ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

মানি চেঞ্জারদের জন্য বৈদেশিক মুদ্রা জমায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক


মানি চেঞ্জারদের জন্য বৈদেশিক মুদ্রা জমায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক লাইসেন্সধারী মানি চেঞ্জারদের জন্য বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব বা নিরাপদ সংরক্ষণ হিসাবের সুবিধা চালুর সুযোগ প্রদান করেছে, যা বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আরও নিরাপদ ও সহজ করবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন থেকে এই হিসাব সুবিধা দিতে পারবে। এসব হিসাবের মাধ্যমে নির্ধারিত সীমার বাইরে বৈদেশিক মুদ্রা জমা রাখার সুযোগ থাকবে। তবে জমার পরিমাণ নির্ধারণের জন্য মানি চেঞ্জারের ব্যবসার লেনদেন ও কার্যক্রমের ধরনকে বিবেচনায় নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ বুধবার (৪ নভেম্বর) একটি সার্কুলার জারি করেছে, যা দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংক ও লাইসেন্সধারী মানি চেঞ্জারকে নির্দেশনা প্রদান করেছে। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে, নগদ বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা উন্নত করা, পরিবহনের সময় ঝুঁকি কমানো এবং নিরাপদে বৈদেশিক মুদ্রা স্থানান্তর সহজ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুমোদিত ডিলার ব্যাংকগুলো লাইসেন্সধারী মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খুলে দেওয়ার সুযোগ পাবে। সার্কুলারে বলা হয়েছে, এসব হিসাব কেবল নগদ বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। এগুলোকে কোনোভাবেই সুদবাহী আমানত হিসাব হিসেবে গণ্য করা হবে না, অর্থাৎ এসব হিসাবে বৈদেশিক মুদ্রা জমা রাখলেও তার বিপরীতে কোনো সুদ পাওয়া যাবে না।

আরও পড়ুন: নভেম্বরের প্রথম তিন দিনে রেমিট্যান্স ৫২১ মিলিয়ন ডলার

সার্কুলারে নির্ধারিত সীমার বাইরে জমার সুযোগ দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রচলিত নির্ধারিত সীমা বিবেচনায় না নিয়ে এসব হিসাবে যেকোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা জমা রাখা যাবে। তবে এ ক্ষেত্রে মানি চেঞ্জারের ব্যবসার লেনদেনের পরিমাণ ও ধরনসংক্রান্ত যথাযথ নথিপত্র থাকতে হবে। অর্থাৎ জমার পরিমাণের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমের সামঞ্জস্য থাকতে হবে।

দিনের শেষে উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রা ব্যাংকে জমা দেওয়ার সুযোগ থাকবে। ব্যাংকিং সময়ের মধ্যে এসব মুদ্রা জমা করা যাবে। জমা রাখা অর্থ পরবর্তী কার্যদিবসের সকালে অথবা প্রয়োজন অনুযায়ী উত্তোলন করা যাবে। তবে উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাবের স্থিতি থাকতে হবে।

বৈদেশিক মুদ্রা পরিবহনে বীমা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বীমার বাধ্যবাধকতা আরোপ করেছে। সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকের নির্ধারিত শাখায় বৈদেশিক মুদ্রা আনা-নেওয়ার সময় চুরি, ডাকাতি, হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি মোকাবিলায় মানি চেঞ্জারদের বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বীমা থাকতে হবে। তবে এ বীমা সংশ্লিষ্ট পরিবহনের ক্ষেত্রে নির্ধারিত একক যাত্রার সর্বোচ্চ সীমা পর্যন্ত কার্যকর থাকবে।

অনুমোদিত ডিলার ব্যাংক নির্ধারিত সীমার চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে লাইসেন্সধারী ক্যাশ-ইন-ট্রানজিট সেবা ব্যবহার করতে হবে অথবা নিরাপত্তাকর্মীর পাহারায় পরিবহন করতে হবে। দিনের শেষভাগে জমা দেওয়া বৈদেশিক মুদ্রা নিরাপদে রাখার জন্য ব্যাংকগুলোকে সুরক্ষিত কাউন্টার ও অস্থায়ী ভল্টের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মানি চেঞ্জাররা খুলতে পারবেন বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব

উত্তোলনে থাকছে বিশেষ শর্ত

কাস্টডিয়াল হিসাব থেকে বৈদেশিক মুদ্রা উত্তোলনের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। অনুমোদিত ডিলার ব্যাংকগুলো চেক অথবা উত্তোলন স্লিপের মাধ্যমে অর্থ উত্তোলনের সুবিধা দিতে পারবে। তবে অর্থ পরিশোধ করতে হবে কেবল মানি চেঞ্জারের যথাযথভাবে অনুমোদিত প্রতিনিধির কাছে।

এ জন্য সংশ্লিষ্ট প্রতিনিধির স্বাক্ষর, ছবি ও পরিচয়সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ব্যাংকে সংরক্ষণ করতে হবে। ফলে অনুমোদনহীন কোনো ব্যক্তি এসব হিসাব থেকে বৈদেশিক মুদ্রা উত্তোলন করতে পারবেন না। সার্কুলারে আরও বলা হয়েছে, হিসাবের স্থিতির বেশি অর্থ উত্তোলন করা যাবে না। এসব হিসাবের বিপরীতে কোনো ধরনের ওভারড্রাফট বা ঋণসুবিধা দেওয়া যাবে না। অর্থাৎ হিসাবে যতটুকু বৈদেশিক মুদ্রা জমা থাকবে, সর্বোচ্চ ততটুকুই উত্তোলন করা সম্ভব হবে।

তবে হিসাব পরিচালনা ও নগদ অর্থ ব্যবস্থাপনার জন্য ব্যাংকগুলো যুক্তিসংগত হিসাব রক্ষণাবেক্ষণ ফি এবং নগদ অর্থ ব্যবস্থাপনা চার্জ নির্ধারণ করতে পারবে। এ ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্ক বিবেচনায় নিতে হবে।

আরও পড়ুন: দেশের বাজারে সোনার দাম বেড়ে প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

লেনদেনে থাকছে কঠোর নজরদারি

কাস্টডিয়াল হিসাবের অপব্যবহার ঠেকাতে লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার অনুযায়ী, এসব হিসাবের সব লেনদেন কেবল নগদ বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। এসব হিসাব ব্যবহার করে কোনো ধরনের অর্থ স্থানান্তর, রেমিট্যান্স কিংবা তৃতীয় পক্ষের কাছে অর্থ পাঠানো যাবে না।

এ ছাড়া অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে মানি চেঞ্জারদের হালনাগাদ গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) তথ্য সংরক্ষণ করতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া মানি চেঞ্জারের লাইসেন্সের বৈধতাও যাচাই করতে হবে।

লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি লেনদেনের পূর্ণাঙ্গ রেকর্ড বা অডিট ট্রেইল সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এতে লেনদেনের তারিখ ও সময়, বৈদেশিক মুদ্রার নোটের মূল্যমান এবং পরিবহনের দায়িত্বে থাকা ব্যক্তির পরিচয়সংক্রান্ত তথ্য রাখতে হবে।

আরও পড়ুন: দেশে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে, সরকার শুল্ক কাঠামো পরিবর্তন করছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল জাদু-টোনা বই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


ময়মনসিংহে শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল জাদু-টোনা বই

ময়মনসিংহের ভালুকায় সাত বছরের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ আলী নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করার পর বুধবার (৪ নভেম্বর) দুপুরে আসামিকে জেল হাজতে পাঠিয়েছে ভালুকা মডেল থানার পুলিশ।

এর আগে, হবিরবাড়ীর কাশর চৌরাস্তা এলাকায় অবস্থিত ‘মাদ্রাসাতুত তাকওয়া’ নামে একটি কওমি মাদরাসা থেকে তাকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আলী বাগেরহাটের কচুয়া এলাকার বাসিন্দা এবং তিনি ওই মাদরাসার বাংলা বিভাগের শিক্ষক।

জানা গেছে, ভুক্তভোগী শিশু ওই মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গত ২ নভেম্বর সকালে ক্লাসের পড়া দিতে গেলে শিক্ষক মোহাম্মদ আলী ওই শিশুকে খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন করেন এবং মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে অনৈতিক সম্পর্কের চেষ্টা করেন। পরে শিশুটি তার পরিবার কাছে গিয়ে বিস্তারিত জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মোহাম্মদ আলীকে আটক করে পুলিশ সোপর্দ করেন। স্থানীয়দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানা গেছে।

এদিকে, ঘটনার পর ওই মাদরাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক হালুয়া, তন্ত্রমন্ত্রের বই, জাদুকরী বই, শতাধিক গ্রাহকের মন্ত্র লেখা ছবি ও তাবিজসহ বিপুল পরিমাণ কবিরাজি সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ। মাদরাসায় নামমাত্র শিক্ষাদানের আড়ালে বিভিন্ন ভুক্তভোগীদের এনে কবিরাজি চিকিৎসা ও বিভিন্ন অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিলেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সদ্য প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়া'র স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন সোনালী ধারা'র ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াছিন আরাফাত

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


সদ্য প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়া

সদ্য প্রয়াত সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মরহুম আব্দুল অদুধ মিয়া'র শোকাহত স্ত্রী'র পাশে দাঁড়িয়েছেন সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকা'র ভারপ্রাপ্ত সম্পাদক ও আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আরাফাত।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে সাপ্তাহিক সোনালী ধারা'র ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইয়াছিন আরাফাতের ব্যক্তিগত পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়া'র গ্রামের বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুর তালুকদার বাড়িতে যান সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার প্রতিনিধি দল। সেখানে ইয়াছিন আরাফাতের পক্ষ থেকে মরহুম সাংবাদিক আব্দুল অদুধ মিয়া'র স্ত্রী মোছা. আমেনা বেগমের হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকা'র বার্তা সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন- এর কুলিয়ারচর প্রতিনিধি মুছাম্মৎ রোকেয়া আক্তার, দৈনিক আমার দেশ- এর কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি মো. আলী সোহেল ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মোছা. নিলুফা আক্তার নীলা।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার দিকে নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুর নিজ গ্রামের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন সাংবাদিক আব্দুল অদুধ মিয়া। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চণ্ডিবের এলাকার ভোটার ছিলেন। গত ২৭ অক্টোবর রাতেই স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছয় মাসের চাকরি, আকাশে কাটলেন ৬৩ বছর!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


ছয় মাসের চাকরি, আকাশে কাটলেন ৬৩ বছর!

ক্যারল ফেয়ার মাত্র ছয় মাসের জন্য বিমানসেবিকার চাকরিতে যোগ দিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল, এরপর বিয়ে করে সংসার শুরু করবেন। কিন্তু সেই সাময়িক চাকরিই হয়ে ওঠে তার জীবনের দীর্ঘতম অধ্যায়। তিনি টানা ৬৩ বছর আকাশপথে যাত্রীদের সেবা করেছেন। অবশেষে ৮৩ বছর বয়সে শেষ ফ্লাইটে দায়িত্ব পালনের মাধ্যমে আমেরিকান এয়ারলাইন্সের প্রবীণতম বিমানসেবিকা ক্যারল ফেয়ার কর্মজীবনের ইতি টানলেন।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবসরকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনার। সেখানে বিদায় জানাতে উপস্থিত ছিলেন সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তার সম্মানে আয়োজন করা হয় বিশেষ ‘ওয়াটার স্যালুট’। সাধারণত নতুন বিমান বা বিশেষ ফ্লাইটকে স্বাগত জানাতে এ ধরনের আয়োজন করা হয়, কিন্তু কোনো বিমানসেবিকার অবসরে এমন সম্মান বিরল।

গত ২৬ অক্টোবর লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটগামী আমেরিকান এয়ারলাইন্সের ৭৩৩ নম্বর ফ্লাইটে ক্যারল শেষবারের মতো দায়িত্ব পালন করেন। এর মধ্য দিয়ে শেষ হয় তার দীর্ঘ ৬৩ বছরের আকাশযাত্রা।

ক্যারল ১৯ বছর বয়সে বিমানসেবিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। তার প্রথম কর্মস্থল ছিল পিডমন্ট এয়ারলাইন্স। এর আগে আমেরিকান এয়ারলাইন্সে চাকরির আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি। ‘ফোর্বস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারল জানান, তখন তাকে বলা হয়েছিল, তিনি নাকি ওই সংস্থার জন্য উপযুক্ত নন।

কর্মজীবনের শুরুতে এই পেশাকে সাময়িক হিসেবেই দেখেছিলেন তিনি। ভেবেছিলেন, ছয় মাস কাজ করার পর বিয়ে করে সংসার শুরু করবেন। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় তার পরিকল্পনা। আকাশপথের জীবন, যাত্রীদের সঙ্গে পরিচয় আর কাজের প্রতি ভালোবাসা তাকে আটকে রাখে এই পেশায়।

১৯৮৭ সালের ১৫ জুন পিডমন্ট এয়ারলাইন্সের শার্লট থেকে লন্ডনগামী প্রথম ফ্লাইটেও দায়িত্ব পালন করেছিলেন ক্যারল। শার্লটের আন্তর্জাতিক বিমান চলাচলে গুরুত্ব বাড়ানোর ক্ষেত্রে ওই ফ্লাইট ছিল উল্লেখযোগ্য একটি ঘটনা। দীর্ঘ কর্মজীবনের শেষ যাত্রায় আবারও সেই পথের একাংশ পাড়ি দেন তিনি।

কর্মজীবনের শুরুতে ছোট আকারের বিমানে কাজ করতেন ক্যারল। পরে তিনি বড় বোয়িং বিমানে দায়িত্ব পালনের সুযোগ পান। ডিসি-৩ বিমান থেকে বোয়িং ৭৬৭-তে কাজ করার অভিজ্ঞতা তার কাছে স্বপ্নপূরণের মতো ছিল। এ নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে তিনি জানিয়েছিলেন, নতুন বিমানে কাজের উত্তেজনায় আগের রাতে ঘুমাতেই পারেননি।

দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতিও পেয়েছেন ক্যারল। ২০০৮ সালে নর্থ ক্যারোলাইনার পরিবহণ খাতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে তৈরি বিশেষ তালিকায় জায়গা করে নেন তিনি। অবসরের সময় আমেরিকান এয়ারলাইন্সের প্রায় ৩০ হাজার কর্মীর মধ্যে জ্যেষ্ঠতার দিক থেকে শীর্ষে ছিলেন এই বিমানসেবিকা।

বিদায় অনুষ্ঠানে ক্যারলকে দেখা যায় মাথায় মুকুট, গলায় সম্মানসূচক ফিতা এবং হাতে বেলুনের তোড়া নিয়ে। তার সম্মানে বিমানবন্দরে আয়োজন করা হয় ব্যতিক্রমী ওয়াটার স্যালুট। পানির ফোয়ারার নিচ দিয়ে বিমান চলাচলের মতোই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে তাকে জানানো হয় বিদায়।

অবসরের সিদ্ধান্ত নিয়ে ক্যারল জানান, এবার থামার সময় হয়েছে। দীর্ঘ কর্মজীবনের প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করেছেন। প্রায় ৩০ হাজার কর্মীর মধ্যে জ্যেষ্ঠতার তালিকায় শীর্ষে পৌঁছানোর পর সামনে আর এগিয়ে যাওয়ার সুযোগ নেই এমন উপলব্ধি থেকেই অবসরের সিদ্ধান্ত নেন তিনি।

মাত্র ছয় মাসের পরিকল্পনা নিয়ে শুরু হওয়া যে কর্মজীবন ছয় দশকেরও বেশি সময় ধরে চলেছে, তার পরিসমাপ্তি ঘটল এক আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে। ৬৩ বছরের আকাশযাত্রা শেষ হলেও বিমান চলাচলের ইতিহাসে নিজের জন্য স্মরণীয় এক অধ্যায় রেখে গেলেন ক্যারল ফেয়ার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝাড়খণ্ডের থানার ভেতরে ধর্ষণের অভিযোগে ১৫ পুলিশ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


ঝাড়খণ্ডের থানার ভেতরে ধর্ষণের অভিযোগে ১৫ পুলিশ বরখাস্ত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি থানার ভেতরে এক নারীকে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ওই থানার ১৫ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তসহ তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

পুলিশ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর রাতে স্বামীর সাথে পারিবারিক বিরোধের কারণে পুলিশের সহায়তা নিতে ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসাওয়ান জেলার গমহারিয়া থানায় যান এক নারী।

থানার পুলিশ সদস্যরা ওই নারীকে থানার একটি কক্ষে অপেক্ষা করতে বলেন। পরে থানায় কর্মরত ওয়্যারলেস অপারেটর নীরজ লাকরা ওই কক্ষে গিয়ে তাকে ধর্ষণ করেন। ঘটনার দুই দিন পর, ৩১ অক্টোবর, ওই নারী লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ঝাড়খণ্ডজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য পুলিশের কাছে যাওয়া একজন নারী কিভাবে থানার ভেতরেই যৌন সহিংসতার শিকার হলেন।

তিন পুলিশ সদস্য গ্রেপ্তার

অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে। প্রথমে মূল অভিযুক্ত ওয়্যারলেস অপারেটর নীরজ লাকরাকে গ্রেপ্তার করা হয়।

এরপর বিশেষ তদন্ত দলের (এসআইটি) তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিদর্শক মনোজ কুমার সাহু এবং কনস্টেবল সন্তোষ কুমার রাইকে গ্রেপ্তার করা হয়। তিনজনকেই আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

১৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

ঘটনার পর দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনা যথাসময়ে না জানানোর অভিযোগে পর্যায়ক্রমে থানার ১৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তদের মধ্যে রয়েছেন- ২ জন উপপরিদর্শক (এসআই), ৪ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ২ জন হাবিলদার, ১ জন কনস্টেবল এবং অন্যান্য পদমর্যাদার ৬ জন পুলিশ সদস্য।

এদিকে, ঘটনার তদন্তে সরাইকেলা মহকুমার পুলিশ কর্মকর্তা (এসডিপিও) অনুভব ভরদ্বাজের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। দলটি ঘটনাস্থল পরিদর্শনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ জানিয়েছে, তদন্তে যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার বা দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%