মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
১২:৫৭ পি.এম
ভারতের বিপক্ষে ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচের উন্মাদনা কাটতে না কাটতেই কলকাতায় আবারও একটি বড় চমক সামনে আসছে। শহরের যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথ ‘এল ক্লাসিকো’। রাজ্য ক্রীড়া দপ্তরের এই বিশাল উদ্যোগে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানা গেছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ নভেম্বর যুবভারতীতে মুখোমুখি হবে স্প্যানিশ দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে এখানে বর্তমান দলের তারকারা অংশ নেবেন না, বরং শীতের শুরুতে কলকাতার মাঠে প্রদর্শনী ম্যাচে দেখা যাবে দুই ক্লাবের একঝাঁক কিংবদন্তি ফুটবলারকে। এই ম্যাচে মাঠে নামতে পারেন পর্তুগালের কিংবদন্তি তারকা লুই ফিগো, যিনি অন্যতম মূল আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছেন।
বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম রোমাঞ্চকর লড়াই হিসেবে পরিচিত এই ‘এল ক্লাসিকো’। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচের উন্মাদনা শুধু স্পেনেই সীমাবদ্ধ নয়, বরং এটি ছড়িয়ে পড়ে পুরো বিশ্বজুড়ে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ঐতিহাসিক দ্বৈরথ পেরিয়ে এখন ভিনিসিয়ুস জুনিয়র ও লামিনে ইয়ামালদের লড়াইয়ে রূপ নিয়েছে। ভারতে এই দুই ক্লাবের বিশাল ভক্তশ্রেণি রয়েছে। এবার তারা ঘরের মাঠেই প্রিয় ক্লাবের সাবেক সুপারস্টারদের চোখের সামনে দেখার সুযোগ পাচ্ছেন।
ভারতে লিজেন্ডদের ‘এল ক্লাসিকো’ এবারই প্রথম হচ্ছে না। এর আগে ২০২৫ সালের এপ্রিলে নবি মুম্বাইয়ে মুখোমুখি হয়েছিলেন দুই দলের সাবেক তারকারা; যেখানে রিয়াল ২-০ গোলের জয় পেয়েছিল। তবে কলকাতার এই রোমাঞ্চকর ম্যাচে উভয় দলের কোন কোন কিংবদন্তি মাঠে নামবেন, সে বিষয়ে চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি।
সাধারণত রিয়াল মাদ্রিদের লেজেন্ডস স্কোয়াডে লুই ফিগো, ইকের কাসিয়াস, পেপে এবং রবার্তো কার্লোসদের মতো মহাতারকাদের দেখা যায়। অন্যদিকে বার্সেলোনা লেজেন্ডসে রিভালদো, রোনালদিনহো ও কার্লেস পুয়োলদের মতো বিশ্বজয়ী তারকারা রয়েছেন। বিশ্বজুড়ে তাদের বিপুল জনপ্রিয়তা রয়েছে। সাধারণ ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে ম্যাচটির টিকিটের মূল্য হাতের নাগালেই রাখা হবে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত অভিনীত এবং নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই সিনেমার মুক্তির আগে নির্মাতারা একটি বিশেষ ‘সুপার শো’র আয়োজন করেন। ওই অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত সিনেমার কলাকুশলীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে রজনীকান্তের বিনয়ী স্বভাবের রহস্য জানার চেষ্টা করেন পরিচালক নেলসন দিলীপকুমার। তিনি রজনীকান্তকে প্রশ্ন করেন, তার এই বিনয় কি স্বাভাবিক, নাকি তিনি অন্যদের কথা ভেবে নিজেকে এভাবে ধরে রাখেন? এই প্রশ্নের জবাবে রজনীকান্ত জানান, "দেখুন, আমি তারকা হলেও অভিনয়টা করতে খুব ভালোবাসি। কিন্তু তারচেয়েও বেশি ভালো লাগত, কন্ডাক্টরের কাজ করতে।"
তিনি আরও বলেন, "কারণ পাঁচ বছর বাস কন্ডাক্টরের চাকরি করেছি। আজও সেই কাজের কথা মনে পড়ে। সত্যিই ভীষণ মনে পড়ে। নিজেকে কখনো তারকা বলে ভাবতে পারিনি।"
বর্ষীয়ান অভিনেতা আরও বলেন, "এই তারকাখ্যাতি, যশ ও প্রতিপত্তি— সবই ঠিক আছে। কিন্তু সত্যি বলতে— নিজেকে কন্ডাক্টর হিসেবে ভাবতেই বেশি ভালো লাগে। সে কারণে প্রায়ই বেঙ্গালুরু যাই। কন্ডাক্টরদের নানা ধরনের মানুষের সঙ্গে মিশতে হয়। আমিও নিজেকে বাস কন্ডাক্টর হিসেবেই দেখি। তাই আমার মতো একজন বাস কন্ডাক্টর আপনার মতো বড় ব্যক্তিত্বের সামনে আর কীভাবেই বা আচরণ করবে?"
রজনীকান্তের এই বক্তব্য শুনে নেলসন দিলীপকুমার হাসতে শুরু করেন। ছবির দলের অন্যান্য সদস্যরাও হাততালি দিয়ে তাকে উৎসাহিত করেন। পরিচালক মন্তব্য করেন, "স্যার, আমি জানতাম আপনি এমনই কিছু একটা বলবেন।"
উল্লেখ্য, বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত বেঙ্গালুরুতে এক মারাঠী পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি রামকৃষ্ণ মঠে বেদশিক্ষা গ্রহণ করেন। সেখান থেকেই তার মধ্যে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ তৈরি হয়। মঠের নাটকে অভিনয় করতে করতেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায় তার। পড়াশোনা শেষ করার পর জীবিকার তাগিদে তিনি নানা ধরনের কাজ করেন, যার মধ্যে রয়েছে কুলি থেকে বাস কন্ডাক্টর— কাজের অভিজ্ঞতার তালিকায় রয়েছে অনেক কিছুই। পরবর্তীতে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করার মাধ্যমে অভিনয়ের জগতে প্রবেশের সুযোগ পান তিনি। পরিচালক কে বালচন্দ্রের নজরে পড়ার পরই বদলে যায় তার জীবনের গতিপথ। ছবিতে অভিনয় করার জন্য তামিল ভাষাও শিখেছিলেন রজনীকান্ত। তার পরের ইতিহাস সবারই জানা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান মন্তব্য করেছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিভিজম জামায়াতের দ্বারা পরিচালিত হয়েছে।
তিনি সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই মন্তব্য করেন। রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন, "গতকাল পোস্ট করেছিলাম যে প্রতারক উজ্জ্বল তথা নাম বদলে ফেলা আয়াসকে দিয়ে জামায়াতের পক্ষে অ্যাক্টিভিজম করান জামায়াত আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির।"
তিনি আরও লেখেন, "কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিজমও জামায়াত করিয়েছে। আজকে (সোমবার) অবশ্য চুনকালি লাগানোর পক্ষে বিবৃতি দিয়ে জামায়াত এই দায় নিয়েই নিল। আর এ জন্য নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য আমি জামায়াতকে ধন্যবাদ জানাই। এখন অপেক্ষায় রইলাম এনসিপির অবস্থান দেখার জন্য।"
রাশেদ খান তার পোস্টে আরো উল্লেখ করেন, "জামায়াতের কাছে মেজর আখতারুজ্জামান যেমন একজন জুলাইযোদ্ধা, ঠিক প্রতারক উজ্জ্বলও একজন জুলাইযোদ্ধা! এভাবে জুলাইযোদ্ধা শব্দটিকে বিতর্কিত করেছে জামায়াত ও মববাজরা।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে নিরাপত্তা ঝুঁকির কারণে সউদী আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত রয়েছে। ইতোমধ্যে, বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনস রিয়াদগামী এবং রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট বাতিল করেছে।
গত শনিবার বিমানবন্দরে হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। রোববারের আরেক হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। ধারাবাহিক এসব হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময় বাড়ানো হয়েছে। সউদী কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকতে পারে।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি আন্তর্জাতিক এয়ারলাইনস ও যাত্রীদের সউদী আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা না করার বিষয়ে সতর্ক করেছেন। তিনি দাবি করেছেন, মক্কা ও মদিনা ছাড়া দেশটির অন্যান্য বিমানবন্দরগুলো অনিরাপদ।
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ রিয়াদে যাওয়া-আসার ফ্লাইট বাতিল করেছে। একই সঙ্গে দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইটও স্থগিত করেছে সংস্থাটি। বাহরাইনের বিমান সংস্থা গালফ এয়ারও শনিবার পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট বাতিল করেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইনস ২৩ অক্টোবর আটলান্টা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে। হামলার পর আঞ্চলিক বিমান চলাচলে বিঘ্ন বাড়ায় বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনস তাদের ফ্লাইটের সময়সূচি পুনর্বিবেচনা করছে।
এদিকে, রিয়াদ বিমানবন্দরে ধারাবাহিক হামলা ঠেকাতে সউদী আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেন ব্যর্থ হয়েছে, তা তদন্ত করছে কর্তৃপক্ষ। এ বিষয়ে অবগত দুই আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হুথিরা প্রথমে কয়েকটি ড্রোন পাঠায়। এরপর ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালানো হয়, যার কয়েকটি বিমানবন্দরে আঘাত হানে।
কর্মকর্তাদের মতে, হুথিদের কাছে এমন কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর ওয়ারহেড উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে সউদী আরবের ব্যবহৃত প্যাট্রিয়টসহ অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার পক্ষে সেগুলো প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। তবে এসব তথ্য প্রাথমিক তদন্তের অংশ, চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
হামলার আগে কেন আগাম সতর্কতা দেওয়া হয়নি, সেটিও তদন্তের আওতায় রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো এক হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে রিয়াদে পৌঁছেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেফতচির বিরুদ্ধে জয়লাভের পর আল নাসরের সমর্থকদের জন্য একটি চমকপ্রদ মুহূর্ত তৈরি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই পর্তুগিজ অধিনায়ক এমন একটি কাজ করেন যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। সৌদি আরব যখন হুথিদের আক্রমণে বিপর্যস্ত, তখন তিনি দেশটির প্রতি নিজের ভালোবাসা স্পষ্টভাবে প্রকাশ করেন।
সোমবার সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের দ্বিতীয় রাউন্ডে আল নাসর ৩-১ গোলে বিজয়ী হয়। ৪২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এর আগে অ্যাঞ্জেলো দলের পক্ষে প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে নেফতচির ডিফেন্ডার বুয়ান সিগের আত্মঘাতী গোলে আল নাসরের গোলের ব্যবধান আরও বাড়ে।
ম্যাচ শুরুর আগে কিছু জটিলতা দেখা দেয়। রিয়াদে ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এ কারণে খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। সম্প্রতি রিয়াদের একাধিক স্থানে ইয়েমেনভিত্তিক হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
খেলা বন্ধ থাকাকালীন ক্যামেরায় রোনালদোকে দেখা যায়। তিনি আল নাসরের জার্সিতে থাকা সৌদি পতাকায় চুমু খাচ্ছিলেন। সৌদি আরবে খেলার পর থেকে এই দেশের প্রতি তার যে কৃতজ্ঞতা, তা এই দৃশ্যের মাধ্যমে প্রতিফলিত হয়। ম্যাচ শেষে তিনি আরেকভাবে তার এই অবস্থান তুলে ধরেন।
উদযাপনের সময় রোনালদো সমর্থকদের কাছে একটি স্কার্ফ চান। সেই স্কার্ফে সৌদি পতাকা ছিল। তিনি সেটি কাঁধে জড়িয়ে নেন। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে এই কাজ তার উদযাপনকে একটি ভিন্ন মাত্রা প্রদান করেছে।
আল নাসরের পরবর্তী ম্যাচ ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সৌদি প্রো লিগে তারা আল আহলির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ