বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
০৮:৫৯ পি.এম
ফিলিস্তিনের গাজার উপত্যকায় চলমান যুদ্ধের এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশুর মৃত্যু ঘটেছে। এই তথ্যটি নিশ্চিত করেছে সেভ দ্য চিলড্রেন, যাঁরা বিশ্বজুড়ে শিশুদের অধিকার, সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সংস্থাটি আরও জানিয়েছে, এ ছাড়া কয়েকটি লক্ষ শিশু বাস্তুচ্যুত হয়েছে এবং তারা শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে।
বৃহস্পতিবার যুদ্ধের ১ হাজার দিন পূর্তি উপলক্ষে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, বাড়িঘর, স্কুল এবং নিরাপত্তার অনুভূতি হারানোর পরেও শিশুরা এখনও শান্তির স্বপ্ন দেখছে।
সংস্থাটির মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপ অঞ্চলের পরিচালক আহমাদ আহেনদাউই, তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলেন, গত ১ হাজার দিনে গাজার ১০ লাখ শিশুকে রক্ষা করতে বিশ্ব ব্যর্থ হয়ে গেছে। কারণ তারা শিশু হত্যা ও অঙ্গহানি বন্ধ করতে কোন ধরনের হস্তক্ষেপ করেনি।
গাজার যুদ্ধের কারণে ২১ হাজার শিশু নিহত হবার খবর এসেছে, যদিও প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি। কারণ অনেক শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। গাজার মোট শিশুর প্রায় ৮০ শতাংশ, অর্থাৎ ৮ লাখের বেশি শিশু বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া ৬ লাখ ২৫ হাজার স্কুলপড়ুয়া শিশু টানা তিন বছর ধরে আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে।
প্রতিবেদনে ১৪ বছর বয়সী কিশোরী আমানি বলেন, ‘আমরা যেকোনো মুহূর্তে মারা যেতে পারি। তবে আমি আশা করি, আমাদের জন্য যুদ্ধটা থেমে যাবে।’
নিজের অধিকারের বিষয়ে আমানি বলেন, ‘আমি যেন গাজায় আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি এবং অন্য দেশের যেকোনো মেয়ের মতো আমার অধিকার ভোগ করতে পারি। গাজায় অনেক শিশু আছে যাদের কথা কেউ শুনে না।’ ১৪ বছর বয়সী কিশোরী বিসান জানায়, তার সবচেয়ে বড় ইচ্ছা যুদ্ধ শেষ হওয়া এবং সবাই নিজ নিজ ঘরে ফিরে যাওয়া ও আগের জীবনে ফিরতে পারা।
সেভ দ্য চিলড্রেন অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি দাবি করেছে, শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে এবং ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ স্থগিত করার আহ্বান জানিয়েছে।
সংস্থাটি উল্লেখ করেছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরাইলের হামলা এখনও বন্ধ হয়নি।
এখন পর্যন্ত এই যুদ্ধে ৭৩ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে এবং পুরো উপত্যকা ব্যাপকভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্ট থেকে ম্যান সিটিতে যোগ দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন। রেকর্ড ১১৬ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে দলে ভেড়ানোর চুক্তি ম্যান সিটি চূড়ান্ত করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উভয় ক্লাব দলবদলের বিষয়টি নিশ্চিত করেন। এর ফলে ইতিহাসে সবচেয়ে দামি ইংলিশ খেলোয়াড়ের রেকর্ড গড়লেন এই মিডফিল্ডার।
মার্কিন সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে অ্যান্ডারসন ইতিহাসের সবচেয়ে দামি ব্রিটিশ খেলোয়াড়ে পরিণত হলেন।
এর আগে ডেকলান রাইসের জন্য আর্সেনালের দেওয়া ১০৫ মিলিয়ন পাউন্ডের রেকর্ডটি তিনি ভেঙে দিয়েছেন।
ক্লাবের আর্থিক বিবরণ প্রকাশ না করলেও, ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, মোট চুক্তির মূল্য ছিল ১১৬ মিলিয়ন পাউন্ড (১৫৩ মিলিয়ন ডলার) পর্যন্ত, যা ২০২৩ সালে জুড বেলিংহ্যামের জন্য বরুসিয়া ডর্টমুন্ডকে রিয়াল মাদ্রিদের দিতে সম্মত হওয়া ১১৫ মিলিয়ন পাউন্ডের অফারটি ছাড়িয়ে গেছে।
ম্যান সিটি এক বিবৃতিতে উল্লেখ করেছে, ২৩ বছর বয়সী অ্যান্ডারসন বর্তমানে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে খেলছেন। কানসাসে তার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ইংল্যান্ডে ফেরার পর দলবদলের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা হবে।
এর ফলে অ্যান্ডারসন ম্যানচেস্টার সিটির সবচেয়ে দামি খেলোয়াড় হলেন।
এটি ২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে উইঙ্গার জ্যাক গ্রিলিশকে কিনতে খরচ করা ১০০ মিলিয়ন পাউন্ডকেও ছাড়িয়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। পরে এসব জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার গৌরীপুর এলাকায় ‘নদী বাঁচান, মাছ বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের উদ্দেশ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।
অভিযানকালে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৬০০ মিটার এবং এগুলোর বাজারমূল্য আনুমানিক ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযান শেষে এই নিষিদ্ধ জালগুলো আইনানুগ ব্যবস্থা অনুযায়ী ঘটনাস্থলে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়।
স্থানীয় মৎস্যজীবী আবু রায়হান মন্তব্য করেন, চায়না দুয়ারি জাল নদীর প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার ব্যাহত করে, এবং ছোট-বড় সব ধরনের মাছ নির্বিচারে আটকে ফেলে, যা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন বলেন, ‘দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ক্ষতিকর ও অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পদ্মা নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মাছের প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করার পাশাপাশি জেলেদের অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেসবুক লাইভে এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা করেছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার।
এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার সাবেক প্রধান সমন্বয়ক হিসেবেও তিনি পরিচিত ছিলেন।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে পদত্যাগের ঘোষণা করেন তিনি।
লাইভে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে জাহিদুর রহমান তালুকদার বলেন, ‘এনসিপির কর্মপরিবেশ বা ওয়ার্ক এনভায়রনমেন্টের সঙ্গে আমি হয়তো নিজেকে খাপ খাওয়াতে পারিনি, অথবা এনসিপিও আমার সঙ্গে এডাপ্টেবল নয়।’
তিনি উল্লেখ করেন, তিনি একজন রাজনৈতিক সচেতন মানুষ এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তবে বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না।
ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা বিষয়ে জানিয়ে জাহিদুর রহমান বলেন, জুলাইয়ের চেতনা থেকে প্রশাসনিক, শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যদি কোনো দলকে সেই প্রত্যাশা বাস্তবায়নের জন্য উপযুক্ত মনে করেন, তাহলে তিনি সেই দলে যোগদানের বিষয়টি যাচাই করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট গাড়িও জব্দ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানাধীন নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. মাসুম (২২) এবং মো. সোয়েব শেখ (২০)।
ডিবি পুলিশ জানিয়েছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ সময়ে সন্দেহভাজন একটি সাদা রঙের প্রাইভেট গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়িটি থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা।
অভিযানে মাদক পরিবহনের দায়ে ২২ লাখ টাকা মূল্যের একটি টয়োটা মডেলের প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। এ ঘটনার পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ