জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:২১ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান , বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১২ জন, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য মামলায় ৩ জনসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে চন্দ্রিমা থানা পুলিশ বালানগর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা সহ মোছাঃ রেখা বিবি ওরফে রেফাকে (৪৬) গ্রেফতার করে।
দামকুড়া থানা পুলিশ মেদবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাইমদ সহ ফ্রান্চিস বিশ্বাসকে (২৩) গ্রেফতার করে।
শাহমখদুম থানা পুলিশ ভূগরইল এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্টাডল ও ০.৭০ গ্রাম হেরোইন সহ মোঃ রবিউল ইসলামকে (২৭) গ্রেফতার করে।
মতিহার থানা পুলিশ চরশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মোছাঃ মিলনী বেগম ওরফে মিলনাকে (৫৬) গ্রেফতার করে।
এ ছাড়া বোয়ালিয়া থানা পুলিশ মালোপাড়া সোনাদিঘীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা সহ মাধব সরকারকে (৪৫) গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাকরির পেছনে না ছুটে দক্ষতা কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থান তৈরির সুযোগ পেলেন দীঘিনালার ৩৬ তরুণ। বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে তিন সপ্তাহব্যাপী মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শেষে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সনদপত্র।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দীঘিনালা সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয়। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
তিন সপ্তাহের প্রশিক্ষণে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ৩৬ শিক্ষার্থী মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল বিষয়ে হাতে-কলমে বিভিন্ন কাজ শেখার সুযোগ পান। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব কাজের মাধ্যমে কারিগরি দক্ষতা অর্জন করায় প্রশিক্ষণ শেষে নিজেদের কর্মজীবনে এসব জ্ঞান কাজে লাগানোর প্রত্যাশা করছেন তারা।
সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কারিগরি শিক্ষক মো. রুবেল আহমেদ, দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শরিফুল ইসলাম, সদস্য মোহাম্মদ আনোয়ারসহ স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানে দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয় বলেন, তরুণদের শুধু প্রশিক্ষণ দেওয়াই আমাদের উদ্দেশ্য নয়, তাদের এমন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা, যা ভবিষ্যতে বাস্তব জীবনে কাজে লাগিয়ে তারা আত্মনির্ভরশীল হতে পারেন। একজন দক্ষ তরুণ নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি করতে পারেন। তাই এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, প্রশিক্ষণের আগে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল কাজ সম্পর্কে তাদের অনেকেরই তাত্ত্বিক ধারণা থাকলেও বাস্তব অভিজ্ঞতা ছিল সীমিত। তিন সপ্তাহের প্রশিক্ষণে হাতে-কলমে কাজ শেখার ফলে তাদের আত্মবিশ্বাস বেড়েছে। এখন অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেরাই আয়ের পথ তৈরি করতে চান তারা।
স্থানীয়রা বলছেন, পাহাড়ি জনপদে বেকার তরুণদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো জরুরি। কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ পেলে তরুণরা চাকরিনির্ভরতার বাইরে গিয়ে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানও সৃষ্টি করতে পারবেন।
সংশ্লিষ্টদের মতে, তরুণদের দক্ষতা উন্নয়নে এ ধরনের উদ্যোগ একদিকে যেমন বেকারত্ব কমাতে সহায়ক, অন্যদিকে তাদের উৎপাদনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ কখন শেষ হবে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, দীর্ঘ ছয় মাস ধরে চলমান ইরানের সঙ্গে যুদ্ধ আগামী নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরই শেষ হবে। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকিও দিয়েছেন।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তেহরান নভেম্বরের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ওই নির্বাচনের মাধ্যমে মার্কিন কংগ্রেসে রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণ বজায় থাকবে কি না, তা নির্ধারিত হবে।
ট্রাম্প আরও বলেন, ‘নির্বাচনের পরই যুদ্ধ শেষ হবে, কারণ ইরান আর বেশিদিন টিকে থাকতে পারবে না।’
যদিও এর আগে ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য একাধিক সময়সীমা নির্ধারণ করেছিলেন।
তবে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন যে, তার প্রেসিডেন্টের মেয়াদের শেষ পর্যন্তও এই যুদ্ধ চলতে পারে।
গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি
এদিকে, ট্রাম্প ইরানের ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে ভূগর্ভস্থ দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স থাকা শক্তিশালী স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি দিয়েছেন। তিনি বলেন, সেখানে ‘সামান্য তৎপরতা’ দেখা যাচ্ছে এবং ইরানকে সতর্ক থাকতে হবে।
অন্যদিকে, ইরান জানিয়েছে, বুধবার তারা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজের কাছে ১০টি জাহাজে হামলা চালিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেয়। পাল্টাপাল্টি এসব হামলায় হরমুজ প্রণালির নৌ চলাচল আরও ব্যাহত হয়েছে।
একই সময়ে, ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতও তীব্র হয়েছে। ইয়েমেনের সরকারি সামরিক সূত্রের দাবি, হুতিরা লোহিত সাগরের উপকূলীয় শহর মোকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জে হামলা চালাচ্ছে। তারা বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণে আরও প্রভাব বিস্তারের দিকে এগোচ্ছে।
জ্বালানি সরবরাহে বিঘ্নের কারণে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত শহরে ২৪ ঘণ্টায় চতুর্থবারের মতো জরুরি সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহে হুতিদের হামলায় সৌদির চারটি দক্ষিণাঞ্চলীয় শহরে অন্তত ৭৩ জন আহত হয়েছেন।
ইরান যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে লোহিত সাগরও
ইয়েমেনে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে গত কয়েক দিনে সংঘাত আরও তীব্র হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর নতুন করে তৈরি হয়েছে ঝুঁকি। ইয়েমেনের কয়েকটি সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হুতিরা লোহিত সাগর উপকূলের শহর মোকা নিয়ন্ত্রণে নিয়েছে। একই সঙ্গে কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জে হামলা চালাচ্ছে তারা।
অন্যদিকে, ইয়েমেন সরকারের বাহিনী ও তাদের মিত্ররা বাব এল-মান্দেব প্রণালির কাছাকাছি দক্ষিণে ধুবাব এলাকায় সরে যাচ্ছে। প্রণালিটির নিয়ন্ত্রণ নিতে ধুবাব ও এর বিপরীতে অবস্থিত পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ বলে সূত্রগুলো জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা জনসেবা এবং কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠান এবং দেশের কল্যাণে অবদান রাখতে হবে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)-এর সেমিনার কক্ষে দশম গ্রেড কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপন ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে প্রশাসন ও কর্মক্ষেত্রে দ্রুত পরিবর্তন ঘটছে। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন যে, তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠান ও দেশের কল্যাণে অবদান রাখার প্রয়োজনীয়তা রয়েছে।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী। এর আগে, প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে সেরা প্রশিক্ষণার্থীদের হাতে স্মারক (ক্রেস্ট) তুলে দেন তিনি।
সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ