ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস

চট্টগ্রামে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার


চট্টগ্রামে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ইমামের ঝুলন্ত মরদেহ। মরদেহটি উদ্ধার হয় গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. আমির হোসেন (৪৩)। তিনি ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকতেন।

মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। পাশাপাশি নিজ কক্ষে লিখে গেছেন একটি চিরকুটও।

আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সূত্রে জানা যায়, মো. আমির হোসেন গত মঙ্গলবার বিকেলে আসরের নামাজে ইমামতি করেন। কিন্তু মাগরিবের নামাজের সময় মুসল্লিরা দেখতে পান যে ইমাম নেই এবং মসজিদে তালা লাগানো। পরে রাতের এশার নামাজের সময়ও মুসল্লিরা মসজিদ তালাবদ্ধ দেখতে পান। এতে তাঁদের সন্দেহ হয় এবং মসজিদের দোতলার জানালা দিয়ে উঁকি দিলে তাঁরা দেখতে পান, মসজিদের দোতলায় সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ রয়েছে। পরবর্তীতে থানায় খবর দেওয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার আহমেদ বলেন, মুসল্লিরা মাগরিবের সময়ে মসজিদ তালাবদ্ধ দেখতে পেয়ে ভেবেছিলেন ইমাম হয়তো বাইরে কোনো কাজে আটকে পড়েছেন। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর মানুষগুলোর সন্দেহ হয়। তখন উঁকি দিয়ে মরদেহটি দেখতে পান। ফ্যানের হুকের সঙ্গে সবুজ রঙের একটি কাপড় গলায় প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিচে একটি মইও পড়ে ছিল এবং ইমামের কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে পারিবারিক কলহের বিষয়ে কিছু কথা লেখা রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, মৃত্যুর আগে ইমাম আমির হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন, ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়’।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। উদ্ধার হওয়া চিরকুটটি তাঁর লেখা কি না, তা যাচাই করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে যে পারিবারিক কলহ থেকেই ওই ইমাম আত্মহত্যা করতে পারেন। এই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


চুয়াডাঙ্গায় লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশ একটি মৎস্য অবতরণ কেন্দ্রের সামনের এলাকা থেকে ‘জয় বাংলা’ লেখা লাল টেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু জব্দ করেছে।

বুধবার (২৪ জুন) দুপুরের দিকে, উপজেলার কুড়ুলগাছি রাইসা বিলের মৎস্য অবতরণ কেন্দ্রের সামনের স্থান থেকে এই বস্তুটি পুলিশ কর্তৃক জব্দ করা হয়। উদ্ধার করার পর এই বস্তুটি ঝুঁকি এড়াতে কাদাপানি এবং বালুর স্তূপের মাঝের একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সকালের সময়ে মৎস্যজীবী সমিতির সদস্যরা লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুটি দেখে। বস্তুর গায়ে সাদা কাগজে লেখা ‘জয় বাংলা’ দেখে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা ঘটনা দর্শনা থানা পুলিশকে জানিয়ে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছানোর পরে, বোমাসদৃশ বস্তুটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন, কারা ওই স্থানে বোমাসদৃশ বস্তুটি রেখে গেছে তা তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মশক নিধন ও বর্জ্যমুক্ত সিটিকর্পোরেশন হবে বগুড়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


মশক নিধন ও বর্জ্যমুক্ত সিটিকর্পোরেশন হবে বগুড়া

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। এক সময় ডেঙ্গুর মৌসুম বলতে শুধু বর্ষাকালকেই বোঝানো হতো। কিন্তু এখন সে ধারণা পাল্টে গেছে। এডিস মশার জীবনচক্রের পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ, জলবায়ু পরিবর্তন এবং জনসচেতনতার ঘাটতির কারণে এখন শীত-গ্রীষ্মেও ডেঙ্গুর সংক্রমণ দেখা যাচ্ছে। ডেঙ্গু এখন আর সাধারণ কোনো রোগ নয়। এটি পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। দেশের অন্যান্য জেলার মতো বগুড়াতেও চোখ রাঙ্গাতে পারে ডেঙ্গু বা এডিস মশা।

ডেঙ্গুমুক্ত ও বর্জ্যমুক্ত আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নানা কর্মসূচি গ্রহণ করেছে বগুড়া সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে মহানগরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, জনসচেনতনতামূলক র‌্যালিসহ মশক নিধনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে বগুড়া সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, বগুড়া সিটি কর্পোরেশনের ২১টি ওয়ার্ডে ৪২টি ফগার মেশিন প্রয়োজন। সেখানে রয়েছে ১২টি মেশিন। এই ১২টি মেশিন দিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওষুধ স্প্রে করা হচ্ছে। পর্যাপ্ত জনবল ও ফগার মেশিনের অভাবে প্রাচীন এই মহানগরীর ২১টি ওয়ার্ডে নার্ভানাশক ওধুষ স্প্রে করতে সমস্যা হচ্ছে।

জানা যায়, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এডিস মশার প্রজননের অনুকূল সময়। এই সময়ে জমে থাকা পানিতে মশার ডিম দ্রুত লার্ভায় পরিণত হয় এবং থেমে থেমে বৃষ্টির কারণে প্রজনন আরো বাড়ে। বর্ষাকাল আসলে বগুড়া মহানগরের বিভিন্ন স্থানে পানি জমে থাকে। জমে থাকা পানির কারণে এডিস মশার সংখ্যাটা বেড়ে যায়। তখন ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ে। এডিম মশা মূলত পরিচ্ছন্ন পানি থেকে হয়। পরিস্কার-পরিচ্ছন্ন পানিতে তারা ডিম পাড়ে এবং সেখানেই তাদের জন্ম হয়। এজন্য বাড়ির আশে-পাশে, আনাচে-কানাচে যত টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার রয়েছে সেগুলো পরিস্কার করতে হবে। শুধু ফগিং করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত নজরদারি এবং দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা ছাড়া কার্যকর ফল পাওয়া যাবে না।

অন্যদিকে, বর্জ্য ব্যবস্থাপনা বগুড়ার অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য মহানগরের বিভিন্ন স্থানে ফেলা হলেও আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা না থাকায় পরিবেশ দূষণের ঝুঁকি রয়েছে। বিশেষ করে উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা ও জলাশয়ে আবর্জনা নিক্ষেপ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন নগরীকে বর্জ্যমুক্ত ও ডেঙ্গুমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এডিস মশার লার্ভা ধ্বংসে সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে ড্রাম, বালতি বা পরিত্যক্ত টায়ারে জমে থাকা পানি পরিষ্কারের উপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া মহানগরের যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা রোধ করে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. মোঃ গোলাম ছারোয়ার জানান, ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস। এটি মশার মাধ্যমে ছড়ায়। আর মশাটা হচ্ছে এটার একটা বাহক। এই বাহকটা যখন একটা আক্রান্ত ব্যক্তির শরীরে কামড় দেয়। কামড় দেওয়ার পরে ওই ব্যক্তির শরীর থেকে ভাইরাসটা তার শরীরে নিয়ে নেয়। এ মশাটা যখন আবার একটা সুস্থ মানুষের শরীরে কামড়ায় তখন ওই ভাইরাসটা সুস্থ মানুষের শরীরে চলে যায়। বগুড়া সিটি কর্পোরশনের এখন বড় দায়িত্ব মশক নিধন। মশক নিধনের ওষুধ সঠিকভাবে মহানগরের বিভিন্ন স্থানে স্প্রে করতে হবে।

বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী জানান, মশক নিধনে বগুড়া সিটি কর্পোরেশনের ২১টি ওয়ার্ডে ৪২টি ফগার মেশিন প্রয়োজন। সেখানে রয়েছে ১২টি মেশিন। এই ১২টি মেশিন দিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওষুধ স্প্রে করা হচ্ছে। বর্তমানে নার্ভানাশক ওধুষ (কীটনাশক) রয়েছে ৯০০ কেজি। যা দিয়ে চলতি বর্ষায় মশক নিধন করা সম্ভব। কিন্তু জনবলের অভাবে সময়মত মশক নিধন নার্ভানাশক স্প্রে করা যাচ্ছে না। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিনিয়ত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য অপসারণ করা হচ্ছে। প্রতিদিন এসব সমস্যা নিয়ে মাইকিং, পোস্টারিং ও লিফলেট বিতরণ চলমান রয়েছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মনজুর মোর্শেদ জানান, এখন পর্যন্ত বগুড়া শজিমেক হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কেউ ভর্তি নেই। তবে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালে আলাদা ইউনিট প্রস্তুত রয়েছে। আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

বুধবার সচিবালয়ে নিজ অফিস কক্ষে সীতাকুন্ড স্রাইন কমিটির প্রতিনিধিদলের সাথে আলোচনা সভায় তিনি এই আশাবাদ প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর চেয়ারম্যান বিজন কান্তি সরকারও উপস্থিত ছিলেন।

এই বৈঠকে মন্ত্রী বলেন, বিএনপিকে একটি গোষ্ঠী সবসময় ভিন্ন ধর্মালম্বীদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু ঐতিহাসিকভাবে বিএনপি সব সময় সকল ধর্মের অধিকার রক্ষায় কাজ করেছে। আমরা দেশের উন্নয়নে সকল ধর্মকে সমান সুযোগ সুবিধা দিয়ে ভূমিকা পালন করব।

বৈঠকে সীতাকুন্ড স্রাইন কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামে গমনের জন্য ভক্তদের নানা সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন।

এ সময় মন্ত্রী সীতাকুন্ডের পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ, মন্দির সংস্কার ও পার্শ্ববর্তী অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, মেজর জেনারেল (অব.) জীবন কানাইসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান চুক্তি নিয়ে উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করতে আমিরাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


ইরান চুক্তি নিয়ে উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করতে আমিরাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত চুক্তির ব্যাপারে উপসাগরীয় অঞ্চলটির মিত্র দেশগুলোকে আশ্বস্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ (বুধবার) সংযুক্ত আরব আমিরাতে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট একটি বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) ব্যতীত দুই নেতা স্ট্রেইট অব হরমুজ (হরমুজ প্রণালী) দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার প্রচেষ্টা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

পিগট আরও বিবৃতিতে বলেছেন, "উপসাগরীয় অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব এবং নজিরবিহীন সমর্থনের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করেছেন।" একই সঙ্গে ইরানের বিভিন্ন হামলার প্রেক্ষাপটে আমিরাতের সাহস ও সহনশীলতার প্রশংসা করে মার্কো রুবিও দেশের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সংযুক্ত আরব আমিরাতে এই গুরুত্বপূর্ণ সফর শেষ করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই দেশটির ত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রে ফেরার পূর্বে তিনি এই সফরের অংশ হিসেবে কুয়েত ও বাহরাইন সফর করবেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%