প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
॥ খোরশেদ আলম শিমুল ॥
চট্টগ্রাম (উত্তর), ১৪ নভেম্বর, ২০২৬ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী কর্তৃক নির্মিত হাটহাজারী বিমানবন্দর বর্তমানে কালের প্রভাবে প্রায় বিলীন হওয়ার পথে রয়েছে। যদি যথাযথ সংরক্ষণ ও পরিকল্পিত উন্নয়ন করা হয়, তবে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন হিসেবে আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।
হাটহাজারী পৌরসভার আলামপুর ও আদর্শগ্রাম এলাকায় অবস্থিত এই বিমানবন্দরটি ১৯৪৩ সালে ব্রিটিশ শাসকগোষ্ঠী কর্তৃক প্রায় ৩৭ একর জমির ওপর নির্মাণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি জঙ্গি ও সরবরাহকারী বিমানগুলোর জ্বালানি সরবরাহ এবং সামরিক রসদ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যুদ্ধ শেষ হওয়ার পর, ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক বিমানঘাঁটির অধিকাংশ স্থাপনা বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের কাছে বিমানবন্দরটি ঘিরে এখনো নানা স্মৃতি ও গল্প প্রচলিত রয়েছে। তারা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছেন, একসময় যুদ্ধবিমানের ওঠানামার শব্দে পুরো এলাকা মুখরিত থাকত। রানওয়েতে সারি-সারি বিমান দাঁড়িয়ে থাকত এবং জ্বালানি সংগ্রহের পর সেসব বিমান যুদ্ধের মিশনে যেত। বিশেষ করে জাপানি বাহিনীর বিরুদ্ধে অভিযানে বিমানঘাঁটিটি ব্যবহৃত হতো বলে তারা জানাচ্ছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তান আমলে বিমানবন্দরটি চালু বা সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ১৯৭১ সালে স্বাধীনতার পরও বিভিন্ন সরকারের আমলে এ ঐতিহাসিক স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণ হয়নি। ফলে বিমানবন্দর এলাকার অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মূল্যবান প্রত্নতাত্ত্বিক ও সামরিক নিদর্শনের অনেক কিছুই হারিয়ে গেছে। বর্তমানে বিমানবন্দরটির কিছু অংশ বেদখল হয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের পুরোনো স্থাপনাগুলো জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। রানওয়ের বেশ কিছু অংশ এখনো দৃশ্যমান রয়েছে। জ্বালানি তেলের রিজার্ভারের কিছু অংশ অবশিষ্ট রয়েছে। প্রশাসনিক ভবন ও সিগন্যাল ঘর আগাছায় ঢেকে গেছে। ভবনগুলোর দেয়ালে শেওলা জমেছে, খসে পড়েছে পলেস্তারা, এবং ভেঙে পড়ছে ইট। প্রশাসনিক ভবনের পাশে স্থানীয়ভাবে পাকাঘর নির্মাণের কারণে পুরোনো স্থাপনাগুলোর অস্তিত্বও হুমকির মুখে পড়েছে।
তবে ঐতিহাসিক স্থাপনাটির পাশাপাশি এলাকাটির রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য। বিমানবন্দরের আশপাশের ৫০০ থেকে ৬০০ গজের মধ্যে পাহাড় রয়েছে। বর্ষায় পাহাড় থেকে নেমে আসা পানিতে ছড়াগুলো প্রাণ ফিরে পায়। পাহাড় ও সমতলের অপূর্ব মেলবন্ধনে সৃষ্টি হয় মনোরম প্রাকৃতিক পরিবেশ। এ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূরদূরান্ত থেকে শত শত পর্যটক এলাকায় আসেন।
এলাকাটিতে নির্মাণাধীন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ফার্মভিত্তিক ক্যাম্পাস, জেলা সরকারি দুগ্ধ ও ছাগল খামার, কৃষি ইনস্টিটিউট এবং হর্টিকালচার সেন্টার রয়েছে। ঐতিহাসিক বিমানবন্দর, পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য ও এসব প্রতিষ্ঠানকে সমন্বিত করে পরিকল্পিত পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব বলে স্থানীয়রা মনে করছেন। এতে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি রাজস্ব আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটেও হাটহাজারী বিমানঘাঁটির বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯৩৯ সালে শুরু হওয়া এ যুদ্ধে জাপানি বাহিনী বার্মা (বর্তমান মিয়ানমার) সীমান্ত দিয়ে দ্রুত অগ্রসর হলে ব্রিটিশ ভারতের কাছে চট্টগ্রাম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে আসা অস্ত্র, গোলাবারুদ ও খাদ্যসামগ্রী বিমান ও স্থলপথে আরাকান সীমান্ত এবং বার্মার অভ্যন্তরে পাঠানো হতো। দুর্গম পাহাড়ি এলাকা ও বর্ষায় কাদামাটির কারণে স্থলপথে রসদ পরিবহন কঠিন হয়ে পড়ায় মিত্রবাহিনী আকাশপথে সরবরাহব্যবস্থার ওপর গুরুত্ব দেয়। এ প্রয়োজন থেকেই ১৯৪৩ সালে হাটহাজারীতে সামরিক বিমানঘাঁটি স্থাপন করা হয়।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ১৯৬১ সালে প্রকাশিত ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমান বাহিনীর কমব্যাট ইউনিট’ শীর্ষক গ্রন্থে ভারতবর্ষের বিভিন্ন বিমানঘাঁটির বিবরণ রয়েছে। লেখক মওরারের এ গ্রন্থের তথ্য অনুযায়ী, হাটহাজারী বিমানঘাঁটি মূলত সামরিক সরবরাহের সুবিধার্থে নির্মিত হয়েছিল। এটি পরিবহন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ও ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স যৌথভাবে এখান থেকে সরবরাহকারী বিমান পরিচালনা করত। ঘাঁটিটিতে একটি রেডিও রিলে কেন্দ্রও ছিল, যা ১২৮তম আর্মি কমিউনিকেশন সিস্টেম স্কোয়াড নামে পরিচিত ছিল।
তৎকালীন সদর ইউনিয়ন পরিষদের আলামপুর গ্রাম ও আশপাশের প্রায় ৩৭ একর জমি অধিগ্রহণ করে বিমানঘাঁটিটি নির্মাণ করা হয়। এতে প্রশাসনিক ভবন, সিগন্যাল হাউস, রানওয়ে ও জ্বালানি তেলের রিজার্ভার স্থাপন করা হয়েছিল। চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত এ বিমানঘাঁটি সে সময়ের যোগাযোগব্যবস্থার বিবেচনায় সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল।
আলামপুর এলাকার বাসিন্দা ও ডাক বিভাগের পোস্টমাস্টার মো. সেলিম বাসসকে জানান, বিমানবন্দর নির্মাণের সময় তাদের পূর্বপুরুষেরা ভিটেবাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন। তাদের জমি ব্যবহার করে ব্রিটিশরা সিগন্যাল হাউসসহ বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। যুদ্ধ শেষ হওয়ার পর তাদের পরিবার আবার বসতভিটায় ফিরে আসে। পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছেন, যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ এবং জাপানি বাহিনীর বিরুদ্ধে বোমা হামলার অভিযানে এ বিমানঘাঁটি ব্যবহৃত হতো।
আদর্শগ্রাম এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, ব্রিটিশ আমলে জমি নিয়ে এখানে বিমানবন্দর স্থাপন করা হয়েছিল। এর অবশিষ্ট স্থাপনাগুলো দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে পর্যটক আসেন। বিশেষ করে শুক্র ও শনিবার দর্শনার্থীদের উপস্থিতি বেশি থাকে। সরকার এলাকাটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুললে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এ বিষয়ে তিনি হাটহাজারীর সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বাসসকে জানান, ঐতিহাসিক বিমানবন্দরটি উপজেলার আলামপুর গ্রাম ও আশপাশের প্রায় ৩৭ একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় থাকলেও ঐতিহাসিক এ স্থাপনা যথাযথভাবে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, পুরোনো স্থাপনাগুলো সংরক্ষণের পাশাপাশি সেখানে পর্যটনকেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র কিংবা গবেষণাকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা হাটহাজারী বিমানবন্দর তাই কেবল একটি পরিত্যক্ত স্থাপনা নয়, এটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক। যথাযথ উদ্যোগের মাধ্যমে এ স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা গেলে নতুন প্রজন্ম যেমন ইতিহাস জানার সুযোগ পাবে, তেমনি হাটহাজারীতেও বিকশিত হতে পারে নতুন পর্যটন সম্ভাবনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন