শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:৪৯ পি.এম
সাফ চ্যাম্পিয়নসশিপের সেমিফাইনালে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান ও ভুটান-ভারত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই দুই ম্যাচের জন্য দর্শকদের নিরাপত্তার উদ্দেশ্যে জরুরি নির্দেশনা প্রদান করেছে।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে ভারত ও ভুটান এবং রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে।
জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই দুটি ম্যাচকে কেন্দ্র করে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এই কারণে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) স্টেডিয়ামে আগত দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছে।
জানা গেছে, সেমিফাইনালের জন্য স্টেডিয়ামের গেট দুপুর ১টা ৩০ মিনিটে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। তাই যানজট এড়াতে এবং নিরাপত্তা তল্লাশিসহ প্রবেশ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে দর্শকদের খেলা শুরুর পূর্বে যথেষ্ট সময় নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে ডিএমপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢালিউডের অভিনেতা ওমর সানী বর্তমানে শোকের মধ্যে দিন কাটাচ্ছেন। তার পোষা বিড়ালটি মৃত্যুবরণ করেছে। এই অভিনেতা আদর করে বিড়ালটিকে ‘পুচকি’ ও ‘অ্যাঞ্জেল’ বলে ডাকতেন।
দীর্ঘদিনের সঙ্গীর মৃত্যুতে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস প্রকাশ করেছেন ওমর সানী। সেখানে তিনি স্মৃতি ও ভালোবাসার নানা কথা তুলে ধরেছেন।
ওমর সানী তার ভক্ত-অনুরাগীদের জানাতে একটি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন— ‘আজ আমার জীবনের ভীষণ কষ্টের একটি দিন। আমার আদরের সাদা বিড়ালটি, আমার অ্যাঞ্জেল, যাকে আমি ভালোবেসে পুচকি বলে ডাকতাম, আজ আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল।’
পোষা বিড়াল পুচকির সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, তাকে ছাড়া তিনি থাকতে পারতেন না। তিনি জানান, যখনই তিনি বাইরে থেকে ফিরতেন, পুচকি অপেক্ষায় বসে থাকত। খাওয়ার সময় পেছনে পেছনে ঘুরে মিষ্টি স্বরে ডাকত ‘মা মা মা’ বলে।
গোসল করানোর সময় অন্য কাউকে কাছে আসতে না দিলেও, পুচকি তার কাছে ঠিকই আত্মসমর্পণ করত, এমনটাই জানান ওমর সানী। তিনি বলেন, গোসল করিয়ে, হেয়ার ড্রাই করে আদর করে সাজিয়ে দিতেন পুচকিকে।
একবার পুচকি গুরুতর অসুস্থ হয়ে প্রায় ২১-২২ দিন আইসিইউতে ছিল। সেই সময় তার সুস্থতার জন্য অনেক কান্নাকাটি ও দোয়া করেছিলেন ওমর সানী। তখন তিনি অনুভব করেছিলেন, হয়ত কোনো একদিন তাদের একজন আরেকজনকে ছেড়ে যেতে হবে। তবে এত দ্রুত সেই দিন আসবে, তা তিনি ভাবেননি।
ওমর সানী বলেন, পুচকি চলে গেলেও তার অপেক্ষা, ডাক ও ছোটাছুটি ঘরের প্রতিটি কোণে রয়ে গেছে। তিনি প্রশ্ন রেখেছেন, তার মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কোথায় পাবেন। সবশেষে আদরের পুচকির শান্তি কামনা করে তিনি বলেন, ‘ভালো থেকো আমার ছোট্ট অ্যাঞ্জেল। যেখানেই থাকো, শান্তিতে থেকো। তোমাকে আমি কোনো দিন ভুলব না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ১৩ নভেম্বর, ২০২৬ : দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির ফলে এই বন্দরের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র বা হাব হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
মোংলা বন্দরের পণ্য খালাস ও হ্যান্ডলিং ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর অঞ্চলে দ্রুত শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে। এর ফলে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রধানমন্ত্রীর বিশেষ নজর ও নতুন প্রকল্প
সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে গত ২২ অক্টোবর ও ৫ নভেম্বর বন্দরটি দু’বার পরিদর্শন করেন। সর্বশেষ ৫ নভেম্বর তিনি প্রায় ৪,০৬৮ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে দু’টি নতুন জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির মোট ব্যয়ের মধ্যে ৩,৫৯২ কোটি ৯০ লাখ টাকা চীন সরকারের এক্সিম ব্যাংক থেকে ঋণ সহায়তা হিসেবে আসবে এবং বাকি ৪৭৫ কোটি ৩৩ লাখ টাকা বাংলাদেশ সরকার বহন করবে। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং ক্ষমতা প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউ-এ উন্নীত হবে।
পশুর চ্যানেলে ড্রেজিং ও উন্নত নৌ-যোগাযোগ
বর্তমানে ১,৫৩৮ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে পশুর চ্যানেলে ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে, যা ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। কাজটি সম্পন্ন হলে ৯ দশমিক ৫ থেকে ১০ মিটার ড্রাফটের বড় জাহাজগুলো সরাসরি মোংলা বন্দরের জেটিতে নোঙর করতে সক্ষম হবে।
এছাড়া বন্দরের অপারেশনাল দক্ষতা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য দুটি শক্তিশালী টাগবোট সংগ্রহ করা হয়েছে এবং একটি বয় লেয়িং ভেসেল, সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল, মাদার ভেসেল ও হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল সংগ্রহের প্রক্রিয়া চলছে। ভারতীয় ঋণের আওতায় খুলনা-মোংলা রেললাইন নির্মাণ করা হয়েছে এবং সামুদ্রিক পরিবেশ রক্ষার্থে বর্জ্য অপসারণ প্রকল্পটিও প্রায় শেষের পথে।
উচ্চপর্যায়ের প্রত্যাশা ও সংশ্লিষ্টদের বক্তব্য
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদ উল ইসলাম, এমপি বাসস’কে বলেন, "দু’বার প্রধানমন্ত্রীর মোংলা বন্দর সফর থেকেই প্রমাণিত হয় যে বন্দরের প্রতি সরকারের বিশেষ মনোযোগ রয়েছে।" তাঁর এই সফর দেশি-বিদেশি বিনিয়োগকে আরও উৎসাহিত করবে, যা দেশের ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্যকে ত্বরান্বিত করবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বাসস’কে জানান, ১০ ও ১১ নম্বর জেটি নির্মাণ, প্রায় ২ লক্ষ ২৭ হাজার বর্গমিটার আয়তনের কনটেইনার ইয়ার্ড এবং কনটেইনার ফ্রেইট স্টেশন নির্মাণের মাধ্যমে বন্দরের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এছাড়া ঢাকার কমলাপুর আইসিডি থেকে মোংলা বন্দর পর্যন্ত সরাসরি কনটেইনার ট্রেন চালুর উদ্যোগও নেয়া হয়েছে।
ব্যবসায়ী মহলের প্রতিক্রিয়া
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম গত ৬ নভেম্বর মোংলা বন্দর কর্মচারী সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে জানান, "সরকার মোংলা বন্দরকে দক্ষিণ অঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বহুমুখী পদক্ষেপ হাতে নিয়েছে।" এর ফলে খুলনা অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম বহুলাংশে প্রসারিত হবে। ব্যবসায়ীরা নতুন জেটি নির্মাণসহ সরকারের এসব উদ্যোগকে স্বাগত জানালেও অতীতে পশুর নদের নাব্যতা সংকটের কারণে সৃষ্ট ভোগান্তির কথা স্মরণ করিয়ে দেন তিনি।
বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, খুলনার সভাপতি ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম বাসস’কে বলেন, "অতীতে বড় জাহাজগুলো সরাসরি জেটিতে ভিড়তে না পেরে বহির্নোঙরে প্রায় অর্ধেক পণ্য নামাতে বাধ্য হতো।" দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে কেবল সমস্যা দেখা দিলে তা সমাধানের চেষ্টা করা হতো। তিনি উন্নত বিশ্বের নদীবন্দরগুলোর মতো পরিকল্পিত ব্যবস্থাপনা গ্রহণের ওপর জোর দেন।
মোংলা পোর্ট বার্থ অ্যান্ড শিপ অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাসস’কে জানান, জাহাজ চলাচল হ্রাসের প্রধান তিনটি কারণ হিসেবে নাব্যতা সংকট, কনটেইনার জাহাজ ও গ্যাসবাহী জাহাজ আগমন হ্রাসের কথা উল্লেখ করেন।
তিনি জানান, নাব্যতা সংকটের কারণে অতীতের তুলনায় বর্তমানে অর্ধেক কনটেইনার জাহাজও আসছে না, ফলে মোংলা থেকে কনটেইনার পরিবহনের খরচ বৃদ্ধি পেয়েছে এবং সিডিউল বিপর্যয় ঘটছে। রপ্তানিকারকরা নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজীকরণে ব্যর্থ হওয়ায় বিদেশি ক্রেতারা অনেক সময় চালান ফিরিয়ে দেন-এই ঝুঁকি এড়াতে অনেক ব্যবসায়ী চট্টগ্রাম বন্দরের দিকে ঝুঁকছেন। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
মোংলা পোর্ট কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন বাসস’কে জানান, বর্তমান সরকারের তাৎক্ষণিক ড্রেজিংয়ের কারণে এ বছর বন্দর কর্তৃপক্ষ ৪০০ কোটি টাকার বেশি মুনাফা অর্জন করেছে। তবে এই সংকট চিরতরে দূর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উচ্চপর্যায়ের তদারকি দলের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
সামগ্রিক এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে মোংলা বন্দর দেশের অর্থনীতিতে এক নতুন ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করবে বলে বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ৭ মাসের দুই যমজ সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর এক পিতা আত্মহত্যা করেছেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের মধ্যম পুঁইছড়ী মওলার পাড়ার বদি আলমের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. জাহেদ (৫৫) ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বদি উল আলমের পুত্র। নিহত দুই যমজ সন্তান হলো, জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত (৭ মাস)।
নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে স্থানীয় নাপোড়া ভিলিজারপাড়া জামে মসজিদে নামাজ আদায় ও দোয়া করতে যান। যাওয়ার সময় তিনি দুই যমজ মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন এবং বলেছিলেন, শিশুরা সেখানে গেলে পায়খানা-প্রস্রাব করবে। তাই তাদের রেখে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন মসজিদে যান। বিকেলে বাড়ি ফিরে তারা দেখতে পান ঘরের চতুর্থ দিকে দরজা-জানালা বন্ধ। পরে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে বাবা তার দুই যমজ কন্যা সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।
বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। লাশগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগিতায় বাংলাদেশে ‘ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে হাসপাতালটির পরিচালক ড. মুজিবুর আর. মজুমদারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে অনুষ্ঠিত এই দ্বিকপাক্ষিক বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা, এবং যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নতুন উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তাবিত মেডিক্যাল সিটির আওতায় উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসক ও দক্ষ নার্স তৈরির লক্ষ্যে আধুনিক মেডিকেল শিক্ষা ও নার্সিং প্রশিক্ষণের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা তুলে ধরেন ড. মুজিবুর আর. মজুমদার।
বৈঠকের পূর্বে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের আধুনিক চিকিৎসা অবকাঠামো, প্রযুক্তিগত সুবিধা, চিকিৎসাসেবা পরিচালনা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন। বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের আধুনিকায়ন, উন্নত চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মানের চিকিৎসাশিক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়।
প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও ড. মুজিবুর আর. মজুমদার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তাঁরা প্রকল্পের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন এবং বাস্তবায়নে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন পাওয়ার বিষয়েও আলোচনা করেন।
ড. মুজিবুর আর. মজুমদার যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, আধুনিক চিকিৎসাপ্রযুক্তি এবং চিকিৎসাশিক্ষার অভিজ্ঞতা কাজে লাগানো গেলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এএসএএএল (ASAAL)-এর সভাপতি ও ন্যাশনাল ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মোহাম্মদ করিম চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোতাহার হোসেন, যিনি নিউইয়র্ক সিটি ও স্টেটের স্বাস্থ্য খাতে অ্যাকাউন্ট্যান্ট ও ট্যাক্স কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ