ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

লিবিয়ায় বাংলাদেশি জিম্মি, মুক্তিপণ ৪২ লাখ টাকা; নাটোরে ২ আটক


লিবিয়ায় বাংলাদেশি জিম্মি, মুক্তিপণ ৪২ লাখ টাকা; নাটোরে ২ আটক

লিবিয়ায় এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি এবং অর্থ আদায়ের ঘটনায় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। নাটোর জেলার সিংড়া থানাধীন সিংড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গত বৃহস্পতিবার দুপুরে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. মনোয়ার হোসেন (৪০) এবং মো. সোহেল রানা (৪৫)। সিআইডির মিডিয়া শাখার পুলিশ সুপার ছুফি উল্লাহ আজ শুক্রবার এ তথ্য জানান।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের ৭০ বছর বয়সি বৃদ্ধ আব্দুস সামাদ। তার একমাত্র ভরসা ছেলে মো. সাইফুল। সংসারের অভাব দূর করতে প্রায় দুই বছর আগে স্থানীয় দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান তিনি। কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকেই বিপত্তি শুরু হয়। প্রবাসের মাটিতে নামার পর আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়েন সাইফুল। চক্রের সদস্যরা তাকে বন্দি করে রাখে।

২০২৫ সালের আগস্ট মাসের শুরুতে লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীর ফোনে কল আসে। অপর প্রান্ত থেকে জানানো হয়, সাইফুলকে বন্দি করে রাখা হয়েছে। তাকে জীবিত পেতে হলে ৩০ লাখ টাকা দিতে হবে। অন্যথায় তাকে হত্যা করার হুমকি দেয় অপহরণকারীরা। নিরুপায় হয়ে সাইফুলের পরিবার বিভিন্ন সময়ে দালালের দেওয়া নম্বরে মোট ৫ লাখ টাকা পাঠিয়ে দেয়। কিন্তু টাকা পাওয়ার পরও চক্রের লোকজন সাইফুলের সঙ্গে পরিবারের কারো কথা বলানোর ব্যবস্থা করেনি।

আরও পড়ুন: ডিআইজি মীর আশরাফ আলী: জনগণের ভোগান্তি কমিয়ে পুলিশি সেবা নিশ্চিত করতে হবে

টাকা পাওয়ার পর প্রতারক চক্র আরও বেপরোয়া হয়ে ওঠে। সোহেল নামের এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানায়, সব তথ্য তার জানা আছে এবং সে নিজেই লিবিয়া গিয়ে সাইফুলকে ফিরিয়ে আনবে। এই মিথ্যা আশ্বাসে ভুক্তভোগী পরিবারকে ঢাকার কদমতলীতে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর থেকেই সোহেলের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর অন্য একটি নম্বর থেকে সাইফুলের বৃদ্ধ বাবার ফোনে কল করে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পাচারকারীরা। তারা জানায়, লিবিয়ায় অবস্থানকারী মোকাররম ও আনোয়ারের কাছে বন্দি রয়েছে সাইফুল। বারবার প্রতারণার শিকার হয়ে হতাশ ও অসহায় হয়ে পড়েন বৃদ্ধ বাবা। সাফ জানিয়ে দেওয়া হয়, ছেলের সঙ্গে কথা না করিয়ে আর এক টাকাও দেওয়া হবে না। এরপর থেকেই অপরাধীদের যোগাযোগের সব পথ বন্ধ হয়ে যায়।

ছেলের জীবন নিয়ে চরম শঙ্কায় পড়ে শেষ পর্যন্ত আইনি সহায়তার পথ বেছে নেন বাবা আব্দুস সামাদ। তিনি বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনসহ বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে দীর্ঘ অনুসন্ধান শেষে গত ১২ নভেম্বর নাটোরের সিংড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচার চক্রের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মো. মনোয়ার হোসেন ও মো. সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্য সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সিআইডি। লিবিয়ায় বন্দি সাইফুলকে উদ্ধার এবং এই চক্রের আন্তর্জাতিক নেটওয়ার্কের অন্য কুশীলবদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ‘গতকাল সংসদে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’: ডা. মাহামুদা মিতু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘গতকাল সংসদে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’: ডা. মাহামুদা মিতু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


‘গতকাল সংসদে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’: ডা. মাহামুদা মিতু

জাতীয় সংসদে বৃহস্পতিবারের (১২ নভেম্বর) ঘটনার প্রেক্ষাপটে সংসদ সদস্য ডা. মাহামুদা মিতু তাঁর আবেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে উল্লেখ করেন যে, আগের দিন সংসদে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং এক পর্যায়ে তাঁর মেজাজও হারিয়ে গিয়েছিল।

পোস্টে তিনি জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগের কথা স্মরণ করে লেখেন, "শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসুদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ।" অথচ, তিনি অভিযোগ করেন, তাঁদের সঙ্গে যুক্তি না পেরে সংসদে অপমান করা হচ্ছে, যেখানে তুই-তুকারি, বেয়াদব বলে সম্বোধন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, "কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেয়া হয়।"

সংসদের অভ্যন্তরীণ ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, যখন হান্নানকে বারবার "বস, বস" এবং "বেয়াদব" বলা হচ্ছিল, তখন তিনি চিৎকার করে বলেছিলেন যে, "হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা তো তাঁদের সাথেই ঘটছে।" তিনি মন্তব্য করেন, "যারা আঁতাত করে রাজনীতি করেন, তারা কখনোই বুঝবেন না যে বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে।"

নিজের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরে ডা. মাহামুদা মিতু জানান, গত সাত দিন ধরে তিনি সরাসরি ফোনে এবং হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন, এবং এর আগেও তিনি এমন হুমকি পেয়েছেন। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বিষয়টি সামনে আনলেও নুসরাতের ঘটনার মতো এটিকে লঘু করার চেষ্টা হতে পারে।

পোস্টের শেষাংশে শহীদ ওসমান হাদির একটি উক্তি উদ্ধৃত করে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, "হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েল কর্তৃক মেলাঁশোঁর ওপর নিষেধাজ্ঞা, ফ্রান্সের তীব্র সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


ইসরায়েল কর্তৃক মেলাঁশোঁর ওপর নিষেধাজ্ঞা, ফ্রান্সের তীব্র সমালোচনা

ইসরায়েল কর্তৃপক্ষ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্সের কট্টর বামপন্থী ও ইসরায়েলবিরোধী প্রেসিডেন্ট পদপ্রার্থী জ্যঁ-লুক মেলাঁশোঁ এবং তার দল ‘লা ফ্রান্স ইনসুমিস’ (ফ্রান্স আনবাউন্ড)-এর আরেক শীর্ষ নেতার ওপর। প্যারিসের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞাকে ‘জনতুষ্টিবাদী’ (ডেমাগগিক) হিসেবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘লা ফ্রান্স ইনসুমিস’ দলের চরম ইসরায়েলবিরোধী অবস্থান এবং এর নেতাদের আপত্তিকর মন্তব্যের কারণে মেলাঁশোঁ এবং দলটির সংসদীয় গ্রুপের চেয়ারম্যান মাতিল্ড পানোকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইসরায়েলের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো মন্তব্য করেন, ‘আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘনকারী একটি সরকারের নেওয়া এই জনতুষ্টিবাদী সিদ্ধান্ত মূলত তাদেরই হাতকে শক্তিশালী করবে, যারা লা ফ্রান্স ইনসুমিসের মতো ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে পুঁজি করে ফায়দা লুটতে চায়।’

তিনি আরও বলেন, ‘ফ্রান্স দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান এবং ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবে।’

এর আগে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, মেলাঁশোঁ ও পানো উভয়েই ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা ও বিদ্বেষমূলক অপপ্রচার চালিয়েছেন। তেল আবিবের দাবি, বিশেষ করে মেলাঁশোঁ গাজা অভিমুখী অবৈধ নৌবহরগুলোকে ফরাসি জাহাজের মাধ্যমে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

বিবৃতিতে ইসরায়েল জানায়, যারা ইসরায়েলের ক্ষতি করতে চায় এবং এর নাগরিকদের বিরুদ্ধে উসকানি দেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

অন্যদিকে, ফরাসি বেতার ‘ফ্রান্সইনফো’-কে মেলাঁশোঁ বলেন, ‘আমি এমন এক ভূখণ্ডে প্রবেশের নিষেধাজ্ঞা পেলাম, যেখানে যাওয়ার জন্য আমি কখনো আবেদনই করিনি। ইসরায়েল সরকার যেভাবে আমার পেছনে লেগেছে, তা সত্যিই দুঃখজনক।’

উল্লেখ্য, গত শনিবার এক নির্বাচনী প্রচারণায় মেলাঁশোঁ স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলে গাজা উপত্যকায় জোরপূর্বক ত্রাণ পৌঁছাতে আগ্রহী আন্দোলনকারীদের বহনকারী নৌযানগুলোকে ফরাসি জাহাজ পাহারা দিয়ে নিয়ে যাবে। সূত্র: রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিআইজি মীর আশরাফ আলী: জনগণের ভোগান্তি কমিয়ে পুলিশি সেবা নিশ্চিত করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


ডিআইজি মীর আশরাফ আলী: জনগণের ভোগান্তি কমিয়ে পুলিশি সেবা নিশ্চিত করতে হবে

অপরাধীদের আইনের আওতায় আনা, মাদক নিয়ন্ত্রণ করা এবং কিশোর গ্যাং দমনসহ সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নের ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে সাধারণ মানুষের সাথে নিয়ে। রাজশাহী রেঞ্জের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম, ডিআইজির কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন। এই সভাটি রেঞ্জের সকল থানার অফিসার ইনচার্জদের সঙ্গে অনুষ্ঠিত হয়।

গত বুধবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; পুলিশ সুপার, রাজশাহী; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর গ্যাং দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং থানা পর্যায়ে জনগণের পুলিশি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করা, অভিযোগের যথাযথ গুরুত্ব প্রদান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে ডিআইজি অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ডিআইজি মীর আশরাফ আলী আরও বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা এবং পুলিশ ফাঁড়িগুলোকে স্বয়ংসম্পূর্ণ থানায় উন্নীত করা সময়ের দাবি। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি অভিভাবকদের সচেতনতা, পারিবারিক নজরদারি ও সামাজিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন। ডিআইজি আরও বলেন, মাদক প্রবাহ প্রতিরোধ ও মাদকাসক্তিজনিত অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে। একটি সুশৃঙ্খল, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে যথাযথ প্রশিক্ষণ, সঠিক নির্দেশনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঘাটায় মজলিশের খাবার খেয়ে নারী-শিশুসহ পাঁচ শতাধিক মানুষের ডায়রিয়া, হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহীন আলম, স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


সাঘাটায় মজলিশের খাবার খেয়ে নারী-শিশুসহ পাঁচ শতাধিক মানুষের ডায়রিয়া, হাসপাতালে ভর্তি

গাইবান্ধার সাঘাটায় একটি মিলাদ ও মজলিশের অনুষ্ঠানে খাবার খেয়ে নারী ও শিশুসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ফলে এই গণডায়রিয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সাঘাটা উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় একটি মিলাদ ও দোয়ার আয়োজন করেন তাঁর ভাই বাবলু ব্যাপারী। ওই অনুষ্ঠানে দাওয়াত পাওয়া ও না পাওয়া প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী আটার পিটালি ও ভাত খাওয়ানো হয়।
খাওয়ার পর বাড়ি ফেরার পরপরই অতিথিদের অনেকের মধ্যে তীব্র পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেল থেকেই তাঁরা হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন। এ ঘটনায় একটি পরিবারের ১ বছরের শিশিসহ ৮ জন সদস্যও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কালপানি গ্রামের বাসিন্দা মনির হোসেন জানান, স্থানীয় ঐতিহ্যবাহী আটার পিটালি তিনি বগুড়ায় এক বন্ধুর বাড়িতে পাঠিয়েছিলেন। সেটি খেয়ে তাঁর বন্ধুর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া স্থানীয় বাসিন্দা আঃ রহিম জানান, এমন ডায়রিয়ায় আক্রান্ত হননি গ্রামে এমন পরিবার খুব কমই রয়েছে; অনেকে হাসপাতালে না গিয়ে বাড়িতে থেকেও চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে আক্রান্ত রোগীরা সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা জেলা সদর হাসপাতাল ছাড়াও বগুড়া ও রংপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহানুল ইসলাম জানান, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে নারী, শিশু ও পুরুষসহ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আক্রান্তরা সময়মতো চিকিৎসা নেওয়ায় বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%