ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেরোবির জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের আলোচনা সভা


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেরোবির জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের আলোচনা সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম।

গত শুক্রবার (২০ নভেম্বর) রংপুর স্টেডিয়ামের কনফারেন্স হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু, প্রধান বক্তা হিসেবে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পীরগাছায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহসভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ড. মো. রোকনুজ্জামান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার ৮ ফুটের কুমির গাজীপুর সাফারি পার্কে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার ৮ ফুটের কুমির গাজীপুর সাফারি পার্কে

নারায়ণগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া আট ফুট দৈর্ঘ্যের একটি মিঠাপানির কুমিরের নতুন ঠিকানা গাজীপুরের সাফারি পার্কে হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে কুমিরটি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে সেটিকে পার্কের একটি পৃথক বেষ্টনীতে রাখা হয়।

স্থানীয় বাসিন্দারা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে কয়েক দিন ধরে কুমিরটির বিচরণ দেখতে পান। বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানানো হলে, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের কর্মকর্তারা কুমিরটি উদ্ধারের উদ্যোগ নেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় তিন দিন ধরে অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয়। অভিযানে স্থানীয় উপজেলা পরিষদ ও এলাকাবাসী সহযোগিতা করেন।

বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, উদ্ধার হওয়া কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। নিরাপদ সংরক্ষণ ও পরিচর্যার জন্য কুমিরটি গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার অধীনে করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এসিএফ তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিঠাপানির কুমির সাধারণত নদী, বিল, হাওর ও হ্রদের মতো স্বাদুপানির জলাশয়ে বসবাস করে। লবণাক্ত পানির কুমিরের তুলনায় এরা আকারে ছোট। এদের থুতনি অপেক্ষাকৃত সরু এবং শরীরের রং জলপাই-বাদামি বা ধূসর হয়ে থাকে। মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি, পোকামাকড়সহ বিভিন্ন ছোট প্রাণী এদের প্রধান খাদ্য। সাধারণত এরা লাজুক স্বভাবের এবং বিরক্ত বা উত্ত্যক্ত না করলে মানুষের জন্য তেমন বিপজ্জনক নয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা-এর চলতি দায়িত্বে থাকা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন চৌধুরী বলেন, স্থানীয় বন বিভাগের মাধ্যমে খবর পাওয়ার পর নারায়ণগঞ্জ থেকে মিঠাপানির কুমিরটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে সেটি গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, রাত ১০টার দিকে প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের কর্মকর্তারা কুমিরটি পার্কে হস্তান্তর করেন। বর্তমানে কুমিরটিকে অন্য প্রাণী থেকে আলাদা করে একটি পৃথক বেষ্টনীতে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মক্ষেত্রে অটিজমে আক্রান্ত ব্যক্তিরা কেন বেশি হয়রানির শিকার হন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


কর্মক্ষেত্রে অটিজমে আক্রান্ত ব্যক্তিরা কেন বেশি হয়রানির শিকার হন

কর্মক্ষেত্রে অনেক কর্মী সহকর্মীদের বিদ্রূপ, অপমান, গুজব ছড়ানো এবং কাজে বাধা দেওয়ার মতো আচরণের শিকার হন। তবে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই ধরনের হয়রানির ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। শুধু হয়রানির শিকার হওয়া নয়, অভিযোগ জানালেও অনেক সময় তাদের কথা বিশ্বাস করা হয় না বা প্রয়োজনীয় সহায়তা মেলে না। এর ফলে কর্মক্ষেত্রে তাদের মানসিক চাপ ও নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পায়।

মনোবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডেতে প্রকাশিত একটি নিবন্ধে এসব বিষয় তুলে ধরা হয়েছে। নিবন্ধে উল্লেখ করা হয়েছে, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক নেতিবাচক ধারণা এবং কর্মক্ষেত্রের ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা তাদের হয়রানির ঝুঁকি বৃদ্ধি করে।

কেন তাদের লক্ষ্যবস্তু করা হয়

অটিজমে আক্রান্ত ব্যক্তিদের যোগাযোগের ধরন অনেক সময় অন্যদের থেকে ভিন্ন হয়। তারা সরাসরি কথা বলতে পারেন, কাজের অদক্ষতা বা অনিয়ম নিয়ে প্রশ্ন তুলতে পারেন অথবা সহকর্মীদের সঙ্গে সামাজিক মেলামেশার তুলনায় কাজকে বেশি গুরুত্ব দিতে পারেন। এসব বৈশিষ্ট্যকে কেউ কেউ ভুলভাবে অস্বস্তিকর বা অসামাজিক আচরণ হিসেবে বিবেচনা করেন।

কর্মদক্ষতার ক্ষেত্রেও তাদের মধ্যে ভিন্নতা দেখা যায়। কেউ নির্দিষ্ট কাজে অত্যন্ত দক্ষ হতে পারেন, আবার কেউ কিছু কাজে বাড়তি সহায়তার প্রয়োজন অনুভব করতে পারেন। নিবন্ধ অনুযায়ী, উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীরা সহকর্মীদের ঈর্ষার কারণে গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হওয়ার বা তাঁদের কাজে বাধা দেওয়ার মতো পরোক্ষ হয়রানির শিকার হতে পারেন। অন্যদিকে, কাজে সমস্যায় পড়া ব্যক্তিরা সরাসরি অপমান ও বিরূপ আচরণের মুখোমুখি হতে পারেন।

হয়রানির প্রভাব কেন বেশি

অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য সামাজিক চাপ থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা অনেক সময় কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিনের হয়রানি তাদের মধ্যে উদ্বেগ, মানসিক চাপ ও নিরাপত্তাহীনতা তৈরি করে। অতীতের খারাপ অভিজ্ঞতার কারণে সাধারণ হাসি বা সহকর্মীদের কথাবার্তাও তাদের কাছে ভীতিকর মনে হতে পারে।

নিবন্ধে উল্লেখ করা একটি গবেষণায় দেখা গেছে, অটিজমে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ৮৭ দশমিক ৪ শতাংশের মধ্যে অন্যের হাসির পাত্র হওয়ার ভয় বা এ ধরনের আশঙ্কার লক্ষণ পাওয়া গেছে। অটিজম নেই এমন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই হার ২২ দশমিক ৬ শতাংশ।

এ ছাড়া যুক্তরাজ্যে কর্মক্ষম বয়সী অটিজমে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাত্র ১০ জনে প্রায় তিনজন কর্মরত। ফলে কর্মসংস্থানের সীমাবদ্ধতা তাদের জন্য হয়রানিপূর্ণ পরিবেশ ছেড়ে অন্যত্র কাজ খুঁজে নেওয়াও কঠিন করে তোলে।

অভিযোগ জানিয়েও কেন সহায়তা মেলে না

কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ জানানো সাধারণত সহজ নয়। অনেক প্রতিষ্ঠান অভিযোগকে গুরুত্ব দেয় না, আবার কখনো অভিযোগকারীকেই সমস্যার কারণ হিসেবে বিবেচনা করা হয়।

অটিজমে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই সমস্যা আরও জটিল। তারা কথা বলার সময় চোখে চোখ না রাখা, অস্থিরভাবে হাত-পা নাড়ানো কিংবা ভিন্নভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন। অনেক সময় এসব আচরণকে ভুলভাবে অসততা বা অবিশ্বাসযোগ্যতার লক্ষণ হিসেবে দেখা হয়।

ফলে তাদের বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন তোলা হতে পারে। একই সঙ্গে যোগাযোগের ধরন আলাদা হওয়ায় ব্যবস্থাপক বা সহকর্মীরা তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি বুঝতে ব্যর্থ হতে পারেন।

কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে করণীয়

নিবন্ধে বলা হয়েছে, হয়রানির ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে শুরু থেকেই নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য প্রতিষ্ঠানের নীতিমালা ও ব্যবস্থাপনায় কয়েকটি পরিবর্তন আনা প্রয়োজন।

প্রথমত, কাজের দায়িত্ব, সুযোগ-সুবিধা ও পুরস্কার বণ্টনে স্বচ্ছতা থাকতে হবে। এতে সহকর্মীদের মধ্যে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা, ঈর্ষা ও গোপন বিরোধ কমতে পারে।

দ্বিতীয়ত, প্রকাশ্য অপমানের পাশাপাশি গুজব ছড়ানো, গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা এবং কাজে ইচ্ছাকৃত বাধা দেওয়ার মতো পরোক্ষ হয়রানিকেও প্রতিষ্ঠানের নীতিমালায় নিষিদ্ধ করতে হবে।

তৃতীয়ত, কর্মীদের পারস্পরিক সম্মান, ভিন্ন যোগাযোগের ধরন বোঝা এবং সংবেদনশীল পরিস্থিতি সামলানোর বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। বিশেষ করে ব্যবস্থাপকদের এমনভাবে প্রশিক্ষিত করা প্রয়োজন, যাতে তাঁরা হয়রানির অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করতে পারেন।

নিবন্ধের লেখকের মতে, কর্মক্ষেত্রে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে কর্মীরা সম্মান বজায় রেখে নির্ভয়ে নিজেদের মতামত জানাতে পারবেন। কারও অভিযোগ বা ভিন্নমত প্রকাশকে শাস্তির কারণ হিসেবে দেখা যাবে না।

অটিজমে আক্রান্ত ব্যক্তিদের হয়রানি বন্ধ করতে শুধু ব্যক্তির আচরণ পরিবর্তনের চেষ্টা যথেষ্ট নয়। বরং প্রতিষ্ঠানের সংস্কৃতি, ব্যবস্থাপনা ও নীতিমালায় পরিবর্তন আনতে হবে। এতে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের পাশাপাশি সব কর্মীর জন্যই কর্মপরিবেশ আরও নিরাপদ ও সহায়ক হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনার দিঘলিয়ায় সেনহাটি সাগর জুট স্পিনিং মিল এলাকায় ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


খুলনার দিঘলিয়ায় সেনহাটি সাগর জুট স্পিনিং মিল এলাকায় ককটেল বিস্ফোরণ

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি সাগর জুট স্পিনিং মিল আবাসিক-২ এলাকার মোড়ে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। আজ শনিবার (২১ নভেম্বর) ফজরের নামাজের পূর্বে এই বিস্ফোরণটি ঘটে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটি ৭ নম্বর ওয়ার্ডের সাগর জুট স্পিনিং মিল আবাসিক এলাকার তিন রাস্তার মোড়ে ফজরের নামাজের আগে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের ফলে বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায় এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে দিঘলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী ককটেল বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত না করে এখনই কিছু বলা সম্ভব নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর আরোপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


সৌদি আরবে বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর আরোপ

সউদী আরব বড় বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম সম্পূরক কর চালু করার উদ্যোগ নিয়েছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই করের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী বহুজাতিক গোষ্ঠীর প্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্ত হবে। যদি এসব গোষ্ঠীর সউদী আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার ১৫ শতাংশের নিচে থাকে, তবে অতিরিক্ত কর আদায় করা হবে।

দেশটির জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জাটকা) বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে। কর্তৃপক্ষ জানায়, কর রাজস্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক করনীতির সঙ্গে দেশের করব্যবস্থার সামঞ্জস্য বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব বহুজাতিক গোষ্ঠীর সমন্বিত বার্ষিক আয় অন্তত ৭৫০ মিলিয়ন ইউরো বা সমপরিমাণ সউদী রিয়াল, তাদের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো এ করের জন্য বিবেচিত হবে। তবে সংশ্লিষ্ট গোষ্ঠীকে কর কার্যকর হওয়ার আগের চার অর্থবছরের অন্তত দুটিতে এ আয়সীমা পূরণ করতে হবে। এ ক্ষেত্রে গোষ্ঠীর চূড়ান্ত মূল প্রতিষ্ঠানের সমন্বিত আর্থিক বিবরণী বিবেচনায় নেওয়া হবে।

জাটকা স্পষ্ট করেছে যে, সউদী আরবে ব্যবসা পরিচালনাকারী সব প্রতিষ্ঠান নতুন করের আওতায় আসবে না। এটি শুধুমাত্র নির্ধারিত আয়সীমা ও অন্যান্য শর্ত পূরণকারী বহুজাতিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কার্যকর হবে। আন্তর্জাতিক কার্যক্রম নেই এবং আওতাভুক্ত কোনো বহুজাতিক গোষ্ঠীর অংশ নয়, এমন দেশীয় প্রতিষ্ঠানগুলো এ করের বাইরে থাকবে।

‘ডোমেস্টিক মিনিমাম টপ-আপ ট্যাক্স’ (ডিএমটিটি) নামের এ ব্যবস্থার উদ্দেশ্য হলো, যোগ্য বহুজাতিক গোষ্ঠীগুলোর সউদী আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার অন্তত ১৫ শতাংশ নিশ্চিত করা। যদি কোনো গোষ্ঠীর কার্যকর করের হার এ সীমার নিচে থাকে, তবে প্রযোজ্য বিধি অনুযায়ী ঘাটতি পূরণে অতিরিক্ত কর আদায় করা হবে।

কর্তৃপক্ষ জানায়, ১৫ শতাংশের এই হার প্রতিষ্ঠানের মোট আয়ের ওপর নয়, বরং অর্জিত মুনাফার কার্যকর করের হারের ওপর প্রযোজ্য হবে। অন্যদিকে, ৭৫০ মিলিয়ন ইউরোর আয়সীমা দিয়ে নির্ধারণ করা হবে কোন বহুজাতিক গোষ্ঠী নতুন করের আওতায় পড়বে। এই আয়সীমার ওপর সম্পূরক কর হিসাব করা হবে না।

বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ন্যূনতম কর আরোপের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে সউদী আরব এ পদক্ষেপ নিচ্ছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং জি২০-এর উদ্যোগে প্রণীত বৈশ্বিক কর কাঠামোর দ্বিতীয় স্তম্ভ বা ‘পিলার টু’-এর আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কম করের দেশে মুনাফা স্থানান্তরের মাধ্যমে বহুজাতিক কোম্পানিগুলোর কর এড়ানোর প্রবণতা নিরুৎসাহিত করাই এ কাঠামোর অন্যতম লক্ষ্য। ওইসিডির বৈশ্বিক করভিত্তি ক্ষয় ও মুনাফা স্থানান্তর প্রতিরোধসংক্রান্ত (গ্লোবাল অ্যান্টি-বেস ইরোশন বা গ্লোব) বিধি অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণকারী বহুজাতিক গোষ্ঠীর কোনো দেশে কার্যকর করের হার ১৫ শতাংশের নিচে থাকলে প্রযোজ্য নিয়মে অতিরিক্ত কর আদায়ের ব্যবস্থা রয়েছে।

দেশীয় ন্যূনতম সম্পূরক করের মাধ্যমে কোনো দেশ নিজ ভূখণ্ডে অর্জিত যোগ্য মুনাফার ওপর অতিরিক্ত কর আদায় করতে পারে। এতে ওই মুনাফার ওপর কর আদায়ের অধিকার নিজ দেশের হাতে থাকে এবং সরকারি রাজস্ব সুরক্ষায় সহায়তা করে। সউদী আরবের নতুন ব্যবস্থায় দেশটি নিজ ভূখণ্ডে বহুজাতিক গোষ্ঠীগুলোর অর্জিত মুনাফার ওপর প্রযোজ্য অতিরিক্ত কর আদায় করতে পারবে।

এছাড়া নতুন করব্যবস্থার আওতায় পড়তে পারে এমন প্রতিষ্ঠানগুলোকে বিস্তারিত জানতে জাটকার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য ২৪ ঘণ্টার কল সেন্টার ১৯৯৯৩ নম্বরে ফোন করা যাবে। এছাড়া এক্সে @Zatca_care অ্যাকাউন্ট অথবা [email protected] ঠিকানায় ইমেইলের মাধ্যমে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%