১০:১৪ এম
যশোরের শার্শায় টাকা দ্বিগুণ বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে নগদ দুই লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার সময় উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাবিবুর রহমান (৫০), একই জেলার বকুল হোসেন (৫০) এবং শার্শা উপজেলার রামপুর গ্রামের রেজাউল হোসেন (৬০)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি বিশেষ দল বাগুড়ী গ্রামের আক্কাস আলী মাস্টারের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে নিচতলার একটি কক্ষ থেকে তিনজনকে আটক করা হয়, যারা ওই বাড়িতে ভাড়া থাকতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ, আত্মীয়তার সম্পর্ক নিয়ে উঠেছে প্রশ্ন
অভিযানের সময় জব্দ করা হয়েছে তিনটি স্মার্টফোন, এক হাজার টাকার নোটের আকারের আটটি কাঁচের টুকরো, দুটি লালসালু কাপড়, দুটি লাল রঙের কাটিং সুতা এবং একটি পুরোনো নীল হ্যান্ডব্যাগ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছিল। জব্দ করা কাচের টুকরো, লাল কাপড় ও সুতা প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহৃত হতো। তারা মানুষকে বোঝাতো যে তাদের কাছে অল্প টাকা জমা দিলে কয়েক দিন পর তা দ্বিগুণ হয়ে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন