০৫:১৪ পি.এম
সুন্দরবন থেকে বাঘ যদি লোকালয়ে প্রবেশ করে, তবে শেখ হাসিনা কিংবা তার কোনো অনুসারীকে শ্যামনগরের মাটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না, এই হুঁশিয়ারি দিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।
রোববার (২৯ নভেম্বর) শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
সমাবেশে ড. মনিরুজ্জামান বলেন, ‘শ্যামনগরের মানুষের কাছে বাঘের লোকালয়ে আসা একটি স্বাভাবিক ঘটনা হলেও শেখ হাসিনা কিংবা তার কোনো দোসরের এই এলাকায় প্রবেশের সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, সুন্দরবনের কোল ঘেঁষে আমাদের এই অঞ্চল অবস্থিত, এই শ্যামনগর উপজেলা। সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত দিয়ে হাসিনা তো দূরের কথা, তার কোনো দোসরকে আমরা এই মাটিতে প্রবেশ করতে দেব না।’
আরও পড়ুন: ফ্যাসিবাদের কোনো অবস্থান তৈরি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
বিএনপির নেতা-কর্মীদের ওপর বিগত সরকারের নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতা-কর্মীরা জুলুম, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করা হয়েছে। অসংখ্য মামলা দিয়ে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির কথা উল্লেখ করে ড. মনিরুজ্জামান বলেন, শেখ হাসিনার পতনের আগে আন্দোলনের শেষ পর্যায়ে কয়েক দিনের মধ্যে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। এসব নিহত ব্যক্তির পরিবারের স্বজনদের বেদনা এখনও কাটেনি। তিনি মন্তব্য করেন, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।
শ্যামনগরে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার বিষয়ে তিনি বলেন, গত ৯ মাসে বিএনপির নেতা-কর্মীরা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে চলেছেন। বিরোধী মতের মানুষের ওপর আগের মতো জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। আগামী দিনেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
ভারতের ভূমিকার সমালোচনা করে ড. মনিরুজ্জামান বলেন, একটি দেশ শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশকে আবার করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। তবে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশ আর ভারতের গোলামি করবে না বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: বোনকে পৌঁছে দিতে যাচ্ছিলেন ভাই, যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত নার্সিং শিক্ষার্থী
শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবিরের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়, যেখানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক ইলাহী মুন্না।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, মাসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদুল ইসলাম আমজাদ।
এ ছাড়া বক্তব্য দেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জি এম লিয়াকত আলী, কৈখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মল্লিক, গাজী শাহ আলম, আজিজুল হক, শহীদুজ্জামান শহীদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, কামরুজ্জামান, আজিজুর, আনোয়ার, মন্টু, দুলু, আঙ্গুর ও সিদ্দিকসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরও পড়ুন: গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন