ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মেহমান যেন মেজবানের পাপের কারণ না হয়: আবু শুরাইহ খুযাঈ (রা.)-এর বর্ণনা


মেহমান যেন মেজবানের পাপের কারণ না হয়: আবু শুরাইহ খুযাঈ (রা.)-এর বর্ণনা

বিশিষ্ট সাহাবি হজরত আবু শুরাইহ খুযাঈ (রা.) থেকে বর্ণিত একটি ঘটনা রয়েছে, যেখানে তিনি উল্লেখ করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "মেহমানদারি তিন দিন এবং উত্তমরূপে মেহমানদারি এক দিন ও এক রাত।" তিনি আরও বলেন, "কোনো মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের কাছে অবস্থান করে তাকে পাপে নিপতিত করবে।"

এই বক্তব্যের প্রেক্ষিতে সাহাবারা প্রশ্ন করেন, "হে আল্লাহর রাসুল (সা.)! কিভাবে সে তাকে পাপে নিপতিত করবে?" রাসুলুল্লাহ (সা.) উত্তর দেন, "সে (মেহমান) তার নিকট (এমন বেশি দিন) থাকবে, অথচ তার (মেজবানের) এমন সম্বল নেই, যা দ্বারা সে তার মেহমানদারি করবে।" (সহিহ মুসলিম, হাদিস : ৪৪০৬)

আরও পড়ুন: সব ধরনের পাপ থেকে মুক্তির জন্য নবী মুহাম্মদ (সা.)-এর দোয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) এই হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে। এএফপির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমে ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হন। হামলায় আহত হন আরও কয়েকজন। আল-আকসা শহীদ হাসপাতাল ও আল-আওদা হাসপাতাল—দুটিতেই নিহতদের মরদেহ নেওয়া হয়।

এছাড়া, দেইর আল-বালাহর আল-মুনাসারা বাস্তুচ্যুত শিবিরে একটি তাঁবুকে লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। নুসেইরাত শরণার্থীশিবিরের উত্তর অংশে আরেকটি ড্রোন হামলায় প্রাণ হারান আরও একজন। এসব হামলার পর আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ আরও দুটি মরদেহ গ্রহণের কথা জানিয়েছে।

এএফপির পক্ষ থেকে জানতে চাওয়া হলে, ইসরাইলি সামরিক বাহিনী জানায়, শুক্রবার গাজার বিভিন্ন স্থানে ‘সশস্ত্র যোদ্ধাদের’ লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে।

এক দিন আগে, বৃহস্পতিবার, মধ্য গাজায় ট্যাংক নিয়ে চালানো স্থল অভিযান শেষ করার ঘোষণা দেয় ইসরাইলি সামরিক বাহিনী। আগের দিন শুরু হওয়া ওই অভিযান হামাসের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডের কয়েকটি এলাকায় পরিচালিত হয়।

অভিযানটি যুদ্ধবিরতির আওতায় নির্ধারিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে পরিচালিত হয়। এই রেখা ইসরাইলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা ও হামাসের নিয়ন্ত্রণাধীন অঞ্চলকে আলাদা করেছে। ইসরাইলি বাহিনীর দাবি, অভিযানে সেনাদের জন্য হুমকি তৈরি করা একটি ‘সন্ত্রাসী সুড়ঙ্গ’ ধ্বংস করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, শিক্ষার্থীরা আটকে দিলেন নীলাচলের ৮ বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, শিক্ষার্থীরা আটকে দিলেন নীলাচলের ৮ বাস

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হাফ ভাড়া দেওয়ার কারণে হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহণের এক বাসকর্মীর বিরুদ্ধে। প্রতিবাদস্বরূপ, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা পরিবহণটির ৭ থেকে ৮টি বাস আটক করে রেখেছেন।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজের সামনে এই বাসগুলো আটক করা হয়। এ সময় ঢাকা কলেজের একদল শিক্ষার্থীও প্রতিবাদে তাদের সঙ্গে যোগ দেন।

ভুক্তভোগী শিক্ষার্থী ফাল্গুনী জাহান বৃষ্টি, যিনি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, অভিযোগ করেন যে গত শুক্রবার (২০ নভেম্বর) সাভার যাওয়ার পথে নীলাচল পরিবহণের একটি বাসে হাফ ভাড়া দেওয়ার কারণে বাসটির এক কর্মী তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

বৃষ্টি জানান, বাসে ওঠার আগে বাসকর্মী তার গন্তব্য জানতে চান। তিনি সাভার যাওয়ার কথা জানালে তাকে বাসে উঠতে বলা হয়। পরে, বাসে শিক্ষার্থীদের পরিচয় জানতে চাইলে তিনি হাত তুলে নিজের পরিচয় দেন এবং পরিচয়পত্র দেখান। এরপর নিয়মিত যাতায়াতের মতো ৩০ টাকা ভাড়া দেন তিনি। কিন্তু বাসকর্মী তার কাছে ৪৫ টাকা দাবি করেন।

বৃষ্টি বলেন, ‘আমি তাকে বলেছি, নিয়মিত ৩০ টাকা দিয়েই যাতায়াত করি। তখন তিনি আমার দিকে ১০ টাকা ছুড়ে দিয়ে গাবতলীতে নেমে যেতে বলেন। আমি জানতে চাই, সাভার যাওয়ার কথা বলার পর আমাকে বাসে উঠিয়ে মাঝপথে নামতে বলছেন কেন? তখন তিনি বলেন, তুই নামবি না কেন, তোর বাপসহ নামবি।’

তিনি আরও অভিযোগ করেন, ওই বাসকর্মী অন্য এক শিক্ষার্থীর সঙ্গেও খারাপ ব্যবহার করেন। এ সময় বাসের অন্যান্য যাত্রীরা প্রতিবাদ জানান। পরে, ওই কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আসা-যাওয়া করলেও কিছু করতে পারেননি বলে তাকে হুমকিসূচক কথা বলেন।

বৃষ্টি আরও বলেন, ‘আমি নিজে থেকে বাসে উঠিনি। বাসের কর্মীই আমার গন্তব্য জেনে আমাকে উঠিয়েছেন। অথচ ভাড়া নিয়ে আপত্তি করায় আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, ফিটাল সার্জারির কার্যপ্রণালী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, ফিটাল সার্জারির কার্যপ্রণালী

সন্তানের জন্মের পর শারীরিক জটিলতা দেখা দিলে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে। তবে কিছু জন্মগত সমস্যা রয়েছে, যেগুলোর চিকিৎসা শিশুর জন্মের আগেই করা সম্ভব। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে মায়ের গর্ভেই ভ্রূণের বিভিন্ন শারীরিক জটিলতা শনাক্ত করে অস্ত্রোপচার বা বিশেষ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। এই পদ্ধতিকে ফিটাল সার্জারি বা ভ্রূণ শল্যচিকিৎসা বলা হয়।

ভ্রূণের হৃদপিণ্ড, ফুসফুস, মেরুদণ্ড, মূত্রনালী কিংবা প্লাসেন্টার রক্তনালীর জটিলতা মোকাবিলায় এই চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে মায়ের পেটে ছোট ছিদ্র করে সূক্ষ্ম যন্ত্র প্রবেশ করানো হয়, আবার কোথাও লেজার বা বেলুন ব্যবহার করে চিকিৎসা দেওয়া হয়। জটিল কিছু ক্ষেত্রে মায়ের জরায়ু সাময়িকভাবে খুলে সরাসরি ভ্রূণের অস্ত্রোপচার করতে হয়।

তবে ফিটাল সার্জারির মাধ্যমে ভ্রূণের সব ধরনের জন্মগত সমস্যার চিকিৎসা করা সম্ভব নয়। চিকিৎসকেরা গর্ভাবস্থার সময়কাল, সমস্যার ধরন এবং মা ও ভ্রূণের শারীরিক অবস্থা বিবেচনা করেই এ পদ্ধতি প্রয়োগের সিদ্ধান্ত নেন।

মেরুদণ্ডের জন্মগত ত্রুটি সংশোধনে অস্ত্রোপচার

ভ্রূণের মেরুদণ্ডের অন্যতম জন্মগত ত্রুটি স্পাইনা বিফিডা। এই সমস্যায় মেরুদণ্ডের হাড় সম্পূর্ণভাবে বন্ধ হয় না, ফলে মেরুদণ্ডের ভেতরে থাকা স্নায়ু ও সুরক্ষাকারী টিস্যু বাইরে বেরিয়ে আসতে পারে। এতে শিশুর স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মস্তিষ্কে তরল জমার মতো জটিলতা দেখা দিতে পারে।

এ ধরনের পরিস্থিতিতে গর্ভাবস্থাতেই অস্ত্রোপচার করা সম্ভব। চিকিৎসকেরা মায়ের জরায়ু উন্মুক্ত করে ভ্রূণের মেরুদণ্ডের উন্মুক্ত অংশ মেরামত করেন। এরপর জরায়ু আবার বন্ধ করে দেওয়া হয়, যাতে ভ্রূণ গর্ভেই বেড়ে উঠতে পারে।

চলতি বছরের ১২ নভেম্বর ভারতের দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) চিকিৎসকেরা ২৫ সপ্তাহের এক গর্ভবতী নারীর ভ্রূণের মেরুদণ্ডে অস্ত্রোপচার করেন। ভারতে এ পদ্ধতিতে এটিই প্রথম অস্ত্রোপচার বলে উল্লেখ করা হয়েছে।

তবে এই অস্ত্রোপচার স্পাইনা বিফিডার সম্পূর্ণ নিরাময় নয়। এর মূল উদ্দেশ্য হলো স্নায়ুর আরও ক্ষতি প্রতিরোধ করা এবং জন্মের পর সম্ভাব্য জটিলতা কমানো।

হৃদপিণ্ডের ভালভের সংকীর্ণতা দূর করতে বেলুন চিকিৎসা

ভ্রূণের হৃদপিণ্ডের কোনো ভালভ জন্মের আগেই সংকীর্ণ হয়ে গেলে কিংবা বন্ধ হয়ে গেলে স্বাভাবিক রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এ সমস্যা মোকাবিলায় বেলুন পদ্ধতি ব্যবহার করা হয়।

এ চিকিৎসায় মায়ের পেটের মধ্য দিয়ে সূক্ষ্ম সূঁচ প্রবেশ করিয়ে ভ্রূণের হৃদপিণ্ড পর্যন্ত পৌঁছানো হয়। এরপর একটি ছোট বেলুন সংকীর্ণ ভালভের কাছে নিয়ে ফুলিয়ে দেওয়া হয়। এতে ভালভের সংকীর্ণতা কমিয়ে রক্ত চলাচলের পথ প্রসারিত করার চেষ্টা করা হয়।

২০১৪ সালে ভারতের হায়দরাবাদে ২৭ সপ্তাহের এক গর্ভবতী নারীর ভ্রূণের হৃদপিণ্ডের ভালভের জটিলতা নিরসনে এ পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল।

ফুসফুসের টিউমার ও বুকে জমা তরলের চিকিৎসা

গর্ভাবস্থায় কোনো কোনো ভ্রূণের ফুসফুসের টিস্যুতে অস্বাভাবিক বৃদ্ধি বা টিউমার তৈরি হতে পারে। এটি হৃদপিণ্ড ও ফুসফুসের ওপর চাপ সৃষ্টি করে ভ্রূণের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

২০১৯ সালে ভারতের কেরালার অমৃতা হাসপাতালে ২১ সপ্তাহের এক ভ্রূণের ফুসফুসে বড় টিউমার শনাক্ত হওয়ার পর লেজার প্রযুক্তিতে চিকিৎসা করা হয়। এ পদ্ধতিতে টিউমারে রক্ত সরবরাহকারী নালীগুলো বন্ধ করে এর বৃদ্ধি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।

এ ছাড়া ভ্রূণের বুকের ভেতর তরল জমলেও গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তরলের চাপে ফুসফুস সংকুচিত হয়ে যেতে পারে এবং হৃদপিণ্ডের ওপর চাপ বাড়তে পারে।

এ অবস্থায় ভ্রূণের বুকে একটি সূক্ষ্ম নল স্থাপন করা হয়। এর মাধ্যমে জমে থাকা তরল বের করে দেওয়া সম্ভব হয়। ফলে ফুসফুস আবার প্রসারিত হওয়ার সুযোগ পায় এবং হৃদপিণ্ডের ওপর চাপ কমতে পারে। ২০২১ সালে ভারতের নাগপুরে ২৮ সপ্তাহের এক গর্ভবতী নারীর ভ্রূণের ক্ষেত্রে এ পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল।

মূত্রনালীর বাধা দূর করে কিডনি রক্ষার চেষ্টা

ভ্রূণের মূত্রনালীতে জন্মগত বাধা থাকলে মূত্রথলি থেকে প্রস্রাব স্বাভাবিকভাবে বের হতে পারে না। এতে মূত্রথলিতে প্রস্রাব জমে যায় এবং কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

নির্দিষ্ট পরিস্থিতিতে গর্ভাবস্থাতেই এ সমস্যার চিকিৎসা করা সম্ভব। এ জন্য ভ্রূণের মূত্রথলিতে একটি ছোট নল স্থাপন করে প্রস্রাব বের হওয়ার বিকল্প পথ তৈরি করা হয়।

২০১৮ সালে ভারতের কেরালায় ২২ সপ্তাহের এক ভ্রূণের মূত্রনালীর বাধা দূর করতে চিকিৎসকেরা লেজারযুক্ত সূক্ষ্ম যন্ত্র ব্যবহার করেছিলেন। এর উদ্দেশ্য ছিল প্রস্রাবের প্রবাহ নিশ্চিত করা এবং কিডনির ক্ষতির ঝুঁকি কমানো।

যমজ ভ্রূণের রক্তপ্রবাহের ভারসাম্য রাখতে লেজার

যমজ গর্ভধারণের ক্ষেত্রে কখনো কখনো দুই ভ্রূণ একই প্লাসেন্টা ভাগ করে নেয়। এ সময় প্লাসেন্টার সংযুক্ত রক্তনালীগুলোর মাধ্যমে এক ভ্রূণ থেকে অন্য ভ্রূণে অসম পরিমাণ রক্ত প্রবাহিত হতে পারে। এ সমস্যাকে টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম (টিটিটিএস) বলা হয়।

এতে একটি ভ্রূণ প্রয়োজনের তুলনায় বেশি রক্ত পেলেও অন্যটি রক্তস্বল্পতায় ভুগতে পারে। দুই শিশুর স্বাভাবিক বিকাশের জন্যই এটি ঝুঁকিপূর্ণ।

এ সমস্যার চিকিৎসায় ফেটোস্কোপি পদ্ধতি ব্যবহার করা হয়। মায়ের পেটের মধ্য দিয়ে ক্যামেরাযুক্ত সূক্ষ্ম যন্ত্র প্রবেশ করিয়ে প্লাসেন্টার অস্বাভাবিক সংযুক্ত রক্তনালীগুলো শনাক্ত করা হয়। এরপর লেজার ব্যবহার করে সেগুলো বন্ধ করে দেওয়া হয়। এর ফলে দুই ভ্রূণের মধ্যে অসম রক্তপ্রবাহ বন্ধ করার চেষ্টা করা হয়।

২০১১ সালে ভারতের চেন্নাইয়ে এ ধরনের চিকিৎসায় লেজার ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া ২০১৬ সালে লক্ষ্ণৌয়ের চিকিৎসকেরা প্লাসেন্টায় তৈরি হওয়া বড় রক্তনালীর টিউমারের চিকিৎসা করেন। ওই টিউমার প্লাসেন্টার স্বাভাবিক রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করছিল।

মাতৃগর্ভেই ভ্রূণকে রক্ত সঞ্চালন

ফিটাল সার্জারি ছাড়াও গর্ভস্থ শিশুর বিভিন্ন জটিলতা মোকাবিলায় বিশেষ চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো মাতৃগর্ভে ভ্রূণকে রক্ত সঞ্চালন।

কখনো কখনো মায়ের শরীরে তৈরি হওয়া নির্দিষ্ট অ্যান্টিবডি ভ্রূণের লোহিত রক্তকণিকা ধ্বংস করতে শুরু করে। এর ফলে ভ্রূণের শরীরে মারাত্মক রক্তাল্পতা দেখা দিতে পারে।

এ অবস্থায় চিকিৎসকেরা নাভি-রজ্জুর মধ্য দিয়ে ভ্রূণের রক্তনালীতে সরাসরি রক্ত পৌঁছে দেন। এর মাধ্যমে ভ্রূণের রক্তাল্পতা মোকাবিলা করা সম্ভব হয়।

তবে এ চিকিৎসারও ঝুঁকি রয়েছে। চিকিৎসার সময় জরায়ু ফেটে যাওয়া, নির্ধারিত সময়ের আগে প্রসব এবং প্লাসেন্টা-সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে।

চিকিৎসার সিদ্ধান্ত নির্ভর করে মা ও ভ্রূণের অবস্থার ওপর

মাতৃগর্ভে অস্ত্রোপচার বা চিকিৎসার সুযোগ থাকলেও সব ভ্রূণের ক্ষেত্রে তা প্রয়োগ করা যায় না। কোন পদ্ধতি ব্যবহার করা হবে, তা নির্ভর করে ভ্রূণের সমস্যার ধরন, গর্ভাবস্থার সময়কাল এবং মা ও শিশুর শারীরিক অবস্থার ওপর।

কারণ, জন্মের আগেই ভ্রূণের সমস্যা সমাধানের চেষ্টা করতে গিয়ে মা ও শিশু উভয়ের জন্যই ঝুঁকি তৈরি হতে পারে। তাই চিকিৎসকেরা সম্ভাব্য উপকারের পাশাপাশি অস্ত্রোপচার বা চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া এবং জটিলতার আশঙ্কাও বিবেচনা করেন।

সব মিলিয়ে, ফিটাল সার্জারি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর মাধ্যমে নির্দিষ্ট কিছু জন্মগত সমস্যা ও শারীরিক জটিলতা শিশুর জন্মের আগেই মোকাবিলা করা সম্ভব হচ্ছে। এ চিকিৎসার মূল লক্ষ্য হলো গর্ভাবস্থায় ভ্রূণের অঙ্গপ্রত্যঙ্গের আরও ক্ষতি ঠেকানো এবং জন্মের পর সম্ভাব্য জটিলতা কমিয়ে আনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যের টুর্নামেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এটিপি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


মধ্যপ্রাচ্যের টুর্নামেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এটিপি

ঢাকা, ২১ নভেম্বর ২০২৬ : যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাওয়া টেনিস টুর্নামেন্টগুলোর ব্যাপারে আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল গ্রহণ করেছে পুরুষদের পেশাদার টেনিসের নিয়ন্ত্রক সংস্থা এটিপি। শুক্রবার এই তথ্য জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আন্দ্রে গাউদেনজি।

দুবাই ও দোহায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট সম্পর্কে গাউদেনজি মন্তব্য করেন, “কার্যত আমরা আপাতত অপেক্ষা করে পরিস্থিতি দেখার সিদ্ধান্ত নিয়েছি।”

আগামী বছরের ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় এটিপি ৫০০ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এক সপ্তাহ পর দুবাই তাদের নিজস্ব টুর্নামেন্ট আয়োজন করবে।

ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব উপসাগরীয় দেশগুলোতে পড়েছে। এর ফলে বেশ কিছু ক্রীড়া আয়োজন বাতিল অথবা অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

তুরিনে এটিপি ফাইনালসের ফাঁকে সংবাদ সম্মেলনে গাউদেনজি বলেন, “অঞ্চলটির ভূরাজনৈতিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই। খেলোয়াড় ও আমাদের কর্মীদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই।”

তিনি আরও উল্লেখ করেন, “আমাদের ক্ষেত্রে অপেক্ষা করার সুযোগ রয়েছে। কারণ, এটি এটিপি ৫০০ টুর্নামেন্টের সপ্তাহ। বিকল্প হিসেবে অন্যান্য টুর্নামেন্ট রয়েছে, বিশেষ করে আকাপুলকো ও ডালাসে। তাই খেলোয়াড়দের সামনে মধ্যপ্রাচ্যে না যাওয়ার বিকল্পও থাকছে। উদাহরণ হিসেবে বললে, নারীদের পেশাদার টেনিসের নিয়ন্ত্রক সংস্থা ডব্লিউটিএর ক্ষেত্রে এমন সুযোগ নেই।”

গাউদেনজি আরও জানান, “বিকল্প পরিকল্পনা হিসেবে আমরা বিভিন্ন সুযোগ খতিয়ে দেখছি। যেমন, নতুন টুর্নামেন্ট আয়োজন করা কিংবা অন্যান্য টুর্নামেন্টগুলোর ড্রয়ের পরিধি বাড়ানো। এর মাধ্যমে খেলোয়াড়দের কাজের সুযোগ ও টুর্নামেন্টে অংশগ্রহণের ধারাবাহিকতা বজায় থাকবে।”

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবে বেশ কিছু ক্রীড়া আয়োজন বাতিল কিংবা পিছিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ২০২৭ সালের ডাকার র‌্যালি এবং মাসব্যাপী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট।

নোভাক জকোভিচ, কার্লোস আলকারাজ ও আলেক্সান্ডার জভেরেভের অংশগ্রহণের কথা ছিল এমন একটি প্রদর্শনী টেনিস টুর্নামেন্টও পিছিয়ে ডিসেম্বরের শেষ দিকে নেওয়া হয়েছে।

২০২৮ সাল থেকে এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা সৌদি আরবে রয়েছে। গাউদেনজি নিশ্চিত করেছেন, পরিকল্পনা অনুযায়ী আয়োজনটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

তিনি বলেন, “আবারও বলছি, ভূরাজনৈতিক পরিস্থিতি কী দাঁড়াবে, তা আমরা জানি না। বিষয়টি আমাদের পর্যবেক্ষণ করতে হবে এবং তা অব্যাহত রাখতে হবে।”

“অবশ্যই, টুর্নামেন্টটি হতে এখনো প্রায় দেড় বছর বাকি। তাই এ বিষয়ে আমাদের হাতে আরও সময় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%