০৮:৫৮ পি.এম
সরকার পাড়া-মহল্লায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সিনিয়র সিটিজেনদের নিয়ে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এসব কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের উপদেষ্টা বা দায়িত্বপূর্ণ পদে রাখা হবে এবং তরুণদেরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে।
অন্যদিকে, সরকারি কোয়ার্টারে বসবাসকারী ব্যক্তিরা যদি ময়লা-আবর্জনা পরিষ্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে তাঁদের আবাসন বরাদ্দ বাতিলের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরের পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটিগুলোর কাজের অগ্রগতি, বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে অপরাধ প্রতিরোধের পরিকল্পনা : ববি হাজ্জাজ
সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব সিদ্ধান্ত ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় বর্তমান সরকার ঢাকা মহানগরসহ দেশের সব মহানগরকে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকদের নেতৃত্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি আঞ্চলিক কার্যালয়ে একটি করে কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে এই কমিটিগুলো মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে।
তিনি আরও জানান, ইতিমধ্যে এসব কমিটি প্রায় ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩৯টি সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ১১২টি সরকারি কোয়ার্টার, ১৫২টি বাজার ও শপিং কমপ্লেক্স, ১৮৮টি সড়ক, ফুটপাত ও জনস্থান এবং ১৩৬টি বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, কলোনি ও বস্তিসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছে। পরিদর্শনের পর এসব এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতি উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়, যার মধ্যে বিশেষ কমিটি গঠনের সুপারিশটি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।
মীর শাহে আলম বলেন, রাজধানীতে প্রায় ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী বসবাস করছেন। তাঁরা রাষ্ট্রের অত্যন্ত অভিজ্ঞতাসমূহ সম্পন্ন নাগরিক। তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে প্রধানমন্ত্রী প্রত্যেক পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনের অনুশাসন দিয়েছেন। এসব কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপদেষ্টা কিংবা দায়িত্বপূর্ণ পদে থেকে নেতৃত্ব দেবেন এবং তরুণ প্রজন্মকেও এই কার্যক্রমে যুক্ত করা হবে। খুব দ্রুতই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: ঢাকা তেজগাঁও বিভাগের অভিযানে ৭০ জন গ্রেফতার
পরিচ্ছন্নতার ক্ষেত্রে ঢাকার সরকারি কোয়ার্টারগুলোর অবস্থা সবচেয়ে শোচনীয় উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এসব কোয়ার্টারে বসবাসকারীরা যদি ময়লা-আবর্জনা পরিষ্কারে প্রয়োজনীয় উদ্যোগ না নেন এবং আগের অপরিচ্ছন্ন অবস্থা বজায় রাখেন, তবে তাঁদের আবাসন বরাদ্দ বাতিল করা হতে পারে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই এই কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তিনি আরো বলেন, সরকার ঢাকাকে কানাডা বা সিঙ্গাপুর বানানোর অবাস্তব প্রতিশ্রুতি দিতে চায় না; বরং এটিকে একটি প্রকৃত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এ জন্য শুধু রাষ্ট্র বা ব্যবস্থার ওপর সম্পূর্ণ দায়িত্ব না চাপিয়ে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী (আবু আবদুল্লাহ এম ছালেহ), অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দুর্নীতি দমন কমিশনের মামলায় ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন