০৫:২১ পি.এম
পটুয়াখালী, ২৮ আগস্ট, ২০২৬ : জেলার বাউফল উপজেলার বগা বন্দর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে তিন ডিলারকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স আঁখি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং মেসার্স হারুন স্টোর ও কবির হোসেনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫১ জন আটক
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, কৃষকদের অভিযোগের ভিত্তিতে সার বেশি দামে বিক্রির বিষয়টি যাচাই করতে কৃষককে ক্রেতা হিসেবে পাঠিয়ে সার কেনানো হয়।
এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। অভিযুক্ত তিন বিক্রেতার মধ্যে একজন বিসিআইসি মূল ডিলার এবং দুজন খুচরা ডিলার।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন ও বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শনিবার খুলনায় ১১–দলীয় ঐক্যের লংমার্চে ১৯ জেলার নেতাকর্মীর অংশগ্রহণ
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বাসসকে বলেন, কৃষক যাতে সরকার নির্ধারিত মূল্যে সার পান, তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন