সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৩০ পি.এম
গোপালগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৬ : জেলার কাশিয়ানী উপজেলায় দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে আজ ১২টি জলাশয়ে মোট ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ সোমবার সকালে কাশিয়ানী উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোরাদ আলী, উপজেলা সমবায় কর্মকর্তা সৌরভ রেজা শিহাব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস. এম. মনোয়ার মাহামুদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করীম।
উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন শেখ জানান, কাশিয়ানী উপজেলা পরিষদ পুকুর ছাড়াও পর্যায়ক্রমে অন্যান্য জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। এর মধ্যে কুমার নদে ৫০ কেজি, মধুমতি বাওড়ে ৫০ কেজি, কাশিয়ানী থানা পুকুরে ২১ কেজি, হাইশুর বৃদ্ধাশ্রম পুকুরে ২০ কেজি, গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা পুকুরে ১৫ কেজি, তারাইল-ফুকরা মাদ্রাসা পুকুরে ১৫ কেজি, কাশিয়ানী রেল স্টেশন মাদ্রাসা পুকুরে ১৫ কেজি, তারাইল আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি, সাফলীডাঙ্গা আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি, সাবেক পদ্মবিলা আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি এবং জঙ্গল মুকুন্দপুর আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি পোনা ছাড়া হয়েছে।
তিনি আরও জানান, জলাশয়গুলোতে ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের সুস্থ ও জীবিত রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ ধরনের উদ্যোগ দেশীয় মাছের বংশবৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার অর্জন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড–২০২৬’ অর্জন করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নবাসী।
সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড এবং দেশ ও সমাজের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।
চেয়ারম্যান লিটন মিয়ার এ অর্জনকে কালিকাপ্রসাদ ইউনিয়নবাসীর জন্য গৌরব ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সমাজের মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।
ইউনিয়নবাসীর পক্ষ থেকে বলা হয়, সমাজসেবায় তার নিরলস প্রচেষ্টা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার অর্জন নিঃসন্দেহে আনন্দের। ভবিষ্যতেও তিনি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এ সময় কালিকাপ্রসাদ ইউনিয়নবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান লিটন মিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন সরকার দাবি করেছেন যে, বড়বিলার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটনের বিকাশ ঘটানোর সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, বড়বিলা বিল শুধুমাত্র একটি জলাশয় নয়, বরং এটি এই অঞ্চলের মানুষের জন্য একটি প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ। এই বিলের মৎস্যসম্পদ সংরক্ষণের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যটনের উন্নয়ন ঘটানোর সুযোগ রয়েছে। যদি পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়, তবে বড়বিলা বিলকে কেন্দ্র করে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় মানুষের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
সোমবার ফুলবাড়িয়া উপজেলার বড়বিলার পাড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিলের মৎস্যসম্পদ রক্ষায় সকলের দায়িত্বশীল হওয়া প্রয়োজন। নির্বিচারে মাছ ধরার পরিবর্তে নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরা বন্ধ রেখে মা মাছ ও ছোট মাছ সংরক্ষণ করা উচিত। অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার বন্ধ করা জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক, পৌর বিএনপির আহ্বায়ক এ.কে.এম শমসের আলী প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত আন্তঃকুলাউড়া উপজেলা ফুটবল টুর্নামেন্টে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে ‘টুর্নামেন্ট সেরা খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন আল আমিন নাঈম। একই সঙ্গে তিনি টুর্নামেন্টের সেরা গোলদাতা ও ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেছেন।
গত ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী স্টেপনি গ্রিন অ্যাস্ট্রোটার্ফ মাঠে ‘কুলাউড়া স্পোর্টিং ক্লাব ইউকে’-এর উদ্যোগে আয়োজিত হয় ‘ইন্টার কুলাউড়া উপজেলা ফুটবল টুর্নামেন্ট’। কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কুলাউড়া পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচে নাঈমের দুর্দান্ত পারফরম্যান্স দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। তাঁর ড্রিবলিং, রানিং ও পাসিংয়ে মুগ্ধ হন মাঠে উপস্থিত দর্শকরা। লন্ডনে অবস্থানরত তাঁর মামাতো ভাই এবং কুলাউড়ার প্রবাসী বাঙালি দর্শকদের উৎসাহ ও অনুপ্রেরণা তাঁকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করেছে বলে জানান নাঈম।
নাঈমের পারফরম্যান্স সম্পর্কে টুর্নামেন্টের অন্যতম আয়োজক ও ক্রীড়া সংগঠক এমদাদুল মান্নান চৌধুরী তারহাম বলেন, “নাঈমের ড্রিবলিং, রানিং ও পাসিং এক কথায় অপূর্ব। আমি তাঁর ফুটবল ক্যারিয়ারের সাফল্য ও মঙ্গল কামনা করি।”
নাঈম কুলাউড়ার সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব জয়পাশার মরহুম বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামাল উদ্দিনের নাতি। টুর্নামেন্টের এ অর্জন তিনি তাঁর প্রয়াত নানার নামে উৎসর্গ করেছেন।
নাঈম বলেন, সুযোগ ও সুবিধা হলে ভবিষ্যতে কুলাউড়ার ফুটবল টুর্নামেন্টে জয়পাশার একটি দলের হয়ে খেলতে চান। বর্তমানে তিনি লন্ডনের বিভিন্ন কাউন্টিতে বিভিন্ন দলের হয়ে ফুটবল খেলছেন। বিদেশের পাশাপাশি বাংলাদেশের ফুটবলেও নিজের স্বপ্ন প্রতিষ্ঠিত করতে সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল নগরীর রসুলপুর বস্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএমের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত ব্যক্তি, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তল্লাশি ও নজরদারি চালানো হয়।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযানে আরও অংশ নেন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) অলক কান্তি শর্মা, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ