১২:৩০ পি.এম
সাপ্তাহিক ছুটির পর আজ রোববার আবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। এই অধিবেশনটি গত ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং এটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলতে থাকবে।
বিকাল ৪টা ১৫ মিনিটে সংসদের এই অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বৈঠকে সভাপতিত্ব করবেন।
আজকের অধিবেশনে পোশাকশিল্পের উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের অনিয়ম এবং ভূমিসেবা সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। সংসদ সচিবালয় থেকে প্রকাশিত কার্যসূচির তথ্য অনুযায়ী, প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে তিনটি নোটিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট
এছাড়া, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা শিবচরের মানুষের ভোগান্তি কমানোর জন্য, ভূমিসেবা সহজীকরণ এবং নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ সম্পর্কে সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য উত্থাপনের বিষয়টি কার্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।
কার্যসূচিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারার বিধান অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, গত ৬ মার্চ ২০২৬ তারিখে স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি’ সংক্রান্ত দলিল সংসদে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।
এদিকে, কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী পোশাকশিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ, উৎপাদন ও রপ্তানি সক্ষমতা এবং এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার বিষয়ে একটি সাধারণ প্রস্তাব উত্থাপনের জন্য কার্যসূচিতে রাখা হয়েছে।
আরও পড়ুন: পার্শ্ববর্তী দেশ আমাদের ডাটা হ্যাক করেছে, নতুন আইন জরুরি: রিজভী
এই প্রস্তাবটি পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান উত্থাপন করবেন। এতে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের উন্নয়ন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি বাজার ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন