০৭:৩২ পি.এম
সাম্প্রতিক সময়ে ফ্লাইদুবাইয়ের একটি ‘ফ্লাইট ছিনতাইয়ের’ কথিত প্রচেষ্টার ঘটনা পর, আল-কায়েদা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানে একই ধরনের হামলার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সশস্ত্র সংগঠনটির সমর্থকদের প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ‘আল-বায়ান’-এর সর্বশেষ সংখ্যায় এই আহ্বান জানানো হয়েছে বলে জানাচ্ছে হিন্দুস্তান টাইম।
ওয়ান-ইলেভেন বা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রসঙ্গ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘যুদ্ধ এখনও শেষ হয়নি।’ এছাড়া, গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের দুবাইগামী উড়োজাহাজটি নিয়ন্ত্রণ নেওয়ার কথিত প্রচেষ্টার ঘটনায় অভিযুক্ত ওমানি সহ-পাইলট হামাম আলহাম্মামির প্রশংসাও করা হয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানকে লক্ষ্যবস্তু করার আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
নিউইয়র্ক পোস্টের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘আল-বায়ান’ একটি আরবি ভাষার সাপ্তাহিক প্রকাশনা, যা আল-কায়েদার সমর্থকেরা গত জুলাইয়ে চালু করেছে। শনিবার আল-কায়েদা-সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলগুলোতে প্রকাশনাটির ওই লেখাটি ছড়িয়ে পড়লে পরে সেটি সরিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন: কড়া নিরাপত্তা উপেক্ষা করে ফ্রান্সের রাজপথে লাখ লাখ বিক্ষোভকারী
এদিকে, ফ্লাইদুবাইয়ের অভিযুক্ত পাইলট হামাম আলহাম্মামির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে আল-কায়েদার নেতাদের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা কয়েকটি পোস্ট দেখা যায়। ঘটনার প্রায় ৯ ঘণ্টা পর ওই পোস্টগুলো প্রকাশিত হয়েছিল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি পোস্টে ককপিটের ভেতরের কিছু ভিডিও ছিল। সেখানে কাছাকাছি থাকা ইসরায়েলি বিমানকে দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছে। পরে আল-কায়েদার সাবেক প্রধান আয়মান আল-জাওয়াহিরির ছবিও প্রকাশ করা হয়। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের হামলায় আল-জাওয়াহিরি নিহত হন।
আরেকটি পোস্টে ইসলামের তিন পবিত্র স্থান—মক্কা, মদিনা ও জেরুজালেমের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি দেখা যায়। তবে হামাম আলহাম্মামি তখন হেফাজতে থাকা অবস্থায় এসব পোস্ট কিভাবে তার অ্যাকাউন্টে প্রকাশিত হলো, তা স্পষ্ট নয়। পোস্টগুলো আগে থেকে নির্ধারিত ছিল কি না বা অন্য কেউ প্রকাশ করেছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। পরে হামাম আলহাম্মামির লিংকডইন ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুটিই মুছে ফেলা হয়েছে বলে সিএনএন জানিয়েছে।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন