ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

রাথনায়াকের সেঞ্চুরি, শ্রীলঙ্কাকে জেতাতে পারল না


রাথনায়াকের সেঞ্চুরি, শ্রীলঙ্কাকে জেতাতে পারল না

সপ্তাহখানেক আগে ত্রিদেশীয় সিরিজের অধীনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৩০ রান তাড়ায় শ্রীলঙ্কার রেকর্ড গড়া জয়কে নেতৃত্ব দেন পভন রাথনায়াকে। ওই ম্যাচে রাথনায়া ১৩০ রান করেছিলেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইংল্যান্ড তাদের জন্য ৩৮৭ রানের লক্ষ্য নির্ধারণ করে। রান তাড়ায় রাথনায়া আজ ঝোড়ো সেঞ্চুরি করেন। তবে তার ৭৭ বলের ১১৮ রানের ইনিংস শ্রীলঙ্কাকে জয় এনে দিতে পারেনি।

গাদ্দাফি স্টেডিয়ামে ২৯ বল বাকি থাকতে শ্রীলঙ্কাকে ৩৩১ রানে অলআউট করে ইংল্যান্ড ৫৫ রানে জয়লাভ করে। ত্রিদেশীয় সিরিজে এটি ইংল্যান্ডের জন্য প্রথম জয়, যা তাদের জন্য কিছুটা স্বস্তির কারণ। আগের তিন ম্যাচের তিনটিতেই পরাজিত হয়ে তারা ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। ৩১ অক্টোবরের ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে।

রাথনায়া সেঞ্চুরি করলেও ১১ রানের আক্ষেপে ভুগতে হয়েছে দলপতি কুশাল মেন্ডিসকে। তাদের দুজনের মধ্যে ৮০ রানের একটি জুটি গড়ে ওঠে। এরপর জানিথ লিয়ানাজ ২৭ ও সাহান আরাচিগে ৩০ রান করে রাথনায়াকে সমর্থন দেন। অষ্টম ব্যাটার হিসেবে রাথনায়া দলীয় ৩২৯ রানে আউট হলে শ্রীলঙ্কার জয়ের আশা মূলত ফিকে হয়ে যায়।

আরও পড়ুন: নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার, সেরা সাঁতারু রাফি ও মাইশা

পরবর্তী দুই উইকেটে শ্রীলঙ্কা আর মাত্র ২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ইংল্যান্ডের পক্ষে লিয়াম ডওসন ৪টি ও সনি বেকার ২টি উইকেট নেন, এছাড়া স্যাম কুরান, হেনরি ক্রোকোম্বে ও জো রুট একটি করে উইকেট লাভ করেন।

ইংল্যান্ড বড় সংগ্রহ অর্জন করে বেন ডাকেটের সেঞ্চুরিতে। তার ১৩২ বলে ১৬৭ রানের ইনিংসে ৭৪ রান করে সহায়তা করেন টম ব্যান্টন। এদিন ইশান মালিঙ্গা লজ্জার সম্মুখীন হন। তিনি দ্বিতীয় লঙ্কান হিসেবে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে একশর বেশি রান খরচ করেন, ১০১ রানের বিনিময়ে মাত্র এক উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যবর্তী নির্বাচনে চাপের মুখে ট্রাম্পের হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৭ এম


মধ্যবর্তী নির্বাচনে চাপের মুখে ট্রাম্পের হোয়াইট হাউস

হোয়াইট হাউসের ওভাল অফিসের পাশে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাইনিং রুম। এখানে বসে তিনি টেলিভিশন দেখেন, ফোনকল করেন এবং প্রিন্ট করা খবর, প্রবন্ধ ও নথিপত্রের স্তূপ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেন। পুরো ঘরটি কাগজে ঠেসে রয়েছে। প্রেসিডেন্টের সহকারী নাটালি হার্পের কাজ করার জন্য অল্প জায়গা রাখা হয়েছে। যখন প্রেসিডেন্টের নির্ধারিত ডেস্কে বসেন না, তখন তিনি এখানে কাজ করেন।

অন্যদিকে, আমেরিকার ফেডারেল হাউজিং ফিন্যান্স এজেন্সির শীর্ষ কর্মকর্তা বিল পালটি এখানে কিছু সময় কাজ করেন। তিনি ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য এআইয়ে তৈরি বিভিন্ন ছবি ও মিম সরবরাহ করেন। এছাড়া প্রচারের জন্য বিভিন্ন পোস্টারও তৈরি করেন। সম্প্রতি তিনি ওহাইওর রিপাবলিকান সিনেটর জন হাস্টেডের জন্য একটি পোস্টার তৈরি করেছেন, যা দেখে ট্রাম্প প্রশংসা করেছেন। পোস্টারটি ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান ব্যবহার করে প্রদর্শনের জন্য প্রস্তুত করা হয়েছে।

অনুসারী, খবরের কাগজের কাটিং, পোস্টার ও ভক্তদের পাঠানো শিল্পকর্মের মধ্য থেকে ক্রমেই নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চিত হয়ে পড়ছেন ট্রাম্প। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য নির্বাচনে আমেরিকার আইনসভা কংগ্রেসের উভয়কক্ষে তার দল রিপাবলিকান পার্টির হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

নির্বাচনে রিপাবলিকান পার্টির অনেক প্রার্থী ট্রাম্পের নীতিমালা, আচরণ ও তার প্রশাসনের বিরুদ্ধে ওঠা ব্যক্তিগত স্বার্থ হাসিলের অভিযোগ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছেন। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্যানুসারে, হাড্ডাহাড্ডি লড়াই হতে যাওয়া বিভিন্ন আসনে ট্রাম্পকে জনসভা ও প্রচার না চালানোর জন্য তার সহযোগীদের পরামর্শ দিয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক উপদেষ্টা ও রিপাবলিকান পার্টির ভিন্ন ভিন্ন গ্রুপ। তাদের মতে, এর মাধ্যমে ট্রাম্প ভালো কিছু করার বদলে রিপাবলিকান প্রার্থীদের জন্য লড়াইকে আরো কঠিন করে তুলবেন।

কিন্তু নেতিবাচক মন্তব্যকারীদের ওপর ক্ষুব্ধ ও চাপের মুখে থাকা ট্রাম্প তার অজনপ্রিয়তা প্রকাশ করা সব জরিপ প্রত্যাখ্যান করছেন। একই সঙ্গে তার সমালোচনা করা বিভিন্ন খবরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। সামগ্রিক পরিস্থিতিতে বিষণ্ণতার এক অন্ধকারে ডুবে আছেন তিনি। মধ্যবর্তী নির্বাচনে জয়ের মাধ্যমে তার প্রতি জনগণের সমর্থন অক্ষুণ্ণ রাখার প্রমাণ স্থাপনে দেশজুড়ে প্রচার চালাচ্ছেন তিনি। বুধবার ওহাইওতে এমন এক প্রচার চালান ট্রাম্প।

ট্রাম্প এখনো বিশ্বাস করেন, রিপাবলিকান পার্টিতে তার আধিপত্য কঠিন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট। কিন্তু হোয়াইট হাউসে এর মধ্যে বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্ক টাইমস এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের ১৬ সাবেক ও বর্তমান কর্মীর সঙ্গে কথা বলেছে। তবে তারা নিজেদের পরিচয় প্রকাশে অস্বীকার করেছেন।

তারা জানান, নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে শঙ্কা, রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ মতবিরোধ নিয়ে উত্তেজনা ও কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আশঙ্কায় হোয়াইট হাউসে ট্রাম্প ও তার সহযোগীরা চাপে রয়েছেন।

তবে হোয়াইট হাউসের এক মুখপাত্র ড্যানিয়েল আলভারেজ বলেন, নিজেদের লক্ষ্যের বিষয়ে প্রেসিডেন্ট ও তার সহযোগীরা ঐক্যবদ্ধ রয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হোয়াইট হাউসে শুধু একটি টিমই রয়েছে এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার জনগণের জন্য কাজ করার লক্ষ্যে দায়িত্ব পালন করছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান হাউসে ১৫ সদস্যের বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৮ এম


পাকিস্তান হাউসে ১৫ সদস্যের বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলকে সংবর্ধনা

পাকিস্তান সফররত ১৫ সদস্যের সাংস্কৃতিক প্রতিনিধিদলকে পাকিস্তান হাউসে সংবর্ধনা প্রদান করা হয়েছে, যা বাংলাদেশের শিল্প-সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরার উদ্দেশ্যে। এ অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে ১৬ থেকে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত পাকিস্তান সফর করে ১৫ সদস্যের বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলটি। সফরের সময় ইসলামাবাদে তাদের পরিবেশনায় বাংলাদেশের শিল্প, সংগীত ও সংস্কৃতির বৈচিত্র্য প্রদর্শিত হয়। প্রতিনিধিদলের পরিবেশনা দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে।

এই ১৫ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী ও ছাপচিত্রশিল্পী মো. আবদুস সাত্তার। সংগীতশিল্পীদের মধ্যে ছিলেন পিয়াল হাসান, ইশা খান, এথুন বাবু, মোহাম্মদ জামাল উদ্দিন নাসের ও নাজনীন চৌধুরী। নৃত্যশিল্পী হিসেবে প্রতিনিধিদলে অংশ নেন ফারহানা চৌধুরী, মেহবুবা মাহনূর চাঁদনী, আবদুর রশিদ স্বপন ও গোলাম মোস্তফা।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায় আয়োজিত এ সফর দুই দেশের শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক পরিচিতি বিনিময়ের একটি সুযোগ সৃষ্টি করেছে। ইসলামাবাদে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনার প্রশংসা দেশের শিল্প-সংস্কৃতির আন্তর্জাতিক পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।

পাকিস্তান হাউসে অনুষ্ঠিত সংবর্ধনায় সাংস্কৃতিক প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতি সফরের গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন জেনারেলের বিরুদ্ধে ইরান-ইউক্রেন যুদ্ধের তথ্য ফাঁসের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৬ এম


মার্কিন জেনারেলের বিরুদ্ধে ইরান-ইউক্রেন যুদ্ধের তথ্য ফাঁসের অভিযোগ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, গোপন সামরিক তথ্য অনুমতি ছাড়া ফাঁসের অভিযোগে তদন্তের পর এক কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে, বিষয়টি সম্ভাব্য আইনি পদক্ষেপের জন্য দেশের বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে। খবরটি আনাদোলুর মাধ্যমে প্রকাশিত হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, বিমানবাহিনীর বিশেষ তদন্ত দপ্তরের (এয়ার ফোর্স অফিস অব স্পেশাল ইনভেস্টিগেশনস) দীর্ঘ তদন্তের পর স্পর্শকাতর তথ্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পারনেল আরও জানান, এই ঘটনার পাশাপাশি আরও কয়েকটি মামলা বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে বুধবার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জয়েন্ট স্টাফ থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। তিনি জয়েন্ট স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক অধিদপ্তর—‘জে-৫’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার সিবিএস নিউজ ও ফক্স নিউজ পেন্টাগনের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ইরান ও ইউক্রেনের যুদ্ধসংক্রান্ত গোপন তথ্য সাংবাদিকদের কাছে ফাঁস করার অভিযোগ সিলভিয়ার বিরুদ্ধে উঠেছে।

পারনেল বলেন, ‘গোপন তথ্য কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। ব্যক্তিগত, রাজনৈতিক বা পেশাগত সুবিধা নেওয়ার জন্য এসব তথ্য ফাঁস করা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ওপর অর্পিত আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা।’ তবে সিলভিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল বা বিচার বিভাগের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার শিশুদের জন্য হামজার এক লাখ পাউন্ড তহবিল সংগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৬ এম


গাজার শিশুদের জন্য হামজার এক লাখ পাউন্ড তহবিল সংগ্রহ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধাহত ও চিকিৎসাবঞ্চিত শিশুদের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী এক লাখ পাউন্ডের (প্রায় এক কোটি ৬৫ লাখ টাকা) বেশি তহবিল সংগ্রহ করেছেন। এই অর্থ যুক্তরাজ্যের নজুম স্পোর্টসের সহযোগিতায় আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠানের মাধ্যমে সংগৃহীত হয়েছে। শেফিল্ড ইউনাইটেডের এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেন।

গত রোববার (স্থানীয় সময়) যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস টাউন হলে নজুম স্পোর্টসের উদ্যোগে এই দাতব্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজুম স্পোর্টস ২০২০ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থা, যা পেশাদার ক্রীড়াঙ্গনে মুসলিম অ্যাথলেটদের সহায়তা ও ক্ষমতায়নে কাজ করে। অনুষ্ঠানে হামজাকে নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে মুসলিম অ্যাথলেটদের স্বাক্ষরিত জার্সি, পদক ও বিভিন্ন স্মারকের একটি দাতব্য নিলাম অনুষ্ঠিত হয়।

নিলামের অন্যতম আকর্ষণ ছিল হামজা চৌধুরীর লেস্টার সিটির হয়ে জেতা ট্রফি ও স্মারকগুলো। এর মধ্যে তার এফএ কাপজয়ী জার্সিটি সাত হাজার পাউন্ড এবং কমিউনিটি শিল্ডজয়ী পদক তিন হাজার পাউন্ডে বিক্রি হয়। অনুষ্ঠানটির টিকিট বিক্রি এবং নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থ ‘চিলড্রেন নট নাম্বারস’ সংস্থাকে প্রদান করা হয়েছে।

হামজা চৌধুরী ইনস্টাগ্রাম পোস্টে জানান, সংগৃহীত এ তহবিলের সম্পূর্ণ অর্থ গাজার শিশুদের জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসায় ব্যয় করা হবে। তিনি বলেন, ‘সংগৃহীত এই তহবিল চিলড্রেন নট নাম্বারসের চমৎকার কাজে ব্যয় করা হবে, যারা গাজার শিশুদের জীবন রক্ষাকারী জরুরি সহায়তা দিচ্ছে। এসব শিশুর অনেকের জন্যই চিকিৎসার্থে বিদেশ বা নিরাপদ স্থানে যাওয়া এবং বেঁচে থাকা এখন একমাত্র আশা। সংগৃহীত সব অর্থই এমন শিশুদের চিকিৎসার্থে স্থানান্তর প্রক্রিয়ায় ব্যয় করা হবে, যাদের এটি অত্যন্ত প্রয়োজন।’

হামজা কৃতজ্ঞতা প্রকাশ করে আরো যোগ করেন, ‘স্বল্পসময়ের মধ্যে এ আয়োজনের মাধ্যমে যা অর্জিত হয়েছে, সে জন্য আমি কৃতজ্ঞ ও বিনীত বোধ করলেও জানি, এত বিশাল দুর্ভোগের বিপরীতে এটি অত্যন্ত সামান্য একটি অবদান মাত্র। এখনো অনেক কিছু করার বাকি আছে; তবে প্রতিটি চেষ্টাই—তা যত ছোটই হোক না কেন, পার্থক্য গড়ে তুলতে পারে।’

এদিকে, মানবিক এই কার্যক্রমের বাইরেও মাঠের খেলায় ব্যস্ত সময় পার করছেন হামজা। বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে তার সামনে এখন সাফ চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি খেলতে না পারলেও বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি জানিয়েছেন—আগামী ৯ নভেম্বর হামজা জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে দলে পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%