের জেরে রাসেলের সাথে পারিবারিক কলহ দেখা দেয়। যার ফলে মুক্তা রাসেলকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু রাসেল বিষয়টি মানতে পারেনি, সে পুনরায় মুক্তার সাথে সংসার করার চেষ্টা করে। কিন্তু চলতি বছরের অক্টোবর মাসে সেলিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুক্তা। বিষয়টি জানাজানি হলে রাসেল মুক্তাদের বাড়িতে আরও বেশি আসা যাওয়া শুরু করে।

এসআরবি আরও জানায়, গত ৬ নভেম্বর রাসেলের ব্যবহৃত মুঠোফোনে কল দিয়ে তাদের বাড়িতে আসতে বলে মুক্তা। ওই কল পেয়ে রাত দশটার দিকে মুক্তাদের বাড়িতে আসে রাসেল। পরবর্তীতে বিভিন্ন বিষয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে রাসেল ও মুক্তা। এর এক পর্যায়ে অপর আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করে মুক্তা। বিষয়টি ধামাচাপা দিতে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে রাসেলের মৃতদেহ কম্বল মুরিয়ে মাটিচাপা দেয় মুক্তা ও অপর আসামিরা। গতকাল বৃহস্পতিবার পুলিশ মাটিচাপা অবস্থায় নিহতের মৃতদেহ উদ্ধার করে। পরে এই ঘটনায় রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানা একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার ভিত্তিতে এসআরবি-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে এবং পরবর্তীতে চট্টগ্রামের ডাবল মুরিং এলাকা থেকে সেলিমকে আটক করে। শুক্রবার দুপুরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনপ্রশাসনের প্রতি প্রধানমন্ত্রীর তাৎপর্যপূর্ণ বার্তা, সেবার গুরুত্ব তুলে ধরলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


জনপ্রশাসনের প্রতি প্রধানমন্ত্রীর তাৎপর্যপূর্ণ বার্তা, সেবার গুরুত্ব তুলে ধরলেন

রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তার পাশাপাশি, সেই নেতৃত্বের নীতিনির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়নে দক্ষ, সৎ, পেশাদার ও নিরপেক্ষ জনপ্রশাসনের অপরিহার্যতা রয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সরকার পরিচালনা করে নির্বাচিত রাজনৈতিক নেতৃত্ব, এবং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো জনগণের সেবা নিশ্চিত করে। যদি এই দুইয়ের মধ্যে দায়িত্বের সুস্পষ্ট বিভাজন, পারস্পরিক সহযোগিতা ও সাংবিধানিক ভারসাম্য প্রতিষ্ঠিত না হয়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে জনস্বার্থের পরিবর্তে দলীয় স্বার্থের বাহনে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এই প্রশ্নটি দীর্ঘকাল ধরে বিদ্যমান। রাজনৈতিক সরকার পরিবর্তিত হয়েছে, ক্ষমতার পালাবদল ঘটেছে, তবে প্রশাসনের দলীয়করণ, পদায়ন-পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব, পেশাগত নিরাপত্তাহীনতা এবং সাধারণ মানুষের সেবা পেতে হয়রানির অভিযোগ পুরোপুরি দূর হয়নি।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্য বাংলাদেশের জনপ্রশাসনের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনার সুযোগ সৃষ্টি করেছে। ৮ নভেম্বর ২০২৬, রোববার, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, "সরকারি কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকলে তার প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।" তার বক্তব্যের তাৎপর্য হলো, তিনি কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক পছন্দকে অস্বীকার করেননি; বরং ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান এবং সরকারি দায়িত্ব পালনের মধ্যে একটি মৌলিক সীমারেখা টেনে দিয়েছেন।

গণতান্ত্রিক রাষ্ট্রে এই পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সরকারি কর্মকর্তা ব্যক্তিগত জীবনে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতে পারেন, কোনো রাজনৈতিক দলের নীতি পছন্দ করতে পারেন কিংবা নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব পালনের সময় তার পরিচয় কোনো দলের কর্মী বা সমর্থক হিসেবে নয়; তিনি প্রজাতন্ত্রের কর্মচারী এবং জনগণের সেবক। তার কাছে একজন নাগরিকের পরিচয় হওয়া উচিত নাগরিক হিসেবে, রাজনৈতিক পরিচয় হিসেবে নয়। কে কোন দলকে সমর্থন করেন, কার রাজনৈতিক বিশ্বাস কী, কিংবা কোন মতাদর্শের অনুসারী—এসবের ভিত্তিতে সরকারি সেবা, সুযোগ, অধিকার বা ন্যায়বিচার নির্ধারিত হতে পারে না।

প্রধানমন্ত্রীর বক্তব্যের এই দর্শনকে কেবল একটি প্রশাসনিক নির্দেশনা হিসেবে দেখলে এর গভীরতা উপলব্ধি করা যাবে না। এটি মূলত রাষ্ট্রের মালিকানা, প্রশাসনের চরিত্র এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা। কারণ, সরকার কোনো রাজনৈতিক দলের নির্বাচনী বিজয়ের মাধ্যমে ক্ষমতায় এলেও রাষ্ট্র কোনো দলের একক সম্পত্তি হয়ে যায় না। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি সরকারি দপ্তর এবং প্রশাসনের প্রতিটি পদ জনগণের অর্থে পরিচালিত হয়। ফলে এসব প্রতিষ্ঠানের দায়িত্বও জনগণের প্রতি, কোনো বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রতি নয়।

বাংলাদেশের জনপ্রশাসনের বাস্তবতা অবশ্য এতটা সরল নয়। স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক সরকারের সময়ে প্রশাসনের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। নিয়োগ, পদোন্নতি, বদলি, গুরুত্বপূর্ণ পদে পদায়ন, চুক্তিভিত্তিক নিয়োগ এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যোগ্যতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি রাজনৈতিক আনুগত্য বিবেচিত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। ক্ষমতাসীন দলের প্রতি আনুগত্য অনেক সময় কর্মকর্তাদের পেশাগত মূল্যায়নের অলিখিত মাপকাঠি হয়ে উঠেছে বলে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। এর ফলে একদিকে যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে, অন্যদিকে প্রশাসনের একটি অংশের মধ্যে রাজনৈতিক ক্ষমতাকেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির প্রবণতা দেখা দিয়েছে।

এই পরিস্থিতির সবচেয়ে বড় ক্ষতি হয়েছে প্রশাসনের প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা ও ধারাবাহিকতার। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কর্মকর্তা-কর্মচারীদের কাজ হওয়া উচিত নির্বাচিত সরকারের বৈধ নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করা। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনের আনুগত্য, অগ্রাধিকার এবং পেশাগত মূল্যায়নের মানদণ্ডও যদি পরিবর্তিত হয়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়ার পরিবর্তে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে অস্থিতিশীল হয়ে পড়ে। যে কর্মকর্তা একটি সরকারের সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, পরবর্তী সরকার এসে তাকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিবেচনা করলে প্রশাসনের পেশাগত স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে অতীতের রাজনৈতিক পরিচয়ের প্রতিশোধ নিতে গিয়ে নতুন করে পদায়ন ও পদোন্নতির বৈষম্য সৃষ্টি হলেও সমস্যার সমাধান হয় না।

এ কারণেই প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত করার অর্থ এক দলের পরিবর্তে অন্য দলের অনুগত কর্মকর্তা তৈরি করা নয়। বরং এমন একটি প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে নিয়োগ হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে, পদোন্নতি হবে কর্মদক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এবং বদলি-পদায়ন হবে স্বচ্ছ ও যুক্তিসংগত নীতিমালায়। কোনো কর্মকর্তা রাজনৈতিক পরিচয়ের কারণে বঞ্চিত হবেন না, আবার রাজনৈতিক আনুগত্যের কারণে বিশেষ সুবিধাও পাবেন না। এই নীতির প্রয়োগ নিশ্চিত করতে পারলেই প্রশাসনের মধ্যে পেশাগত আত্মবিশ্বাস এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা সম্ভব।

বাংলাদেশের জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনেও এই বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত কমিশনের সুপারিশে প্রশাসনের রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করা, নিয়োগ ও পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় যাচাইয়ের চর্চা বন্ধ করা এবং সরকারি কর্মচারীদের জন্য একটি সুস্পষ্ট নৈতিক আচরণবিধি প্রণয়নের বিষয় উঠে এসেছে। কমিশন মনে করেছে, প্রশাসনের দায়িত্ব ও সীমারেখা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় পরিষ্কারভাবে নির্ধারিত হওয়া প্রয়োজন।

তবে সুপারিশ প্রণয়ন এবং বাস্তবায়নের মধ্যে যে ব্যবধান রয়েছে, সেটিও উপেক্ষা করার সুযোগ নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ২০২৬ সালের মূল্যায়নে জনপ্রশাসন সংস্কারের সুপারিশ বাস্তবায়নে সীমাবদ্ধতা, পদোন্নতিতে স্বচ্ছতার ঘাটতি এবং রাজনৈতিক বিবেচনার অভিযোগের বিষয়গুলো উঠে এসেছে। অর্থাৎ প্রশাসনকে নিরপেক্ষ ও দক্ষ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা থাকলেও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের কাজ এখনো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের সঙ্গে এই সংস্কার-প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। তিনি নবীন কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়েছেন, ক্যাডার কিংবা কর্মস্থল যা-ই হোক, তাদের প্রথম ও প্রধান পরিচয় জনপ্রশাসনের কর্মকর্তা এবং জনগণের সেবক। এই বক্তব্যের মধ্যে প্রশাসনিক পেশাদারির একটি মৌলিক দর্শন রয়েছে। একজন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, প্রকৌশলী, চিকিৎসক কিংবা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা—সবার কাজের কেন্দ্রবিন্দু হওয়া উচিত নাগরিকের অধিকার ও জনস্বার্থ।

বিশেষ করে সাধারণ মানুষের সরকারি সেবা পাওয়ার অভিজ্ঞতা প্রশাসনের প্রকৃত চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি। একজন নাগরিক যখন জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, জমির নামজারি, পাসপোর্ট, ট্রেড লাইসেন্স, সামাজিক নিরাপত্তা ভাতা কিংবা অন্য কোনো সরকারি সেবার জন্য দপ্তরে যান, তখন তিনি রাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। সেখানে কর্মকর্তা-কর্মচারীর আচরণই তার কাছে রাষ্ট্রের আচরণ হিসেবে প্রতিভাত হয়। একটি আবেদনপত্রে সামান্য ভুল থাকলে আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া, অপ্রয়োজনীয় কাগজপত্র চাওয়া, দিনের পর দিন ঘোরানো কিংবা সেবার জন্য অনৈতিক সুবিধা প্রত্যাশা করা—এসব আচরণ রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা দুর্বল করে।

প্রধানমন্ত্রী আবেদনপত্রে ভুল থাকলে নাগরিককে শুধু ফিরিয়ে না দিয়ে কীভাবে তা সংশোধন করতে হবে, সে বিষয়ে পরামর্শ দেওয়ার যে নির্দেশনা দিয়েছেন, তা ছোট কোনো প্রশাসনিক সৌজন্যের বিষয় নয়। এটি নাগরিকবান্ধব রাষ্ট্রব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। কারণ, সরকারি অফিসের কাজ মানুষের জন্য নিয়মকানুনের গোলকধাঁধা তৈরি করা নয়; বরং আইন ও বিধিবিধানের মধ্যে থেকে নাগরিকের বৈধ কাজ সহজ করে দেওয়া। প্রশাসনিক ক্ষমতার উদ্দেশ্য মানুষকে হয়রানি করা নয়, মানুষের সমস্যার সমাধান করা।

এখানে একটি বিষয় বিশেষভাবে বিবেচ্য। মানবিক প্রশাসন মানে আইনের ব্যত্যয় ঘটিয়ে কাউকে বিশেষ সুবিধা দেওয়া নয়। বরং আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা এবং আইনগত প্রক্রিয়া অনুসরণে নাগরিককে প্রয়োজনীয় সহযোগিতা করা। ক্ষমতাবান ও সাধারণ মানুষের জন্য আলাদা আচরণ, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সুবিধা কিংবা দুর্বল মানুষের প্রতি অবজ্ঞা—এসবের অবসান ঘটানোই প্রকৃত মানবিক প্রশাসনের পরিচয়।

প্রধানমন্ত্রী পছন্দের পোস্টিং কিংবা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার যে আহ্বান জানিয়েছেন, সেটিও প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের মধ্যে পছন্দের কর্মস্থল, গুরুত্বপূর্ণ পদ এবং পদোন্নতি নিয়ে প্রতিযোগিতা নতুন কিছু নয়। কিন্তু কোনো কর্মকর্তা যদি মনে করেন, ভালো কাজের চেয়ে রাজনৈতিক যোগাযোগ কিংবা প্রভাবশালী মহলের সন্তুষ্টি তার ক্যারিয়ারের জন্য বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তার পেশাগত স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। একইভাবে কোনো কর্মকর্তা যদি অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে নিজের পছন্দের পদায়ন নিশ্চিত করতে চান, তাহলে প্রশাসনের শৃঙ্খলা ও নৈতিকতা দুর্বল হয়।

প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশের যেকোনো স্থানে, যেকোনো পদে দায়িত্ব পালনের মানসিক প্রস্তুতিকে পেশাদারিত্বের পরিচায়ক হিসেবে তুলে ধরা হয়েছে। একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়—এই উপলব্ধি কর্মকর্তাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করতে পারে। রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্ব পালন করাই তাদের পেশাগত অঙ্গীকার হওয়া উচিত। তবে এই নীতির পাশাপাশি বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, যৌক্তিকতা এবং ন্যায্যতা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। কারণ, কর্মকর্তাদের পেশাগত সততা প্রত্যাশা করতে হলে তাদের জন্য ন্যায়সংগত প্রশাসনিক পরিবেশও তৈরি করতে হবে।

এখানে সরকারের রাজনৈতিক ইশতেহার বাস্তবায়নের বিষয়টিও গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া ইশতেহার এখন জনগণের দলিল। তাই সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে। এই বক্তব্য গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার একটি মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জনগণ নির্বাচনে যে রাজনৈতিক দলকে সরকার পরিচালনার দায়িত্ব দেয়, সেই সরকার তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নীতি ও কর্মসূচি গ্রহণ করবে। জনপ্রশাসনের দায়িত্ব হচ্ছে আইন, বিধি ও সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে সেই নীতিগুলো বাস্তবায়নে সহযোগিতা করা।

তবে এখানে রাজনৈতিক সরকারের বৈধ নীতি বাস্তবায়ন এবং প্রশাসনের দলীয় আনুগত্যের মধ্যে পার্থক্য বজায় রাখা অপরিহার্য। নির্বাচিত সরকারের ইশতেহার বাস্তবায়নে সহযোগিতা করা কর্মকর্তাদের দায়িত্ব; কিন্তু সেই ইশতেহার বাস্তবায়নের নামে কোনো কর্মকর্তা দলীয় প্রচার, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি কিংবা দলীয় স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন না। সরকারি অর্থ, জনবল, যানবাহন, দপ্তর কিংবা প্রশাসনিক ক্ষমতা কোনো রাজনৈতিক দলের প্রচার বা সাংগঠনিক কাজে ব্যবহার করা যাবে না। এই সীমারেখা যত স্পষ্ট হবে, ততই সরকার ও প্রশাসনের সম্পর্ক প্রাতিষ্ঠানিক ও কার্যকর হবে।

বাংলাদেশের জন্য বিষয়টি আরো গুরুত্বপূর্ণ, কারণ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অনেক বড় লক্ষ্য সরাসরি প্রশাসনিক দক্ষতার ওপর নির্ভরশীল। বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষির আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ এবং দুর্নীতি নিয়ন্ত্রণ—কোনো ক্ষেত্রেই দক্ষ প্রশাসনের বিকল্প নেই। নীতিনির্ধারণী পর্যায়ে ভালো সিদ্ধান্ত গ্রহণ করলেই উন্নয়ন নিশ্চিত হয় না; সেই সিদ্ধান্ত মাঠপর্যায়ে কতটা দক্ষতার সঙ্গে বাস্তবায়িত হচ্ছে, তার ওপরই শেষ পর্যন্ত ফলাফল নির্ভর করে।

একজন উদ্যোক্তা যখন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন নিতে গিয়ে বিভিন্ন দপ্তরে দীর্ঘসূত্রতা ও অপ্রয়োজনীয় জটিলতার মুখোমুখি হন, তখন বিনিয়োগের আগ্রহ কমে যায়। একজন কৃষক যখন সরকারি সহায়তা পেতে গিয়ে অনিয়মের শিকার হন, তখন কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। একজন শিক্ষার্থী কিংবা রোগী যখন সরকারি প্রতিষ্ঠানে যথাযথ সেবা পান না, তখন রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আস্থা হারান। সুতরাং প্রশাসনের নিরপেক্ষতা শুধু রাজনৈতিক দর্শনের বিষয় নয়; এটি অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং নাগরিক অধিকারের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

এ ক্ষেত্রে ডিজিটাল প্রশাসন, অনলাইন সেবা, নির্দিষ্ট সময়সীমার মধ্যে নাগরিকের আবেদন নিষ্পত্তি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানো জরুরি। কর্মকর্তাদের ব্যক্তিগত সদিচ্ছার পাশাপাশি এমন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কোনো নাগরিককে সেবা পাওয়ার জন্য ব্যক্তিগত যোগাযোগ কিংবা রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভর করতে না হয়। সরকারি সেবার প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও বিধিসম্মত ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকতে হবে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশাসনের অভ্যন্তরীণ জবাবদিহি। জনপ্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার অর্থ কর্মকর্তাদের জবাবদিহির বাইরে রাখা নয়। বরং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং নাগরিক হয়রানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে হয়রানি কিংবা অন্যায়ভাবে শাস্তি দেওয়া যাবে না। অপরাধের বিচার হবে প্রমাণ ও আইনের ভিত্তিতে, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়।

পরিশেষে বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৮ নভেম্বরের বক্তব্যকে একটি ইতিবাচক প্রশাসনিক নীতির ঘোষণা হিসেবে বিবেচনা করা যায়। তবে কোনো বক্তব্যের প্রকৃত সাফল্য নির্ভর করে তার বাস্তবায়নের ওপর। নবীন কর্মকর্তাদের কাছে যে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে, তা শুধু তাদের ব্যক্তিগত নৈতিকতার ওপর ছেড়ে দিলে চলবে না। নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, প্রশিক্ষণ, মূল্যায়ন ও শৃঙ্খলামূলক ব্যবস্থায় একই নীতির প্রতিফলন ঘটাতে হবে। রাজনৈতিক নেতৃত্বকেও প্রশাসনের পেশাগত নিরপেক্ষতার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

সরকারের উচিত এমন পরিবেশ তৈরি করা, যেখানে একজন কর্মকর্তা সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে রাজনৈতিক চাপ কিংবা অন্যায় প্রতিহিংসার ভয় ছাড়াই কাজ করতে পারেন। অন্যদিকে কর্মকর্তাদেরও মনে রাখতে হবে, তারা কোনো রাজনৈতিক সরকারের ব্যক্তিগত কর্মচারী নন; তারা প্রজাতন্ত্রের কর্মচারী। তাদের বেতন, সুযোগ-সুবিধা এবং প্রশাসনিক ক্ষমতার উৎস জনগণের অর্থ ও রাষ্ট্রের আইন।

বাংলাদেশ আজ যে প্রাতিষ্ঠানিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন ও গণতান্ত্রিক স্থিতিশীলতার প্রত্যাশা করছে, তার কেন্দ্রে রয়েছে একটি কার্যকর, দক্ষ, নিরপেক্ষ ও মানবিক জনপ্রশাসন। রাজনৈতিক সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, আর প্রশাসন সেই কর্মসূচি বাস্তবায়ন করবে সততা, পেশাদারিত্ব ও আইনের শাসনের ভিত্তিতে—এই সমন্বয়ই হতে পারে রাষ্ট্র পরিচালনার টেকসই ভিত্তি। মহান আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সহায় হোন।

লেখক : সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, আমার দিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%