প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত ২৮ ফেব্রুয়ারি থেকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর বিরুদ্ধে ৭ হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এই দাবি করেছেন জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই।
তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর ফলে উন্নয়নশীল দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সার সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে দুর্ভিক্ষের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
আলবুদাইউই জানান, গত আট মাসে ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে জিসিসির ছয় সদস্য দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর, তেল ও গ্যাস স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র, লবণমুক্তকরণ কেন্দ্র এবং আবাসিক এলাকা। এসব হামলায় প্রাণহানি ও হতাহতের পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরব উপসাগরের পানির পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজ আমরা উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ কণ্ঠস্বর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।’ তার বক্তব্য অনুযায়ী, এসব হামলা জিসিসির সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। হামলা বন্ধ করার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা ও উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তার হুমকি নিয়ে আলোচনা করার জন্য বাহরাইন এ বৈঠকের আয়োজন করেছে। চলতি মাসে নিরাপত্তা পরিষদের ঘূর্ণায়মান সভাপতির দায়িত্ব পালন করছে লাটভিয়া।
আলবুদাইউই বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্নের প্রভাব এখন শুধু অর্থনৈতিক সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি গুরুতর মানবিক সংকটেও রূপ নিয়েছে। বৈশ্বিক সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ কমে যাচ্ছে। বিশেষ করে সার ও অ্যামোনিয়ার সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, অথচ বৈশ্বিক খাদ্যনিরাপত্তার জন্য এসব উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পূর্ববর্তী এক সতর্কবার্তার কথাও উল্লেখ করেন তিনি। গুতেরেস বলেছিলেন, সারের সংকটের কারণে উন্নয়নশীল ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে মূল্যস্ফীতি বৃদ্ধি পেতে পারে এবং দুর্ভিক্ষ ও তীব্র খাদ্যসংকট দেখা দিতে পারে।
উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার জন্য তেহরানকে সম্পূর্ণ দায়ী করেন তিনি। তার অভিযোগ, যেসব দেশ যুদ্ধে জড়িত ছিল না, বরং সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল, ইরান সেসব দেশকেই লক্ষ্যবস্তু করেছে। এ হামলার পক্ষে ইরানের দেওয়া যুক্তি তিনি প্রত্যাখ্যান করেন।
সূত্র: আরব নিউজ
এমএমআর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন