প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৬:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ৫ই জুন, ২০২৬ইং; ১২:২৬ পি.এম
মোবাইল না পেয়ে অভিমান কাউখালীতে বিষপানে স্কুল ছাত্রের মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে বাবা-মায়ের কাছে আবদার করা মোবাইল ফোন না পেয়ে অভিমান করে তাওহীদ (১৪) নামের এক স্কুলছাত্র চালের পোকা মারার বিষ পান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তাওহীদ উপজেলার দক্ষিণ বাজার এলাকার বাসিন্দা ভ্যানচালক মোঃ নুরুনবির ছেলে এবং কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাওহীদ বেশ কিছুদিন ধরে তার মা-বাবার কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য আবদার করে আসছিল। ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে সে আবারও মোবাইল ফোনের জন্য জেদ ধরলে তার মা তাকে বুঝিয়ে বলেন এবং উপযুক্ত বয়স হলে মোবাইল কিনে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। এ সময় মা তাকে কিছুটা বকাঝকাও করেন। এতে পরিবারের ওপর অভিমান করে তাওহীদ সবার অগোচরে ঘরে থাকা চালের পোকা মারার বিষ পান করে।
বিষপানের পর তাওহীদ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাওহীদ।
এলাকাবাসী জানান, তাওহীদ অত্যন্ত শান্তশিষ্ট ও ভদ্র স্বভাবের ছেলে ছিল। তার এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা এখন সম্পূর্ণ বাকরুদ্ধ। তাওহীদের এই আকস্মিক মৃত্যুতে তার স্বজন, সহপাঠী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম শোক ও বিষাদের সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"