প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত আন্তঃকুলাউড়া উপজেলা ফুটবল টুর্নামেন্টে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে ‘টুর্নামেন্ট সেরা খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন আল আমিন নাঈম। একই সঙ্গে তিনি টুর্নামেন্টের সেরা গোলদাতা ও ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেছেন।
গত ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী স্টেপনি গ্রিন অ্যাস্ট্রোটার্ফ মাঠে ‘কুলাউড়া স্পোর্টিং ক্লাব ইউকে’-এর উদ্যোগে আয়োজিত হয় ‘ইন্টার কুলাউড়া উপজেলা ফুটবল টুর্নামেন্ট’। কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কুলাউড়া পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচে নাঈমের দুর্দান্ত পারফরম্যান্স দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। তাঁর ড্রিবলিং, রানিং ও পাসিংয়ে মুগ্ধ হন মাঠে উপস্থিত দর্শকরা। লন্ডনে অবস্থানরত তাঁর মামাতো ভাই এবং কুলাউড়ার প্রবাসী বাঙালি দর্শকদের উৎসাহ ও অনুপ্রেরণা তাঁকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করেছে বলে জানান নাঈম।
নাঈমের পারফরম্যান্স সম্পর্কে টুর্নামেন্টের অন্যতম আয়োজক ও ক্রীড়া সংগঠক এমদাদুল মান্নান চৌধুরী তারহাম বলেন, “নাঈমের ড্রিবলিং, রানিং ও পাসিং এক কথায় অপূর্ব। আমি তাঁর ফুটবল ক্যারিয়ারের সাফল্য ও মঙ্গল কামনা করি।”
নাঈম কুলাউড়ার সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব জয়পাশার মরহুম বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামাল উদ্দিনের নাতি। টুর্নামেন্টের এ অর্জন তিনি তাঁর প্রয়াত নানার নামে উৎসর্গ করেছেন।
নাঈম বলেন, সুযোগ ও সুবিধা হলে ভবিষ্যতে কুলাউড়ার ফুটবল টুর্নামেন্টে জয়পাশার একটি দলের হয়ে খেলতে চান। বর্তমানে তিনি লন্ডনের বিভিন্ন কাউন্টিতে বিভিন্ন দলের হয়ে ফুটবল খেলছেন। বিদেশের পাশাপাশি বাংলাদেশের ফুটবলেও নিজের স্বপ্ন প্রতিষ্ঠিত করতে সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন