১০:৫৩ পি.এম
ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি মন্তব্য করেছেন যে, মাস্তুল ফাউন্ডেশন সারা দেশে নিরবচ্ছিন্নভাবে মানবতার সেবায় কাজ করছে। তিনি বলেছেন, এই প্রতিষ্ঠানের মানবিক কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয়। প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে মাস্তুল ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর হজোর মোড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী মাস্তুল ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে বলেছেন, প্রতিষ্ঠানটির সেবা শুধুমাত্র টিউবওয়েল কিংবা সেলাই মেশিন বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের যে কোনও প্রাকৃতিক দুর্যোগে তারা বিভিন্ন ধরনের সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক পর্যায়েও প্রতিষ্ঠানটির মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। গাজা ও ফিলিস্তিনে নির্যাতিত মানুষের জন্য মাস্তুল ফাউন্ডেশন খাদ্য, ওষুধ এবং আর্থিক সহায়তা প্রদান করছে।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি
রাজশাহীতে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী জানান, নগরীর প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল বিতরণ কার্যক্রম খুবই সময়োপযোগী। তিনি স্থানীয় দায়িত্বশীল ব্যক্তি এবং স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতার সঙ্গে উপকরণগুলো বিতরণের আহ্বান জানান।
নিজের স্মৃতিচারণ করে মোঃ মিজানুর রহমান মিনু বলেন, তিনি কারাগারে থাকাকালে পানির কষ্ট অনুভব করেছেন। সেই অভিজ্ঞতার প্রেক্ষাপটে তিনি মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে সবসময় সচেষ্ট রয়েছেন।
ভূমিমন্ত্রী মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদের নেতৃত্বের প্রশংসা করে বলেন, সৎ, দক্ষ এবং অভিজ্ঞ নেতৃত্বের কারণে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
তিনি রাজশাহীতে শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, এলাকার উন্নয়ন এবং সেবামূলক কর্মকাণ্ডে দল এবং মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আমের খোসা থেকে তৈরি হচ্ছে 'ম্যাংগো পিল টি'
এ সময় সরকারি অনুমতি সাপেক্ষে তিনি নিজেও মাস্তুল ফাউন্ডেশনের সঙ্গে গাজা উপত্যকায় মানবিক মিশনে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ, রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি মোঃ ইফতিয়ার মাহমুদ বাবুসহ ফাউন্ডেশনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, সুবিধাভোগী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে টিউবওয়েল এবং সেলাই মেশিন তুলে দেন ভূমিমন্ত্রী।
উল্লেখ্য, প্রান্তিক এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে রাজশাহী মহানগরীতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে ২২টি টিউবওয়েল এবং একটি সেলাই মেশিন বিতরণ করা হয়।
আরও পড়ুন: ইউপি নির্বাচনে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধসহ আহত ৩
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন