ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আশুলিয়ায় শ্রমিকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ


আশুলিয়ায় শ্রমিকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মজুরি বৃদ্ধির আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কাঠগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে পৌনে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

আরও পড়ুন: কপোতাক্ষের বাঁধের মাটি কেটে যাচ্ছে ইটভাটায়

এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক রয়েছে। কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কাঠগড়া এলাকার চালু পোশাক কারখানাগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্চ সুদ হার নিয়ে ভারতের দিকে নজর দেওয়ার পরামর্শ: ট্রাম্পের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


উচ্চ সুদ হার নিয়ে ভারতের দিকে নজর দেওয়ার পরামর্শ: ট্রাম্পের ক্ষোভ

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক (ফেডারেল রিজার্ভ) এর বিরুদ্ধে ‘সুদের হার বাড়িয়ে দেশকে ধ্বংস করার’ অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কেন্দ্রীয় ব্যাংককে ‘রাজনৈতিক’ অভিহিত করে তাদের ভারতের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন।

ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রে একটি রাজনৈতিক ফেডারেল রিজার্ভ রয়েছে। তিনি বলেন, প্রবৃদ্ধির হার কম থাকার জন্য সুদের হার বৃদ্ধির বিষয়টিকে দায়ী করা উচিত। তার যুক্তি হলো, যদি সুদের হার কমানো হতো, তাহলে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধির হার ১৫ থেকে ২০ শতাংশে পৌঁছাতে পারতো।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমাদের একটি অত্যন্ত রাজনৈতিক ফেড (কেন্দ্রীয় ব্যাংক) থাকার কারণে সুদের হার অনেক বেশি। আমি চেয়ারম্যানকে দোষ দিচ্ছি না। কিন্তু বাস্তবতা হলো আমাদের ফেড অত্যন্ত রাজনৈতিক। যখনই আমরা ভালো কোনো অর্থনৈতিক পরিসংখ্যান ঘোষণা করি, তারা সুদের হার বাড়িয়ে দেয়। তারা একটি উদ্দেশ্য নিয়েই এটি করে। অথচ এর উল্টোটা হওয়া উচিত।’

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র যখন ভালো অর্থনৈতিক ফলাফল অর্জন করে, তখন সুদের হার কমানোর মতো আরো ভালো ঋণমান তৈরি হয়। কিন্তু যুক্তরাষ্ট্র ঠিক তার উল্টোটা করছে। তিনি বলেন, ‘আমরা দেশকে ধ্বংস করার জন্য এটি করছি। যখন আমাদের এমন দারুণ সব পরিসংখ্যান থাকে, তখন সুদের হার বাড়িয়ে চলা উচিত নয়। আমাদের ঋণমান ভালো হওয়ায় সুদের হার কমানো উচিত। তাহলে আমাদের জিডিপি ৪ শতাংশের বদলে ১৫ বা ২০ শতাংশ হতো। আমরা খুব দ্রুত ঋণ পরিশোধ করতে পারতাম। নিয়মটা এমনই হওয়া উচিত। কিন্তু আমরা উল্টো পথে হাঁটছি।’

এরপর ভারতের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, দেশটিতে সুদের হার কম, অথচ যুক্তরাষ্ট্রের সুদের হারই সবচেয়ে কম হওয়া উচিত। তিনি বলেন, ‘আপনি যদি ভারতের দিকে তাকান, সেখানে সুদের হার কম এবং তাদের জিডিপি ৭ শতাংশ। আমাদের জিডিপি ১৪, ১৫, এমনকি ২০ শতাংশও হতে পারত। এটা সত্যিই দুঃখজনক যে আপনি যখন এত ভালো করছেন, তখন তারা (ফেড) সুদের হার বাড়িয়ে দেয়। আসল কথা হলো, আমরা দারুণ গতিতে এগিয়ে যাচ্ছি।’

নিজের দেশের সুদের হার কেন সবচেয়ে কম হওয়া উচিত, তার পেছনে যুক্তি দাঁড় করিয়েছেন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরাই সেই দেশ যারা অন্য দেশগুলোকে সফল করে তুলি। তাদের মধ্যে কাউকে কাউকে অর্থনৈতিকভাবে অভিজাত মনে করা হয়, কিন্তু তারা তা নয়। তারা কেবল আমাদের কারণেই অভিজাত। তাই আমাদের সুদের হারই সবচেয়ে কম হওয়া উচিত।’

এদিকে, প্রেসিডেন্টের সুদের হার কমানোর দাবি উপেক্ষা করে গত সেপ্টেম্বরে ২০২৩ সালের পর প্রথমবারের মতো সুদের হার বাড়িয়েছিল ফেড। সে সময় ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ মুদ্রাস্ফীতি মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি ৩.৪ শতাংশ রেকর্ড করা হয়েছে।

ভারতের প্রেক্ষাপটে দেখা যায়, গত সেপ্টেম্বরে দ্বিমাসিক পর্যালোচনার পর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ঋণের সুদের হার বা রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫ শতাংশ করেছিল। যদিও এটি বিশ্বের অন্যতম সর্বনিম্ন সুদের হারগুলোর একটি, তবে সব দেশের মধ্যে এটিই সবচেয়ে কম নয়। এপ্রিল-জুন প্রান্তিকে ৭.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতির দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।

সূত্র : এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় বিশেষ অভিযানে ৬৪ নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ২৮৮ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


কুমিল্লায় বিশেষ অভিযানে ৬৪ নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ২৮৮ জন আটক

কুমিল্লায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৮৮ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৬৪ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য। এই অভিযানটি ১৯ ও ২০ নভেম্বর কুমিল্লার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত হয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য প্রকাশ করেন।

পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং বাকি ৮১ জনকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়। অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে, এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

তিনি আরো বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল, প্রত্যাবাসনের আশ্বাস দিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল, প্রত্যাবাসনের আশ্বাস দিল

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে, বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিচয় যাচাই করে ফিরিয়ে নেওয়ার আশ্বাসও প্রদান করেছে দেশটি, যদি পরিস্থিতি অনুকূলে আসে।

শুক্রবার (২০ নভেম্বর) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত বিবৃতি তে এসব বিষয় উল্লেখ করা হয়েছে। এতে উত্তর রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখার কথাও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে হতাশা প্রকাশ করে মিয়ানমার দাবি করেছে যে, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর রাখাইনে পরিচালিত সামরিক অভিযানগুলোর উদ্দেশ্য ছিল না গণহত্যা। দেশটি দাবি করেছে যে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসী হামলার জবাবে ওই অভিযানগুলো পরিচালিত হয়েছিল।

মিয়ানমার আরও দাবি করেছে যে, গাম্বিয়ার অভিযোগ এবং আদালতে উপস্থাপিত বিভিন্ন প্রতিবেদন প্রকৃত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা লিখিত ও মৌখিক শুনানিতে আদালতের সামনে বিস্তারিত তথ্য-প্রমাণ ও নথিপত্র উপস্থাপন করেছে।

বিবৃতিতে উত্তর রাখাইনের পরিস্থিতিকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে দেশটি সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে। পাশাপাশি, পরিস্থিতি অনুকূলে এলে বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুতদের পরিচয় যাচাই করে প্রত্যাবাসন শুরু করার কথা জানিয়েছে নেপিদো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগাছায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


পীরগাছায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

রংপুর, ২১ নভেম্বর, ২০২৬ : জেলার পীরগাছায় পানি শুন্য তিস্তা নদীর চরে সেতু নির্মাণের দাবিতে একটি ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দুইদিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের তিস্তা নদীর পানিয়ালের ঘাট সংলগ্ন চরে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

শনিবারও এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অব্যাহত থাকবে। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো উৎসুক জনতা ভিড় জমায়।

এলাকাবাসীরা দাবি করেছেন যে, রংপুরের পীরগাছা, কুড়িগ্রামের উলিপুর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কয়েক লক্ষ মানুষ এই ঘাট দিয়ে চলাচল করে। সেতু না থাকায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিন জেলার সংযোগ স্থাপনকারী একটি সেতু নির্মিত হলে কয়েক লক্ষ মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে এবং এখানকার অর্থনীতি সমৃদ্ধ হবে।

দীর্ঘদিন ধরে স্থানীয়রা এই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। সরকার যায়, সরকার আসে, কিন্তু এখানে সেতু নির্মাণ না হওয়ায় জনগণ হতাশ হয়ে পড়েছে। তাই সেতু নির্মাণের দাবিতে এই ব্যতিক্রমী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে বিজয়ী হন মাত্র ৬ বছর বয়সী পঞ্চগড়ের সাব্বির। ঘোড়দৌড় দেখতে নদীর দুই পাড়সহ আশপাশের এলাকা থেকে কয়েক হাজার দর্শক সমাগম ঘটে। এ সময় দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।

জানা গেছে, রংপুরের পীরগাছা, কুড়িগ্রামের উলিপুর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ যোগাযোগস্থলে তিস্তা নদী অবস্থিত। তিন জেলার মানুষ দীর্ঘদিন ধরে পীরগাছার পানিয়ালের ঘাট থেকে উলিপুরের থেতরাই দিয়ে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সেতু না থাকায় তিন জেলার বিস্তীর্ণ এলাকার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ফলে বর্ষা মৌসুমে নৌকা এবং শুষ্ক মৌসুমে ঘোড়ার গাড়িই এই এলাকার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম ভরসা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। পাশাপাশি কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নেয়াও কঠিন হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা নাহিদ ইসলাম ও সাইফুল ইসলাম বলেন, "পানিয়ালঘাটে একটি সেতু নির্মিত হলে রংপুরের পীরগাছা ও কুড়িগ্রামের উলিপুরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।" একইসঙ্গে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আয়োজক কমিটির প্রধান শাকিল সরকার জানান, "কয়েক দফায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন করলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।" ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা।

পীরগাছা উপজেলার ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, "এই সেতুটি নির্মাণের জন্য কারিগরি পর্যবেক্ষণ চলছে।" মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে কয়েকবার উচ্চপর্যায়ের একটি টিম এসে দেখেও গেছে। সম্ভাব্যতা যাচাই শেষ হলেই সেতুটি নির্মাণ করা সম্ভব হবে বলে তিনি জানান। তবে এটি সময় সাপেক্ষ ব্যাপার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%