মোঃ শাহীন আলম, স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:২৪ পি.এম
গাইবান্ধার সাঘাটায় একটি মিলাদ ও মজলিশের অনুষ্ঠানে খাবার খেয়ে নারী ও শিশুসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ফলে এই গণডায়রিয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সাঘাটা উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় একটি মিলাদ ও দোয়ার আয়োজন করেন তাঁর ভাই বাবলু ব্যাপারী। ওই অনুষ্ঠানে দাওয়াত পাওয়া ও না পাওয়া প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী আটার পিটালি ও ভাত খাওয়ানো হয়।
খাওয়ার পর বাড়ি ফেরার পরপরই অতিথিদের অনেকের মধ্যে তীব্র পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেল থেকেই তাঁরা হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন। এ ঘটনায় একটি পরিবারের ১ বছরের শিশিসহ ৮ জন সদস্যও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কালপানি গ্রামের বাসিন্দা মনির হোসেন জানান, স্থানীয় ঐতিহ্যবাহী আটার পিটালি তিনি বগুড়ায় এক বন্ধুর বাড়িতে পাঠিয়েছিলেন। সেটি খেয়ে তাঁর বন্ধুর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া স্থানীয় বাসিন্দা আঃ রহিম জানান, এমন ডায়রিয়ায় আক্রান্ত হননি গ্রামে এমন পরিবার খুব কমই রয়েছে; অনেকে হাসপাতালে না গিয়ে বাড়িতে থেকেও চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে আক্রান্ত রোগীরা সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা জেলা সদর হাসপাতাল ছাড়াও বগুড়া ও রংপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহানুল ইসলাম জানান, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে নারী, শিশু ও পুরুষসহ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আক্রান্তরা সময়মতো চিকিৎসা নেওয়ায় বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ