১০:৪০ এম
ভারতীয় ক্রীড়াঙ্গনের ইতিহাসের অন্যতম বিতর্কিত ও আলোচিত যৌন হেনস্থার মামলায় বড় ধরনের মোড় এসেছে। ছয়জন নারী কুস্তিগিরের পক্ষ থেকে আনা গুরুতর অভিযোগ থেকে ভারতীয় কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) বিতর্কিত সাবেক সভাপতি বৃজভূষণ শরণ সিংকে বেকসুর খালাস দিয়েছেন দিল্লির একটি আদালত।
আদালতের এই রায় আসার পর পরই অলিম্পিয়ান কুস্তিগির ভিনেশ ফোগাট ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়েছেন। তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লড়াই এখানেই শেষ হবে না, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
সোমবার আদালতের রায় ঘোষণার পর সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ভিনেশ ফোগাট নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে মুখ খোলা বা এফআইআর দায়ের করার জন্য কতটা সাহস প্রয়োজন ছিল, তা কেবল তারাই বুঝতে পারছেন।
আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি
ভিনেশের অভিযোগ, বিচারপ্রক্রিয়া চলাকালীন বৃজভূষণ তার ক্ষমতা ও প্রভাব খাঁটিয়ে বহু অভিযোগকারীকে ভয় দেখিয়ে পিছু হটতে বাধ্য করেছেন। তবে সেই চরম প্রতিকূলতার মধ্যেও, কিছু নারী কুস্তিগির সাহসের সাথে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে গেছেন।
আদালতের সিদ্ধান্তে ভিনেশ চরম হতাশা প্রকাশ করে আরও দাবি করেন, পুরো সময় প্রশাসনিক ব্যবস্থা এবং সরকার বৃজভূষণকে আড়াল করার চেষ্টা চালিয়ে এসেছে। তিনি নিশ্চিত করেছেন, নারী কুস্তিগিররা ইতিমধ্যেই তাদের আইনজীবীদের দিল্লি হাই কোর্টে আপিল করার নির্দেশ দিয়েছেন এবং এই কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।
অন্যদিকে, আদালতের রায়কে নিজের বড় জয় হিসেবেও দেখছেন বৃজভূষণ শরণ সিং। তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, ‘আমি প্রথম দিন থেকেই বলেছি, যদি আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তবে আমি স্বেচ্ছায় ফাঁসির মঞ্চে উঠব। আজ আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছে। এটা আমার এবং আমার সমর্থকদের সত্যের জয়।’ একই সঙ্গে তিনি পুরো মামলাটিকে তার বিরুদ্ধে এক গভীর ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বলেও দাবি করেন।
আরও পড়ুন: সরকার অবাধ ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন