ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

জবির ২৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক


জবির ২৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়ন ফরম অথবা বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে।

মনোনীত শিক্ষার্থীদের ফরমের দুই সেট হার্ডকপি জমা দিতে হবে। এর সঙ্গে শিক্ষার্থীর নিজস্ব স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট এবং জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে।

আরও পড়ুন: ভেন্টিলেশন খুলে নেওয়ার পর মারা গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চেসি ত্রিপুরা

সব কাগজপত্র যথাযথভাবে সত্যায়িত করে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক বা বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের সফটকপি পিডিএফ আকারে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২-এর জন্য ৭ জন, ২০২৩ সালের জন্য ৭ জন, ২০২৪ সালের জন্য ৭ জন এবং ২০২৫ সালের জন্য ৮ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। চার বছরের মধ্যে মোট ২৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

২০২২ সালের তালিকায় সাদ্দাম হোসাইন, রুমানা সিদ্দিকা মারুফা, আয়েশা আক্তার, রোকেয়া পারভিন, মো. বিল্লাল হোসেন, জান্নাতুল ফেরদৌস প্রোমা ও মুজতানিবা জাহান মাশরাকা অন্তর্ভুক্ত আছেন।

২০২৩ সালের তালিকায় মো. আনোয়ার শাহ, সারমিন আক্তার, সাদিয়া জান্নাত মিতু, জয় পাল, মোছা. শুমোনা আক্তার, তানজুম আহমেদ নূদী ও তাসনিমা আক্তার রয়েছেন।

আরও পড়ুন: চাকসুর উদ্যোগে প্রকাশিত ‘প্রবন্ধসমগ্র’-এর মোড়ক উন্মোচন

২০২৪ সালের তালিকায় আরিফুল ইসলাম, আসমা আক্তার, মুহাম্মদ গোলাম রোহমান শাফি, সাদিয়া খানম, রাগিব শাহরিয়ার রাফি, জান্নাতুন নাহের উর্মি ও মো. মুহিব আহসান চৌধুরী অন্তর্ভুক্ত।

২০২৫ সালের তালিকায় সোমাইয়া তাবাসসুম, ফারিয়া আক্তার ইভা, শানজিদা সারমিন মৌরি, দীপান্বিতা বৈদ্য, আনিকা তাবাসসুম অন্তরা, আভা রহমান ও বিদিশা অধিকারীসহ অন্যান্য শিক্ষার্থীরা রয়েছেন।

এদিকে ইউজিসির প্রধানমন্ত্রী স্বর্ণপদক আবেদন গাইডলাইনে বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হবে। ধাপগুলো হলো—স্টুডেন্ট ইনফরমেশন, একাডেমিক পারফরম্যান্স অ্যান্ড অ্যাটাচমেন্টস এবং রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিশন। আবেদনকারীরা চাইলে আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষণ করে পরে সম্পন্ন করতে পারবেন।

আরও পড়ুন: সরকারি ছুটিতে কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শন করলেন অধ্যক্ষ হাবিবুর রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির শঙ্কা, ক্রেতা ধরতে সুপারশপগুলোর ডিসকাউন্টের হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির শঙ্কা, ক্রেতা ধরতে সুপারশপগুলোর ডিসকাউন্টের হিড়িক

মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি আবারও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বিভিন্ন কারণে জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাধারণ পরিবারের দৈনন্দিন ব্যয় বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। তাই নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের উদ্বেগ কমানোর জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যে ডিসকাউন্ট বা মূল্যছাড় দিতে শুরু করেছে দেশটির বড় খুচরা বিক্রেতারা। হ্যালোউইন বা উৎসবের মৌসুম সামনে আসায় বাজারে মূল্যছাড় দেয়ার প্রতিযোগিতা তৈরি হয়েছে।

ডিসকাউন্ট চেইন আলডি গত বুধবার জানায়, কোম্পানিটি আগামী ৩ নভেম্বর পর্যন্ত তাজা খাবারের বিভিন্ন পণ্যে প্রায় ৮ কোটি ৬০ লাখ ডলার সমপরিমাণের মূল্যছাড় দেবে। এছাড়া আলডির দোকানে থাকা মোট পণ্যের এক-তৃতীয়াংশের দাম গত বছরের তুলনায় বর্তমানে অনেক কমানো হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ সুপারশপ চেইন ক্রোগার পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরবরাহকারী কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। প্রতিবেদনে উঠে এসেছে, উচ্চ মূল্যের কারণে বিরোধ সৃষ্টি হওয়ায় ক্রোগার সম্প্রতি কিছু দোকান থেকে আন্তর্জাতিক জনপ্রিয় ব্র্যান্ড রেড বুল ও বোয়ার্স হেডের পণ্য বিক্রি সাময়িকভাবে বন্ধ রেখেছে। বাড়তি দামে পণ্য কিনে গ্রাহকদের ওপর বোঝার ভার না চাপাতেই সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানায় ক্রোগার।

যুক্তরাষ্ট্রে অনলাইনেও মুদিপণ্য কেনাকাটায় দাম কমানোর প্রতিযোগিতা দেখা গেছে। নিত্যপণ্য সরবরাহের প্লাটফর্ম ইনস্টাকার্ট গত বৃহস্পতিবার জানায়, যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় গ্রোসারি চেইন ‘নো মার্কআপ’ কর্মসূচিতে যুক্ত হয়েছে। এর মানে হলো, একজন গ্রাহক দোকানে গিয়ে সরাসরি যে দামে পণ্য কিনতে পারেন, অ্যাপের মাধ্যমে অনলাইনে অর্ডার করলেও তাকে ঠিক একই দামে বা অফারে পণ্য দেয়া হবে। অনলাইন ডেলিভারির নামে আলাদা করে অতিরিক্ত কোনো দাম রাখা হবে না।

ইনস্টাকার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস রজার্স জানান, ক্রেতারা এখন সেসব অনলাইনের দিকে বেশি ঝুঁকছেন যেখানে বাড়তি দাম ধরা হয় না। "এছাড়া অনলাইনে একই দামে পণ্য বিক্রি করা রিটেইলারদের প্রবৃদ্ধির হার বাড়তি দাম নেয়া প্রতিষ্ঠানগুলোর তুলনায় অন্তত ১০ শতাংশীয় পয়েন্ট বেশি।"

যুক্তরাষ্ট্রের আরেক পাইকারি ও খুচরা বিক্রয় জায়ান্ট কস্টকো প্রতিটি প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে ধারাবাহিকভাবে দাম কমানোর হিসাব তুলে ধরেছে। সম্প্রতি প্রকাশিত সর্বশেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) আখরোট, কফি ও কালো গোলমরিচের মতো দৈনন্দিন পণ্যে উল্লেখযোগ্য পরিমাণ দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি।

কস্টকোর সিইও রন ভ্যাচরিস বলেন, ‘পণ্যের উৎস পর্যায়ে কাঁচামালের দাম বাড়লেও আমরা সরবরাহকারীদের সঙ্গে যৌথভাবে কাজ করি। আমাদের একমাত্র লক্ষ্য থাকে, কীভাবে পণ্যের দাম যত দূর সম্ভব নিচে নামিয়ে রাখা যায়। নতুন নতুন উপায়ে দাম কমানোটাই আমাদের মূল কাজ।’

দাম কমানোর এ প্রবণতা পুরোপুরি নতুন নয়। খুচরা বাজারের সবচেয়ে বড় নাম ওয়ালমার্ট চলতি বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ২৫০টি পণ্যে বড় ধরনের ছাড় ঘোষণা করে। পরবর্তী সময়ে জায়ান্ট প্রতিষ্ঠানটি জানায়, এটি ছিল বড় পরিসরে দাম কমানোর পরিকল্পনার একটি ছোট অংশ মাত্র। ওয়ালমার্ট চলতি বছরজুড়ে প্রায় ১১ হাজারের বেশি পণ্যে মূল্যছাড় দিয়েছে।

সম্প্রতি গোল্ডম্যান স্যাকসের খুচরা বাণিজ্য সম্মেলনে ওয়ালমার্ট ইউএসের সিইও গুগিনা বলেন, ‘আমাদের মূল দায়িত্ব হলো সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দরকষাকষি করে পণ্যের সাময়িক মূল্যছাড়কে স্থায়ীভাবে কম দামে রূপান্তর করার ফলে বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) গ্রাহকরা নিশ্চিন্তে দৈনন্দিন কেনাকাটা করতে পারছেন।’

অতীতের অর্থনৈতিক মন্দাগুলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বাজারে আর্থিক চাপ তৈরি হতেই ওয়ালমার্ট, কস্টকো ও অলডির মতো প্রতিষ্ঠানগুলোর বাজার হিস্যা সবচেয়ে বেশি বেড়েছে। কম খরচে কেনাকাটার সুযোগ খোঁজা নতুন ক্রেতারা শুরুতে বাধ্য হয়ে এসব সুপারশপে আসেন। এরপর পণ্যের সঠিক দাম ও মানের কারণে তারা স্থায়ী গ্রাহকে পরিণত হন।

বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান প্লেসার ডটএআইয়ের তথ্যেও এর প্রতিফলন দেখা গেছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের মুদি বিক্রেতাদের মধ্যে আলডির দোকানে ক্রেতাদের যাতায়াত সবচেয়ে দ্রুত বেড়েছে। কম দামে পণ্য দেয়ার কৌশলই এর অন্যতম কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে ক্রেতাদের আকর্ষণ করাই শেষ লক্ষ্য নয়। কম দামের কারণে নতুন ক্রেতারা দোকানে এলেও তাদের নিয়মিত ক্রেতায় পরিণত করার চেষ্টা করছে এসব প্রতিষ্ঠান। সাম্প্রতিক বছরগুলোর আর্থিক প্রতিবেদন ও ব্যবস্থাপনা পর্যায়ের বক্তব্যেও এর ইঙ্গিত পাওয়া যায়।

অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি বা মূল্যবৃদ্ধির এ সমস্যা হুট করে একদিনে সমাধান করার মতো কোনো জাদুকরী উপায় বা ম্যাজিক বুলেট কারো কাছে নেই। তবে সংকটময় সময়ে সুপারশপগুলোর এভাবে আগাম দাম কমানো ও ছাড় দেয়ার মানসিকতা সাধারণ মানুষের ওপর থেকে মূল্যস্ফীতির তীব্র চাপ কিছুটা হলেও লাঘব করতে সাহায্য করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ২ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ২ গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং অন্যজন জিআর পরোয়ানাভুক্ত আসামি। থানা-পুলিশ এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলার তদন্তের ভিত্তিতে আওয়ামী লীগের ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়নের সহসভাপতি ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আনারুল ইসলাম (৫৯) গ্রেপ্তার হন। তিনি উত্তর সোনাবাড়িয়া গ্রামের মওলা বক্স সরদারের পুত্র।

এছাড়া, জিআর পরোয়ানাভুক্ত আসামি খাদিমুল বিশ্বাস, যিনি মো. আরিফুল ইসলাম নামেও পরিচিত (৩১), তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উত্তর সোনাবাড়িয়া গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে।

কলারোয়া থানার পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। উল্লিখিত দুজনই কলারোয়া থানার উত্তর সোনাবাড়িয়া এলাকার বাসিন্দা।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর ২৭ সেপ্টেম্বর সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ

পিরোজপুর, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : চলতি মাসের জেলা রাজস্ব সভা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব আবু সাঈদ।

সভায় জেলার রাজস্ব ব্যবস্থাপনা, সরকারি ভূমি ও সম্পত্তি সংরক্ষণ, ভূমি রাজস্ব আদায়, খাসজমি ব্যবস্থাপনা এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সংশ্লিষ্ট দাপ্তরিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় জেলা রাজস্ব কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিলা কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং জেলা প্রশাসনের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও রাজস্ব বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগি ফেলেই ট্রেনের ইঞ্জিন ২ কিমি ছুটল, মহাসড়কে যানচলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


বগি ফেলেই ট্রেনের ইঞ্জিন ২ কিমি ছুটল, মহাসড়কে যানচলাচল বন্ধ

লালমনিরহাটের কালীগঞ্জে ৯টি বগি ফেলে রেখে ২ কিলোমিটার দূরে চলে গেল বুড়িমারীগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন (লোকোমোটিভ)।

রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে রেলগেটে এই ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেন সকাল ১০টার দিকে লালমনিরহাটের তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে রেলগেটে পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের ড্রোভার (হুক) ভেঙে যায়। এর ফলে ৯টি বগি রেখে ট্রেনের ইঞ্জিন প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়।

এদিকে, ফেলে যাওয়া ট্রেনের বগিগুলো রেলগেটের মাঝামাঝি অবস্থানে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এই পরিস্থিতিতে ট্রেন ও মহাসড়কের যাত্রীরা দুর্ভোগের সম্মুখীন হন। পরে লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন এসে বগিগুলোকে নিয়ে বুড়িমারীর উদ্দেশ্যে রওনা দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%