ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাগলা মসজিদের দানবাক্সে প্রেমের চিঠি, স্বর্ণার মনে স্থান চেয়ে প্রার্থনা


পাগলা মসজিদের দানবাক্সে প্রেমের চিঠি, স্বর্ণার মনে স্থান চেয়ে প্রার্থনা

এক ব্যক্তির হাতে লেখা সাদা কাগজের ছোট্ট চিঠিতে তিনি এক প্রেমিকাকে ভুলে যেতে না পারার কথা ব্যক্ত করেছেন। সেইসঙ্গে আল্লাহর কাছে স্বর্ণার মনে স্থান দেওয়ার জন্য প্রার্থনাও করেছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। এরপর দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় বেনামে লেখা একটি চিঠি পাওয়া যায়।

চিঠিতে ওই ব্যক্তি উল্লেখ করেন, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’—এমন আবেগঘন কথায় লেখা একটি চিঠি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে।

আরও পড়ুন: মেহমান যেন মেজবানের পাপের কারণ না হয়: আবু শুরাইহ খুযাঈ (রা.)-এর বর্ণনা

চিঠির কিছু লাইনে কারো প্রতি গভীর টান, আবেগ এবং মনের একান্ত আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি দানবাক্সে প্রায়ই মানুষের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করা এমন শত শত চিঠি পাওয়া যায়।

পাগলা মসজিদে মানুষ নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে দান করেন। সেই দানের সঙ্গে কখনো কখনো মানুষের ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা এবং না-বলা কথার প্রকাশও পাওয়া যায়। স্বর্ণাকে পাওয়ার আকুতি জানিয়ে লেখা এই চিঠিও যেন তেমনই এক অনুভূতির নিদর্শন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে ৫ % ঘুষের অভিযোগ! প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফ ও উপপ্রকল্প পরিচালক আনোয়ারুজ্জামানকে ঘিরে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

মো:রাজিব তালুকদার

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে ৫ % ঘুষের অভিযোগ! প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফ ও উপপ্রকল্প পরিচালক আনোয়ারুজ্জামানকে ঘিরে তোলপাড়

জনগণের নিরাপদ পানির প্রকল্পে অনিয়মের অভিযোগ, জেলা পর্যায়ে এজেন্ট নেটওয়ার্কের দাবি—প্রশাসনিক তদন্তের দাবি

 জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) আওতাধীন ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ ঘিরে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। প্রকল্পটির পরিচালক মোহাম্মদ হানিফ ও উপ-প্রকল্প পরিচালক আনোয়ারুজ্জামানকে কেন্দ্র করে এসব অভিযোগ । প্রকল্পের বিভিন্ন কাজের অনুমোদন, প্রশাসনিক কার্যক্রম এবং ঠিকাদারি বিলসংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেনের অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন।

১৯৩৬ সালে প্রতিষ্ঠিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্ব

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্থানীয় সরকার বিভাগের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। জনস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে নিরাপদ পানি সরবরাহের দায়িত্ব নিয়ে ১৯৩৬ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৪৫ সালে এর সঙ্গে যুক্ত হয় স্যানিটেশন সেবা প্রদানের দায়িত্ব।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত পানি সরবরাহ ও স্যানিটেশন অবকাঠামো পুনর্বাসনে সরকার গুরুত্ব দেয়। পরবর্তী সময়ে নতুন অবকাঠামো নির্মাণ ও পানি সরবরাহব্যবস্থা সম্প্রসারণের দায়িত্ব পালন করে অধিদপ্তরটি।

বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও খুলনা ওয়াসার আওতাধীন এলাকা ব্যতীত দেশের অন্যান্য এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন অবকাঠামো নির্মাণ এবং ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই অধিদপ্তর।

জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা, বিশুদ্ধ পানির প্রাপ্যতা এবং পরিবেশসম্মত স্যানিটেশন নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প ঘিরে প্রশ্ন

দেশের সাধারণ মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ গ্রহণ করা হয়। প্রকল্পটির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় নিরাপদ পানির অবকাঠামো নির্মাণ ও পানি সরবরাহব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এমন একটি জনকল্যাণমূলক প্রকল্পের কার্যক্রম ঘিরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে। প্রকল্পের বরাদ্দ, কাজের অনুমোদন, ঠিকাদারি কার্যক্রম, বিল পরিশোধ এবং বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফকে ঘিরে অভিযোগ

মোহাম্মদ হানিফের,পিতা:মোহাম্মদ আলী এবং মাতা ফিরোজা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মোহনপুর ।

তিনি এর আগে একই প্রকল্পে উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে প্রকল্পটির পরিচালক হিসেবে তুষার মোহন সাধুখা দায়িত্ব পালন করেছেন ।

প্রকল্প পরিচালকের দায়িত্ব পরিবর্তনের পেছনে রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের বিষয় ছিল। সাবেক আওয়ামীলীগ সরকারের মন্ত্রী, সচিব ও রাজনৈতিক নেতাদের প্রভাব ব্যবহারের অভিযোগ ।

তবে প্রকৃত ঘটনা জানতে দায়িত্ব পরিবর্তনের সরকারি আদেশ, পদায়ন সংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া পরীক্ষা করা প্রয়োজন।

প্রকল্প অনুমোদনে ৫ শতাংশ অর্থ দাবির অভিযোগ

প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, তাঁর অধীন বিভিন্ন প্রকল্পের কাজের অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে ৫ % অর্থ দিতে হয়।

অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট কোনো ঠিকাদার বা কর্মকর্তা এই অর্থ দিতে আপত্তি জানালে তাঁদের ঊর্ধ্বতন সচিব, মন্ত্রী কিংবা প্রধান প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়।এতে ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশাসনিক চাপের মুখে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।

জেলা পর্যায়ে এজেন্ট নেটওয়ার্কের অভিযোগ

অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো, দেশের বিভিন্ন জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে মধ্যস্থতাকারী বা এজেন্ট নেটওয়ার্ক সক্রিয় ।

অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন কাজের অনুমোদন, প্রকল্প বাস্তবায়ন, বিল ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রমকে কেন্দ্র করে এই নেটওয়ার্কের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়।

এক্ষেত্রে প্রকল্পের সাবেক এস্টিমেটর আনোয়ারুজ্জামানের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমে মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ এবং অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় তাঁর ভূমিকা রয়েছে।পরবর্তীতে তাঁকে উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টিও প্রশ্নের জন্ম দিয়েছে বলে অভিযোগকারীদের দাবি।

তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব বণ্টনের আদেশ, প্রকল্পের নথি, ঠিকাদারি বিল এবং আর্থিক লেনদেনের তথ্য পরীক্ষা করা জরুরি।

রাজনৈতিক পরিচয় ও প্রভাব বিস্তারের অভিযোগ

অভিযোগকারীদের দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মোহাম্মদ হানিফ নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষের ব্যক্তি হিসেবে পরিচয় দিতে শুরু করেন। পরবর্তী সময়ে বিএনপির বিভিন্ন নেতা, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে প্রশাসনিক কার্যক্রমে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে।

সাংবাদিকদের প্রশ্নে মিলেনি বক্তব্য

অভিযোগসংক্রান্ত তথ্য যাচাই করতে সংবাদকর্মীরা প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেন। কিন্তু তাঁর সাক্ষাৎ পাওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে উপপ্রকল্প পরিচালক আনোয়ারুজ্জামানের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে অফিসে পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে জানতে হলে প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এদিকে প্রধান প্রকৌশলীর বক্তব্য জানার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

প্রধান প্রকৌশলী জামানুর রহমানের দায়িত্ব পরিবর্তন নিয়েও প্রশ্ন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব পাওয়ার আগে মো. জামানুর রহমান ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন বলে প্রকাশিত তথ্য থেকে জানা যায়। এর আগে সিরাজগঞ্জে নির্বাহী প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালনের তথ্য রয়েছে।

তাঁর দায়িত্ব পরিবর্তনের সময় প্রকল্প পরিচালকের পদে পরিবর্তন ও সংশ্লিষ্ট প্রশাসনিক সিদ্ধান্তগুলোর মধ্যে কোনো যোগসূত্র ছিল কি না, তা সরকারি নথি পর্যালোচনার মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

নিরপেক্ষ তদন্তের দাবি

জনগণের নিরাপদ পানি নিশ্চিত করার জন্য বরাদ্দ অর্থ কোনোভাবেই অনিয়মের সুযোগে পরিণত হওয়া উচিত নয়। তাই প্রকল্পটির শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত—

১. প্রকল্পের মোট বরাদ্দ ও অর্থ ছাড়ের হিসাব।
২. প্রকল্প পরিচালকদের দায়িত্ব গ্রহণ ও পরিবর্তনের আদেশ।
৩. ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন ও কার্যাদেশ প্রদানের প্রক্রিয়া।
৪. কাজের অনুমোদন ও বিল পরিশোধের নথি।
৫. ৫ শতাংশ অর্থ দাবির অভিযোগের সত্যতা।
৬. জেলা পর্যায়ের মধ্যস্থতাকারী নেটওয়ার্কের অভিযোগ।
৭. সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদ বিবরণী ও আইনসম্মত আর্থিক যাচাই।

এসব বিষয় তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হচ্ছে।

শেষ প্রশ্ন: জনগণের নিরাপদ পানি নিশ্চিত করার জন্য যে প্রকল্প, সেই প্রকল্পের অর্থ ও বাস্তবায়ন কার্যক্রম কতটা স্বচ্ছ? অভিযোগের সত্যতা নির্ধারণে এখন প্রয়োজন নথিভিত্তিক তদন্ত ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের বিরুদ্ধে ৮৫৪ হামলা, ১৯৩ জন নিহত-আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


হুথিদের বিরুদ্ধে ৮৫৪ হামলা, ১৯৩ জন নিহত-আহত

ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে হুথিদের বিরুদ্ধে ৮৫৪টি হামলা চালানোর দাবি করেছে দেশটির পশ্চিমা সমর্থিত সরকারের সেনাবাহিনী। এই হামলাগুলোর ফলে ১৯৩ জন হুথি নেতা ও যোদ্ধা হতাহত হয়েছেন। একই সঙ্গে, ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নাজিলি এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে পপুলার রেজিস্ট্যান্সের সহযোগিতায় সরকারি বাহিনী এসব অভিযান পরিচালনা করেছে।

আল-নাজিলি জানান, অভিযানে ৩১টি বিমান হামলা, ৬৮৭টি গোলাবর্ষণ, ৯১টি ড্রোন হামলা এবং রকেট লঞ্চারের মাধ্যমে ৪৫টি হামলা চালানো হয়েছে।

এই হামলাগুলোর লক্ষ্য ছিল হুথিদের অবস্থান, সমাবেশস্থল ও সামরিক স্থাপনা। এতে মাঠপর্যায়ের ১৯৩ জন কমান্ডার ও যোদ্ধা হতাহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

এছাড়া, ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় হুথিদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং প্রতিরক্ষা স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সেনাবাহিনীর মুখপাত্র জানান।

তিনি আরো বলেন, আল-জাওফ, মারিব, তাইজ ও দক্ষিণাঞ্চলীয় রণাঙ্গনে হুথিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে গোষ্ঠীটির চলাচল এবং হামলার উৎসগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তবে হতাহতসংক্রান্ত এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে শুক্রবার পশ্চিম ইয়েমেনের হুদাইদা বন্দরের বিভিন্ন স্থাপনা এবং রাজধানী সানায় হুথিদের সামরিক কার্যক্রমে ব্যবহৃত কয়েকটি স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার কথাও জানিয়েছেন সেনাবাহিনী।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানী সানা ও বেশ কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমা সমর্থিত ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে ২০১৫ সালের মার্চে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট।

সূত্র: আনাদোলু

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋতুপর্ণার গাড়ি দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে, অল্পের জন্য রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


ঋতুপর্ণার গাড়ি দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে, অল্পের জন্য রক্ষা

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। দুর্ঘটনার ফলে তার পার্ক করা গাড়ির পেছনের বাঁ পাশের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে অভিনেত্রী নিরাপদে রয়েছেন।

এই দুর্ঘটনা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঘটে, অভিনেত্রীর বাড়ির সামনে।

ঘটনার বিস্তারিত জানিয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, দুর্ঘটনার সময় তিনি বাড়ির ভেতরে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তিনি বাড়ির কর্মীদের সঙ্গে বাইরে এসে দেখেন, একটি ম্যাটাডোর তার পার্ক করা গাড়িতে সজোরে ধাক্কা দিয়েছে। এতে তার গাড়ির পাশাপাশি এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অভিনেত্রী বলেন, "দুর্ঘটনার সময় সেখানে কোনো মানুষ উপস্থিত থাকলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।"

দুর্ঘটনার পরপরই ম্যাটাডোরের চালককে আটক করা হয়। চালক যেন পালিয়ে যেতে না পারেন, সে জন্য গাড়ির চাবিও নিয়ে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তি গাড়িটির অনুমোদিত চালক নন। তিনি একটি ক্যাটারিং সার্ভিসের কর্মী।

ঋতুপর্ণা জানান, চালক নিজেই স্বীকার করেছেন যে, তার বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই এবং কোনো অনুমতি ছাড়াই তিনি গাড়িটি চালাচ্ছিলেন।

এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে অভিনেত্রী বলেন, "এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে প্রত্যেকেরই দায়িত্বশীল হওয়া জরুরি।"

উল্লেখ্য, দুর্ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অক্ষত রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন ম্যাকোলে কালকিন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন ম্যাকোলে কালকিন

জনপ্রিয় ক্রিসমাস কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হোম অ্যালন’-এর নতুন সিক্যুয়ালে ফিরছেন অভিনেতা ম্যাকোলে কালকিন। সিনেমাটির নির্মাণকাজ বর্তমানে ডিজনির তত্ত্বাবধানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এতে কালকিনের সঙ্গে কাজ করবেন চলচ্চিত্র নির্মাতা সেথ রোগেন ও ইভান গোল্ডবার্গ।

নতুন সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখছেন ম্যাকোলে কালকিন, সেথ রোগেন ও ইভান গোল্ডবার্গ। রোগেন ও গোল্ডবার্গ তাদের প্রযোজনা সংস্থা ‘পয়েন্ট গ্রে’-এর মাধ্যমে সিনেমাটি প্রযোজনার কাজও করবেন।

তবে সিনেমাটির গল্প বা অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। নির্মাণকাজ শুরু হতে কিছুটা সময় লাগতে পারে। কারণ, রোগেন ও গোল্ডবার্গ বর্তমানে ইউনিভার্সালের জন্য একটি মৌলিক হরর-কমেডি সিনেমা তৈরির প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটি তারা পরিচালনাও করতে পারেন।

১৯৯০ সালে মুক্তি পায় ‘হোম অ্যালন’ সিরিজের প্রথম সিনেমা। এতে কেভিন ম্যাকঅ্যালিস্টার চরিত্রে অভিনয় করেন ম্যাকোলে কালকিন। গল্পে দেখা যায়, বড়দিনের ছুটিতে পরিবারের সবাই বেড়াতে গেলে ভুল করে বাড়িতে একা থেকে যায় ছোট্ট কেভিন। প্রথমে একা থাকার স্বাধীনতা উপভোগ করলেও পরে দুই চোরের হাত থেকে নিজের বাড়ি রক্ষার লড়াইয়ে নামে সে। চোর দুটির চরিত্রে অভিনয় করেন জো পেসি ও ড্যানিয়েল স্টার্ন।

ক্রিস কলম্বাস পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছিলেন জন হিউজ। এতে আরো অভিনয় করেন ক্যাথরিন ও’হারা, জন হার্ড ও রবার্ট ব্লসম। দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ১৯৯২ সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউ ইয়র্ক’। সেখানে আবারও কেভিন চরিত্রে দেখা যায় কালকিনকে। তবে এবার নিউইয়র্ক শহরে একা হয়ে যায় সে।

এরপর ১৯৯৭ সালে মুক্তি পায় ‘হোম অ্যালন ৩’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন অ্যালেক্স ডি. লিনজ। ভ্যারাইটির তথ্য অনুযায়ী, পরে ফ্র্যাঞ্চাইজিটির আরো তিনটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে দুটি টেলিভিশন চলচ্চিত্র এবং ২০২১ সালে ডিজনি প্লাসে মুক্তি পাওয়া ‘হোম সুইট হোম অ্যালন’ রয়েছে।

গত গ্রীষ্মে ক্রিসমাসভিত্তিক ম্যাকডোনাল্ডসের একটি বিজ্ঞাপনে প্রাপ্তবয়স্ক কেভিন চরিত্রে কালকিনকে দেখা যাওয়ার পর ফ্র্যাঞ্চাইজিতে তার ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। নতুন সিক্যুয়ালের খবরে সেই আলোচনা আরো জোরালো হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%