০৩:০৭ পি.এম
একাত্তরের রণাঙ্গনে যিনি বুকের তাজা রক্ত ঢেলে ছিনিয়ে এনেছিলেন স্বাধীন মানচিত্র, মৃত্যুর পর সেই বীর মুক্তিযোদ্ধার প্রতি প্রশাসনিক উদাসীনতা ও নিদারুণ অবহেলার অভিযোগ উঠেছে। এই বীর সেনানিকে শেষ বিদায়ে রাষ্ট্রীয় মর্যাদা বা ‘গার্ড অব অনার’ না দেওয়ার গুরুতর অভিযোগ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। কুয়াশাঘেরা এক গোধূলিলগ্নে রাষ্ট্রীয় সম্মানহীন দাফন সম্পন্ন হওয়ায় এলাকাবাসী ক্ষোভে ফুঁসছেন, যা নিয়ে পুরো কুমিল্লাজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭৮) দীর্ঘ কর্মজীবনে যোগাযোগ ও আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বার্ধক্যের শেষ দিনগুলো তিনি ঢাকায় ছেলের কাছে কাটিয়েছিলেন। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) ঢাকার মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিনই ঢাকায় প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ নিজ গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামে আনা হয়। মরদেহ গ্রামে পৌঁছাতে পৌঁছাতে বিকেল সাড়ে ৫টা বেজে যাওয়ায় শোকার্ত পরিবার ও এলাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন-যদি বীরের এই শেষ যাত্রায় রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও প্রশাসনের কোনো সাড়া মেলেনি।
মরহুমের ভাই শাহজাহান গভীর আক্ষেপ প্রকাশ করে বলেন, "আমরা চেয়েছিলাম আমার ভাইকে শেষ সম্মানটুকু জানিয়ে চিরবিদায় দিতে। কিন্তু প্রশাসনের অবহেলায় তা আর হয়ে ওঠেনি। আমরা আজ লজ্জিত-যে মানুষটি ৯ মাস অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করল, মৃত্যুর পর সে তার প্রাপ্য সম্মানটুকুও পেল না!"
আরও পড়ুন: কাউনিয়ায় রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার
স্থানীয় মহালক্ষীপাড়া গ্রামের আরেক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়া নিয়ম না থাকলেও অন্তত প্রশাসনের দায়িত্বশীল কেউ এসে শেষ শ্রদ্ধা জানিয়ে যেতে পারত, কিন্তু তাও করা হয়নি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে সহযোদ্ধার এমন অমর্যাদা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার জানান, প্রশাসনের সঙ্গে তারা সার্বক্ষণিক যোগাযোগ করে গার্ড অব অনার ও সশস্ত্র সালামের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম সাফাই গেয়েছেন যে, সন্ধ্যার পর নাকি গার্ড অব অনার দেওয়া যায় না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক বলেন, "আমি মরহুমের জানাজায় উপস্থিত ছিলাম। তাঁকে রাষ্ট্রীয় সম্মান বা গার্ড অব অনার না দেওয়ায় পুরো এলাকায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।"
এদিকে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, "আমরা গার্ড অব অনার প্রদানের জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য পাঠিয়েছিলাম এবং পুলিশ লাইন থেকে বিউগলের সুর বাজানোর জন্য দলও উপস্থিত হয়েছিল। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা প্রতিনিধি উপস্থিত না থাকায় পুলিশ একা গার্ড অব অনার দিতে পারেনি। তবে আমরা পুলিশের পক্ষ থেকে জানাজায় অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছি।"
আরও পড়ুন: হালিশহরে ১১ বছরের শিশুকে ধর্ষণের প্রধান আসামি জাকির হোসেন গ্রেপ্তার
অন্যদিকে অভিযুক্ত ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন্নী ইসলাম সাফাই গেয়ে বলেন, "সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়ার বিধান নেই। তারপরও আমরা প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু ঢাকা থেকে লাশ আনা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। মাগরিবের পর কেউ আমার সঙ্গে আর যোগাযোগ করেনি, তাই এটি দেওয়া সম্ভব হয়নি।" এ সময় তিনি সংবাদকর্মীকে বিষয়টি ব্রাহ্মণপাড়া তথা কুমিল্লার 'মান-সম্মানের প্রশ্ন' হিসেবে বিবেচনা করে সংবাদ প্রকাশ না করার জন্য অদ্ভুত অনুরোধ জানান।
একজন বীর মুক্তিযোদ্ধার নিথর দেহ নিয়ে প্রশাসনের এমন লুকোচুরি, দায়িত্বহীনতা ও অজুহাতের সংস্কৃতি কেবল একটি শোকাহত পরিবারকেই নয়, কলঙ্কিত করেছে পুরো জাতির আত্মাকে। প্রশ্ন উঠেছে- দেশের জন্য যুদ্ধ করা একজন বীরের এমন অপমানের দায় কি প্রশাসন এড়াতে পারবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন