ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

শেখ হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্টাংশের কবর রচিত হবে: সারজিস


শেখ হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্টাংশের কবর রচিত হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম মন্তব্য করেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার যে গুঞ্জন রয়েছে, সেটিকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তবে যদি সত্যিই শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা করেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশেরও কবর রচিত হবে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি পতিত স্বৈরাচারের পতন ঘটেছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও পতনের পর কিছু সময় বিভিন্ন ধরনের তৎপরতা দেখা গিয়েছিল। সর্বশেষ নির্বাচনে তাদের রাজনৈতিক অবস্থার অবসান ঘটেছে। আওয়ামী লীগকে কেন্দ্র করে যে কথাবার্তা শোনা যাচ্ছে, সেগুলো শেষ হতে হয়তো কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন: সৌদীতে ৪৫ কেজি খাতসহ দুই বাংলাদেশি গ্রেপ্তার

তিনি উল্লেখ করেন, মানুষের মধ্যে এখনো তীব্র ক্ষোভ বিদ্যমান। কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, আবার কেউ তাদের পরিবারের সদস্যকে হারিয়েছেন। তাদের ক্ষোভের মাত্রা কতটা তীব্র, তা সরাসরি কথা বললেই বোঝা যায়। ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনা থাকলে যে পরিস্থিতি তৈরি হতো, ডিসেম্বরে বাংলাদেশে তার অস্তিত্ব পাওয়া গেলে একই পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে সারজিস আলম জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট হয়েছিল। বর্তমানে সংসদে তারা বিরোধী দলীয় জোট হিসেবে একসঙ্গে কাজ করছেন এবং সেই জোট এখনও কার্যকর রয়েছে। তবে স্থানীয় নির্বাচনে জামায়াত, এনসিপি ও অন্যান্য দল নিজেদের অবস্থান থেকে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, এটি দলীয় সিদ্ধান্ত।

তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তাদের প্রার্থী করা হয়েছে কোনো ধরনের সমঝোতা বা ছাড় দেওয়ার উদ্দেশ্যে নয়। শেষ মুহূর্ত পর্যন্ত তারা নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন।

বিএনপির সমালোচনা করে সারজিস বলেন, গত আট মাসে বিএনপি ক্রমাগত অজনপ্রিয় হয়ে পড়েছে। দেশে হত্যাকাণ্ড ও ধর্ষণের সংখ্যা বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটেছে এবং সুশাসন দিন দিন কমছে। এসব কারণে তারা বিশ্বাস করেন জনগণ বিকল্প হিসেবে এনসিপিকে বেছে নেবে। এ বিষয়ে সংসদে বিরোধী দলীয় জোটের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি মনে করেন।

আরও পড়ুন: বাকাসের সভাপতি শাহীন ও মহাসচিব মাহবুব নির্বাচিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


বাংলাদেশ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন

বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে এবং নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরা এ আদেশে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে খুলনা থেকে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় পদায়ন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে শিল্পাঞ্চল পুলিশে এবং ফারজানা ইমরোজকে পিবিআই থেকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়া, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে এপিবিএন থেকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনায় পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার মোঃ শামসুল আলমকে লক্ষ্মীপুরের রামগড় সার্কেল থেকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলে এবং সহকারী পুলিশ সুপার মো. আলী আরশাদকে এসএআরবি থেকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায়, ১০ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদী আরবে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে রুশ স্যাটেলাইটের ভূমিকা?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


সউদী আরবে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে রুশ স্যাটেলাইটের ভূমিকা?

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের একটি নতুন অনুসন্ধানে উঠে এসেছে যে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী কি রুশ স্যাটেলাইটের সহায়তা গ্রহণ করছে। সাম্প্রতিক সময়ে সউদী আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোর ওপর হুথিদের পরিচালিত নিখুঁত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাগুলোর পেছনে রাশিয়ার মহাকাশভিত্তিক গোয়েন্দা প্রযুক্তির যোগসূত্র পাওয়ার দাবি করা হয়েছে।

জিনভিত্তিক জিওসাগনাল ইন্টেলিজেন্স ফার্ম ‘অরোরহা’ (AURORAH)-র একটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সউদী আরবের ওপর পরিচালিত অন্তত ৪০টি হামলার বিশ্লেষণে দেখা গেছে, প্রতিটি হামলার পূর্বে ও পরে রুশ সামরিক এবং সরকারি স্যাটেলাইটগুলো লক্ষ্য এলাকার ওপর নজরদারি চালিয়েছে। এসব স্যাটেলাইটের মধ্যে রয়েছে রুশ বার্স-এম (Bars-M) ম্যাপিং স্যাটেলাইট, পারসোনা (Persona) অপটিক্যাল রিকনেস্যায়েন্স, এবং লোটোস-এস ওয়ান ইলেকট্রনিক ইন্টেলিজেন্স সিস্টেম।

বিশেষজ্ঞদের মতে, গত সেপ্টেম্বরে সউদী আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের পাম্পিং স্টেশনগুলোতে যে নিখুঁত আক্রমণ ঘটেছিল, তার পেছনে এই উন্নত স্যাটেলাইট প্রযুক্তির গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই হুথিরা সউদী ভূখণ্ড এবং বিভিন্ন বাণিজ্যিক অবকাঠামোর ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। যদিও সউদী নেতৃত্বাধীন জোট এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেক হামলা প্রতিহত করেছে, তবুও কিছু মারাত্মক হামলায় প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই পরোক্ষ বা প্রত্যক্ষ গোয়েন্দা সহায়তা ইয়েমেন সংকটকে কেবল স্থানীয় দ্বন্দ্বে সীমাবদ্ধ রাখছে না, বরং এটিকে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার একটি বৃহত্তর মঞ্চে রূপান্তরিত করছে। মস্কো ও তেহরানের মধ্যকার সামরিক ও প্রযুক্তিগত সম্পর্কের গভীরতা ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে আরও বেশি শক্তিশালী ও অপ্রতিরোধ্য করে তুলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয় রাকিন সিটিতে হামলার অভিযোগ, প্রশাসক ইশতিয়াক আজিজের অপসারণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


বিজয় রাকিন সিটিতে হামলার অভিযোগ, প্রশাসক ইশতিয়াক আজিজের অপসারণের দাবি

মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির (মুমুপকস) তহবিল থেকে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে, জড়িতদের বিচার, নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ পুনর্বহাল এবং বর্তমান প্রশাসক ইশতিয়াক আজিজকে অপসারণের দাবি জানিয়েছেন সমিতির সদস্যরা। তারা একই সঙ্গে বিজয় রাকিন সিটির ফ্ল্যাট মালিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার এবং হয়রানি বন্ধের দাবি জানান।

এসব দাবির পক্ষে শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলা ও বাধার অভিযোগ করেছেন আয়োজকরা। তাদের দাবি, একদল ব্যক্তি সংবাদ সম্মেলনের ব্যানার সরিয়ে ফেলেন এবং সদস্যদের হুমকি ও মারধরের চেষ্টা করেন। এ সময় স্লোগান দিয়ে তাদের সংবাদ সম্মেলনস্থল থেকে বের করে দেওয়া হয়।

আয়োজকদের অভিযোগ, সংবাদ সম্মেলন চলাকালীন বিজয় রাকিন সিটির ভেতরেও হামলা ও তাণ্ডব চালানো হয়। এতে একজন ফ্ল্যাট মালিক আহত হন এবং কয়েকজন নিরাপত্তাকর্মীকে মারধর করা হয়। এই ঘটনার ফলে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বীর মুক্তিযোদ্ধা স্কোয়াড্রন লিডার (অব.) কাজী মফিজুল ইসলাম জানান, বিজয় রাকিন সিটির ফ্ল্যাট মালিকেরা বৈধ দলিল, নিবন্ধিত বণ্টননামা ও নামজারির মাধ্যমে মালিকানা অর্জন করেছেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করছেন। তিনি বলেন, এসব ফ্ল্যাটে তাদের অবৈধ বসবাসের বিষয়ে আদালতের কোনো নির্দেশনা নেই। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী মুক্তিযোদ্ধাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও সমিতির সদস্য হতে পারেন। তাই ফ্ল্যাট মালিকদের হয়রানি ও তাদের বিরুদ্ধে তাণ্ডব চালানো উদ্দেশ্যপ্রণোদিত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সমাজসেবা অধিদপ্তরের অনুমোদিত ৫১০ সদস্যের ভোটার তালিকা অনুযায়ী ২০২৪ সালের ৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে গঠিত কার্যনির্বাহী পরিষদ ৭ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করে। তবে নির্বাচিত কমিটির কার্যক্রম বাধাগ্রস্ত করে প্রশাসক নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে সদস্যদের।

তাদের দাবি, সাবেক প্রশাসক আবু মাসুদ সমিতির ব্যাংক হিসাব থেকে ১ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। বর্তমান প্রশাসক ইশতিয়াক আজিজের বিরুদ্ধেও আদালতের নির্দেশনা অমান্য করে ১ কোটি ৩০ লাখ টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৯৭ সালে নিবন্ধিত সমিতিটির সদস্যদের অর্থায়নে ১৬ দশমিক ৩ একর জমিতে বিজয় রাকিন সিটি আবাসন প্রকল্প গড়ে তোলা হয়। প্রকল্পটির ২৭৪টি নিবন্ধিত ফ্ল্যাটের মালিকদের হয়রানি ও উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিপিএ ৫ এর বন্যা দিয়ে শিক্ষার উন্নয়ন দেখানোর দিন শেষ: সাইয়েদ বিন আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


জিপিএ ৫ এর বন্যা দিয়ে শিক্ষার উন্নয়ন দেখানোর দিন শেষ: সাইয়েদ বিন আবদুল্লাহ

শিক্ষার উন্নয়ন দেখানোর দিন আর নেই, শুধুমাত্র পাসের হার এবং জিপিএ ৫ এর বন্যা দেখিয়ে। এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) সাইয়েদ বিন আবদুল্লাহ। শনিবার (৩১ অক্টোবর) তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে এ কথা বলেন।

পোস্টে তিনি বিগত কয়েক বছরের এইচএসসি পরীক্ষার পাসের হার এবং জিপিএ-ফাইভ প্রাপ্তির তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।

তথ্য অনুযায়ী, ২০২১ সালে পাসের হার ছিল ৯৫.৫৭ শতাংশ, আর জিপিএ-ফাইভ পেয়েছিল ১ লাখ ৮৯ হাজার শিক্ষার্থী। ২০২২ সালে পাসের হার ৮৪.৩১ শতাংশ এবং জিপিএ-ফাইভ ছিল ১ লাখ ৭৬ হাজার। ২০২৩ সালে পাসের হার ৭৮.৬৪ শতাংশ, আর জিপিএ-ফাইভ পেয়েছে ৯২ হাজার শিক্ষার্থী।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালে পাসের হার ৭৭.৭৮ শতাংশ এবং জিপিএ-ফাইভ ১ লাখ ৪৫ হাজার। ২০২৫ সালে পাসের হার ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-ফাইভ ৬৯ হাজার। ২০২৬ সালে পাসের হার ৫২.১২ শতাংশ, আর জিপিএ-ফাইভ ৪০ হাজার।

এসব তথ্য উল্লেখ করে তিনি লিখেছেন, ‘পড়াশোনার মান না বাড়িয়ে শুধু পাসের হার এবং জিপিএ-৫ এর বন্যা দেখিয়ে শিক্ষার উন্নয়ন দেখানোর দিন আর নেই। পরীক্ষা দিলেই পাস এবং মোটামুটি লিখলেই জিপিএ-ফাইভ, সে ধারণা থেকে বের হয়ে আসা উচিত সবারই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%