ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আগামীকাল ‘এমসিজে উৎসব’


বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আগামীকাল ‘এমসিজে উৎসব’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে ‘MCJ উৎসব ২০২৬’। আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‘MCJ উৎসব’ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি রেখেছে বিভাগটি।
একই সাথে বিভাগটি শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সেশন-২)-এ নারী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা প্রদান করা হবে। এছাড়া বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ, বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও এই আয়োজনের অন্তর্ভুক্ত রয়েছে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশসেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান জানাব তাবিউর রহমান প্রধান।
তিন পর্বের দিনব্যাপী অনুষ্ঠানের সূচিতে প্রথম পর্ব সকাল ১০:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত। এতে সকাল ১০:০০টায় বিভাগ চত্বরে সেলিব্রেশন র‍্যালি এবং সকাল ১১:০০টায় বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার হবে ক্যাফেটেরিয়া ৩য় তলায়।
দ্বিতীয় পর্ব বিকাল ৩:০০টা থেকে ৫:১৫টা পর্যন্ত। এ পর্বে আছে স্বাধীনতা স্মারক মাঠে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সর্বশেষ তৃতীয় পর্ব সন্ধ্যা ৫:৩০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত। এ সময় রয়েছে স্বাধীনতা স্মারক মাঠে দেশসেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমনের গল্পকথা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দীর্ঘদিনের পড়াশোনা ও পরীক্ষার ব্যস্ততা কাটিয়ে পুরো বিভাগ এখন এক ছাদের নিচে উদযাপনের অপেক্ষায়। চ্যাম্পিয়ন সংবর্ধনা, নবীন বরণ থেকে শুরু করে ক্যারিয়ার সেমিনার আর সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে 'MCJ উৎসব ২০২৬' আমাদের মধ্যে নতুন এক প্রাণ ও ঐক্যের সঞ্চার করেছে বলে জানান শিক্ষার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

আন্তর্জাতিক ডেস্ক

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


‎ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

‎ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১নং ধানীখোলা ইউনিয়নের শিমুলীয়া গ্রামে কথিত ভুল চিকিৎসার কারণে দুটি বড় গরু ও দুটি বাছুরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি সংশ্লিষ্ট এ.আই. টেকনিশিয়ানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষুরা রোগে (FMD) আক্রান্ত চারটি গরুর চিকিৎসার দায়িত্ব নেন এ.আই. টেকনিশিয়ান মো. কামাল হোসেন। খামারি মনজুরুল হকের অভিযোগ, নিজেকে অভিজ্ঞ পশু চিকিৎসক পরিচয় দিয়ে তিনি কয়েকদিন ধরে গরুগুলোর চিকিৎসা করেন। তবে চিকিৎসার তৃতীয় দিন থেকেই গরুগুলোর অবস্থার অবনতি হতে থাকে।
‎
‎এ অবস্থায় খামারি মনজুরুল হক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, ২ হাজার টাকা ভিজিট প্রদান করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানাকে খামারে নিয়ে আসেন। কিন্তু কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুটি গরু মারা যায়। পরে আরও দুটি গরুর মৃত্যু হয়।
‎
‎এবিষয়ে মারিয়া আক্তার বলেন, এ.আই টেকনিশিয়ান কামাল হোসেনের ভুল চিকিৎসার কারণে আজ আমাদের এতো বড় ক্ষতি হলো। আমাদের সাথে যা হলো অন্য কোনো খামারিদের সঙ্গে যেন এমনটি না হয়।
‎
‎ক্ষতিগ্রস্ত খামারি মনজুরুল হক বলেন, “মিথ্যা তথ্য দিয়ে কথিত পশু চিকিৎসক মো. কামাল হোসেন আমার চারটি গরুর ভুল চিকিৎসা করেছেন। এতে আমার চারটি গরুই মারা গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”
‎
‎অভিযুক্ত এ.আই. টেকনিশিয়ান মো. কামাল হোসেনের ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
‎
‎এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা প্রথমে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন। পরে তিনি বলেন, “গরুগুলো FMD (ক্ষুরা রোগ) ভাইরাসে আক্রান্ত ছিল। সময়মতো ভ্যাকসিন দেওয়া হয়নি, তাই দুটি বড় গরু ও দুটি বাছুর মারা গেছে।”
‎
‎এ.আই. টেকনিশিয়ান কামাল হোসেনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি তাকে কারও ফোন রিসিভ করতে নিষেধ করেছি। সে আপনাদের সঙ্গে কথা বলবে না।”
‎
‎এ ঘটনায় স্থানীয় খামারিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
‎
‎এস এম মাসুদ রানা
‎ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি
‎তারিখ :১১/১১/২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরেস্ট গেটে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেল হেলমেটধারী হামলাকারীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


ফরেস্ট গেটে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেল হেলমেটধারী হামলাকারীরা

ফরেস্ট গেট এলাকা, নগরীর একটি ব্যস্ত সড়ক। পাশেই শিক্ষা বোর্ড। মানুষের চলাচল অব্যাহত থাকলেও, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন বা বড় সাজ্জাদের এক সময়ের সহযোগী ইমতিয়াজ সুলতান ইকরামের ওপর গুলি চালানো হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুরো ঘটনার কিছু অংশ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইকরামের দিকে গুলি করতে আসে পাঁচজনের একটি দল। তাদের মধ্যে একজন হেলমেট পরে ছিল। ওই ব্যক্তি গুলি ছুড়তে ছুড়তে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। হামলাকারীরা একটি মোটরসাইকেলে আসেনি। তারা তিন থেকে চারটি মোটরসাইকেলে করে এলাকা প্রবেশ করে। মোটরসাইকেলগুলোও এক জায়গায় না রেখে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছিল।

পুলিশ ঘটনার পর ফুটেজ সংগ্রহ করেছে। হামলাকারীদের শনাক্ত করার জন্য মোটরসাইকেলের নম্বর ধরে এগোচ্ছে তারা। ইতিমধ্যে কয়েকটি মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজ্জামেল হক আমার দেশকে বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। হামলাকারীরা তিন থেকে চারটি মোটরসাইকেলে করে এসেছিল। মোটরসাইকেলগুলো ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছিল। কয়েকটি মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করতে পেরেছি। এগুলোর সূত্র ধরে হামলাকারীদের গ্রেপ্তার করা আমাদের জন্য সহজ হবে।’

মামলার বিষয়ে ওসি আরও বলেন, ‘ভুক্তভোগী ইকরামের স্ত্রীর সঙ্গে গতকালও কথা বলেছি। তিনি চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যস্ত ছিলেন। আজকে এলে মামলা নেব।’

পাঁচজনের দল এবং ছড়িয়ে রাখা মোটরসাইকেল সিসিটিভি ফুটেজে হামলাকারীদের চলাচলের ধরন থেকে বোঝা যায়, ঘটনাস্থলে আসার ক্ষেত্রে তারা একাধিক মোটরসাইকেল ব্যবহার করেছিল। তিন থেকে চারটি মোটরসাইকেলে করে আসা পাঁচজনের দলটি মোটরসাইকেলগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে রাখে। এতে এক জায়গায় সবাইকে জড়ো হতে হয়নি। হামলার পর দ্রুত সরে যাওয়ার সুযোগও তৈরি হয়।

ফুটেজে হেলমেট পরা একজনকে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যেতে দেখা গেছে। তবে ফুটেজে থাকা ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা গেলে তাদের চলাচলের পথ ও মালিকানা সম্পর্কে তথ্য পাওয়ার আশা করছে তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গুলিবিদ্ধ ইমতিয়াজ সুলতান ইকরাম চট্টগ্রামের অপরাধজগতের আলোচিত নাম। তিনি একরামুল হক নামেও পরিচিত। তাঁর বাড়ি নগরের মুরাদপুর এলাকায়। একসময় সন্ত্রাসী বড় সাজ্জাদ ওরফে সাজ্জাদ আলী খানের সহযোগী হিসেবে তাঁর নাম এসেছিল। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

২০২৪ সালের জুনে পাঁচলাইশ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। তখন তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার কথা জানিয়েছিল পুলিশ। পরে ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি র‍্যাব-৭ বায়েজিদ বোস্তামী লিংক রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬টি গুলি উদ্ধারের কথা জানায় র‍্যাব।

তৎকালীন র‍্যাবের দাবি, ইকরাম একসময় বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তবে ইকরামের পরিবারের দাবি, তিনি ব্যবসায়ী এবং তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে সহায়তা, এরপর বিরোধ ইকরামকে ঘিরে বড় সাজ্জাদের সঙ্গে বিরোধের বিষয়টি সামনে আসে ২০২৫ সালের মার্চে। ওই বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে ইকরাম ও তাঁর স্ত্রী রুমা আক্তার স্মৃতি পুলিশকে সহায়তা করেছিলেন।

এরপর ২০ মার্চ রুমা আক্তার স্মৃতি পাঁচলাইশ থানায় নিরাপত্তা চেয়ে মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে সহায়তা করায় বড় সাজ্জাদ ও তাঁর অনুসারীরা তাঁদের হুমকি দিচ্ছেন। এ ঘটনার পর তাঁদের বাসায় পুলিশি নিরাপত্তা দেওয়ার খবরও প্রকাশিত হয়েছিল।

অর্থাৎ, একসময় বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত ইকরাম পরবর্তী সময়ে তাঁর বিরোধী অবস্থানে চলে যান বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে।

সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ চট্টগ্রামের অপরাধজগতের দীর্ঘদিনের আলোচিত নাম। তাঁর বাড়ি নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায়। নব্বইয়ের দশকের শেষ দিকে তাঁর নাম অপরাধজগতে আলোচনায় আসে। ১৯৯৯ সালের ২ জুন পাঁচলাইশ ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর লিয়াকত আলী খান হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর নাম উঠে আসে। ২০০০ সালের ১ অক্টোবর তাঁকে একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তী সময়ে তিনি দেশের বাইরে অবস্থান করেন। বিদেশে থেকেও চট্টগ্রামের অপরাধজগতের একটি অংশ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চাঁদাবাজি, অস্ত্রের ব্যবহার ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ইকরামের স্ত্রী সূচির অভিযোগ, বড় সাজ্জাদের অনুসারীরাই এবার তাঁর স্বামীকে গুলি করেছে। তবে হামলার সঙ্গে বড় সাজ্জাদের সরাসরি সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হয়নি।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার শঙ্কায় এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার শঙ্কায় এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ব্যবসা নিয়ে নতুন আশাবাদ দেখা দিলেও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার তুলনায় বেশি আসা এবং আগামী মাসে সুদের হার বড় পরিসরে বাড়ানোর আশঙ্কার কারণে বুধবার এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য ডেমোক্র্যাটদের উদ্যোগের আশঙ্কার ফলস্বরূপ প্রযুক্তি খাতের শেয়ারের বড় দরপতন ঘটে। তবে চলতি সপ্তাহে কম দামে শেয়ার কেনার প্রবণতা এবং পূর্ববর্তী উদ্বেগ অতিরঞ্জিত ছিল— এমন ধারণার কারণে প্রযুক্তি খাতের শেয়ারগুলো পুনরুদ্ধার শুরু করেছে।

ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান কোরউইভের আয়সংক্রান্ত পূর্বাভাস বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

গত মাসে প্রতিষ্ঠানটির শেয়ারে বড় দরপতন হয়েছিল। নতুন আয়-প্রাক্কলন সেই উদ্বেগ কিছুটা কমিয়েছে।

এআই খাতে বিপুল বিনিয়োগের অর্থায়নের কারণে অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান ঋণের ওপর নির্ভরশীল। ফলে ঋণের সুদের হার বাড়লে এসব প্রতিষ্ঠানের আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়ার পরিকল্পনা বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইপিওর মাধ্যমে সর্বোচ্চ ৬৪ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

এআই খাতে বিনিয়োগের বর্তমান জোয়ার কত দিন স্থায়ী হতে পারে, তা বোঝার জন্য অ্যানথ্রপিকের শেয়ারবাজারে প্রবেশকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে।

প্রতিষ্ঠানটির নথিতে আরও বলা হয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের আয় বেড়ে ১৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এ ছাড়া ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রথমবারের মতো ১০ বিলিয়ন ডলারের ত্রৈমাসিক আয় করেছে।

তাদের সফটওয়্যারের চাহিদা বৃদ্ধির কারণে এ আয় হয়েছে। আগের প্রান্তিকের তুলনায় আয় প্রায় ৫০ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেড়েছে।

তবে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াও আলোচনায় রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক নারীর কথিত সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ওই নারীকে চীনের গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটি এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের তদন্তের আওতায় রয়েছে।

সুদের হার বাড়ানোর আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগ

‘বাজারে অস্থিরতার কারণের অভাব নেই’

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ারবাজার সূচকই দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে। এর ফলে টানা দুই দিনের ঊর্ধ্বমুখী প্রবণতার অবসান ঘটেছে। এর প্রভাব এশিয়ার বাজারেও পড়েছে।

এশিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষস্থানীয় অনেক প্রতিষ্ঠানের তালিকাভুক্তির কারণে টোকিও, সিউল ও তাইপের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। সিঙ্গাপুর ও জাকার্তার বাজারেও সূচক বেড়েছে।

অন্যদিকে হংকং, সাংহাই, সিডনি, ওয়েলিংটন ও ম্যানিলার শেয়ারবাজারে দরপতন ঘটেছে।

অক্টোবরে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) আগের মাসের তুলনায় ০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে এ বৃদ্ধির হার ছিল ০ দশমিক ৬ শতাংশ।

প্রতিবেদনে দেখা গেছে, জ্বালানির দাম বাড়ার গতি উল্লেখযোগ্যভাবে কমলেও খাদ্যপণ্যের দাম দ্রুত বেড়েছে। পাশাপাশি চিকিৎসাসেবা ও গৃহস্থালি আসবাবপত্রসহ আরও কয়েকটি খাতেও দাম বেড়েছে।

যুক্তরাষ্ট্রের শিকাগো ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট অস্টান গুলসবি পিবিএস নিউজআওয়ারকে বলেন, মূল্যস্ফীতির সর্বশেষ প্রতিবেদনটি আবারও উদ্বেগজনক। পরিস্থিতি প্রায় আতঙ্কজনক পর্যায়ে পৌঁছেছে।

প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা আগে ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দেন।

ফেডের আরেক কর্মকর্তা ও ডালাস ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট লরি লোগানও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন।

বিনিয়োগ প্রতিষ্ঠান পেপারস্টোনের বিশ্লেষক ক্রিস ওয়েস্টন বলেন, ডেমোক্র্যাটদের নির্বাচনী সাফল্যের রাজনৈতিক প্রভাব ও এআই অবকাঠামো খাতের অর্থনৈতিক বাস্তবতা— দুটি বিষয়ই এখন বাজারের অংশগ্রহণকারীদের বিবেচনায় রাখতে হচ্ছে।

তার মতে, বিনিয়োগকারীরা ভবিষ্যতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আয়, নগদ অর্থের প্রবাহ ও অর্থায়নের পরিস্থিতি নিয়ে নতুন করে হিসাব-নিকাশ করতে বাধ্য হচ্ছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়ায় মঙ্গলবার তেলের দাম আবারও কমেছিল।

তবে বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দামে সামান্য বৃদ্ধি দেখা গেছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯২ ডলারে অবস্থান করছিল।

চলতি মাসের শুরু থেকে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল— উভয় ধরনের তেলের দাম প্রায় ২০ শতাংশ কমেছে।

কোম্পানিসংক্রান্ত খবরে জাপানের প্রযুক্তি খাতে বিনিয়োগকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সফটব্যাংকের শেয়ারের দর টোকিওর শেয়ারবাজারে একপর্যায়ে ৮ শতাংশ পর্যন্ত কমে যায়।

প্রতিষ্ঠানটি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ৭ বিলিয়ন ডলারের বেশি লোকসানের কথা প্রকাশ করার পর শেয়ারবাজারে এই দরপতন ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুবিওর বক্তব্যকে ‘ভিত্তিহীন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


রুবিওর বক্তব্যকে ‘ভিত্তিহীন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি রুবিওর মন্তব্যকে ‘ভিত্তিহীন’ হিসেবে অভিহিত করেছেন।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে চুক্তি করার সম্ভাবনা নিয়ে রুবিও বলেন, ‘শেষ পর্যন্ত আপনাকে তো খেতেই হবে!’ এই মন্তব্যটি তিনি ইরানকে আলোচনায় আসতে রাজি করানোর জন্য অর্থনৈতিক চাপের বিষয়টি বোঝাতে করেছেন।

আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে রুবিওর বক্তব্যের জবাব দেন। তিনি লেখেন, ‘আট বছর আগে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মতো এক কার্টুন চরিত্র বলেছিলেন, ইরানিরা যদি খেতে চায়, তাহলে তাদের হোয়াইট হাউসের নির্দেশ মেনে চলতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আজ রুবিওও সেই একই বস্তাপচা ভিত্তিহীন কথা পুনরাবৃত্তি করছেন। অথচ তার নিজের কিউবান বংশোদ্ভূত স্বদেশিরাও একই নীতির শিকার।’

এটি উল্লেখযোগ্য যে, ইরানের মতো কিউবার ওপরও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। মার্কো রুবিও কিউবান অভিবাসীদের সন্তান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%