ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প


চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প

চীন থেকে নির্ভরতা কমানোর উদ্দেশ্যে এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব ড্রোন শিল্পকে উৎসাহিত করার জন্য ট্রাম্প প্রশাসন বিদেশি তৈরি ড্রোন এবং যন্ত্রাংশে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, ২৫ কেজির বেশি ওজনের অথবা থার্মাল ইমেজিং প্রযুক্তি ব্যবহারকারী ড্রোনে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হবে। এই ধরনের ড্রোনের মধ্যে অনেকগুলো চীনে উৎপাদিত হয়। দাবানল পর্যবেক্ষণ, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং আইনশৃঙ্খলা রক্ষায় এগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তুলনামূলকভাবে ছোট ও কম প্রযুক্তিনির্ভর ড্রোনের ক্ষেত্রে শুল্ক ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের কিছু মিত্রদেশের জন্য শুল্কের ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড এবং তাইওয়ান থেকে আসা ড্রোন ও যন্ত্রাংশে ১৫ শতাংশ এবং যুক্তরাজ্যের পণ্যে ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

যুক্তরাষ্ট্রের সরকার দাবি করেছে যে, ড্রোন প্রযুক্তিতে চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে দেশটি স্থানীয়ভাবে ড্রোন উৎপাদন বাড়ানোর জন্য নতুন উদ্যোগ গ্রহণের কথাও জানিয়েছে।

বিশ্বের ড্রোন বাজারে চীনের শেনজেনভিত্তিক কোম্পানি ডিজেআইয়ের একটি বড় আধিপত্য রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কোম্পানিটি বিশ্বব্যাপী বাণিজ্যিক ড্রোনের দুই-তৃতীয়াংশের বেশি তৈরি করে।

তবে নতুন শুল্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ড্রোন ব্যবহারকারীরা সমালোচনা করেছেন। তাদের আশঙ্কা, দেশে প্রয়োজনীয় বিকল্প তৈরি না হলে শুল্ক বৃদ্ধি পাওয়ার ফলে পুলিশ, দমকল বাহিনী, নির্মাণ এবং অন্যান্য ব্যবসায় ড্রোনের খরচ বৃদ্ধি পাবে।

চীনও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অবাধ প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করবে এবং বিশ্বজুড়ে ড্রোনের সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ

এদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন বিদেশি তৈরি কিছু ড্রোনের নতুন মডেল বিক্রিতে আরও বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে। এর ফলে মার্কিন ড্রোন ব্যবহারকারী ব্যবসা এবং জননিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রহ্মপুত্রের ভাঙনে রাজীবপুরে ১৫টি পরিবার গৃহহীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


ব্রহ্মপুত্রের ভাঙনে রাজীবপুরে ১৫টি পরিবার গৃহহীন

কুড়িগ্রাম, ৪ সেপ্টেম্বর, ২০২৬ : রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি ব্যাপারী পাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন ঘটেছে।

গত সাত দিনে ১৫টি পরিবারের বসতবাড়ি এবং প্রায় ১০ একর ফসলি জমি নদীর তলদেশে চলে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙন প্রায় ৫০০ মিটার জুড়ে চলছে। নদীর প্রভাবে ইতোমধ্যে আব্দুল মোতালেব, আবদুল্লাহ, মিলন মিয়া, এরশাদুল ইসলাম, সাইফুল ইসলাম, জাহিদুল হক এবং আবু সাঈদসহ ১৫ জনের বসতভিটা সম্পূর্ণরূপে ধসে পড়েছে। বসতবাড়ি হারানো এই পরিবারগুলো বর্তমানে চরম আশ্রয়ন সংকটে রয়েছে।

ভাঙন পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে কোদালকাটি ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ আহমেদ জানান, বসতবাড়ি হারানো পরিবারগুলো প্রতিদিন তার বাড়িতে আশ্রয়ের জন্য ভিড় করছে। তাদের দ্রুত পুনর্বাসনের বিষয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি সতর্ক করে বলেন, যদি অবিলম্বে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে উত্তর কোদালকাটি মণ্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাপারী পাড়া হাফিজিয়া মাদ্রাসা এবং আনছার ডিলার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার শতাধিক বসতবাড়ি এবং শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বাসসকে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে প্রতিরক্ষামূলক কাজ করার জন্য প্রয়োজনীয় অর্থের চাহিদা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া মাত্রই দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ রোহিত, বয়স জালিয়াতি করে বিশ্বকাপ জিতেছেন আরেক ভারতীয় ক্রিকেটার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


নিষিদ্ধ রোহিত, বয়স জালিয়াতি করে বিশ্বকাপ জিতেছেন আরেক ভারতীয় ক্রিকেটার

ভারতের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন রোহিত যাদব, যিনি বয়স চুরি করে বিশ্বকাপ জিতেছেন আরেক ভারতীয় ক্রিকেটার।গত জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন লেগস্পিনার রোহিত যাদব। আসন্ন যুব সিরিজের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে তার ডাক পড়েছিল।কিন্তু শেষ পর্যন্ত তার ভাগ্য বিপর্যস্ত হয়েছে। বয়স লুকানোর তথ্য প্রকাশিত হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই উদীয়মান ক্রিকেটারকে। শুধু রোহিত নয়, বয়স জালিয়াতির অভিযোগে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারের নামও এসেছে।ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) নতুন মৌসুমের আগে খেলোয়াড়দের নথিপত্র যাচাই করতে গিয়ে এই তথ্য বেরিয়ে আসে। রোহিতের জমা দেওয়া কাগজপত্রের সঙ্গে তার প্রকৃত বয়সের মধ্যে প্রায় ২৭ মাসের ব্যবধান পাওয়া গেছে। জালিয়াতি ধরা পড়ার পরপরই তাকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে।এখন আগামী দুই বছর সিএবি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর কোনো ম্যাচে আর মাঠে নামতে পারবেন না এই লেগস্পিনার।এছাড়া, সিএবির এই নথিভিত্তিক অভিযানে মোট ৬৪ জন ক্রিকেটারের বয়সে বড় ধরনের গরমিল ধরা পড়েছে। সেই তালিকায় ২০২২ সালে ভারতের যুব বিশ্বকাপজয়ী দলের তারকা পেসার রবি কুমারের নামও রয়েছে। ফাইনাল ম্যাচে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডকে হারানোর কৃতিত্ব অর্জন করা বাঁহাতি পেসারের বয়সে পার্থক্য পাওয়া গেছে অবিশ্বাস্য ৪০ মাস। ফলে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত তার জমাদানকারী সব বয়সভিত্তিক নথি বাতিল বলে ঘোষণা করেছে সিএবি।উল্লেখ্য, ক্রিকেটে বয়স জালিয়াতি রোধে ২০২০ সালে বিসিসিআই একটি বিশেষ ‘ক্ষমা পরিকল্পনা’ (অ্যামনেস্টি স্কিম) চালু করেছিল, যেখানে স্বেচ্ছায় সঠিক বয়স স্বীকার করলে শাস্তি মওকুফের সুযোগ ছিল। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে জন্মনিবন্ধন, স্কুলের সনদসহ বিভিন্ন নথিপত্র জমা নেওয়া সত্ত্বেও একটি রাজ্য সংস্থায় ৬৪ জন ক্রিকেটারের বয়স জালিয়াতির ঘটনায় ভারতীয় ক্রিকেট পাড়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর ২০২৬ : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার দু’টি ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে তার যাত্রা শুরু হলো। এর মাধ্যমে পানি সংকট কেটে যাবে।’

আজ (শুক্রবার) সকালে নগরীর হোটেল রেডিসন ব্লু’র একটি হলরুমে শহরের সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে পানি-সরবরাহ সেবার মান উন্নত করার লক্ষ্যে একটি নতুন সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেল প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চুক্তির আওতায় ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ওয়াসা। এই তিনটি প্রতিষ্ঠান একটি তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন (বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান) ইয়ান ভ্যান ডার লিন্ডেনের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনগণের পক্ষে ইসরাফিল খসরু ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের পানি সরবরাহের বর্তমান অবস্থা তুলে ধরেন। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এটিএম তারিকুল ইসলাম এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। নেদারল্যান্ডস দূতাবাসের পানি ও জলবায়ু বিষয়ক প্রথম সচিব ইজে ক্রুজেন সমঝোতা স্মারকের সাক্ষী ছিলেন। নেদারল্যান্ডস দূতাবাস এই উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী উল্লেখ করেন, ‘জনগণের দোরগোড়ায় পরিষ্কার ও বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। এর অংশ হিসেবে নগরীর প্রান্তিক পর্যায়ে উত্তর পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গায় একটি নতুন পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের সব মৌলিক চাহিদা পূরণের সরকার বদ্ধপরিকর, কিন্তু শুধু সরকার একা এটা করতে পারে না, এ জন্য পার্টনারশিপটা খুবই গুরুত্বপূর্ণ। এই মডেলে পানি সংকট নিরসনের চেষ্টা করছি আমরা। এই প্রকল্পে নেদারল্যান্ড দূতাবাস, ম্যাক্স ফাউন্ডেশন, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ এবং চট্টগ্রাম ওয়াসা একসাথে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘এখন অর্থনীতির সংজ্ঞাও বদলে গেছে। আগে সব সরকার করত। এখন সরকারের পক্ষে একা তো সবকিছু করা সম্ভব না। সরকারি সেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই পার্টনারশিপটা সব জায়গায় অ্যাপ্লাই করছি। আমাদের পুরো অর্থনীতি মডেলে নতুন পদ্ধতি শুরু করেছি; আগে যেখানে ফাইন্যান্সিং শুধু লিমিটেড কিছু জায়গা থেকে হতো এখন তা আরও বিস্তৃত হচ্ছে। এখন আমরা লিমিটেড জায়গা থেকে সরে গিয়ে পিপিপি মডেলে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের দিকে যাচ্ছি। তার অর্থটা হচ্ছে, সরকার টাকা দেবে, প্রাইভেট সেক্টরও টাকা দেবে, এনজিওরা সহযোগিতা করবে। এই পার্টনারশিপের মাধ্যমে যে মডেল আমরা দাঁড় করাচ্ছি, সেটা দীর্ঘমেয়াদী হবে, সেটার উপর নির্ভরশীল হওয়া যাবে। এবং এটার বেনিফিট পেতে মেইনটেনেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যায় যে সরকার অনেককিছু করে, কিন্তু এগুলো আবার মেইনটেনেন্স করা হয় না।

অর্থমন্ত্রী বলেন, ‘এইখানে কিন্তু পুরো প্যাকেজটা ওইভাবে করা হচ্ছে। আমরা ক্লিন ওয়াটারের সাথে সাথে বর্ষাকালে চট্টগ্রামের পানি নিষ্কাশনের সমস্যাটাও আমরা সিরিয়াসলি দেখছি। এটা নিয়েও নেদারল্যান্ড দূতাবাসের সঙ্গে আমাদের আলাপ হয়েছে।’

চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা জানান, চুক্তির আওতায় তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য একটি উদ্ভাবনী সরকারি-বেসরকারি পানি সরবরাহ মডেল অনুসন্ধান ও পরীক্ষা করবে, যার শুরু হবে কর্পোরেশনের ৪০ ও ৪১ ওয়ার্ডের চাহিদা নিরূপণ ও পাইলট প্রকল্পের মাধ্যমে। চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের মধ্যে এটিই এ ধরনের প্রথম আনুষ্ঠানিক সহযোগিতা, যেটি বাংলাদেশের পানি সরবরাহ খাতের জন্য একটি নতুন দিকনির্দেশনার সূচনা করেছে।

চলতি বছরের মে মাসে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেড (ম্যাক্স ট্যাপওয়াটার)-পরিচালিত একটি সমীক্ষার পর এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলো।

ওই সমীক্ষায় দেখা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪০ ও ৪১ ওয়ার্ডের ১ লাখ ৬৪ হাজার ৯৯ জন বাসিন্দার নিরাপদ খাবার পানি প্রাপ্তির সুযোগ সীমিত। ওই দুটি ওয়ার্ডের মাত্র ২০-৪০ শতাংশ বাড়িতে চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন নেটওয়ার্ক পৌঁছেছে।

সমীক্ষায় আরও দেখা যায়, দুটি ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দা বর্তমানে সেখানে কার্যক্রম পরিচালনাকারী ৮৫-১১০টি বেসরকারি ভেন্ডরের কাছ থেকে প্রতিদিন ২৫ থেকে ৩০ লিটার করে পানি কেনেন, যার জন্য ব্যয় হয় ২৫ থেকে ৫০ টাকা করে। এতে আরও দেখা যায় যে, এলাকার ভূগর্ভস্থ পানি অত্যন্ত লবণাক্ত, পরীক্ষায় যার মাত্রা জাতীয় নিরাপদ সীমা ১ হাজার পিপিএম-এর বিপরীতে ৩ হাজার পিপিএম পর্যন্ত পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিফিএফআইয়ের পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


ডিফিএফআইয়ের পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিজিএফআই পরিচয়ে অবস্থানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ফতুল্লার ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে রয়েছেন জয়পুরহাটের আক্কেলপুর থানার বজর গ্রামের নুরুল ইসলামের ছেলে রায়হান মাহাবুব আলম (৩৬), সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার মৃত দুলাল গাজীর ছেলে মোহাম্মদ সাদ্দাম গাজী (৩০) এবং ফতুল্লার ভূইঘর পূর্বপাড়া এলাকার আ. ছালাম হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি ভুয়া ডিজিএফআই পরিচয়ে ওই এলাকায় অবস্থান করছে—এমন খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

 

আটকের পর জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংগতি পাওয়া যায়। পরিচয়পত্র দেখতে চাইলে তারা বৈধ কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। পরে তাদের দেহ তল্লাশি করে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও ব্যবহৃত ওয়াকিটকি উদ্ধার করা হয়।

ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডিজিএফআইয়ের ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%