০১:৩৪ পি.এম
যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) এই হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে। এএফপির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমে ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হন। হামলায় আহত হন আরও কয়েকজন। আল-আকসা শহীদ হাসপাতাল ও আল-আওদা হাসপাতাল—দুটিতেই নিহতদের মরদেহ নেওয়া হয়।
এছাড়া, দেইর আল-বালাহর আল-মুনাসারা বাস্তুচ্যুত শিবিরে একটি তাঁবুকে লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। নুসেইরাত শরণার্থীশিবিরের উত্তর অংশে আরেকটি ড্রোন হামলায় প্রাণ হারান আরও একজন। এসব হামলার পর আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ আরও দুটি মরদেহ গ্রহণের কথা জানিয়েছে।
আরও পড়ুন: প্রেসিডেন্ট পদে লড়তে চাও? মিলারের উদ্দেশে ট্রাম্পের প্রশ্ন
এএফপির পক্ষ থেকে জানতে চাওয়া হলে, ইসরাইলি সামরিক বাহিনী জানায়, শুক্রবার গাজার বিভিন্ন স্থানে ‘সশস্ত্র যোদ্ধাদের’ লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে।
এক দিন আগে, বৃহস্পতিবার, মধ্য গাজায় ট্যাংক নিয়ে চালানো স্থল অভিযান শেষ করার ঘোষণা দেয় ইসরাইলি সামরিক বাহিনী। আগের দিন শুরু হওয়া ওই অভিযান হামাসের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডের কয়েকটি এলাকায় পরিচালিত হয়।
অভিযানটি যুদ্ধবিরতির আওতায় নির্ধারিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে পরিচালিত হয়। এই রেখা ইসরাইলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা ও হামাসের নিয়ন্ত্রণাধীন অঞ্চলকে আলাদা করেছে। ইসরাইলি বাহিনীর দাবি, অভিযানে সেনাদের জন্য হুমকি তৈরি করা একটি ‘সন্ত্রাসী সুড়ঙ্গ’ ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন: রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বড় জয়, বিজেপির ভরাডুবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন