ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তাব্যবস্থা তৈরি করতে চায় পুলিশ


বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তাব্যবস্থা তৈরি করতে চায় পুলিশ

বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে ‘ডিপ্লোমেটিক সিকিউরিটি কো-অপারেশন, ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অব বাংলাদেশ পুলিশ’ শীর্ষক সমন্বয় সভায় বিদেশি সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় এ আগ্রহ প্রকাশ করে দেশীয় এই আইন প্রয়োগকারী সংস্থা।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কূটনৈতিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, কার্যকর তথ্য বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আজ বাংলাদেশে প্রথম নারী চিকিৎসক জোহরা বেগম কাজীর মৃত্যুবার্ষিকী

সভায় সভাপতিত্ব করেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

সভায় ঢাকা শহরে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পুলিশের কার্যক্রমের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন।

প্রবন্ধে বলা হয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অপরাধের ধারণা অনেক বিস্তৃত ও জটিল হয়ে উঠছে। সহিংস উগ্রবাদ এবং সংঘবদ্ধ অপরাধ আজ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতির সঙ্গে যুক্ত হচ্ছে সাইবার অপরাধ ও ডিজিটাল জালিয়াতি।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন, মানবপাচার, অনলাইন জুয়া, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অপরাধ, ডিপফেক, ভুলতথ্য ও অপতথ্য আজ কোনও একক দেশের নয়, বরং বৈশ্বিক সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।

আধুনিক পুলিশিংয়ের বর্তমান বাস্তবতা হলো, বর্তমানে সংঘটিত অপরাধের একটি বড় অংশ আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত রয়েছে। অপরাধ তদন্তে একাধিক বিচার ব্যবস্থা, বিদেশি নাগরিক, সীমান্তপারের লেনদেন এবং জটিল আন্তর্জাতিক নেটওয়ার্ক জড়িত থাকে। এসব অপরাধ মোকাবেলায় শক্তিশালী কূটনীতিক অংশীদারি এখন আর বিকল্প নয়; এটি আজ অপরিহার্য বলে মূল প্রবন্ধে উল্লেখ করা হয়।

বাংলাদেশ পুলিশে ইতিমধ্যে আন্তর্জাতিক সমন্বয়ে একটি বিস্তৃত কাঠামো গড়ে উঠেছে। পুলিশ সদর দপ্তর ‘ওভারসিজ অ্যাফেয়ার্স শাখা, এনসিবি ও ইউএন অপারেশন শাখা, ডিএমপি, এসবি, সিআইডি, পিবিআই এবং এটিইউর মাধ্যমে আন্তর্জাতিক তদন্তে নিয়মিত গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে।

বাংলাদেশ পুলিশ জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে অসাধারণ পেশাদারির স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগ, আন্তর্জাতিক তদন্ত এবং কূটনৈতিক সম্পৃক্ততায় বাংলাদেশ পুলিশের অবদান বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশ পুলিশ অপরাধ দমনে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সহযোগিতা বাড়ানো, কার্যকর তথ্য বিনিময় এবং অংশীদারির ভিত্তিতে সম্মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মু. নজরুল ইসলাম কূটনৈতিক নিরাপত্তা জোরদার এবং বিশ্বব্যাপী নিরাপত্তা বাড়াতে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন কূটনীতিকদের নিরাপত্তায় প্রশংসনীয় অবদান রাখছে। তিনি বিভিন্ন দেশের দূতাবাসের নিরাপত্তা প্রদানের জন্য একটি বিশেষায়িত ইউনিট গঠনের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ পুলিশের এ আয়োজনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে অতিথিদের নিরাপত্তাবিষয়ক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এক দেশের সঙ্গে অন্য দেশের সমন্বয়, তথ্য বিনিময় এবং ঘনিষ্ঠ যোগাযোগ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা প্রায় কঠিন। তিনি দেশের বাইরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করছে উল্লেখ করে বলেন, সাইবার ক্রাইম, ফাইনান্সিয়াল ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ বৈশ্বিক অপরাধ মোকাবেলায় বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা গড়ে তুলতেও পুলিশ কাজ করছে।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ কেবল অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থারও এক নির্ভরযোগ্য অংশীদার। ১৯৮৯ সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এই আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বাংলাদেশ পুলিশের অঙ্গীকারেরই প্রতিফলন।

আরও পড়ুন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গাইবান্ধার স্মৃতি খাতুনের সাফল্য

তিনি বলেন, বর্তমান বিশ্বে কার্যকর পুলিশিং নির্ভর করে ফলপ্রসূ সহযোগিতা এবং কূটনৈতিক পর্যায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা ও সমন্বয়ের ওপর। সভায় মূল প্রবন্ধের ওপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের পক্ষে পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান, ডিআইজি তাপতুন নাসরীন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠানে উপস্থিত বিদেশি কূটনীতিকগণ বাংলাদেশ পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। তারা বাংলাদেশ পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ক্রাইম, সাইবার ক্রাইম, মানবপাচার ইত্যাদি অপরাধ মোকাবেলা এবং তথ্য বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে বলে সুপারিশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন।

জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দুপুরের বিরতিতে, প্রধানমন্ত্রী অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

আজ সোমবার মাদারীপুর জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থী বাজেট অধিবেশন দেখতে আসেন। দুপুরে তারা সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অপেক্ষা করছিলেন। প্রধানমন্ত্রী নিজ কার্যালয় থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় অপেক্ষমাণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

এ সময়, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, এবং অন্যান্য সৃজনশীল কার্যক্রমে যুক্ত থাকার পরামর্শ দেন।

শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে এবং স্মরণীয় এই অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা জানায়।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার উদ্যোগে, তার নির্বাচনী এলাকার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বাজেট অধিবেশন দেখতে আসেন। প্রতিষ্ঠানগুলো হলো- ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ডোনাভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়, ও টেকেরহাট পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজ।

অধিবেশন দেখার পাশাপাশি, শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে সংসদের ইতিহাস, স্থাপত্য এবং কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানিতে গোলাগুলিতে প্রাণ গেল অন্তত ৫ জনের, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


জার্মানিতে গোলাগুলিতে প্রাণ গেল অন্তত ৫ জনের, আটক ১

উত্তর জার্মানির স্টাডে শহরে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশের বরাত দিয়ে সোমবার (২৯ জুন) সংবাদমাধ্যম ইউরো নিউজ এ তথ্য জানিয়েছে।

একজন পুলিশ মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

তবে তিনি মৃত্যুর সঠিক সংখ্যা অথবা অন্য কোনো বিস্তারিত তথ্য প্রদান করেননি।

তদন্তকারীরা বর্তমানে হামলার প্রেক্ষাপট সম্পর্কে কোনো তথ্য দেননি।

এখন ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবাকর্মী উপস্থিত রয়েছেন।

সূত্র: ইউরো নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে পুলিশের মাসিক কল্যাণ সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


শেরপুরে পুলিশের মাসিক কল্যাণ সভা

জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের বিবিধ বিষয় নিয়ে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়ে চলেছে।

জেলা পুলিশের উদ্যোগে আজ সোমবার সকালে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ. কে. এম জহিরুল ইসলাম।

সভায় জেলা পুলিশ সুপার পুলিশের সদস্যদের কল্যাণ সাধনের উদ্দেশ্যে সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের সমস্যা শুনেছেন এবং সেসব সমস্যার সমাধান করতে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেছেন।

এছাড়া, তিনি উপস্থিত সকল অফিসার ও ফোর্সকে পেশাদারিত্ব বজায় রেখে যথাযথভাবে দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করার জন্য আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আक्तার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক ও থানার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এ কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বৃক্ষরোপণ কার্যক্রম জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এ কর্মসূচির আওতায় মোরেলগঞ্জ উপজেলায় মোট ৫ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, সাড়ে ৬ টন উফশী রোপা আমন ধানের বীজ, ১৩ টন ডিএপি সার এবং ১৩ টন এমওপি সার বিতরণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার ৩ হাজার ২২০ জন প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে এসব কৃষি উপকরণ বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, "কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। সরকারের দেওয়া কৃষি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি পাবে। এর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এবং জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেও সহায়ক হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%