০৮:৪০ এম
ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে দেখছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক চাপ বৃদ্ধির ঘোষণাকে তিনি সামরিক সাফল্য না পাওয়ার ‘নীরব স্বীকারোক্তি’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য ছিলো, যদি যুক্তরাষ্ট্র সামরিকভাবে জয়ী অবস্থানে থাকতো, তবে তাদের নতুন করে অর্থনৈতিক যুদ্ধের পথে যেতে হতো না। এই প্রসঙ্গেই মোহেবি ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে একটি নতুন পদক্ষেপ হিসেবে মনে করেননি। তিনি দাবি করেন, প্রায় ৪৭ বছর ধরে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
এছাড়া, তিনি বলেন, অর্থনৈতিক চাপের পাশাপাশি ইরানকে ঘিরে বিভিন্ন ধরনের ধারণা ও জনমত গড়ে তোলাও যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশলের একটি অংশ।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
আইআরজিসির মুখপাত্র আরো জানান, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিটি বৈরী পদক্ষেপ মোকাবিলায় তাদের প্রস্তুত পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক চাপের প্রভাব সামাল দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক আরো বিস্তারের বিষয়টিও এসব পরিকল্পনায় রয়েছে। মোহেবির দাবী, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়েই ইরান ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক লেনদেন চালিয়ে যাচ্ছে।
এসব উদ্যোগের সুফল অদূর ভবিষ্যতে দৃশ্যমান হবে বলেও মন্তব্য করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন