ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সুগন্ধা নদীর ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী বেড়িবাঁধের দাবি


সুগন্ধা নদীর ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী বেড়িবাঁধের দাবি

সুগন্ধা নদীর ভাঙন থেকে বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার লক্ষ্যে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় বাসিন্দাদের দ্বারা।

শনিবার সকাল ১০টায় সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ থেকে চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসা পর্যন্ত নদীর ভাঙনকবলিত এলাকায় এই মানববন্ধন পালিত হয়। এতে অংশগ্রহণ করেন নারী-পুরুষ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, সুগন্ধা নদীর অব্যাহত ভাঙনের ফলে দেহেরগতি ইউনিয়নের অসংখ্য বসতবাড়ি, রাস্তাঘাট, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে সরকারি আবুল কালাম কলেজের একাডেমিক ভবন ও ছাত্রাবাস, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, ২৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেহেরগতি ইউনিয়ন পরিষদ ভবন এবং চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

আরও পড়ুন: রাজশাহী বিমানবন্দরের দেয়াল ঘেঁষে দুই গ্রেনেড, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

তাঁরা আরও বলেন, নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করার কারণে নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক পরিবার ইতিমধ্যে বসতভিটা ও সহায়-সম্বল হারিয়েছে। দ্রুত নদীশাসন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন না করা হলে এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

মানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক ও স্থানীয় সমাজকর্মী সুজন মুন্নার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাইনুল ইসলাম। বক্তব্য দেন বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেনায়েত, ইউনিয়ন জামায়াতের আমির এরশাদ হোসাইন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, শিক্ষক হাফেজ মমিনুল ইসলামসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

মানববন্ধন থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) থেকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সুগন্ধা নদীর ভাঙনকবলিত এলাকায় নদীশাসন, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও সার্বিক উন্নয়নের দাবি জানানো হয়।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেহেরগতি ইউনিয়নের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, বসতবাড়ি, আবাদি জমি ও যোগাযোগব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই ভাঙন রোধে আর বিলম্ব না করে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান তাঁরা।

আরও পড়ুন: পিরোজপুরে এনসিপির মানববন্ধন, হামলাকে গণতন্ত্রের জন্য হুমকি বললেন বক্তারা

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কে মক্কা চুক্তি অনুমোদনে আইন পাস, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


তুরস্কে মক্কা চুক্তি অনুমোদনে আইন পাস, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা

তুরস্ক পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে অনুমোদন প্রদান করেছে। এ বিষয়ে প্রণীত আইন শনিবার দেশটির সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে।

আইন অনুযায়ী, গেজেটে প্রকাশের দিন থেকেই এটি কার্যকর হয়েছে।

গত ৭ আগস্ট মক্কায় তিন দেশের শীর্ষ পর্যায়ের এক সম্মেলনে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির রিপোর্ট অনুযায়ী, গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদনের প্রস্তাব পাস হয়। এতে ২৭৯ জন আইনপ্রণেতা পক্ষে এবং ১১৯ জন বিপক্ষে ভোট প্রদান করেন। ৫৯২ সদস্যের পার্লামেন্টে মোট ৩৯৮ জন আইনপ্রণেতা ভোটাভুটিতে অংশ নেন।

চুক্তির আওতায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব সম্মিলিত নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ সুদানে প্রথম জাতীয় নির্বাচন পেছানো, নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


দক্ষিণ সুদানে প্রথম জাতীয় নির্বাচন পেছানো, নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন, যা বিশ্বের নবীনতম দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবারও পেছানো হয়েছে। শনিবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ডিসেম্বরের পরিবর্তে ফেব্রুয়ারিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জুবা থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

আগামী ২২ ডিসেম্বর দেশটিতে প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে জাতিগত ও রাজনৈতিক সংঘাতের কারণে এর আগে কয়েক দফা নির্বাচন পেছানো হয়েছে।

নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন নির্বাচনী সময়সূচিতে আগামী ১১ ফেব্রুয়ারিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ হিসেবে নির্ধারণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাউদকান্দি নৌবন্দর দক্ষিণ পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার: খন্দকার মারুফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


দাউদকান্দি নৌবন্দর দক্ষিণ পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার: খন্দকার মারুফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন মন্তব্য করেছেন যে, দাউদকান্দি নৌবন্দর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে। এই বন্দর নির্মাণের ফলে কৃষি, বাণিজ্য, শিল্প-কারখানা, পরিবহণ, কর্মসংস্থান, যোগাযোগ ক্ষেত্রে এবং জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে দাউদকান্দিতে নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণ কাজ শুরুর লক্ষ্যে বিআইডব্লিউটিএর উচ্চ পর্যায়ের টিম প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি সমবেত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণির জনগণের উদ্দেশে এসব কথা বলেন।

খন্দকার মারুফ উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকার দেশের উন্নয়নে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। দাউদকান্দি নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণ বর্তমান সরকারের উন্নয়নের একটি বিশাল মাইলফলক। তিনি বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে উঠবে। দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অপরিসীম। তিনি দলমত নির্বিশেষে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান, পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ ভুলে একসঙ্গে কাজ করার জন্য।

দাউদকান্দিতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় দাউদকান্দির ইউএনও মো. জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএর প্রতিনিধি দল দাউদকান্দিতে আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরবর্তী এলাকায় দৃষ্টিনন্দন ইকোপার্ক নির্মাণের জন্য প্রকল্প এলাকা সরেজমিনে চূড়ান্ত পরিদর্শন করেন। নদীর নাব্যতা, তীরবর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা ও যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন।

ড. খন্দকার মারুফ সমবেত জনতার উদ্দেশে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের রেখে যাওয়া ধ্বংসাবশেষে দাঁড়িয়ে তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন। তার ডায়নামিক নেতৃত্বে আগামী দিনে এই দেশটি হবে বিশ্ব মানচিত্রে উন্নয়নের রোল মডেল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ৯ মাসে দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং সিদ্ধান্ত গ্রহণ করে আপামর জনগণের ভালবাসা অর্জন করেছেন। এটি আজ প্রমাণিত যে, বাংলাদেশের উন্নয়ন ও সুস্থধারার উন্নয়ন রাজনীতিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই।

খন্দকার মারুফ বলেন, দাউদকান্দি নৌবন্দর প্রতিষ্ঠিত হলে নৌ যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহণ ও অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের অবারিত সুযোগ সৃষ্টি হবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের ফলে কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার জনগণের বিনোদন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাস্তবায়নাধীন দাউদকান্দি নৌবন্দর ও ইকোপার্ক প্রকল্প স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম, সদস্য (পরিঃ পরিঃ) মো. সাজেদুর রহমান, বন্দর ও পরিবহণ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী, নৌ-সংরক্ষণ ও (পরিচালন) বিভাগের পরিচালক মো. শাহাজাহান, প্রধান প্রকৌশলী (পুর) মো. সাইদুর রহমান, মেঘনা নদী বন্দরের উপ-পরিচালক মো. নূর হোসেন, দাউদকান্দির স্থানীয় বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, পিটার চৌধুরী, কাউসার আলম সরকার, কামাল হোসেন, ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, শরীফ চৌধুরী ও মো. রোমান খন্দকার প্রমুখ।

উল্লেখ্য, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ডি.ও লেটারের পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ দাউদকান্দিতে 'আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরে দৃষ্টিনন্দন ইকোপার্ক' নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যান্ডকাফসহ পালানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশারফসহ ৫ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


হ্যান্ডকাফসহ পালানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশারফসহ ৫ জন গ্রেফতার

দিনাজপুরের হিলিতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনসহ ছাত্রলীগ ও যুবলীগের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার (১৪ নভেম্বর) ভোরের মধ্যে হিলি ও পাঁচবিবি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। দুপুরের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম জানান, গত পরশু রাতে হিলির দক্ষিন বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে থানায় নিয়ে আসার সময় কৌশলে থানার গেট থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। পুলিশ সদস্যরা তার পিছু নিলেও, তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পরে গতকাল বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়। এছাড়াও তিনজনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করার তথ্যও জানিয়েছেন ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%