ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

হ্যান্ডকাফসহ পালানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশারফসহ ৫ জন গ্রেফতার


হ্যান্ডকাফসহ পালানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশারফসহ ৫ জন গ্রেফতার

দিনাজপুরের হিলিতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনসহ ছাত্রলীগ ও যুবলীগের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার (১৪ নভেম্বর) ভোরের মধ্যে হিলি ও পাঁচবিবি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। দুপুরের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম জানান, গত পরশু রাতে হিলির দক্ষিন বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে থানায় নিয়ে আসার সময় কৌশলে থানার গেট থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। পুলিশ সদস্যরা তার পিছু নিলেও, তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: রাজশাহী বিমানবন্দরের দেয়াল ঘেঁষে দুই গ্রেনেড, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

পরে গতকাল বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়। এছাড়াও তিনজনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করার তথ্যও জানিয়েছেন ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২ সেনা ও ১৬ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২ সেনা ও ১৬ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পরিচালিত অভিযানে অন্তত ১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ অভিযানে দুইজন পাকিস্তানি সেনাসদস্যও প্রাণ হারিয়েছেন। শনিবার, দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের মির আলি, দত্তা খেল এবং আশপাশের অঞ্চলে এই অভিযান পরিচালিত হয়। এর মধ্যে আলি খেল এলাকায় সংঘর্ষের ফলে দুই আফগান নাগরিকসহ মোট ১২ জন নিহত হন, এবং মির আলি ও দত্তা খেল এলাকায় আরও চারজন নিহত হন।

নিহত সেনাসদস্যদের মধ্যে রয়েছেন হাবিলদার আসমত আলি এবং নায়েক আফতাব আলি। তারা যথাক্রমে সোয়াবি ও মারদান জেলার বাসিন্দা।

আইএসপিআর জানায়, অভিযানের শেষে নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, বাকি জঙ্গিদের ধরার জন্য সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই সময়ে পাকিস্তানে সহিংসতায় নিহতদের প্রায় ৯৬ শতাংশই এই দুই প্রদেশের। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ৪৭৫ জন এবং বেলুচিস্তানে ২৬৫ জন নিহত হন। একই সময়ে দেশজুড়ে সংঘটিত সহিংস ঘটনার ৫৭ শতাংশই খাইবার পাখতুনখোয়ায় ঘটেছে।

সূত্র: জিও নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, ৯০ শতাংশের আদায় অনিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, ৯০ শতাংশের আদায় অনিশ্চিত

দেশের ব্যাংক খাতের আর্থিক সংকট আরও গভীর হয়েছে। বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি হয়ে পড়েছে। জুন মাস পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৭৮ শতাংশে পৌঁছেছে। গবেষকদের মতে, এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ ঋণ আদায়ের সম্ভাবনা অত্যন্ত কম। অন্যদিকে, খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে বড় ঘাটতি দেখা দিয়েছে। ২০২৫ সালের শেষে ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে নেমে গেছে। ফলে খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি—দুই দিক থেকেই দেশের ব্যাংক খাত চাপের মধ্যে রয়েছে।

নলেজ হাব ইনস্টিটিউটের ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা : জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত। অনুষ্ঠানে নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৭৮ শতাংশে পৌঁছেছে। ব্যাংকগুলোর প্রয়োজনীয় প্রভিশনের তুলনায় ঘাটতি প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। এছাড়া ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে আটকে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা।

অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব মন্তব্য করেন, খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি। এর চেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, ব্যাংক খাতের সামগ্রিক মূলধন পরিস্থিতি ঋণাত্মক। অর্থাৎ ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত মূলধন ব্যাংকগুলোর নেই।

তিনি আরও বলেন, খেলাপি ঋণের শ্রেণিবিন্যাস বিশ্লেষণ করলে দেখা যায়, এর বড় অংশ সন্দেহজনক ও মন্দ ঋণের পর্যায়ে রয়েছে। বিশেষ করে মন্দ ঋণের ক্ষেত্রে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। তার মূল্যায়ন অনুযায়ী, খেলাপি ঋণের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ আদায় অনিশ্চিত।

শাহ মো. আহসান হাবিব বলেন, ‘আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো, এই ৩৩ শতাংশ খেলাপি ঋণের মধ্যে ১০ শতাংশেরও কম প্রকৃত ঋণঝুঁকির মধ্যে পড়ে। বাকি বড় অংশের সঙ্গে পরিচালনগত ঝুঁকি, অপারেশনাল অনিয়ম এবং অপরাধের বিষয় জড়িত। এসব অপরাধ মোকাবিলা ব্যাংকের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে ব্যাংকের পাশাপাশি সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে ভূমিকা রাখতে হবে।’

ইচ্ছাকৃত ঋণখেলাপির কারণে ব্যাংক খাতের সংকট আরও জটিল হচ্ছে বলে তিনি মনে করেন। তার মতে, ঋণখেলাপির দায় শেষ পর্যন্ত সাধারণ আমানতকারী, ব্যাংক কর্মকর্তা, ভালো ব্যবসায়ী এবং ভালো ব্যাংকগুলোকেও বহন করতে হচ্ছে।

তিনি উল্লেখ করেন, ঋণ বিতরণের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, এমন অনেক ব্যাংক কর্মকর্তা-কর্মচারীকেও অনিয়মের পরিণতি ভোগ করতে হচ্ছে। ভালো ব্যবসায়ীদের বেশি সুদে ঋণ নিতে হচ্ছে। এমনকি ভালো ব্যাংকগুলোও দুর্বল ব্যাংকের সংকটের প্রভাব থেকে মুক্ত থাকতে পারছে না। দেশের অর্থনীতি মূলত ব্যাংকনির্ভর হওয়ায় এই সংকটের প্রভাব পুরো অর্থনীতিতে পড়ছে।

ব্যাংকভেদে খেলাপি ঋণের চিত্র

প্রতিবেদনে ব্যাংকের ধরন অনুযায়ী খেলাপি ঋণের হারে বড় পার্থক্য দেখা গেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৪৩ দশমিক ২ শতাংশ। বেসরকারি ব্যাংকে এই হার ৩১ দশমিক ৬ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৬ দশমিক ৫ শতাংশ। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলো। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার ৫৮ দশমিক ৯ শতাংশ।

পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোতে আমানতও কমেছে ১ দশমিক ৭ শতাংশ। এসব ব্যাংকের ঋণ-আমানত অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে। অর্থাৎ আমানতের তুলনায় ঋণের পরিমাণ অনেক বেশি।

আমানত বাড়লেও কমছে ঋণপ্রবাহ

ব্যাংক খাতে আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণপ্রবাহের গতি কমছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। সেপ্টেম্বরে তা আরও কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমে আসে।

এদিকে গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। ওই মাসে নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখে বাংলাদেশ ব্যাংক। গত ৩০ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৮ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে ব্যাংকগুলোর প্রয়োজনের অতিরিক্ত তারল্য সম্পদের পরিমাণ ছিল ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা। তবে সামগ্রিক ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য থাকলেও দুর্বল ব্যাংকগুলোর তারল্যসংকট এতে আড়াল হয়ে যেতে পারে।

ঋণপ্রাপ্তিতে পিছিয়ে এসএমই ও নারী উদ্যোক্তারা

আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও ব্যাংক খাতে বড় ঘাটতি রয়েছে। গত মার্চে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতে বিতরণ করা ঋণের অংশ ছিল মোট ঋণের ১৫ দশমিক ৮৭ শতাংশ। অথচ লক্ষ্যমাত্রা ছিল ২৫ দশমিক ৫০ শতাংশ। নারী উদ্যোক্তাদের ঋণের অংশ ছিল ৭ দশমিক ২৮ শতাংশ, যেখানে লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ।

তাংগ্রামীণ আমানতের অংশ ১৬ দশমিক ২৫ শশ হলেও গ্রামীণ খাতে ঋণের অংশ মাত্র ৭ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে, গত আগস্টে কৃষি ও গ্রামীণ ঋণের ৩৪ দশমিক ৪৮ শতাংশ বকেয়া ছিল।

সংকট মোকাবেলায় তিন মাসের কর্মপরিকল্পনা

ব্যাংক খাতের সংকট মোকাবেলায় কয়েকটি স্বল্পমেয়াদি সুপারিশ করেছে নলেজ হাব। এর মধ্যে রয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে স্বাধীনভাবে ঋণ পর্যালোচনা করা। পাশাপাশি আগামী বছরের মার্চের মধ্যে ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধার অথবা রেজল্যুশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।

এ ছাড়া ব্যাংকগুলোর নগদ অর্থ আদায়, মূলধন পরিস্থিতি ও গ্রাহকসেবার তথ্য নিয়মিত প্রকাশের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬, আমানত সুরক্ষা আইন ২০২৬ এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ঘোষিত ৩৫ হাজার কোটি টাকার মূলধন কাঠামোর বিষয়টিও তুলে ধরা হয়েছে। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি নিয়ে হাটহাজারী বিমানবন্দর হতে পারে নতুন পর্যটনকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি নিয়ে হাটহাজারী বিমানবন্দর হতে পারে নতুন পর্যটনকেন্দ্র

॥ খোরশেদ আলম শিমুল ॥

চট্টগ্রাম (উত্তর), ১৪ নভেম্বর, ২০২৬ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী কর্তৃক নির্মিত হাটহাজারী বিমানবন্দর বর্তমানে কালের প্রভাবে প্রায় বিলীন হওয়ার পথে রয়েছে। যদি যথাযথ সংরক্ষণ ও পরিকল্পিত উন্নয়ন করা হয়, তবে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন হিসেবে আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।

হাটহাজারী পৌরসভার আলামপুর ও আদর্শগ্রাম এলাকায় অবস্থিত এই বিমানবন্দরটি ১৯৪৩ সালে ব্রিটিশ শাসকগোষ্ঠী কর্তৃক প্রায় ৩৭ একর জমির ওপর নির্মাণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি জঙ্গি ও সরবরাহকারী বিমানগুলোর জ্বালানি সরবরাহ এবং সামরিক রসদ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যুদ্ধ শেষ হওয়ার পর, ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক বিমানঘাঁটির অধিকাংশ স্থাপনা বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের কাছে বিমানবন্দরটি ঘিরে এখনো নানা স্মৃতি ও গল্প প্রচলিত রয়েছে। তারা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছেন, একসময় যুদ্ধবিমানের ওঠানামার শব্দে পুরো এলাকা মুখরিত থাকত। রানওয়েতে সারি-সারি বিমান দাঁড়িয়ে থাকত এবং জ্বালানি সংগ্রহের পর সেসব বিমান যুদ্ধের মিশনে যেত। বিশেষ করে জাপানি বাহিনীর বিরুদ্ধে অভিযানে বিমানঘাঁটিটি ব্যবহৃত হতো বলে তারা জানাচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তান আমলে বিমানবন্দরটি চালু বা সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ১৯৭১ সালে স্বাধীনতার পরও বিভিন্ন সরকারের আমলে এ ঐতিহাসিক স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণ হয়নি। ফলে বিমানবন্দর এলাকার অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মূল্যবান প্রত্নতাত্ত্বিক ও সামরিক নিদর্শনের অনেক কিছুই হারিয়ে গেছে। বর্তমানে বিমানবন্দরটির কিছু অংশ বেদখল হয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের পুরোনো স্থাপনাগুলো জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। রানওয়ের বেশ কিছু অংশ এখনো দৃশ্যমান রয়েছে। জ্বালানি তেলের রিজার্ভারের কিছু অংশ অবশিষ্ট রয়েছে। প্রশাসনিক ভবন ও সিগন্যাল ঘর আগাছায় ঢেকে গেছে। ভবনগুলোর দেয়ালে শেওলা জমেছে, খসে পড়েছে পলেস্তারা, এবং ভেঙে পড়ছে ইট। প্রশাসনিক ভবনের পাশে স্থানীয়ভাবে পাকাঘর নির্মাণের কারণে পুরোনো স্থাপনাগুলোর অস্তিত্বও হুমকির মুখে পড়েছে।

তবে ঐতিহাসিক স্থাপনাটির পাশাপাশি এলাকাটির রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য। বিমানবন্দরের আশপাশের ৫০০ থেকে ৬০০ গজের মধ্যে পাহাড় রয়েছে। বর্ষায় পাহাড় থেকে নেমে আসা পানিতে ছড়াগুলো প্রাণ ফিরে পায়। পাহাড় ও সমতলের অপূর্ব মেলবন্ধনে সৃষ্টি হয় মনোরম প্রাকৃতিক পরিবেশ। এ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূরদূরান্ত থেকে শত শত পর্যটক এলাকায় আসেন।

এলাকাটিতে নির্মাণাধীন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ফার্মভিত্তিক ক্যাম্পাস, জেলা সরকারি দুগ্ধ ও ছাগল খামার, কৃষি ইনস্টিটিউট এবং হর্টিকালচার সেন্টার রয়েছে। ঐতিহাসিক বিমানবন্দর, পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য ও এসব প্রতিষ্ঠানকে সমন্বিত করে পরিকল্পিত পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব বলে স্থানীয়রা মনে করছেন। এতে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি রাজস্ব আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটেও হাটহাজারী বিমানঘাঁটির বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯৩৯ সালে শুরু হওয়া এ যুদ্ধে জাপানি বাহিনী বার্মা (বর্তমান মিয়ানমার) সীমান্ত দিয়ে দ্রুত অগ্রসর হলে ব্রিটিশ ভারতের কাছে চট্টগ্রাম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে আসা অস্ত্র, গোলাবারুদ ও খাদ্যসামগ্রী বিমান ও স্থলপথে আরাকান সীমান্ত এবং বার্মার অভ্যন্তরে পাঠানো হতো। দুর্গম পাহাড়ি এলাকা ও বর্ষায় কাদামাটির কারণে স্থলপথে রসদ পরিবহন কঠিন হয়ে পড়ায় মিত্রবাহিনী আকাশপথে সরবরাহব্যবস্থার ওপর গুরুত্ব দেয়। এ প্রয়োজন থেকেই ১৯৪৩ সালে হাটহাজারীতে সামরিক বিমানঘাঁটি স্থাপন করা হয়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ১৯৬১ সালে প্রকাশিত ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমান বাহিনীর কমব্যাট ইউনিট’ শীর্ষক গ্রন্থে ভারতবর্ষের বিভিন্ন বিমানঘাঁটির বিবরণ রয়েছে। লেখক মওরারের এ গ্রন্থের তথ্য অনুযায়ী, হাটহাজারী বিমানঘাঁটি মূলত সামরিক সরবরাহের সুবিধার্থে নির্মিত হয়েছিল। এটি পরিবহন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ও ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স যৌথভাবে এখান থেকে সরবরাহকারী বিমান পরিচালনা করত। ঘাঁটিটিতে একটি রেডিও রিলে কেন্দ্রও ছিল, যা ১২৮তম আর্মি কমিউনিকেশন সিস্টেম স্কোয়াড নামে পরিচিত ছিল।

তৎকালীন সদর ইউনিয়ন পরিষদের আলামপুর গ্রাম ও আশপাশের প্রায় ৩৭ একর জমি অধিগ্রহণ করে বিমানঘাঁটিটি নির্মাণ করা হয়। এতে প্রশাসনিক ভবন, সিগন্যাল হাউস, রানওয়ে ও জ্বালানি তেলের রিজার্ভার স্থাপন করা হয়েছিল। চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত এ বিমানঘাঁটি সে সময়ের যোগাযোগব্যবস্থার বিবেচনায় সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল।

আলামপুর এলাকার বাসিন্দা ও ডাক বিভাগের পোস্টমাস্টার মো. সেলিম বাসসকে জানান, বিমানবন্দর নির্মাণের সময় তাদের পূর্বপুরুষেরা ভিটেবাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন। তাদের জমি ব্যবহার করে ব্রিটিশরা সিগন্যাল হাউসসহ বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। যুদ্ধ শেষ হওয়ার পর তাদের পরিবার আবার বসতভিটায় ফিরে আসে। পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছেন, যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ এবং জাপানি বাহিনীর বিরুদ্ধে বোমা হামলার অভিযানে এ বিমানঘাঁটি ব্যবহৃত হতো।

আদর্শগ্রাম এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, ব্রিটিশ আমলে জমি নিয়ে এখানে বিমানবন্দর স্থাপন করা হয়েছিল। এর অবশিষ্ট স্থাপনাগুলো দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে পর্যটক আসেন। বিশেষ করে শুক্র ও শনিবার দর্শনার্থীদের উপস্থিতি বেশি থাকে। সরকার এলাকাটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুললে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এ বিষয়ে তিনি হাটহাজারীর সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বাসসকে জানান, ঐতিহাসিক বিমানবন্দরটি উপজেলার আলামপুর গ্রাম ও আশপাশের প্রায় ৩৭ একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় থাকলেও ঐতিহাসিক এ স্থাপনা যথাযথভাবে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, পুরোনো স্থাপনাগুলো সংরক্ষণের পাশাপাশি সেখানে পর্যটনকেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র কিংবা গবেষণাকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা হাটহাজারী বিমানবন্দর তাই কেবল একটি পরিত্যক্ত স্থাপনা নয়, এটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক। যথাযথ উদ্যোগের মাধ্যমে এ স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা গেলে নতুন প্রজন্ম যেমন ইতিহাস জানার সুযোগ পাবে, তেমনি হাটহাজারীতেও বিকশিত হতে পারে নতুন পর্যটন সম্ভাবনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনীতির নামে সন্ত্রাস: রাষ্ট্র ও সমাজের জন্য হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


রাজনীতির নামে সন্ত্রাস: রাষ্ট্র ও সমাজের জন্য হুমকি

রাজনৈতিক কর্মসূচির নামে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ এবং নাশকতামূলক কর্মকাণ্ড জননিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হয়ে উঠছে। এসব ঘটনা মানুষের জীবন ও সম্পদের ক্ষতি করার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনীতি এবং সামাজিক নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও সাধারণ মানুষের জীবন বিপন্ন করার অজুহাত হিসেবে এটি গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি বিভিন্ন সময় সহিংসতার ঘটনা ঘটেছে। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি, রাজনৈতিক অসহিষ্ণুতা, প্রতিপক্ষকে শত্রু হিসেবে বিবেচনা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অনাস্থা এ ধরনের প্রবণতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য যখন শান্তিপূর্ণ কর্মসূচির পরিবর্তে ভয়ভীতি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তখন তা অপরাধের পর্যায়ে চলে যায়।

সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সড়কে নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। এসব ঘটনার পেছনে সাংগঠনিক যোগাযোগ, পরিকল্পনা, লোক সংগ্রহ এবং সমন্বিত তৎপরতার বিষয়টি তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা।

ঢাকায় ককটেল বিস্ফোরণ

ঢাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো. রুহুল আমিন সরকার জানিয়েছেন, ককটেলসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি নিজে প্রায় ৯ জনকে গ্রেপ্তার করেছেন।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় ককটেল বিস্ফোরণের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে এ পর্যন্ত প্রায় ২৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিসংখ্যান শুধুমাত্র ডিএমপির আওতাধীন এলাকার। দেশের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তারের তথ্য এতে অন্তর্ভুক্ত নয়।

গ্রেফতার ব্যক্তিদের তদন্তে একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সঙ্গে সাংগঠনিক সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে বলে উল্লেখ করেছেন তিনি। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম, ডিজিটাল যোগাযোগ এবং অন্যান্য তথ্যপ্রমাণ তদন্তে গুরুত্ব পাচ্ছে।

এ ছাড়া ঢাকার বাইরে থেকে লোকজনকে রাজধানীতে এনে নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত করার অভিযোগও পাওয়া গেছে। ককটেল বিস্ফোরণের মতো অপরাধ সংঘটনের উদ্দেশ্যে লোক সংগ্রহের সময় কয়েকজনকে হাতেনাতে গ্রেপ্তারের ঘটনাও রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তবে গ্রেফতার হওয়া মানেই কেউ অপরাধী হিসেবে প্রমাণিত নন। প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যথাযথ তদন্ত, সাক্ষ্য-প্রমাণ এবং আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হতে হবে।

সাধারণ মানুষের জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে

ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা নিক্ষেপ কিংবা যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। একটি চলন্ত বাসে আগুন দেওয়ার অর্থ শুধু একটি যানবাহন ধ্বংস করা নয়; এর চালক, সহকারী ও যাত্রীদের জীবনও বিপন্ন করা।

এ ধরনের হামলায় বাসচালক, রিকশাচালক, দোকানদার, শিক্ষার্থী এবং পথচারীরা ক্ষতিগ্রস্ত হন। তাদের অনেকেরই রাজনৈতিক বিরোধের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। অথচ রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের নামে তাদের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ে।

এসব ঘটনায় কেউ প্রাণ হারান, কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন, আবার কেউ দগ্ধ হয়ে দীর্ঘদিন চিকিৎসা ও পুনর্বাসনের সংগ্রাম চালিয়ে যান। একটি যানবাহন পুড়ে গেলে এর মালিক, চালক ও শ্রমিকদের আয়ের উৎস বন্ধ হয়ে যায়। ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান পুড়ে গেলে হারিয়ে যেতে পারে সারা জীবনের সঞ্চয়।

আতঙ্ক ছড়ায় সমাজ ও অর্থনীতিতে

নাশকতামূলক কর্মকাণ্ডের প্রভাব শুধুমাত্র ঘটনাস্থলে সীমাবদ্ধ থাকে না। বিস্ফোরণ কিংবা অগ্নিসংযোগের ঘটনা মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী নিরাপত্তাহীনতা তৈরি করে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যাওয়া নিয়ে উদ্বিগ্ন হন, অভিভাবকেরা সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে ভয় পান এবং পরিবহন শ্রমিকেরা জীবিকার নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক আরও বিস্তৃত হয়। এতে মানুষের পারস্পরিক আস্থা কমে যায় এবং স্বাভাবিক সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হয়।

রাজনৈতিক সহিংসতার কারণে বিনিয়োগ পরিবেশ, ব্যবসা-বাণিজ্য, পর্যটন, পরিবহন এবং সরবরাহব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। ফলে এসব ঘটনার আর্থিক ও সামাজিক মূল্য শেষ পর্যন্ত পুরো সমাজকেই বহন করতে হয়।

সন্ত্রাসবিরোধী আইনে শাস্তির বিধান

রাজনৈতিক সহিংসতা এবং সন্ত্রাসবাদের মধ্যে সম্পর্ক থাকলেও প্রত্যেক রাজনৈতিক সংঘর্ষ বা সহিংস অপরাধকে স্বয়ংক্রিয়ভাবে সন্ত্রাসবাদ বলা যায় না। তবে জনমনে আতঙ্ক সৃষ্টি, জননিরাপত্তা বিপন্ন করা কিংবা সরকার বা জনগণকে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করার উদ্দেশ্যে বিস্ফোরক ও প্রাণঘাতী সহিংসতা ব্যবহার করা হলে তা সন্ত্রাসী কর্মকাণ্ডের বৈশিষ্ট্য ধারণ করতে পারে।

বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬ ধারায় নির্দিষ্ট উদ্দেশ্যে সংঘটিত হত্যা, গুরুতর আঘাত, সম্পত্তির ক্ষতিসাধন এবং বিস্ফোরক বা দাহ্য পদার্থ ব্যবহারের মতো কর্মকাণ্ডকে সন্ত্রাসী কার্যক্রমের আওতায় বিবেচনার বিধান রয়েছে।

কোনো রাজনৈতিক পরিচয় কিংবা সাংগঠনিক অবস্থান অপরাধকে বৈধতা দিতে পারে না। অপরাধের প্রকৃতি ও প্রমাণের ভিত্তিতেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

প্রয়োজন রাজনৈতিক সহনশীলতা

রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব, গোয়েন্দা সক্ষমতা এবং দ্রুত তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রতিটি ঘটনায় বৈজ্ঞানিক তদন্ত, আলামত সংরক্ষণ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য সংগ্রহ এবং ডিজিটাল তথ্যপ্রমাণ বিশ্লেষণের মাধ্যমে অপরাধের পরিকল্পনা ও অর্থায়নের উৎস খুঁজে বের করতে হবে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব কার্যক্রম হতে হবে আইনসম্মত, মানবাধিকারসম্মত, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক। অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, বরং অপরাধের প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রাজনৈতিক দলগুলোরও এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান প্রয়োজন। রাজনৈতিক কর্মসূচির নামে বিস্ফোরক ব্যবহার, অগ্নিসংযোগ, প্রাণহানি কিংবা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সব রাজনৈতিক শক্তির ঐকমত্য থাকা জরুরি।

রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠা। তাই রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা শান্তিপূর্ণ আন্দোলন, যুক্তিতর্ক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। ককটেলের শব্দ কিংবা আগুনের ভয় দেখিয়ে মানুষের সমর্থন অর্জন সম্ভব নয়। বরং মানুষের আস্থা অর্জনই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য। রাষ্ট্র ও সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সহিংস রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে সহনশীলতা, জবাবদিহি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিকল্প নেই।

লেখক: ড. মো. রুহুল আমিন সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, স্পেশাল রেসপন্স ইউনিট, ডিএমপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%