০২:২২ পি.এম
কর্মক্ষেত্রে অনেক কর্মী সহকর্মীদের বিদ্রূপ, অপমান, গুজব ছড়ানো এবং কাজে বাধা দেওয়ার মতো আচরণের শিকার হন। তবে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই ধরনের হয়রানির ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। শুধু হয়রানির শিকার হওয়া নয়, অভিযোগ জানালেও অনেক সময় তাদের কথা বিশ্বাস করা হয় না বা প্রয়োজনীয় সহায়তা মেলে না। এর ফলে কর্মক্ষেত্রে তাদের মানসিক চাপ ও নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পায়।
মনোবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডেতে প্রকাশিত একটি নিবন্ধে এসব বিষয় তুলে ধরা হয়েছে। নিবন্ধে উল্লেখ করা হয়েছে, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক নেতিবাচক ধারণা এবং কর্মক্ষেত্রের ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা তাদের হয়রানির ঝুঁকি বৃদ্ধি করে।
কেন তাদের লক্ষ্যবস্তু করা হয়
আরও পড়ুন: আজ বিশ্ব হ্যালো দিবস, অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার আহ্বান
অটিজমে আক্রান্ত ব্যক্তিদের যোগাযোগের ধরন অনেক সময় অন্যদের থেকে ভিন্ন হয়। তারা সরাসরি কথা বলতে পারেন, কাজের অদক্ষতা বা অনিয়ম নিয়ে প্রশ্ন তুলতে পারেন অথবা সহকর্মীদের সঙ্গে সামাজিক মেলামেশার তুলনায় কাজকে বেশি গুরুত্ব দিতে পারেন। এসব বৈশিষ্ট্যকে কেউ কেউ ভুলভাবে অস্বস্তিকর বা অসামাজিক আচরণ হিসেবে বিবেচনা করেন।
কর্মদক্ষতার ক্ষেত্রেও তাদের মধ্যে ভিন্নতা দেখা যায়। কেউ নির্দিষ্ট কাজে অত্যন্ত দক্ষ হতে পারেন, আবার কেউ কিছু কাজে বাড়তি সহায়তার প্রয়োজন অনুভব করতে পারেন। নিবন্ধ অনুযায়ী, উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীরা সহকর্মীদের ঈর্ষার কারণে গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হওয়ার বা তাঁদের কাজে বাধা দেওয়ার মতো পরোক্ষ হয়রানির শিকার হতে পারেন। অন্যদিকে, কাজে সমস্যায় পড়া ব্যক্তিরা সরাসরি অপমান ও বিরূপ আচরণের মুখোমুখি হতে পারেন।
হয়রানির প্রভাব কেন বেশি
অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য সামাজিক চাপ থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা অনেক সময় কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিনের হয়রানি তাদের মধ্যে উদ্বেগ, মানসিক চাপ ও নিরাপত্তাহীনতা তৈরি করে। অতীতের খারাপ অভিজ্ঞতার কারণে সাধারণ হাসি বা সহকর্মীদের কথাবার্তাও তাদের কাছে ভীতিকর মনে হতে পারে।
আরও পড়ুন: শীতে গমের বদলে ভুট্টার রুটি খাওয়া ভালো
নিবন্ধে উল্লেখ করা একটি গবেষণায় দেখা গেছে, অটিজমে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ৮৭ দশমিক ৪ শতাংশের মধ্যে অন্যের হাসির পাত্র হওয়ার ভয় বা এ ধরনের আশঙ্কার লক্ষণ পাওয়া গেছে। অটিজম নেই এমন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই হার ২২ দশমিক ৬ শতাংশ।
এ ছাড়া যুক্তরাজ্যে কর্মক্ষম বয়সী অটিজমে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাত্র ১০ জনে প্রায় তিনজন কর্মরত। ফলে কর্মসংস্থানের সীমাবদ্ধতা তাদের জন্য হয়রানিপূর্ণ পরিবেশ ছেড়ে অন্যত্র কাজ খুঁজে নেওয়াও কঠিন করে তোলে।
অভিযোগ জানিয়েও কেন সহায়তা মেলে না
কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ জানানো সাধারণত সহজ নয়। অনেক প্রতিষ্ঠান অভিযোগকে গুরুত্ব দেয় না, আবার কখনো অভিযোগকারীকেই সমস্যার কারণ হিসেবে বিবেচনা করা হয়।
আরও পড়ুন: শীত মৌসুমে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে
অটিজমে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই সমস্যা আরও জটিল। তারা কথা বলার সময় চোখে চোখ না রাখা, অস্থিরভাবে হাত-পা নাড়ানো কিংবা ভিন্নভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন। অনেক সময় এসব আচরণকে ভুলভাবে অসততা বা অবিশ্বাসযোগ্যতার লক্ষণ হিসেবে দেখা হয়।
ফলে তাদের বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন তোলা হতে পারে। একই সঙ্গে যোগাযোগের ধরন আলাদা হওয়ায় ব্যবস্থাপক বা সহকর্মীরা তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি বুঝতে ব্যর্থ হতে পারেন।
কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে করণীয়
নিবন্ধে বলা হয়েছে, হয়রানির ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে শুরু থেকেই নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য প্রতিষ্ঠানের নীতিমালা ও ব্যবস্থাপনায় কয়েকটি পরিবর্তন আনা প্রয়োজন।
আরও পড়ুন: সারা লাইফস্টাইল ও ঢেউয়ের নতুন শীতকালীন কালেকশন উন্মোচন
প্রথমত, কাজের দায়িত্ব, সুযোগ-সুবিধা ও পুরস্কার বণ্টনে স্বচ্ছতা থাকতে হবে। এতে সহকর্মীদের মধ্যে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা, ঈর্ষা ও গোপন বিরোধ কমতে পারে।
দ্বিতীয়ত, প্রকাশ্য অপমানের পাশাপাশি গুজব ছড়ানো, গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা এবং কাজে ইচ্ছাকৃত বাধা দেওয়ার মতো পরোক্ষ হয়রানিকেও প্রতিষ্ঠানের নীতিমালায় নিষিদ্ধ করতে হবে।
তৃতীয়ত, কর্মীদের পারস্পরিক সম্মান, ভিন্ন যোগাযোগের ধরন বোঝা এবং সংবেদনশীল পরিস্থিতি সামলানোর বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। বিশেষ করে ব্যবস্থাপকদের এমনভাবে প্রশিক্ষিত করা প্রয়োজন, যাতে তাঁরা হয়রানির অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করতে পারেন।
নিবন্ধের লেখকের মতে, কর্মক্ষেত্রে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে কর্মীরা সম্মান বজায় রেখে নির্ভয়ে নিজেদের মতামত জানাতে পারবেন। কারও অভিযোগ বা ভিন্নমত প্রকাশকে শাস্তির কারণ হিসেবে দেখা যাবে না।
আরও পড়ুন: ঝড়বৃষ্টির মধ্যে নৌকায় যাত্রীদের অভিজ্ঞতা: সুমনার পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন দেখা হবে
অটিজমে আক্রান্ত ব্যক্তিদের হয়রানি বন্ধ করতে শুধু ব্যক্তির আচরণ পরিবর্তনের চেষ্টা যথেষ্ট নয়। বরং প্রতিষ্ঠানের সংস্কৃতি, ব্যবস্থাপনা ও নীতিমালায় পরিবর্তন আনতে হবে। এতে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের পাশাপাশি সব কর্মীর জন্যই কর্মপরিবেশ আরও নিরাপদ ও সহায়ক হয়ে উঠবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন