১২:২৬ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলার মুকসুদপুরে ঘটে যাওয়া দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ও পেছনের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদি এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়।
নিহত দুইজন হলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতভ হাওলাদার (৪২) এবং শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে আবুল কালাম (৩০)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, রাতে ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রাগদী ব্রিজে সজোরে ধাক্কা দেয়।
ঠিক তখন পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হেরিয়ে বিআরটিসি বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনার ফলে বাসের ভেতরে থাকা অন্তত ২৭ জন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়াও আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত যান দুটির মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘ সাত বছর পর চীনের প্রেসিডেন্ট সি চিনপিং আগামী সপ্তাহে সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ায়। শুক্রবার এই তথ্য চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের আমন্ত্রণে সি চিনপিং, যিনি চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকও, ৮ ও ৯ জুন গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া (উত্তর কোরিয়া) সফর করবেন।
এছাড়া, খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়েছে।
চীন হচ্ছে উত্তর কোরিয়ার প্রধান কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থক দেশগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কঠোর আওতায় রয়েছে। এই পরিস্থিতিতে বেইজিংকে দেশটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখা হচ্ছে।
যদিও দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ, কিন্তু চীনা প্রেসিডেন্টদের উত্তর কোরিয়া সফর তুলনামূলকভাবে বিরল বলে উল্লেখ করা হচ্ছে।
সি চিনপিং সর্বশেষ ২০১৯ সালে পিয়ংইয়ং সফর করেছিলেন। তার আগে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাও ২০০৫ সালে উত্তর কোরিয়ায় সফর করেন।
সেপ্টেম্বরে বেইজিংয়ে কিম জং উনের জন্য সি চিনপিং বিশেষ অভ্যর্থনার আয়োজন করেন। সেখানে কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে বিশেষ সামরিক কুচকাওয়াজে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানান তিনি।
অন্যদিকে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-ও সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সফর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তাদের পক্ষ থেকে প্রকাশিত হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬।
এ বছরের দিবসটির প্রতিপাদ্য হলো- ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ ।
দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশ ও উন্নয়নমূলক সংগঠন একাধিক কর্মসূচি গ্রহণ করেছে।
জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট) এই দিনেই শুরু হয়েছিল। এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালের ৫-১৬ জুন পর্যন্ত। ঠিক সেখান থেকেই প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে।
বিশ্ব পরিবেশ দিবসটি প্রথমবার পালিত হয় ১৯৭৪ সালে। প্রতিবছর দিবসটি আলাদা আলাদা শহরে, বিভিন্ন প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়।
বিশ্ব পরিবেশ দিবস মানবিক পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা সৃষ্টি ও কার্যক্রম জোরদারের জন্য জাতিসংঘের অন্যতম প্রধান উদ্যোগ। বছরের পর বছর ধরে এটি জনসচেতনতা বৃদ্ধির জন্য একটি বৃহৎ বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা বিশ্বের ১০০টিরও বেশি দেশে কোটি কোটি মানুষের অংশগ্রহণে পালিত হয়ে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাপানের উত্তরাঞ্চলে চারজনকে আক্রমণ করে আহত করার পর একটি ‘অত্যন্ত বুদ্ধিমান’ ভালুক এখনো নিখোঁজ রয়েছে।
ফুকুশিমা শহরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণীটিকে আটকানোর চেষ্টা করা হলেও সেটি একটি জানালার লক (খিল) এবং পানির কল (ট্যাপ) খুলে পালিয়ে গেছে। আজ শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার ফুকুশিমার দুটি কারখানায় চারজনকে আক্রমণ করার পর ভালুকটি একটি ভবনের ভেতরে ঢুকে পড়ে। খবর পেয়ে শিকারি ও উদ্ধারকর্মীরা ফাঁদ এবং চেতনানাশক (অ্যানেস্থেটিক) বন্দুক ব্যবহার করে সেটিকে ধরার চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গত বুধবার রাতে এটি পালিয়ে যায়।
ফুকুশিমার একজন কর্মকর্তা শুক্রবার সকালে এএফপিকে জানান, ভালুকটি এখনো ধরা পড়েনি।
ফুকুশিমা শহরের মেয়র ইউকি বাবা সাংবাদিকদের বলেন, ভবনের ভেতরে পাওয়া বিভিন্ন প্রমাণ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ভালুকটি নিজেই জানালার লক খুলে পালিয়েছে। কারণ জানালা দিয়ে বের হওয়ার জায়গায় নখের আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে।
মেয়র আরও জানিয়েছেন, ধারণা করা হচ্ছে ভালুকটি পানি পান করার জন্য নিজেই পানির কল বা ট্যাপ ছেড়েছিল।
আর এই অদ্ভুত আচরণের কারণেই এটিকে ‘অত্যন্ত বুদ্ধিমান’ বলে বর্ণনা করা হচ্ছে।
দুঃখ প্রকাশ করে মেয়র বলেন, ‘শিকারি, পুলিশ ও দমকল বাহিনীর সহযোগিতায় আমরা প্রাণীটিকে ধরার জন্য সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু আমাদের সবোর্চ্চ চেষ্টা সত্ত্বেও এটিকে শেষ পর্যন্ত ধরতে না পারাটা অত্যন্ত দুঃখজনক।’
সরকারি তথ্য অনুযায়ী, জাপানে গত বছর ভালুকের আক্রমণে ১৩ জন নিহত হয়েছেন। একই সঙ্গে শীতনিদ্রা (হাইবারনেশন) থেকে জেগে ওঠার পর খাবারের খোঁজে লোকালয়ে ভালুক চলে আসার ঘটনাও অনেক বেড়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত জাপানে ৫০ হাজারেরও বেশি ভালুক দেখার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা দুই বছর আগের রেকর্ডের তুলনায় দ্বিগুণেরও বেশি। প্রায় প্রতিদিনই দেশটির বিভিন্ন এলাকায় ভালুককে মানুষের ঘরবাড়িতে ঢুকতে, স্কুলের কাছে ঘোরাঘুরি করতে এবং সুপারমার্কেট ও উষ্ণ প্রস্রবণ (হট স্প্রিং) রিসোর্টগুলোতে তাণ্ডব চালাতে দেখা যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ